জুলাই ০৫, ২০১৮ ১১:৫৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৫জুলাই বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ছাত্রলীগের পাল্টা স্লোগান, সরে গেলেন ছাত্রীরা-দৈনিক প্রথম আলো
  • খুলনা থেকে মোংলা পর্যন্ত রেললাইন চালু হবে : প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর
  • গাজীপুরেও খুলনা মডেলের ‘নিয়ন্ত্রিত নির্বাচন’ হয়েছে : সুজন-দৈনিক যুগান্তর 
  • উন্নয়নের স্বার্থে তিন সিটিতে মানুষ নৌকায় ভোট দেবে: নাসিম-দৈনিক সমকাল
  • ঢা‌বি‌তে নিজেদের হামলার বিচার চায় ছাত্রলীগ!-দৈনিক নয়া দিগন্ত
  • দুই মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর-দৈনিক ইত্তেফাক
  • সংসদে প্রধানমন্ত্রী-শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে দ্রুত কার্যক্রম গ্রহণ করা হবে-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:

  • চতুর্থ স্তম্ভের কণ্ঠরোধ, ১৮ মাসে দেশে হত্যা ৭ সাংবাদিকের-দৈনিক সংবাদ প্রতিদিন-সংবাদ প্রতিদিন 
  • এখনও ঘেরাওমুক্ত নন উপাচার্য, প্রবেশিকার দাবিতে উত্তাল যাদবপুর-দৈনিক আনন্দবাজার
  • কথা রাখলেন কুমারস্বামী, প্রথম বাজেটেই ৩৪,০০০ কোটি টাকার কৃষিঋণ মকুব-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

খুলনা থেকে মোংলা পর্যন্ত রেললাইন চালু হবে : প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর

খুলনার উন্নয়ন নিয়ে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খুলনা থেকে মোংলা পর্যন্ত রেললাইন চালুর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া রাস্তাঘাট তৈরি, জাপান সরকারের সঙ্গে আলোচনা করে রূপসা সেতুর কাজ করার কথা উল্লেখ করেন শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা জনগণের সুষম উন্নয়নে বিশ্বাস করি। আর এ লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।নাগরিক সুবিধা বাড়াতে কাজ করছে সরকার।

সংসদে প্রধানমন্ত্রী-শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে দ্রুত কার্যক্রম গ্রহণ করা হবে-দৈনিক মানবজমিন

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে দ্রুত কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দায়িত্বগ্রহণের পরই শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সারা দেশে এক হাজার ৬২৪টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। অবশিষ্ট নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে এমপিওভুক্ত করতে ইতিমধ্যে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা ২০১৮’ জারি করা হয়েছে।

ছাত্রলীগের পাল্টা স্লোগান, সরে গেলেন ছাত্রীরা-দৈনিক প্রথম আলো

কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্রদের ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ও কবি সুফিয়া কামাল হলের ছাত্রীরা মিছিল করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ‘নিরাপদ ক্যাম্পাস চাই’ ব্যানারে এই মিছিল বের করেন দুই হলের ছাত্রীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে অপরাজেয় বাংলা হয়ে দুপুর সোয়া ১২টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে দাঁড়ায়। এ সময় ‘এসো ভাই এসো বোন গড়ে তুলি আন্দোলন’, ‘আমার ভাই মার খেল কেন? প্রশাসন জবাব চাই’ বলে স্লোগান দেন ছাত্রীরা।

সে সময় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন। এরপর ছাত্রলীগের কর্মীরা ছাত্রীদের পাশে অবস্থান করে ‘অবৈধ আন্দোলন মানি না মানব না’, ‘পড়ালেখা করব পরীক্ষা দেব’ পাল্টা স্লোগান দিতে থাকেন। এই পরিস্থিতির মধ্যে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে সরে যান রোকেয়া হল ও কবি সুফিয়া কামাল হলের মেয়েরা। এদিকে অযৌক্তিক আন্দোলনের মাধ্যমে ক্যাম্পাস অস্থিতিশীল করার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ‘সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে ছাত্রলীগের নেতা-কর্মীরা রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করছেন।

