জুলাই ০১, ২০১৮ ১২:১৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১ জুলাই রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • দুর্ঘটনা’ বললেই ৪০৫ জনের মৃত্যুর দায় খালাস?-দৈনিক প্রথম আলো
  • কোটা আন্দোলনের নেতা রাশেদ আইসিটি মামলায় গ্রেফতার--দৈনিক যুগান্তর 
  • মুন সিনেমা হলের মালিককে ৯৯ কোটি টাকা পরিশোধের নির্দেশ.-দৈনিক নয়া দিগন্ত
  • রোহিঙ্গা প্রত্যাবাসন অগ্রগতি পর্যবেক্ষণে জাতিসংঘ মহাসচিব ঢাকায়-দৈনিক ইত্তেফাক
  • কোটা সংস্কার নিয়ে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছেন’-রিজভী-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:

  • প্রত্যাশাপূরণে ব্যর্থ জিএসটি, বর্ষপূর্তিতে মোদিকে তোপ কংগ্রেসের-সংবাদ প্রতিদিন
  • দিল্লিতে একই পরিবারের ১১ জনের রহস্যমৃত্যু, ঝুলন্ত অবস্থায় উদ্ধার দেহগুলি-দৈনিক আজকাল
  • নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরাখণ্ডে খাদে বাস, মৃত অন্তত ৪৭-দৈনিক আনন্দবাজার

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

কোটা আন্দোলনের নেতা রাশেধ খান গ্রেফতার

কোটা আন্দোলনের নেতা গ্রেফতারের খবরটি আজকের প্রায় সব জাতীয় দৈনিকের অনলাইন সংস্করন এবং অনলাইন পোর্টালগুলোতে পরিবেশিত হয়েছে।

দৈনিক যুগান্তর শিরোনাম- কোটা আন্দোলনের নেতা রাশেদ আইসিটি মামলায় গ্রেফতার। এ সম্পর্কিত খবরে প্রথম আলো লিখেছে, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্রলীগের এক নেতার করা মামলায় রাশেদকে গ্রেপ্তার করা হয়। এর আগে রাশেদের আত্মীয় ও বন্ধুরা অভিযোগ করেন, আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে রাশেদকে ধরে নিয়ে নিয়ে যাওয়া হয়। এ সময় রাশেদের সঙ্গে থাকা মাহফুজ খান নামের অপর একজনকেও ধরে নিয়ে যাওয়া হয় বলে তাঁদের অভিযোগ।

কোটা আন্দোলনের ছবি (ফাইল ফটো)

দৈনিক যুগান্তরের খবরে বলা হয়েছে, চাকরিতে কোটাপ্রথা বাতিল করে সরকারি ঘোষণা বাস্তবায়ন না করায় শনিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সংবাদ সম্মেলন করার ঠিক ঠিক আগমুহূর্তে কোটা আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূরসহ সাত শিক্ষার্থী আহত হন।

এদিকে সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে রোববার থেকে সারা দেশের সব বিশ্ববিদ্যালয়-কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন এবং অবরোধ কর্মসূচি চলছে।

এদিকে দৈনিক মানবজমিন লিখেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ আজ হামলা চালিয়েছে।

রাজশাহীতে কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা

দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকারী চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পৈশাচিক হামলা চালিয়েছে ছাত্রলীগ। একই সঙ্গে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যে স্পষ্ঠ হয়েছে যে কোটা সংস্কার নিয়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছেন। আজ নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

দুর্ঘটনা’ বললেই ৪০৫ জনের মৃত্যুর দায় খালাস?-দৈনিক প্রথম আলো

সড়ক দুর্ঘটনায় লাশের সারি বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন

১০৪ বছর বয়সী অস্ট্রেলিয়ান বিজ্ঞানী ডেভিড গোডাল সুইজারল্যান্ডে এসে স্বেচ্ছামৃত্যু বরণ করলেন গেল মে মাসে। বেঁচে থাকতে থাকতে ক্লান্ত হয়ে ওঠা ডেভিডের সঙ্গে যমদূতের দেখা করিয়ে দেওয়ার খরচ জোগাতে অনলাইনে উঠেছিল ১০ লাখ টাকারও বেশি চাঁদা। অথচ বাংলাদেশের সড়কে বিনা খরচাতেই তিনি দেখা দেন। প্রায় প্রতিদিনই তাঁর কাছ থেকে আমাদের পালিয়ে বাঁচতে হয়। যাঁরা কোনো কারণে পারেন না, তাঁরা মারা পড়েন, হয়ে যান নিহত হওয়ার ‘সংখ্যা’। এবারের রোজার ঈদে বাড়ি যাওয়া-আসার মাঝে মাত্র ১৩ দিনে মারা গেছেন ৪০৫ জন। এর মধ্যে সড়কে মৃত্যুর সংখ্যা ৩৩৯। এই মৃত্যুগুলোর ওপর দুর্ঘটনার ট্যাগ লাগিয়ে দিলে অনেকেরই দায় খালাস হয়, এমনকি কিছু টাকার বিনিময়ে মামলা পর্যন্ত আপসরফা হয়ে যায়! কিন্তু এই ভয়াবহ ঘটনাগুলো লাগাতার কেন ঘটেই চলেছে, কী কারণে এই মৃত্যুমিছিল থামানোর সুপারিশগুলো বাস্তবায়ন করা যাচ্ছে না, কোন বাধায় রেল ও নৌ যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ মাধ্যম দুটি বিকশিত হতে পারছে না—এসব প্রশ্ন উত্তরহীনই থেকে যাচ্ছে।

