জুলাই ০৪, ২০১৮ ১১:১২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৪ জুলাই বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • নেশার টাকা না পেয়ে পাবনার বেড়ায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা-দৈনিক প্রথম আলো
  • সিটি নির্বাচন : সরকার ও ইসির ‘মুখোশ’ খোলার লক্ষ্য বিএনপির-দৈনিক নয়া দিগন্ত
  • কোটা নিয়ে একটি মহল দেশের স্থিতিশীলতা নষ্টের পাঁয়তারা করছে: নাসিম-দৈনিক যুগান্তর 
  • জনবসতিপূর্ণ অঞ্চলে ঢালাও শিল্পাঞ্চল করা যাবে না-দৈনিক ইত্তেফাক
  • চাল ও পিয়াজের দাম বেড়েছে-দৈনিক মানবজমিন
  • ক্ষমতা ভোগ নয়, জনসেবাই আমাদের মূল লক্ষ্য-প্রধানমন্ত্রী-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:

  • ভোটে হিংসা রুখতে নয়া উদ্যোগ, অভিযোগ জানানোর জন্য অ্যাপ আনল নির্বাচন কমিশন-সংবাদ প্রতিদিন
  • দিল্লির প্রশাসনিক প্রধান উপরাজ্যপাল, রাজ্য-কেন্দ্র মিলিয়ে চলবে সরকার, রায় সুপ্রিম কোর্টের-দৈনিক আজকাল 
  • আপের স্বস্তি, সরকারের কাজ আটকাতে পারবেন না উপরাজ্যপাল-দৈনিক আনন্দবাজার

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

বিশ্লেষণের বাইরের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর

জনবসতিপূর্ণ অঞ্চলে ঢালাও শিল্পাঞ্চল করা যাবে না-প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

জনবসতিপূর্ণ অঞ্চলে ঢালাওভাবে শিল্পাঞ্চল স্থাপন না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পাশাপাশি নতুন করে বেসরকারি অর্থনৈতিক অঞ্চল অনুমোদনের ক্ষেত্রে আবেদনকারীদের আর্থিক সামর্থ্য, ব্যাংক ঋণ, ব্যবসার সুনাম যাচাই করার নির্দেশনাও দিয়েছেন তিনি।

 বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ডের ৬ষ্ঠ সভায় এমন নির্দেশনা এসেছে। গত ২৭ মে অনুষ্ঠিত ওই সভার কার্যবিবরণী সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় মোট ২৮টি অর্থনৈতিক অঞ্চল অনুমোদনের জন্য উপস্থাপন করা হলেও ৪টি সরকারি এবং ৬টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে।

নেশার টাকা না পেয়ে মা ও ভাইসহ তিনজনকে কুপিয়ে হত্যা-ইত্তেফাক/প্রথম আলো

নেশার টাকা না পেয়ে মা-সহ পরিবারের ৩ জনকে হত্যা

পাবনার বেড়া উপজেলায় নেশার টাকা না পেয়ে মাসহ পরিবারের তিন সদস্যকে কুপিয়ে হত্যা করেছে তুহিন (১৫) নামে এক মাদকাসক্ত কিশোর।মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের সোনাপদ্মা গ্রামে এ ঘটনা ঘটে। 

 এলাকাবাসী সূত্রে জানা যায়, নতুন ভারেঙ্গা ইউনিয়নের সোনাপদ্মা গ্রামের মিঠু কানার বড় ছেলে তুহিন (১৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে স্থানীয় ভারেঙ্গা একাডেমির দশম শ্রেণির ছাত্র। মাস ছয়েক আগে একই স্কুলের সহপাঠী রুণার সঙ্গে তার বিয়ে হয়। নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের ওপর অত্যাচার করতো। গত মঙ্গলবার রাতে নেশা করার জন্য তার মা বুলবুলি বেগমের কাছে টাকা চায়। বুলবুলি বেগম টাকা দিতে অস্বীকার করলে মাংস কাটার চাপাতি দিয়ে তাকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

কোটা নিয়ে একটি মহল দেশের স্থিতিশীলতা নষ্টের পাঁয়তারা করছে: নাসিম-দৈনিক যুগান্তর

