রোহিঙ্গারা ন্যায়বিচার ও নিজ দেশে ফিরতে চান: গুতেরেস
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২ জুলাই সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের হামলা সম্পর্কে প্রক্টর ‘জানেন না’-দৈনিক প্রথম আলো
- কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলায় বিএনপির প্রতিবাদ-দৈনিক প্রথম আলো
- রোহিঙ্গারা ন্যায়বিচার ও নিজ দেশে ফিরতে চান: গুতেরেস-দৈনিক যুগান্তর
- চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলা-এক মামলায় খালেদা জিয়ার জামিন স্থগিত-দৈনিক নয়া দিগন্ত
- কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ফের হামলা-দৈনিক ইত্তেফাক
- রোহিঙ্গাদের হত্যা ও ধর্ষণের বর্ণনা শুনলেন জাতিসংঘ মহাসচিব-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- কলেজে ভরতির নামে তোলাবাজি বরদাস্ত নয়, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর-সংবাদ প্রতিদিন
- কৃপা করবেন ঈশ্বর! ফলনের আশায় বাবার পাশে দাঁড়িয়ে লাঙল চষল দুই বোন-সংবাদ প্রতিদিন
- নীরবের বিরুদ্ধে রেড কর্নার নোটিস ইন্টারপোলের--দৈনিক আনন্দবাজার
- লোকপাল নিয়োগে সুপ্রিম নির্দেশ কেন্দ্রকে-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
কোটা আন্দোলনের খবরটি আজও প্রায় সব জাতীয় দৈনিকের অনলাইন সংস্করন এবং অনলাইন পোর্টালগুলোতে পরিবেশিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের হামলা সম্পর্কে প্রক্টর ‘জানেন না-প্রক্টর-দৈনিক প্রথম আলো
কোটা সংস্কার আন্দোলনের কর্মীদের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের কর্মীদের হামলা সম্পর্কে ‘অবহিত নন’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী। আজ সোমবার বেলা পৌনে একটার দিকে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রক্টর।
কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর আজ সোমবার সকালে আবার হামলা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জড়ো হতে গেলে ছাত্রলীগের কর্মীরা হামলা চালান। তাঁদের কিল, ঘুষি, লাথি মেরে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, হামলাকারীরা ছাত্রলীগের কর্মী। তাঁদের মধ্যে ছাত্রলীগের প্রচার সম্পাদক সাইফ বাবু, স্কুলছাত্র-বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন, মহসীন হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানিসহ বেশ কয়েকজনকে দেখা গেছে।গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনেও কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ।
আজ এবং গত কয়েক দিনের হামলা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রক্টর বলেন, এসব বিষয়ে তিনি অবহিত নন। বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল। এ সময় যারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার অবরুদ্ধ করে কর্মসূচি দিয়েছে তাদের সম্পর্কেও আপনাদের জানতে হবে। কোটা সংস্কার আন্দোলনের কর্মীরা শিক্ষার পরিবেশ নষ্ট করছে কি না, এই প্রশ্নের কোনো জবাব দেননি প্রক্টর।
কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলায় বিএনপির প্রতিবাদ-দৈনিক প্রথম আলো
চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রতিবাদ জানান।
কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর আজ সকালে আবার হামলা হয়।মির্জা ফখরুল ইসলাম বলেন, বর্তমান আওয়ামী শাসকগোষ্ঠীর গণবিরোধী কার্যকলাপ এখন বীভৎসরূপে আত্মপ্রকাশ করেছে। সে জন্য সরকার জনগণের ভেতরের নানা শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে কোনো দাবির আওয়াজকে নিষ্ঠুরভাবে দমন করতে দ্বিধা করে না। শিক্ষার্থীদের ন্যায়সংগত ও যৌক্তিক দাবিকে অগ্রাহ্য করতেও পিছপা হয় না।