মুন সিনেমা হলের মালিককে ৯৯ কোটি টাকা পরিশোধের নির্দেশ.-দৈনিক নয়া দিগন্ত

সুপ্রিম কোর্ট

রাজধানীর পুরান ঢাকার মুন সিনেমা হলের মালিককে ৯৯ কোটি টাকা পরিশোধ করার জন্য মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদালত বলেছেন, অর্থ পরিশোধ না করলে কল্যাণ ট্রাস্ট্রের সংশ্লিষ্ট সকলকে তলব করা হবে।

আদালত অবমাননার বিষয়ে এক আবেদনের শুনানি করে রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভগের বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অ্যাটর্নি জেনারেল সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১২ জুলাই দিন নির্ধারণ করেন। মুন সিনেমা হলের মালিকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।

চলতি বছরের ১৮ জানুয়ারি পুরান ঢাকার মুন সিনেমা হলের মালিককে ৯৯ কোটি টাকা পরিশোধ করার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে তিন কিস্তিতে এ টাকা পরিশোধ করতে বলা হয়।

হোলি আর্টিজানে নিহতদের স্মরণ-দৈনিক মানবজমিন

হোলি আর্টিজনে হামলার দুই বছর পুর্তি আজ

ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার দুই বছর আজ। হামলায় নিহতদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থা। এছাড়া বিভিন্ন সংগঠন ও ব্যক্তি নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। এদিকে, চলতি সপ্তাহের মধ্যেই হাল আর্টিজান হামলার অভিযোগপত্র  দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।

আর দৈনিক প্রথম আলোর খবরে লেখা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জঙ্গিরা দুর্বল হলেও তাদের নির্মূল করা সম্ভব হয়নি। জঙ্গি সমস্যা সমাধানে আইনি ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হচ্ছে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

দিল্লিতে একই পরিবারের ১১ জনের রহস্যমৃত্যু, ঝুলন্ত অবস্থায় উদ্ধার দেহগুলি-দৈনিক আজকাল

দিল্লিতে এক পরিবারের ১১ জনের অস্বাভাবিক মৃত্যু

দিল্লির বুরারি এলাকায় একই পরিবারের ১১ সদস্যের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। পরিবারের ১০ সদস্যের মুখ বাধা এবং দেহ ঝুলন্ত অবস্থায় ঘর থেকে উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিস। ১ বৃদ্ধা সদস্যের দেহ ঘরের মেঝেতে পড়েছিল। মৃতদের মধ্যে সাত জন মহিলা এবং চারজন পুরুষ। বৃদ্ধার দুই ছেলে, তাঁদের স্ত্রী এবং পাঁচ শিশু ও বৃদ্ধার মেয়ে বাস করতেন এই বাড়িটিতে। কোনও আত্মহত্যার নোট পাওয়া যায়নি। পুলিশ লাশগুলি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে। পাশাপাশি খুন না আত্মহত্যা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, যোগী আদিত্যনাথের শাসনে একী কাণ্ড ঘটছে উত্তর প্রদেশে। বুলন্দশহরে এক মুসলিম তরণীকে বিয়ে করার অপরাধে নিজের থুতু চাটতে বাধ্য করা হল দলিত যুবককের বাবাকে। গ্রামের মোড়লদের বিধান মেনে সেই শাস্তিই মাথা পেতে নেন প্রৌঢ়া।

প্রত্যাশা

জিএসটি মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ দাবি কংগ্রেসের

পূরণে ব্যর্থ জিএসটি, বর্ষপূর্তিতে মোদিকে তোপ কংগ্রেসের-সংবাদ প্রতিদিন

একবছর পরও অর্থনীতির ভিত মজবুত করতে ব্যর্থ জিএসটি৷ পণ্য ও পরিষেবা করের বর্ষপূর্তিতে মোদি সরকারকে তোপ কংগ্রেসের৷ কংগ্রেসের অফিশিয়াল টুইটারে হ্যান্ডেলে একটি সমীক্ষার তথ্য তুলে ধরা দাবি করা হয়েছে দেশের দেশের সিংহভাগ মানুষ জিএসটি লাগু হওয়ায় সন্তুষ্ট নয়৷ কংগ্রেসের দাবি, দেশের ৬৩ শতাংশ মানুষ মনে করছেন জিএসটির ফলে নিত্যনৈমিত্তিক জিনিসের দাম কমেনি৷ ৫৭ শতাংশ মানুষ মনে করছেন রেস্টুরেন্টে খাওয়াদাওয়ার খরচ কমেন, বরং বেড়েছে৷ ৬১ শতাংশ মানুষ মনে করছেন ব্যবসায় আরও জটিলতা বেড়েছে৷ যদিও, এই সমীক্ষার তথ্যসূত্র বলা নেই কংগ্রেসের টুইটার হ্যান্ডেলে৷

নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরাখণ্ডে খাদে বাস, মৃত অন্তত ৪৭-দৈনিক আনন্দবাজার

যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে অন্তত ৮৭ জনের মৃত্যু হয়েছে। রোববার ভোরে উত্তরাখণ্ডের গঢ়বালের নৈনিডাণ্ডা ব্লকে দুর্ঘটনাটি ঘটে। ৫০ জন যাত্রী নিয়ে রামনগর থেকে ভৌন যাচ্ছিল।। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। গঢ়বাল জেলার পাওরির পিপালি-ভৌন মোটরওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। পাশে ৬০ ফুট গভীর খাদে গিয়ে পড়ে বাসটি। ঘটনাস্থলেই মারা যান ৪৭ জন যাত্রী। বাকি ৩ জনের অবস্থাও আশঙ্কাজনক।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১