জুলাই ০৩, ২০১৮ ১১:২৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতাঁ ৩ জুলাই মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • কোটা সংস্কার আন্দোলনের নেতা ফারুক হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না-দৈনিক প্রথম আলো
  • শিক্ষার্থীদের ওপর হামলা দেখে মানুষ স্তম্ভিত : রিজভী-দৈনিক নয়া দিগন্ত
  • ঢাবিতে নিরাপত্তা সংকটের অভিযোগ, প্রশাসনের পদত্যাগ দাবি-দৈনিক যুগান্তর 
  • সরকারি খাতের শিল্প প্রতিষ্ঠানে নূন্যতম মজুরি ৮৩০০ টাকা-দৈনিক ইত্তেফাক
  • মার্কিন দূতাবাস বিএনপি’র মুখপাত্রে পরিণত হয়েছে: জয়-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:

  • লোকসভার রণকৌশল প্রস্তুত করতে প্রদেশ নেতৃত্বকে জরুরি তলব রাহুল গান্ধীর-সংবাদ প্রতিদিন
  • দীর্ঘ যৌন সম্পর্ককে কী বিবাহিত সম্পর্ক হিসাবে গণ্য করা যায়‌? প্রশ্ন সুপ্রিম কোর্টের-দৈনিক আজকাল
  • গো রক্ষার নামে গুন্ডামি বরদাস্ত নয়, বলল শীর্ষ আদালত-দৈনিক আনন্দবাজার

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. প্রশ্ন: মার্কিন দূতাবাস বিএনপি’র মুখপাত্রে পরিণত হয়েছে- বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?

২. জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত গোলাম আলী খশরু বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে ভবিষ্যত গণহত্যা বন্ধের বিষয়ে অবশ্যই সজাগ হতে হবে। বর্তমান প্রেক্ষাপটে তার এ বক্তব্যকে আপনি কীভাবে দেখছেন?

বিশ্লেষণের বাইরের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর তুলে ধরছি।

কোটা সংস্কার আন্দোলনের নেতা ফারুক হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না-দৈনিক প্রথম আলো

কোটা সংস্কার নিয়ে গঠন হওয়া সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল সোমবার কোটা সংস্কারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ চলার সময় ফারুককে তুলে শাহবাগ থানায় দিয়ে আসেন ছাত্রলীগের এক কর্মী। আজ মঙ্গলবার ফারুকের বড় ভাই মো. আরিফুল ইসলাম শাহবাগ, রমনা ও নিউমার্কেট থানায় গিয়ে তাঁর ভাইয়ের সন্ধান পাননি। প্রথম আলোর পক্ষ থেকে শাহবাগ থানায় যোগাযোগ করা হলে জানানো হয়েছে, ফারুক হোসেন নামের কেউ সেখানে গ্রেপ্তার নেই।

গতকাল কোটা সংস্কার আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জড়ো হতে গেলে ছাত্রলীগের কর্মীরা হামলা চালান। তাঁদের কিল, ঘুষি, লাথি মেরে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এতে বেশ কয়েকজন আহত হন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ফারুক হোসেনকে মোটরসাইকেলে করে তুলে শাহবাগ থানায় নিয়ে যান ছাত্রলীগের এক কর্মী।

ঢাবিতে নিরাপত্তা সংকটের অভিযোগ, প্রশাসনের পদত্যাগ দাবি-দৈনিক যুগান্তর

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের বারবার হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা সঙ্কট তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, মারধর থেকে শিক্ষার্থীদের রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো দায়িত্ব পালন করেনি। এ অবস্থায় তাদের দায়িত্ব ছেড়ে দিতে হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যের পাদদেশে ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থী’র ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে আন্দোলনকারীরা ‘ক্যাম্পাসে নিরাপত্তা দে নইলে পদ ছেড়ে দে’, ‘ছাত্রলীগের সন্ত্রাস থেকে শিক্ষা বাচাঁও,’ ‘আন্দোলনে ছাত্রলীগের হামলার বিচার চাই,’ ‘আন্দোলনের সাথে প্রহসন বন্ধ কর, যৌক্তিক সংস্কার কর,’ ইত্যাদি ফেস্টুন প্রদর্শন করেন।

শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার সঙ্কট দেখা দিয়েছে। ছাত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাই তাদের দায়িত্ব ছেড়ে দেয়া উচিত।

শিক্ষার্থীদের ওপর হামলা দেখে মানুষ স্তম্ভিত : রিজভী-দৈনিক নয়া দিগন্ত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে মহামান্য হাইকোর্ট জামিন দেওয়ার পর সর্বোচ্চ আদলত কর্তৃক জামিন স্থগিত করার ঘটনাটি সম্পূর্ণরূপে সরকার নির্দেশিত। যা নজিরবিহীন। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিঘাংসার শিকার।