ছাত্রলীগের দায় অস্বীকার ও কোটা সংস্কারে অনীহা-দৈনিক প্রথম আলো

কোটা সংস্কারের আন্দোলন নতুন করে চাঙা হওয়ার পর সংগঠকদের পিটিয়ে শায়েস্তা করার চেষ্টায় ব্যর্থ হয়ে সেই দায় অস্বীকার করেছে ছাত্রলীগ। হামলায় জড়িত ব্যক্তিদের সাংগঠনিক পরিচয় প্রকাশের পরও সংগঠনের নেতারা দাবি করেছেন সাধারণ ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষার প্রয়োজনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকে প্রতিহত করেছে। ছাত্রলীগের এই ভূমিকার ব্যাখ্যা কী? অপকর্মের জন্য লজ্জা পেয়ে অনুশোচনা? নাকি, এটি প্রমাণের চেষ্টা যে এসব হামলা কিছু বিচ্ছিন্ন ঘটনা, যার সঙ্গে সরকার বা ক্ষমতাসীন দলের কোনো সম্পর্ক নেই? গত কয়েক দিনে কোটা সংস্কারের দাবি নিয়ে যেসব ঘটনা ঘটেছে, তা পর্যালোচনা করলে দেখা যায়: ১. এই সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ সংবাদ সম্মেলন এবং মানববন্ধনের মতো কর্মসূচিতে হামলা চালিয়ে সেগুলো ভেঙে দেওয়া হয়েছে; ২. টেলিভিশনের পর্দা বা খবরের কাগজে আসা ছবিতে দেখা গেছে ছাত্রীরা লাঞ্ছিত হয়েছেন; ৩. আন্দোলনের একাধিক নেতাকে অপহরণ করে নিপীড়ন এবং পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে; ৪. ফেসবুকে সরাসরি বক্তব্য সম্প্রচারের জন্য তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের এবং ৫. ক্যাম্পাসে সন্দেহের বশে সাধারণ নাগরিকদের লাঞ্ছিত করা। দেশের প্রচলিত আইনে এগুলোর প্রত্যেকটিই শাস্তিযোগ্য অপরাধ।

এসব ঘটনায় ছাত্রলীগের সঙ্গে প্রশাসনের, বিশেষ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পুলিশের একধরনের তাল মিলিয়ে চলার আলামতও স্পষ্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে ছাত্রলীগের হামলার সময়ে মাত্র কয়েক শ গজ দূরে শাহবাগে অবস্থানরত পুলিশ নিষ্ক্রিয় ছিল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাঁদের ব্যাখ্যা ছিল, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছাড়া তাঁরা সেখানে কিছু করতে পারেন না। আবার দ্বিতীয় দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনের কর্মসূচির আগে সেখানে পুলিশ থাকলেও ছাত্রলীগ হামলা চালানোর আগে তারা সেখান থেকে সরে যায়।

ঢা‌কা বিশ্ববিদ্যালয়ে নিজেদের হামলার বিচার চায় ছাত্রলীগ!-দৈনিক নয়া দিগন্ত আর আরটিভিবিডি অনলাইন শিরোনাম করেছে-জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বলেছেন সাধারন শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা দুঃখজনক।

কোটা আন্দোলন : হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেফতার দাবি বিএনপির-দৈনিক যুগান্তর

সরকারি চাকরিতে কোটাপ্রথা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেছে বিএনপি।এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে কোটাপ্রথার যৌক্তিক সমাধানের আহ্বান জানিয়েছে দলটি

গাজীপুরেও খুলনা মডেলের ‘নিয়ন্ত্রিত নির্বাচন’ হয়েছে : সুজন-দৈনিক যুগান্তর

গাজীপুরের সিটি কর্পোরেশন নির্বাচনও খুলনা মডেলের ছিল বলে জানিয়েছে বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক-সুজন। সংস্থাটির মতে, খুলনা মডেল মূলত ‘নিয়ন্ত্রিত’ নির্বাচনের মডেল। এ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় প্রধান প্রতিপক্ষকে মাঠ ছাড়া করা হয়।

আর নির্বাচনের দিন বিএনপি প্রার্থীর পুলিং এজেন্টকে দায়িত্ব পালনে বাধা সৃষ্টির পাশাপাশি জোর জবরদস্তি করা হলেও নির্বাচন কমিশন (ইসি) নির্বিকার ভূমিকায় থাকে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনির মিলনায়তনে ‘গাজীপুর সিটি নির্বাচনে কেমন জনপ্রতিনিধি পেলাম’ শীর্ষক সংবাদ সম্মেলনে সুজন কর্মকর্তারা এ মডেল নির্বাচনের কথা তুলে ধরেন। এতে ভবিষ্যতের তিন সিটি নির্বাচনসহ জাতীয় নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে আট দফা সুপারিশ করেছে সুজন।

দুই মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর-দৈনিক ইত্তেফাক

মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া জন্মদিন পালন ও যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে দায়ের করা মানহানির দুই মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছেন আদালত। 

 বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলমের আদালত মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া জন্মদিন পালনের মামলায় জামিন নামঞ্জুর করেন। আর ঢাকা মহানগর হাকিম আহসান হাবীবের আদালত যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগের মামলায় জামিন নামঞ্জুর করেন।

বন্যা পরিস্থিতি: উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলে পানি বাড়ছে-দৈনিক ইত্তেফাক

তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চরাঞ্চলে পানি প্রবেশ করছে। বান্দরবানে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সাঙ্গু নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন থেকে দেখা গেছে, উত্তর, পূর্ব ও মধ্যাঞ্চলের নদ-নদীগুলোতে পানি অব্যাহতভাবে বাড়ছে। বৃষ্টিও অব্যাহত থাকায় আগামী কয়েকদিনে পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা করা হচ্ছে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

কথা রাখলেন কুমারস্বামী, প্রথম বাজেটেই ৩৪,০০০ কোটি টাকার কৃষিঋণ মকুব-দৈনিক আজকাল

ক্ষমতায় এলে সবার আগে কৃষকদের ঋণ মকুব করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। কথা রেখেছেন তিনি। ৩৪,০০০ কোটি টাকার কৃষিঋণ মকুব করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। এতে উপকৃত হবে কর্নাটকের কয়েক হাজার কৃষক। তবে এর পর থেকে কৃষিঋণ ২ লাখ টাকা পর্যন্ত বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্নাটক সরকার।  যাঁরা ২০১৭–র ৩১ ডিসেম্বরের মধ্যে যাঁরা ঋণ শোধ করতে পারবেন না বলে জানিয়েছেন তাঁরাই এই সুবিধা পাবেন। গত পাঁচ বছর ধরে টানা খরার কারণে যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁরা সবথেকে বেশি উপকৃত হবেন এই ঘোষণায়। 

বৃহস্পতিহার কুমারস্বামী কর্নাটক বিধানসভার বাজেট অধিবেশনে কৃষিঋণ মকুবের কথা ঘোষণা করার পাশাপাশি জানান, যাতে কৃষকরা আর ঋণখেলাপি করতে না পারেন সেকারণে আগাম ২৫,০০০ টাকা তাঁদের অ্যাকাউন্টে জমা দেবে সরকার।

চতুর্থ স্তম্ভের কণ্ঠরোধ, ১৮ মাসে দেশে হত্যা ৭ সাংবাদিকের-দৈনিক সংবাদ প্রতিদিন

জ্যোতির্ময় দে থেকে শুরু করে গৌরী লঙ্কেশ। হুমকির মুখেও কর্তব্য থেকে পিছপা হননি কেউই। নির্ভীকভাবে আওয়াজ তুলেছেন অন্যায়ের বিরুদ্ধে। ফলে প্রতিবাদের কণ্ঠরোধে ধেয়ে এসেছে বুলেট। জুটেছে মৃত্যু। এমনই পরিস্থিতে ভারতে সাংবাদিকদের হত্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করল ‘রিপোর্টার্স উইদআউট বর্ডারস’ বা আরএসএফ। দেশে সাংবাদিকদের উপর বেড়ে চলা হামলার ঘটনায় বুধবার উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থাটি। সদ্য প্রকাশিত এক পরিসংখ্যান মতে, বিগত ১৮ মাসে দেশে খুন হয়েছেন ৭ জন সাংবাদিক।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৫