ফখরুল ইসলাম বলেন, চাকরিতে কোটা সংস্কার নিয়ে আগে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি রক্ষা দূরের কথা, বরং ঢাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনকে লেলিয়ে দিয়ে হামলার মাধ্যমে গুরুতর আহত করা হচ্ছে। পুলিশ দিয়ে গ্রেপ্তার করানো কখনোই সুস্থ মানসিকতার পরিচয় বহন করে না।
রোহিঙ্গাদের হত্যা ও ধর্ষণের বর্ণনা শুনলেন জাতিসংঘ মহাসচিব-দৈনিক মানবজমিন
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের কাছ থেকে রাখাইনের হত্যা ও ধর্ষণের বর্ণনা শুনলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আজ সোমবার কক্সবাজারের শরণার্থী শিবির পরিদর্শন করে তিনি রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার গল্প শোনেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লেখেন, তারা ন্যায়বিচার চায়। নিরাপদে বাড়ি ফিরতে চায়। রোহিঙ্গা শিবিরে পৌছানোর পথে আরেক টুইটে তিনি বলেন, ‘রোহিঙ্গারা বিশ্বে সবচেয়ে বৈষম্যের শিকার জনগোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম। মানবিক ও মানবাধিকারের দিক দিয়ে রোহিঙ্গা শরণার্থী সঙ্কট পীড়াদায়ক। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে উদারতা প্রদর্শনের জন্য আমি বাংলাদেশকে ধন্যবাদ জানাই।’
রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে প্রস্তুত না মিয়ানমার: রেডক্রস-দৈনিক মানবজমিন
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার এখনো প্রস্তুত নয় বলে জানিয়েছে রেডক্রস। সংস্থাটির প্রেসিডেন্ট পিটার মাউরার বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য সেখানে এখনো অনেক কাজ করা দরকার। এমন পরিস্থিতিতে দ্রুতই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে বলে মনে করেন না তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, সম্প্রতি রাখাইন সফর করেছেন রেডক্রসের শীর্ষ কর্মকর্তা পিটার মাউরার। এর আগে মিয়ানমার দাবি করেছে, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য তারা পুরোপুরি প্রস্তুত।
চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলা-এক মামলায় খালেদা জিয়ার জামিন স্থগিত-দৈনিক নয়া দিগন্ত
কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় দায়ের করা হত্যার মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া ছয় মাসের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে আগামী ৪ সপ্তাহের মধ্যে হাইকোর্ট রুল নিষ্পত্তির নির্দেশও দেয়া হয়েছে।
অসুস্থ খালেদা জিয়াকে জেলে তিলে তিলে মেরে ফেলা হচ্ছে: খন্দকার মাহবুব হোসেন-দৈনিক নয়া দিগন্ত
খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, জামিন স্থগিত করে আপিল বিভাগ যে আদেশ দিয়েছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও বিভ্রান্তিকর। তিনি বলেন, এটা অত্যন্ত দুঃখের ব্যাপার যে, একজন অসুস্থ মহিলাকে (খালেদা জিয়া) জেলে তিলে তিলে মেরে ফেলা হচ্ছে। তার কোনো চিকিৎসা হচ্ছে না। আজ আপিল বিভাগের আদেশে প্রথমে দুই সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছিলেন। তারপর রাষ্ট্রপক্ষের আবেদনে আমাদের প্রতিবাদ সত্ত্বেও খালেদা জিয়ার জামিন চার সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছেন। এর অর্থ সরকার আগামী নির্বাচনের আগে বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে বের হতে দেবেন না। তিনি বলেন, সরকারের সদিচ্ছা ছাড়া খালেদা জিয়া মুক্তি পাবে না।
