ছয় লাখ কোটি টাকা পাচার ১০ বছরে
-
পত্রপত্রিকার পাতা
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৩০ জুন শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা, নেতাকে তুলে নেওয়ার অভিযোগ-দৈনিক প্রথম আলো
- বেড়েই চলেছে চালের দাম-দৈনিক নয়া দিগন্ত
- ছয় লাখ কোটি টাকা পাচার ১০ বছরে-দৈনিক যুগান্তর
- অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা কোটা সংস্কার আন্দোলনকারীদের-দৈনিক ইত্তেফাক
- যশোর-নরসিংদীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- কোলকাতায় গ্রেফতার ৫চিনা পাচারচক্র, উদ্ধার ৪০ কোটি টাকার নিষিদ্ধ মাদক-সংবাদ প্রতিদিন
- জম্মু–কাশ্মীরে বন্যা সতর্কতা, বন্ধ স্কুল-দৈনিক আজকাল
- স্ত্রী মশগুল চ্যাটে, বিচ্ছেদ চান স্বামী-দৈনিক আনন্দবাজার
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. তিন সিটি নির্বাচনের পর বিএনপি জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেবে- এমন কথা বলেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ। প্রশ্ন হচ্ছে- দলটি তখন কী ধরনের সিদ্ধান্ত নিতে পারে?
২. মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও অভিযোগ করেছেন, “ইরানের সমর্থন শুধুমাত্র ইয়েমেনের হুথি গেরিলাদেরকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ওপর হামলার সক্ষমতাই দেয় নি বরং ইয়েমেনের চলমান মানবিক সংকট বাড়িয়ে তোলারও ঝুঁকি সৃষ্টি করেছে।” বক্তব্যটা কতটা সঠিক?
বিশ্লেষণের বাইরের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর তুলে ধরছি
ছয় লাখ কোটি টাকা পাচার ১০ বছরে-দৈনিক যুগান্তর
প্রতি বছর দেশে যে হারে বিদেশি বিনিয়োগ আসছে, তার কয়েকগুণ বেশি টাকা বিশ্বের বিভিন্ন দেশে পাচার হচ্ছে। আমদানি রফতানি, রেমিটেন্স সংগ্রহের নামেসহ নানাভাবে টাকা পাচার হচ্ছে।
গত ১০ বছরে দেশ থেকে প্রায় ছয় লাখ কোটি টাকা পাচার হয়েছে। এই পরিমাণ টাকা দেশের জাতীয় বাজেটের দেড়গুণ। এ ছাড়াও এই টাকা দিয়ে ১৮টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। কোনো কিছুর তোয়াক্কা করছে না পাচারকারীরা।
বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার গবেষণা অনুসারে মোটা দাগে মোট চার কারণে টাকা পাচার হচ্ছে। এর মধ্যে রয়েছেÑ বিনিয়োগের পরিবেশের অভাব, রাজনৈতিক অস্থিতিশীলতার আশঙ্কা, রাষ্ট্রীয় সংস্থাগুলোর দুর্বল নজরদারি এবং বেপরোয়া দুর্নীতি।
সাম্প্রতিক সময়ে পরপর তিনটি সংস্থার রিপোর্টেই বাংলাদেশ থেকে ভয়াবহ আকারে টাকা পাচারের তথ্য উঠে এসেছে। এই সংস্থাগুলোর মধ্যে রয়েছেÑ সুইস ব্যাংক, গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই) এবং যুক্তরাষ্ট্রভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন আইসিআইজে।
এই পাচার ঠেকাতে তেমন কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অর্থনীতিবিদরা বলছেন, পাচার রোধে সরকারের রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে।
কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা-দৈনিক যুগান্তর
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে সারা দেশের সব বিশ্ববিদ্যালয়-কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন এবং অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামীকাল রোববার থেকে এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন কোটা আন্দোলনের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান। তিনি শনিবার দুপুরে সাংবাদিকদের বলেন, আমাদের সংবাদ সম্মেলনে বাধা ও হামলার প্রতিবাদে আগামীকাল থেকে সব বিশ্ববিদ্যালয়-কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন এবং সারা দেশে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হবে।
এর আগে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এতে পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল্লাহ নূরসহ সাতজন আহত হন। আহত অন্যরা হলেন- আরশ (২৬), আব্দুল্লাহ (২৩), আতাউল্লাহ (২৫), সাদ্দাম হোসেন (২৫), সাহেদ (২৫) এবং হায়দার।আহতরা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
তৃণমূল নেতাদের সতর্ক করলেন শেখ হাসিনা-দৈনিক মানবজমিন