এছাড়া কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা দেখে দেশের মানুষ হতবাক ও স্তম্ভিত মন্তব্য করে তিনি বলেন, গতকালও ঢাকা বিশ^বিদ্যালয় ও কেন্দ্রীয় শহীদ মিনারে কোটা সংস্কার আন্দোলনকারিদের ওপর ছাত্রলীগ দফায় দফায় হামলা চালিয়েছে। এসময় ছাত্রীদের যেভাবে লাঞ্ছিত করা হয়েছে তা নারীদের ওপর ’৭১-এর হানাদার বাহিনীর নির্মতার কথাই স্মরণ করিয়ে দেয়। আসলে ছাত্রলীগের নামের সাথে ছাত্র নামটি জুড়ে দিয়ে আওয়ামী লীগ গোটা ছাত্রসমাজকেই অপমাণিত করেছে।

ব্যাংকিং ব্যবস্থা-সুদের হার ও খেলাপি ঋণ-দৈনিক প্রথম আলো

বছরের প্রথম থেকে বাড়তে থাকা ব্যাংকঋণের উচ্চ সুদের হার নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক, সমালোচনা ও অসন্তোষ যখন সবকিছুকে ছাড়িয়ে যায়, সেই পরিস্থিতিতে ১ জুলাই ২০১৮ থেকে ঋণ ও আমানতের ওপর সুদের হার যথাক্রমে ৯ ও ৬ শতাংশ নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক পরিচালকদের সংগঠন বিএবি। এই নিম্নমুখী সুদের হার নির্ধারণের আগে অবশ্য বহু কিছু ঘটে গেছে। ব্যাংকগুলোর নগদ সংরক্ষণের হার ১ শতাংশ কমানো, বেসরকারি ব্যাংকে সরকারি তহবিলের ৫০ শতাংশ রাখার অনুমতি—এসব পদক্ষেপের পরও বিএবির তরফ থেকে প্রতিশ্রুত নির্দিষ্ট সময়ের মধ্যে সুদের হার কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না। বস্তুত একটা মুক্তবাজারে যে সুদের হার এভাবে সময় বেঁধে দিয়ে নির্ধারণ করা যায় না, সেটা স্পষ্ট হয়ে ওঠে। সবশেষে প্রস্তাবিত বাজেটে ব্যাংকের মুনাফার ওপর করপোরেট করহারে ২ দশমিক ৫ শতাংশ ছাড় দেওয়ার ব্যবস্থা করার পর সুদের হার কমানোর একটা মরিয়া প্রয়াস হিসেবে ব্যাংক পরিচালকদের সংগঠন থেকে এই ঘোষণা আসে।

এভাবে সুদের হার নির্ধারণের প্রক্রিয়া নিয়ে বিতর্ক আছে। কারণ, সুদের হার প্রধানত নির্ভর করে ঋণের চাহিদা ও সরবরাহের ওপর।

মার্কিন দূতাবাস বিএনপি’র মুখপাত্রে পরিণত হয়েছে: জয়-দৈনিক মানবজমিন

মার্কিন দূতাবাস বিএনপি’র মুখপাত্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়। সম্প্রতি গাজীপুর সিটি নির্বাচন নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের বক্তব্য নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এমন মন্তব্য করেন জয়। সজীব ওয়াজেদ জয় বলেন, বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস অনেকটা বিএনপি'র মুখপাত্রে পরিণত হয়েছে। সম্প্রতি গাজীপুরে অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিএনপি'র মন্তব্যগুলোই তারা পুনরাবৃত্তি করছে এবং অনিয়মের কথা বলছে অথচ নির্বাচনে বিএনপি'র সহিংসতা চালানোর চেষ্টা নিয়ে কিছুই বলছে না।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

গো রক্ষার নামে গুন্ডামি বরদাস্ত নয়, বলল শীর্ষ আদালত-দৈনিক আনন্দবাজার

গোরক্ষার নামে গুন্ডামি বরদাস্ত করা হবে না। এর সঙ্গে কোনও ধর্মীয় যোগ টানা যাবে না বলেও স্পষ্ট জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। শুধু তা-ই নয়, কোথাও এমন ঘটনা যাতে না ঘটে সে দিকে রাজ্য সরকারগুলিকে কড়া নজর রাখতে বললেন দেশের প্রধান বিচারপতি দীপক মিশ্র। জাতি ও ধর্মের নামে কোনও রকম হিংসাও ছড়ানো যাবে না বলে সতর্ক করেছেন তিনি।

৩ জুলাই, মঙ্গলবার গোরক্ষা নিয়ে সংঘটিত একটি হিংসার মামলার শুনানি চলাকালীন তিনি এ কথা জানিয়ে বলেন, ‘কোনও মানুষই নিজের হাতে আইন তুলে নিতে পারে না। রাজ্যগুলির উচিত এমন ঘটনা প্রতিরোধ করা।’

গোরক্ষার নামে সাম্প্রদায়িক হিংসা রুখতে ২০১৭-তে দেশের ২৯টি রাজ্য ও সাতটি কেন্দ্রশাসিত অঞ্চলকে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। এমনকী, গো রক্ষা বাহিনীর কার্যকলাপ খতিয়ে দেখতে ওই রাজ্যগুলিকে আধিকারিক নিয়োগের কথাও জানায় আদালত।

লোকসভার রণকৌশল প্রস্তুত করতে প্রদেশ নেতৃত্বকে জরুরি তলব রাহুল গান্ধীর-দৈনিক সংবাদ প্রতিদিন

লোকসভার ভোটের আগে প্রদেশ কংগ্রেসের দলীয় কোন্দল মেটাতে ও রণকৌশল ঠিক করতে তৎপর কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব৷ প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতাদের আগামী ৬ জুলাই নয়াদিল্লিতে তলব করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ জানা গিয়েছে, সেখানে ডাকা হয়েছে রাজ্য কংগ্রেসর সমস্ত শীর্ষ নেতাদের৷ বৈঠকে উপস্থিত থাকবেন, প্রদেশ কংগ্রেসের সদ্য দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক তথা তরুণ নেতা গৌরব গগৈ৷ তাঁর কাছেও রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রাহুল গান্ধী৷

দীর্ঘ কয়েক বছর ধরেই এ রাজ্যে ক্ষয়িষ্ণু হচ্ছে কংগ্রেস৷ যাকে কটাক্ষ করে অন্যান্য রাজনৈতিক দলগুলি বলে থাকে ‘সাইন বোর্ডে পরিণত হওয়া’৷ তবে ২০১৬-র বিধানসভা ভোটে কংগ্রেস ৪৪ টি আসল পেয়ে বিরোধী দলের মর্যাদা পেয়ে, কিছুটা হলেও হালে পানি পেয়েছিল অধীর ব্রিগেড৷ কিন্তু মাত্র দু’বছরের ব্যবধানে কংগ্রেস ছেড়ে বহু বিধায়ক যোগ দিয়েছেন শাসক দল তৃণমূল কংগ্রেসে৷ জল্পনা চলছে, আসন্ন ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের সভায় আরও ভাঙতে পারে প্রদেশ কংগ্রেস৷

দীর্ঘ যৌন সম্পর্ককে কী বিবাহিত সম্পর্ক হিসাবে গণ্য করা যায়‌? প্রশ্ন সুপ্রিম কোর্টের-দৈনিক আজকাল

ঐতিহাসিক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। মঙ্গলবার দেশের শীর্ষ আদালত অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চাইল দীর্ঘ যৌন সম্পর্ককে কী বিবাহিত জীবন হিসাবে গণ্য করা যায়? কারণ এই ধরণের অনেক সম্পর্ক ঘটে চলেছে দেশে। যেখানে এক ব্যক্তি সম্পর্কের খাতিরে দীর্ঘ সহবাসের জীবনযাপন করেন এক মহিলার সঙ্গে। সেটাকে যেমন ধর্ষণ বলা যাবে না। তেমনি সংশ্লিষ্ট ব্যক্তিকে মহিলার দায়িত্ব নিতে হবে বৈবাহিক সম্পর্কে যেমন নেওয়া হয়। এই সম্পর্ককে বিবাহিত সম্পর্ক হিসাবেই কী ধরা হবে?‌

আদালত সূত্রে খবর, এদিন এক ব্যক্তির বিরুদ্ধে শুনানি চলছিল। যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল। তিনি আদালতে দাবি করেন সংশ্লিষ্ট মহিলার সঙ্গে তার দীর্ঘ যৌন সম্পর্ক ছিল। সেক্ষেত্রে এই সম্পর্কে তৈরি হওয়া সহবাসকে ধর্ষণ বলা যাবে না। তবে ব্যক্তিটি অভিযোগকারী মহিলাকে বিবাহ করতে অস্বীকার করেন। এই পরিস্থিতিতে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ এমন সম্পর্ককে বৈবাহিক সম্পর্কই ধরা হবে। এই বিষয়ে অ্যাটর্নি জেনারেলকে বিভিন্ন মহলের সঙ্গে পরামর্শ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এই বিষয়ে পরবর্তী শুনানি ১২ সেপ্টেম্বর। সেদিন অ্যাটর্নি জেনারেলের রিপোর্টের ভিত্তিতে এই পর্যবেক্ষণের ওপর সিলমোহর দিতে পারে সুপ্রিম কোর্ট বলে খবর।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