আজ কুমিল্লার এক মামলায় খালেদা জিয়ার জামিন স্থগিত করে আপিল বিভাগের আদেশের পর সুপ্রিম কোর্ট বার ভবনের সভাপতির কক্ষের সামনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
হঠাৎ আলোচনায় ইসলামী আন্দোলন-দৈনিক প্রথম আলো
সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচনের ফলাফলে বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির পরেই চলে আসছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাম। ৩১ বছর বয়সী এই দলটি সিটি করপোরেশন ও স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচনে প্রাপ্ত ভোট রাজনীতি ও ভোটের খবরাখবর রাখেন—এমন মানুষের কাছে চমক সৃষ্টি করছে। দলটি এখন প্রস্তুতি নিচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের। ৩০০ আসনে প্রার্থী দিয়ে নিজেদের শক্তি দেখাতে চায় বলে জানিয়েছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
সদ্য শেষ হওয়া গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ফলাফলে দলটির অবস্থান তৃতীয়। এখানে তাদের মেয়র প্রার্থী মো. নাসিরউদ্দিন হাতপাখা প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৩৮১ ভোট। এবারই প্রথম তারা এই সিটিতে নির্বাচনে অংশ নেয়। এই নির্বাচনে অংশ নেওয়া ইসলামী ঐক্যজোটের প্রার্থী পান ১৬৫৯ ভোট এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী পান ৯৭৩ ভোট।
খুলনা সিটির নির্বাচনেও প্রথমবার অংশ নিয়ে ইসলামী আন্দোলন পায় ১৪ হাজার ৩৬৩ ভোট। নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪০। প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন জোটের বাইরে স্থানীয় সরকার নির্বাচনে নীরবে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির মাঠে নিজেদের অবস্থান জানান নিচ্ছে। রাজনীতিতে তেমন কোনো আলোচনায় না থেকেও ইসলামী শাসনতন্ত্রে বিশ্বাসী এই দলের ভোটের হিসাব চমক তৈরি করছে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
নীরবের বিরুদ্ধে রেড কর্নার নোটিস ইন্টারপোলের-দৈনিক আনন্দবাজার
পিএনবিকাণ্ডে বড় মোড়। অন্যতম অভিযুক্ত নীরব মোদির নামে রেড কর্নার নোটিস জারি করেছে ইন্টারপোল। সোমবারই এই নোটিস জারি হয়েছে। নীরব ছাড়াও তাঁর ভাই নিশল মোদি এবং তাঁদের কোম্পানির এক্সিকিউটিভ সুভাষ প্রণবের বিরুদ্ধেও ইন্টারপোলের রেড কর্নার নোটিস জারি হয়েছে। এই নোটিসের ফলে ইন্টারপোলের ১৯০টি সদস্য দেশের পুলিস তাঁদের যেকোনও স্থান থেকে যেকোনও অবস্থায় গ্রেপ্তার করতে পারবে। প্রতারণা, ব্যাঙ্ক জালিয়াতি, অপরাধমূলক ষড়যন্ত্র, টাকা নয়ছয় সহ একগুচ্ছ অভিযোগ জমা পড়েছিল ইন্টারপোলের কাছে। গত মাসেই মোদির বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারির আবেদন জানিয়ে ইন্টারপোলের দ্বারস্থ হয়েছিল পিএনবি মামলায় তদন্তকারী কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।
প্রসঙ্গত, এবছরের জানুয়ারির প্রথম সপ্তাহেই পিএনবিকাণ্ডে অভিযুক্ত নীরব মোদি এবং তাঁর মামা মেহুল চোকসি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। তাঁদের সঙ্গে তাঁদের পরিবারও বেপাত্তা। নীরবের স্ত্রী মার্কিন নাগরিক। ভাই নিশল বেলজিয়ামের নাগরিক। ফলে তাঁরা ওই দেশগুলিতে পালিয়ে গিয়েছেন কিনা তা নিয়ে সংশয়ে ছিল সিবিআই। সেজন্যই ইন্টারপোলের দ্বারস্থ হয় তারা।
কলেজে ভরতির নামে তোলাবাজি বরদাস্ত নয়, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর-দৈনিক সংবাদ প্রতিদিন