আগামী নির্বাচনকে কেন্দ্র দলীয় কোন্দল যেন না হয় সে বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের তৃণমূল নেতাদের উদ্দেশে তিনি বলেছেন, যে সমস্ত ইউনিয়নে কোন্দল আছে তা মিটিয়ে ফেলতে হবে। যুদ্ধাপরাধী, জঙ্গী, দুর্নীতিবাজ, মানি লন্ডারিংকারীরা যাতে ক্ষমতায় আসতে না পারে সে জন্য সকলকে সতর্ক থাকতে হবে। আজ গণভবনে আওয়ামী লীগের তৃণমূল নেতাদের উপস্থিতিতে বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় রাজশাহী, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধীন প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদের নির্বাচিত দলীয় চেয়ারম্যান, মহানগরের অধীন সংগঠনের প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও দলীয় কাউন্সিলর এবং জেলা পরিষদের নির্বাচিত দলীয় সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামুলক ভাষণ দেন দলীয় সভাপতি শেখ হাসিনা।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
স্ত্রী মশগুল চ্যাটে, বিচ্ছেদ চান স্বামী-দৈনিক আনন্দবাজার
বিস্তারিত খবরে লেখা হয়েছে, স্ত্রী সারা দিন মোবাইলে ব্যস্ত। সোশ্যাল মিডিয়ায় সময় কাটান। এই অভিযোগে দিল্লির এক পরিবার-আদালতে বিচ্ছেদের মামলা দায়ের করলেন তিরিশ বছরের নরেন্দ্র সিংহ। তিনি পেশায় সফটওয়্যার কর্মী। আদালত নরেন্দ্রর আবেদন গ্রহণ করেছে বলে শুক্রবার তাঁর আইনজীবী জানিয়েছেন।
মাত্র এক বছর আগে বিয়ে হয়েছিল তাঁদের। নরেন্দ্রর দাবি, বিয়ের পর দিন থেকেই মোবাইলে বুঁদ হয়ে থাকতেন স্ত্রী। সংসারের দিকে কোনও খেয়ালই রাখতেন না। এমনকি স্বামীকেও সঙ্গ দিতেন। স্ত্রীর বিরুদ্ধে একাধিক পুরুষের সঙ্গে রাত জেগে চ্যাটিংয়ের অভিযোগ এনেছেন নরেন্দ্র। দাবি, এ বিষয়ে স্ত্রীকে কিছু বললেই তিনি খেপে যেতেন। উল্টে হুমকি দিতেন নরেন্দ্রকে। শুধু তাই নয়, বাবা-মা বা পরিবারের জন্য যাতে নরেন্দ্র খরচ না করেন তা নিয়ে চাপাচাপি করতেন তাঁর স্ত্রী। যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন ওই মহিলার আইনজীবী। তাঁদের দু’জনকে নিয়ে কাউন্সেলিংয়ের নির্দেশ দিয়েছে আদালত।
কোলকাতায় গ্রেফতার ৫চিনা পাচারচক্র, উদ্ধার ৪০ কোটি টাকার নিষিদ্ধ মাদক-সংবাদ প্রতিদিন
কলেজ পড়ুয়ার পর এবার শহরে মাদক পাচার চক্রে যোগ মিলল চিনের ৷ এরইমধ্যে পাঁচ চিনা নাগরিককে পাকড়াও করা হয়েছে। কলকাতা স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করেছে শিয়ালদহ জিআরপি৷ ধৃতদের কাছ থেকে চল্লিশ কোটি টাকার নিষিদ্ধ মাদক পাওয়া গেছে।
খবরটিতে বলা হয়েছে, শনিবার সকালে কলকাতা স্টেশনে ওই পাঁচ চিনা নাগরিককে দেখে প্রথমে সন্দেহ হয় জিআরপি-র। এরপরেই তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালান হয়৷ সেখান থেকেই কেঁচো খুঁড়তে বেরিয়ে আসে কেউটে৷ দেখা যায় ব্যাগে আলাদা আলাদা চেম্বার করে রাখা রয়েছে নিষিদ্ধ ড্রাগ অ্যাম্ফটামাইন। সাধারণত ‘পার্টি ড্রাগ’ হিসাবে এটি পরিচিত৷ এর আগে মাদক পাচার কাণ্ডে কলকাতা থেকে গ্রেপ্তার হয়েছে পড়ুয়া৷ প্রকাশ্যে এসেছে আন্তঃরাজ্য পাচার চক্র৷ তবে এই প্রথম মাদক পাচারে চিনা যোগ সামনে এল।
জিএসটি-র বর্ষপূর্তি, কতটা লাভবান সাধারণ মানুষ?-দৈনিক সংবাদ প্রতিদিন
দেশে এ যাবৎ সবচেয়ে বড় কর সংস্কার জিএসটি। পূর্ণ তার এক বছর। ২০১৭ সালের ১ জুলাই থেকে গোটা দেশে কেন্দ্র ও রাজ্য স্তরে ১৭ রকমের পরোক্ষ কর বিলুপ্ত করে একক কর ব্যবস্থা শুরু করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। তাই প্রতি বছর ১ জুলাই দিনটা ‘জিএসটি দিবস’ হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রথমদিকে বেশ কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করলেও কর কাঠামোর পরিবর্তন এক নয়া দিশার সূচনা করে। কিন্তু, জিএসটি-র ফলে কি আদৌ লাভবান হয়েছে সাধারণ মানুষ? অথবা, দেশের অর্থনীতির মোড় ঘুরেছে? বিরোধীদের প্রতিবাদ ও সমর্থকদের যুক্তির মধ্যে বিশেষজ্ঞরা জানিয়েছেন, জিএসটি-র আওতায় বেশ কিছু পণ্যের দাম কমেছে। তবে বেশ কয়েকটি পরিষেবা, যেমন টেলিফোন বিল প্রভৃতির খরচ বেড়েছে। তবে সার্বিকভাবে মোটের উপর গত এক বছরে মূল্যবৃদ্ধির হার বিশেষ বাড়েনি। সাধারণ মানুষের পক্ষের এটি বড় স্বস্তি।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩০