গাজীপুর নির্বাচনে অনিয়ম হলে ব্যবস্থা নেবে ইসি: নাসিম
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৯ জুন শুক্রবারে কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- গাজীপুর সিটি নির্বাচন-অনেক কেন্দ্রে অস্বাভাবিক ভোট, ব্যবধানও বেশি-দৈনিক প্রথম আলো
- সরকারের বিদায়ের কাউন্টডাউন শুরু হয়ে গেছে : রিজভী-দৈনিক নয়া দিগন্ত
- বার্নিকাটকে মন্তব্যে সতর্কতা অবলম্বনের পরামর্শ কাদেরের -দৈনিক যুগান্তর
- ভারতীয় ঋণের অর্থ যৎসামান্যই ছাড়-দৈনিক সমকালরোহিঙ্গাদের ৪৮ কোটি ডলার অনুদান দেবে বিশ্ব ব্যাংক-দৈনিক ইত্তেফাক
- গাজীপুর নির্বাচনে অনিয়ম হলে ব্যবস্থা নেবে ইসি: নাসিম-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- মোদির বিদেশ সফরে খরচ ৩৫৫ কোটি টাকা, উঠে এল চাঞ্চল্যকর তথ্য-সংবাদ প্রতিদিন
- ধর্ষণে অভিযুক্ত অধরা, মেয়েকে নিয়ে পুলিসের দ্বারস্থ বাবা -দৈনিক আজকাল
- সুইস ব্যাঙ্কে ভারতীয়দের গচ্ছিত অর্থ বেড়েছে ৫০ শতাংশেরও বেশি-দৈনিক আনন্দবাজার
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
গাজীপুর সিটি নির্বাচন-অনেক কেন্দ্রে অস্বাভাবিক ভোট, ব্যবধানও বেশি-দৈনিক প্রথম আলো
খুলনার মতো গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনেও অনেক কেন্দ্রে অস্বাভাবিক ভোট পড়েছে। দুটি কেন্দ্রে ৯০ শতাংশের বেশি ও ২৮টি কেন্দ্রে ৮০ থেকে ৯০ শতাংশ ভোট পড়েছে। এসব কেন্দ্রে মেয়র পদে নৌকা ও ধানের শীষ প্রতীকের ভোটের ব্যবধানও অস্বাভাবিক। অনেক কেন্দ্রে অস্বাভাবিক ভোট পড়ার বিষয়ে রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল সাংবাদিকদের বলেন, দু-একটি কেন্দ্রে ৯০ শতাংশের ওপরে ভোট পড়তেই পারে। এটা অস্বাভাবিক না।
দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম-নজর এখন তিন সিটি নির্বাচনে। বিস্তারিত খবরে লেখা হয়েছে, খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের পর এখন নজর বাকি তিন সিটি নির্বাচনের দিকে। বিএনপি মনে করছে, রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনেও সরকার ফলাফল ‘ছিনিয়ে’ নেবে। তবু সরকারের মুখোশ খুলে দিতে তারা শেষ পর্যন্ত নির্বাচনে থাকতে চায়। আর ক্ষমতাসীন আওয়ামী লীগ এই তিনটি নির্বাচনেও জয়ী হতে সর্বাত্মক চেষ্টা করবে। তারা দেখাতে চায়, উন্নয়নের পক্ষে মানুষ নৌকায় ভোট দিচ্ছে ও দেবে।
সরকারের বিদায়ের কাউন্টডাউন শুরু হয়ে গেছে : রিজভী-দৈনিক নয়া দিগন্ত
আগামী জাতীয় নির্বাচন থেকে বেগম খালেদা জিয়াকে দূরে রাখতেই প্রহসনের আইনী প্রক্রিয়ার মাধ্যমে সাজা দিয়ে তাকে কারাবন্দী করে রাখা বর্তমান সরকারের মাস্টারপ্ল্যানেরই অংশ মন্তব্য করে বিএনপি বলেছে, শেখ হাসিনার নির্দেশেই বেগম জিয়াকে কষ্ট দিয়ে নির্যাতন করছে। কারণটি জনগণের বুঝতে বাকি নেই। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার ব্যাপক জনপ্রিয়তায় এটা করা হয়েছে। কিন্তু আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই- বর্তমান সরকারের বিদায়ের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। যতো কূটকৌশলই অবলম্বন করুন না কেনো বেগম জিয়াকে মুক্তি দিতেই হবে এবং সংসদ ভেঙ্গে দিয়ে আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনেই অনুষ্ঠিত করতে আপনাদেরকে বাধ্য করবে জনগণ। আজ সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদর সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
বার্নিকাটকে মন্তব্যে সতর্কতা অবলম্বনের পরামর্শ কাদেরের-দৈনিক যুগান্তর
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এমন মন্তব্য করার বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নির্বাচন নিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের আরো বলেন, ‘বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে এটা অন্য কারো পরামর্শে নয়; এটি আমাদের নিজেদেরই দায়িত্ব। আমাদের সংবিধান অনুযায়ী আমাদের নির্বাচন কমিশন স্বাধীন কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে।
বসলো ৫ম স্প্যান, ৭৫০ মিটার দৃশ্যমান পদ্মা সেতু-সমকাল
দিন-রাত চলছে ব্যাপক কর্মযজ্ঞ। একের পর এক খুঁটি (পিয়ার) মাথা উুঁচ করে দাঁড়াচ্ছে খরস্রোতা পদ্মার বুকে। এরই ধারাবাহিকতায় শুক্রবার শরীয়তপুরের জাজিরা প্রান্তের ডাঙা ঘেঁষা ৪১ ও ৪২ নম্বর খুঁটির ওপর বসানো হলো ‘৭এফ’ নম্বরের ৫ম স্প্যান। আর এ মধ্য দিয়ে দেশের সর্ববৃহৎ প্রকল্প পদ্মা সেতুর মূল অবকাঠামো দৃশ্যমান হয়ে উঠল ৭৫০ মিটার দৈর্ঘ্যে। ফলে দ্রুত বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু।
যাত্রী কল্যাণ সমিতি-ঈদযাত্রায় ঝরেছে ৪০৫ প্রাণ-এনটিভিবিড অনলাইনের শিরোনাম
এবারের ঈদুল ফিতরে সারা দেশে ২৭৭টি সড়ক দুর্ঘটনায় ৩৩৯ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক হাজার ২৬৫ জন। তবে একই সময়ে সড়ক, রেল ও নৌপথে সম্মিলিতভাবে ৩৩৫টি দুর্ঘটনা ঘটেছে, যাতে ৪০৫ জন নিহত হয়েছেন। আর এক হাজার ২৭৪ জন আহত হয়েছেন। ঈদে বাড়ি যাওয়ার সময় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে।বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ভারতীয় ঋণের অর্থ যৎসামান্যই ছাড়-দৈনিক সমকাল
ভারতের প্রথম লাইন অব ক্রেডিট (এলওসি) চুক্তির নয় বছরে ৮৬ কোটি ২০ লাখ ডলার প্রতিশ্রুতির অর্থছাড় হয়েছে মাত্র ৪০ কোটি ডলার। চুক্তির আড়াই বছরেও দুই বিলিয়ন ডলারের দ্বিতীয় এলওসির কোনো প্রকল্প বাস্তবায়ন পর্যায়ে যেতে পারেনি। সাড়ে চার বিলিয়ন ডলারের তৃতীয় এলওসির অর্থায়নের প্রকল্প এখনও ভারতের সম্মতির অপেক্ষায় আছে। ভারতীয় ঋণের প্রকল্পগুলোতে অর্থছাড় হচ্ছে যৎসামান্যই, প্রকল্পগুলোর বাস্তবায়নও এ কারণে বিলম্ব হচ্ছে।
রোহিঙ্গা সুরক্ষায় বাংলাদেশকে ৪৮ কোটি ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক-দৈনিক যুগান্তর
মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের স্বাস্থ্য, শিক্ষা, পানি, পয়োনিষ্কাশন ও সামাজিক সুরক্ষায় বাংলাদেশকে ৪৮ কোটি ডলার সহায়তা দেয়ার কথা জানিয়েছে বিশ্বব্যাংক। বৃহস্পিতবার প্রথম কিস্তিতে চলমান একটি স্বাস্থ্য খাত সহায়ক প্রকল্পের জন্য পাঁচ কোটি ডলার মঞ্জুর করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নির্মূল অভিযানের মুখে সাড়ে সাত লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।এতে সাম্প্রতিক সময়ে এ অঞ্চলের সবচেয়ে বড় শরণার্থী সংকটের মোকাবেলা করতে হচ্ছে বাংলাদেশকে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
সুইস ব্যাঙ্কে ভারতীয়দের গচ্ছিত অর্থ বেড়েছে ৫০ শতাংশেরও বেশি-দৈনিক আনন্দবাজার
ক্ষমতায় এসেই ‘কালা ধন’ দেশে ফেরাবার স্বপ্ন দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তোড়জোড় একেবারে হয়নি, বলা যাবে না। কিন্তু ‘কালা ধনে’র হটস্পট সুইস ব্যাঙ্কে ভারতীয়দের গচ্ছিত টাকার পরিমাণ ৫০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার কোটি টাকায়। সম্প্রতি সুইস ব্যাঙ্ক এই তথ্য প্রকাশ করেছে। আর এই তথ্যই কালোটাকা উদ্ধার নিয়ে মোদী সরকারের দাবিকে প্রশ্নের মুখে ফেলল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কালোটাকা উদ্ধারের জন্য ২০১৬-র ডিসেম্বরে নোটবন্দির সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। মোদী সরকার বার বারই দাবি করেছিল যে নোটবন্দির ফলে প্রচুর কালো টাকা উদ্ধার হয়েছে। পরবর্তীকালে যে তথ্য উঠে আসে, তা মোদী সরকারের জন্য খুব স্বস্তিদায়ক নয়। আর সুইস ব্যাঙ্কের এই তথ্যে কার্যত অস্বস্তির মুখে পড়তে হল কেন্দ্রকে।
মোদির বিদেশ সফরে খরচ ৩৫৫ কোটি টাকা, উঠে এল চাঞ্চল্যকর তথ্য-দৈনিক সংবাদ প্রতিদিন
প্রধানমন্ত্রীর বিদেশ সফর বিভিন্ন সময়েই চর্চার বিষয় হয়েছে। যে হারে বিদেশের মাটিতে দেখা যায় নরেন্দ্র মোদিকে, দেশের মাটিতে নাকি তেমন দেখা যায় না। এই মর্মে সোশ্যাল মিডিয়ায় বিস্তর রসিকতাও হয়। আবার আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলেন, এত দেশ ঘুরছেন ঠিকই কিন্তু সম্পর্ক মসৃণ হচ্ছে কই! কিন্তু এত দেশে ঘোরার খরচও তো কম নয়। সে অঙ্কই এবার প্রকাশ্যে এল। জানা যাচ্ছে, এই পর্যন্ত মোদির বিদেশ সফরের জন্য সরকারের কোষাগার থেকে বেরিয়ে গিয়েছে প্রায় ৩৫৫ কোটি টাকা। মোট ৪১টি সফরে খরচ হয়েছে প্রায় ৩৫৫ কোটি টাকা। খরচের এই অঙ্ক যে বিরোধীদের হাতে হাতিয়ার হিসেবে উঠে এল, এমনটাই মনে করছেন অনেকে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৯