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে দেশের শান্তি ও উন্নয়নে বিঘ্ন ঘটে। চাকরির কোটা আন্দোলনের নামে একটি মহল দেশের স্থিতিশীলতা নষ্টের পাঁয়তারা করছে। মঙ্গলবার বিকালে কাজিপুরে আমেনা মনসুর টেক্সটাইল ইন্সটিটিউট নির্মাণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি সংবাদিকদের এসব কথা বলেন।

নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিলের কথা বলেছেন, কিন্তু তা একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে বাস্তবায়ন করতে হবে, এতে কিছু সময় লাগবে। আর এটিকে পুঁজি করে একটি মহল দেশের শন্তিপূর্ণ পরিবেশ নষ্টের পাঁয়তারা করছে।

দেশের উন্নয়ন এবং রাজনৈতিক স্থিতিশীতার জন্য আবারও নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, উন্নয়নের জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিকল্প নেই। আওয়ামী লীগ উন্নয়নের সরকার।

মন্ত্রী বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

আপের স্বস্তি, সরকারের কাজ আটকাতে পারবেন না উপরাজ্যপাল-দৈনিক আনন্দবাজার

লেফটেন্যান্ট গভর্নর বা উপ-রাজ্যপাল প্রশাসনিক প্রধান হলেও, তিনি নির্বাচিত দিল্লি সরকারের কাজে বাধা দিতে পারেন না। তিনি একা সিদ্ধান্ত নিতে পারেন না। তাঁকে সরকারের সঙ্গে সমন্বয় রেখেই কাজ করতে হবে।

লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে দিল্লি সরকারের সংঘাতের প্রশ্নে প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ বুধবার এই রায় দিয়েছে। প্রধান বিচারপতি মিশ্র বলেছেন, ‘‘প্রকৃত প্রশাসনিক ক্ষমতা সাংবিধানিক ভাবে শুধু নির্বাচিত দিল্লি সরকারেরই রয়েছে। তাই নির্বাচিত সরকারকে কাজের স্বাধীনতা দিতে হবে। তাতে বাধা দেওয়া যাবে না। দিল্লি মন্ত্রিসভাকে তার সব সিদ্ধান্ত জানাতে হবে উপ-রাজ্যপালকে। কিন্তু সব ব্যাপারেই উপ-রাজ্যপালের সম্মতি প্রয়োজন নেই।’’

এই রায়ে দৃশ্যতই খুশি দিল্লির শাসক দল আম আদমি পার্টি (আপ)। এ দিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল বলেছেন, ‘‘এটা গণতন্ত্রের জয়। দিল্লির মানুষের জয়।’’

ভোটে হিংসা রুখতে নয়া উদ্যোগ, অভিযোগ জানানোর জন্য অ্যাপ আনল নির্বাচন কমিশন-সংবাদ প্রতিদিন

এবার থেকে ভোট চলাকালীন বুথ দখল, ছাপ্পা বা হিংসার ঘটনা ঘটলে অভিযোগ জানাতে আর নির্বাচন কমিশনের দপ্তরে ছুটতে হবে না। বাড়িতে বসেই জানানো যাবে অভিযোগ। নির্বাচনে হিংসা সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য নয়া অ্যাপ আনল নির্বাচন কমিশন। ‘সি-ভিজিল’ নামের ওই অ্যাপটিতে ছবি বা ভিডিও সহকারে ভোটে হিংসার অভিযোগ জানালে দ্রুত ব্যবস্থা নেবে কমিশন। শুধু ভোটের দিন নয়, ভোটের আগেও যদি কোনও দল হুমকি দেয়, বা কেউ টাকার বিনিময়ে বা কোনও উপহারের বিনিময়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন তাহলেও অভিযোগ করা যাবে ‘সি-ভিজিল’ অ্যাপের মাধ্যমে। এমনকি কোনও নেতা যদি ভোটের আগে প্ররোচনামূলক ভাষণ দেন, অভিযোগ করা যাবে তাঁর বিরুদ্ধেও।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৪