কলেজে ভরতির নামে তোলাবাজি কোনওভাবেই বরদাস্ত করা হবে না৷ ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার কালীঘাটের বাড়িতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ডেকে পাঠান তিনি৷ বেশ কিছুক্ষণ ধরে চলে বৈঠক৷ বৈঠকে আরও বেশ কয়েকজন মন্ত্রী উপস্থিত ছিলেন বলে খবর৷ সূত্রের খবর, কলেজে ভরতি সংক্রান্ত অভিযোগ পেলেই, শিক্ষামন্ত্রীকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ বৈঠক শেষে আশুতোষ কলেজে ‘সারপ্রাইজ ভিজিট’ করেন তিনি৷
শহর থেকে শহরতলি৷ বিভিন্ন কলেজে ভরতির জন্য পড়ুয়াদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ৷ বেশিরভাগ ক্ষেত্রেই অভিযুক্ত শাসক দলের ছাত্র সংগঠনের নেতা-কর্মীরাই৷ সোমবার ভরতির নামে তোলাবাজির অভিযোগে জয়পুরিয়া কলেজের প্রাক্তন জিএস তিতান সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
লোকপাল নিয়োগে সুপ্রিম নির্দেশ কেন্দ্রকে-দৈনিক আজকাল
এবার লোকপাল নিয়ে সরাসরি কেন্দ্রকে নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কতদিনের মধ্যে লোকপাল নিয়োগ করা হবে তা ১০ দিনের মধ্যে জানাতে হবে কেন্দ্রীয় সরকারকে। সোমবার এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। চলতি মাসের ১৭ তারিখ ফের শুনানি হবে বলে জানা গিয়েছে। এদিন বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি আর ভানুমতির ডিভিশন বেঞ্চ সরাসরি কেন্দ্রকে হলফনামা জমা দিয়ে লোকপাল নিয়োগ নিয়ে বিস্তারিত তথ্য ১০ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্রে খবর, ২০১৭ সালের ২৭ এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও লোকপাল নিয়োগ না হওয়ায় আদালত অবমাননার অভিযোগে মামলা দায়ের করে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
কৃপা করবেন ঈশ্বর! ফলনের আশায় বাবার পাশে দাঁড়িয়ে লাঙল চষল দুই বোন-সংবাদ প্রতিদিন
কী বিচিত্র এই দেশ! কৃষিনির্ভর অর্থনীতির দেশের কৃষকের এ কী হাল! ২০১৮ সালের মাঝামাঝি দাঁড়িয়েও বলদের বদলে স্থান পেলে মেয়ে! দুই মেয়ের কোমরে দড়ি পরিয়ে শক্তি মাটি চিরে ছুটল লাঙল৷ সোমবার সংবাদ সংস্থার হাত ধরে প্রকাশ পেল যোগীর রাজ্যের ‘আচ্ছে দিনে’র সব থেকে বড় বিজ্ঞাপন৷
অভাবের সংসার৷ ফসলের দাম না পাওয়ায় একের একে বিক্রি হয়েছে সবকিছু৷ একজোড়া বলদও বিক্রি হয়ে গিয়েছে গতবছর৷ জলের দরে বলদ বিক্রি করে মিটিয়েছেন মহাজনের ঋণ৷ টানা কয়েক বছর ফসলের দাম না পেলেও এবারও আশা ছাড়েননি উত্তরপ্রদেশের ঝাঁসির প্রান্তিক কৃষক৷ বর্ষা নামার আগে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে বাবার সঙ্গে শামিল দুই মেয়ে৷ বর্ষার আগে জমি তৈরির কাজে পুরোপুরি তৈরি দুই কিশোরী৷ ভাল ফলনের আশায় কোমরে দড়ি বেঁধে বাবার সঙ্গে জমিতে লাঙল টানলেন বছর ১৩-র দুই বোন৷ দিনভর কোমরে লাঙল টানার পর দু’বোনের আশা, এবার বর্ষায় ঈশ্বর তাঁদের দুঃখ ভুলিয়ে খেতজুড়ে সোনার ফসল দেবেন৷ গতবার বৃষ্টির অভাবে মাঠেই পুড়ে নষ্ট হয় সফল৷ চড়া হারে ঋণ নিয়ে গতবার চাষ করে বড় ক্ষতির মুখে পড়লেও হাল ছাড়েননি ঝাঁসির ওই প্রান্তিক কৃষক৷ গতবারের ক্ষত বুকে নিয়ে এবার তাঁর শেষ লড়াই৷ সেই লড়াইয়ে শামিল দুই মেয়েও৷ নিজের হাতে দুই মেয়ের কোমরে মোটা দড়ি পরিয়ে দিনভর শক্ত জমি চষে এগলো লাঙল৷
দিনভর লাঙল চষার পর কৃষক বাবার মন্তব্য, ‘‘গত পাঁচ বছর পর্যাপ্ত বৃষ্টি হয়নি৷ তবুও, আমার দুই মেয়ে ও আমি ভাল কিছু হওয়ার আশায় এবার চাষের প্রস্তুতি নিয়েছি৷ ঈশ্বের নাম নিয়ে মাঠে নেমেছি৷ দেখি, ঈশ্বর আমাদের কষ্ট বোঝেন কি না৷’’
তবে, ভাল কিছুর আশায় দুই মেয়েকে দিয়ে লাঙল চষিয়ে নেওয়ার প্রসঙ্গে অসহায় কৃষক বাবার মন্তব্য, ‘‘মেয়েদের দিয়ে এই কাজ করানো ছাড়া আমার আর কোনও বিকল্প নেই৷#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২