জুলাই ১০, ২০১৮ ১১:২৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১০ জুলাই মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • আদালতে আসতে চান না খালেদা: দুদকের আইনজীবী-দৈনিক প্রথম আলো
  • শিক্ষার্থীদের জঙ্গি বলিনি, দুঃখিত : ঢাবি উপাচার্য-দৈনিক যুগান্তর
  • এক দশকে দেশের ব্যাংক খাতে প্রবৃদ্ধির ধস-দৈনিক নয়া দিগন্ত
  • রাজধানীসহ বিভিন্ন স্থানে 'বন্দুকযুদ্ধে' নিহত ৩--দৈনিক ইত্তেফাক
  • ভিসি যখন গোয়েন্দা-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:

  • রাজধানীতে ফের ইভটিজিং, পিছু ধাওয়া করে মহিলা সাংবাদিককে কটূক্তি দুষ্কৃতীদের-সংবাদ প্রতিদিন 
  • আলোচনা কম বলেই দুর্নীতি স্বাস্থ্যে: অমর্ত্য-দৈনিক আনন্দবাজার
  • তৈরির আগেই জিও ইনস্টিটিউটকে ১০০০ কোটি অনুমোদনের ছাড়পত্র কেন্দ্রের-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

ভিসি যখন গোয়েন্দা-দৈনিক মানবজমিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র ভূমিতে এ এক বিস্ময়কর উদ্ভাবন। আবিষ্কারক আর কেউ নন। স্বয়ং ভিসি প্রফেসর আখতারুজ্জামান। চাঞ্চল্য তৈরি করেছেন তিনি। তার আবিষ্কারে লা জবাব সবাই। মাসুদ রানা কোন ছার! যেন তিনিই সবচেয়ে বড় গোয়েন্দা।

সময় কত কিছুই না বদলে দেয়। তাই বলে এতোটা। তিন মাস আগে কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন প্রফেসর আখতারুজ্জামান। বলেছিলেন, যৌক্তিক দাবির সঙ্গে ঢাবি প্রশাসন একমত। আর রোববার তিনি যে আবিষ্কারের কথা জানালেন, তা অবিশ্বাস্য। তবে অবিশ্বাস, বিস্ময় কাটিয়ে সবচেয়ে বড় যে প্রশ্নটি সামনে এসেছে তা হলো- ঢাবি ভিসি কাকে ডোবালেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস মোটাদাগে দু’ভাগে বিভক্ত। একটি জাতি-রাষ্ট্রের জন্মে এই বিশ্ববিদ্যালয়ের মতো গৌরবোজ্জ্বল ভূমিকা দুনিয়ার আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নেই। যদিও সাম্প্রতিককালে শিক্ষা-গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিছু হটা নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তবে রোববার নতুন এক তত্ত্ব দিয়ে অতীতের সব দুর্নামের রেকর্ড যেন অতিক্রম করে ফেললেন আখতারুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ভয়ঙ্কর এক বদনাম ডেকে আনলেন তিনি। কোটা সংস্কারের আন্দোলনে শিক্ষার্থীদের কর্মকাণ্ডের সঙ্গে তালেবান, শাবাব, বোকো হারাম, লাদেন, মোল্লা ওমরের কার্যক্রমের মিল দেখতে পান তিনি। অকপটে সাংবাদিকদের আবার সে কথা বললেনও। এ নিয়ে চারদিকে ছি ছি! রব উঠলেও তার যেন কিছু যায়-আসে না। 

ঢাকা বিশ্ববিদ্যালয়

পর্যবেক্ষকরা বলছেন, সাম্প্রতিককালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কপালে এতো বড় কলঙ্ক তিলক আর কেউ আঁকতে পারেননি। নিজ প্রতিষ্ঠানকে ডোবানোর এ কৃতিত্ব তাকে দিতেই হয়। কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ পর্যবেক্ষকদের বিপুল দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। সমাজে, রাষ্ট্রে নারীর অগ্রগতির চিহ্ন হিসেবেই একে দেখতে পেয়েছেন তারা। অথচ এখানেও জঙ্গিবাদের ভূত দেখছেন আখতারুজ্জামান। প্রফেসর আখতারুজ্জামানের আলোচিত এ বক্তব্যের ঘণ্টা দুয়েক আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ ক্যাম্পাসে পদযাত্রা কর্মসূচি পালন করে। যেখানে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়। সমর্থন জানানো হয় কোটা সংস্কার আন্দোলনে। সর্বজনশ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী ওই কর্মসূচিতে অংশ নেন। তিনি ছাত্রদের ওপর হামলার ঘটনাকে লজ্জাজনক এবং দুঃখজনক হিসেবে অভিহিত করেন। এটাও বলেন যে, বৃটিশ ও পাকিস্তান আমলেও এ ধরনের ঘটনা ঘটেনি। আমাদের কপাল ভালো যে, ওই শিক্ষকদের এখনো পর্যন্ত জঙ্গি বলেননি আখতারুজ্জামান। হয়তো বলতেও পারেন। জঙ্গিবাদ নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক আলী রীয়াজ। আখতারুজ্জামানের বক্তব্যে বিস্মিত আলী রীয়াজ এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কোটা সংস্কার আন্দোলনের কর্মীদের ‘জঙ্গি’ বলে বর্ণনার সময় তাদের তুলনা করেছেন তালেবান, আল শাবাব এবং বোকো হারামের সঙ্গে। তিনি বলেছেন যে, তিনি ফেসবুক ব্যবহার করেন না, কিন্তু তার একজন সহকর্মী তাকে এমন কোনো ভিডিও দেখিয়েছেন যা থেকে তার এই উপসংহার। আমি দীর্ঘদিন ধরে উগ্র সহিংসবাদ এবং আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনগুলোর বিষয়ে পঠন-পাঠনের চেষ্টা করছি; বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ে সামান্য গবেষণার অভিজ্ঞতাও আছে; সেই আগ্রহ থেকে এবং আমার গবেষণার প্রয়োজনেই আমি জানতে চাইছি- সেই ভিডিওটা কোথায়? তা ছাড়া উপাচার্য যেহেতু দেখেছেন সেহেতু এটা কোথাও আছে; সেটা দেখার অধিকার বাংলাদেশের মানুষের নিশ্চয় আছে। যদি এটা চ্যালেঞ্জ হিসেবে নিতে চান সেইভাবে বিবেচনা করেই উপাচার্য মহোদয় বলুন কোথায় সেই ভিডিও?”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক সৈয়দ মঞ্জুরুল ইসলামও ভিসি আখতারুজ্জামানের যুক্তি মেনে নিতে পারেননি। তিনি বলেছেন, ‘সমস্ত পৃথিবীতে তরুণরা যার মাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করছে সেটি হলো সামাজিক যোগাযোগ মাধ্যম। সেটি জঙ্গিরা ব্যবহার করে আর এরা ব্যবহার করছে বলেই জঙ্গি হয়ে গেল এই যুক্তি আমি মেনে নিতে কোনো দিনই পারবো না। আমি এদের অনেককেই চিনি। এরা আমাদেরই সন্তান। তাদের প্রতি আমাদের বিশ্বাস থাকা উচিত, তাদেরকে আমাদের সম্মান করা উচিত।’

ইতিহাস নানা ধরনের শিক্ষক দেখেছে। কেউ নিজ ছাত্রদের রক্ষা করতে বুলেটের সামনে বুক পেতে দিয়েছেন। আর কেউ ক্ষমতাসীনদের তোষামোদির রেকর্ড গড়েছেন। প্রফেসর আখতারুজ্জামানকে ইতিহাস কীভাবে মনে রাখবে সে বিচার ইতিহাসের।

শিক্ষার্থীদের জঙ্গি বলিনি, দুঃখিত : ঢাবি উপাচার্য-দৈনিক যুগান্তর

সরকারি চাকরিতে কোটাপ্রথা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের জঙ্গি বলেননি দাবি করে দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আকতারুজ্জামান।

গত রোববার কোটা আন্দোলনের সঙ্গে জঙ্গিবাদকে তুলনা করে মন্তব্য করেন উপাচার্য। এ নিয়ে শিক্ষার্থীসহ তরুণ প্রজন্মের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সমালোচনার মুখে তিন দিনের মাথায় আজ মঙ্গলবার তিনি নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন। তিনি বলেন, আমি কোটা আন্দোলনকারীদের জঙ্গি বলিনি। আমি বলেছি শিক্ষার্থীদের কার্যক্রম উগ্রপন্থী জঙ্গিদের সঙ্গে মিলে যায়। এর মানে এই নয় যে আমি শিক্ষার্থীদের জঙ্গি বলেছি।

অধ্যাপক আকতারুজ্জামান তার বক্তব্য সংবাদ মাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেন। তিনি বলেন, পত্রপত্রিকায় যেভাবে বক্তব্য এসেছে তার জন্য আমি দুঃখিত।

চ্যারিটেবল মামলায় ১৭ জুলাই পর্যন্ত খালেদা জিয়ার জামিন-দৈনিক ইত্তেফাক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ১৭ জুলাই পর্যন্ত জামিন দিয়েছে আদালত। একই সঙ্গে মামলাটির যুক্তি উপস্থাপনের জন্য ওই দিন ধার্য করে আদালত। আদালতে আসতে চান না খালেদা: দুদকের আইনজীবী-দৈনিক প্রথম আলো

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল আদালতকে বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগার থেকে আদালতে আসতে চান না। ১৫০ দিনেও মামলার বিচারকাজ এগোচ্ছে না। তিনি হতাশ।’

আজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিকালে দুদকের এই কৌঁসুলি এ মন্তব্য করেন। ১৭ জুলাই মামলার পরবর্তী শুনানির তারিখ ঠিক করেছেন আদালত। খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করানোর ব্যাপারে আদালতের হস্তক্ষেপ চান দুদকের কৌঁসুলি মোশাররফ হোসেন। গত ৮ ফেব্রুয়ারি সরকারি টাকা আত্মসাতের অভিযোগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত। সেই থেকে খালেদা জিয়া কারাগারে।

রাজধানীসহ বিভিন্ন স্থানে 'বন্দুকযুদ্ধে' নিহত ৩-দৈনিক ইত্তেফাক

বন্দুকযুদ্ধে নিহত ৩ 

অাইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মঙ্গলবার ভোরে 'বন্দুকযুদ্ধে' তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে রাজধানী ঢাকায় ও নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ী এবং রংপুরে ডাকাত সদস্য নিহত হয়েছেন বলে জানা যায়।

এক দশকে দেশের ব্যাংক খাতে প্রবৃদ্ধির ধস-দৈনিক নয়া দিগন্ত

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশে ব্যাংকিং খাতে আমানতের প্রবৃদ্ধি ১০ বছরে সর্বনিম্ন। এ ব্যাপারে ব্যাংকারদের সুস্পষ্ট অভিমত, আমানতের ওপর আবগারি শুল্কের খড়গ, একের পর এক ব্যাংক কেলেঙ্কারি, আমানতের সর্বনিম্ন সুদহারসহ নানা কারণে মানুষ ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক ও সোনালী ব্যাংক থেকে লাগামহীন সঞ্চয়পত্র বিক্রি, পোস্ট অফিসভিত্তিক সঞ্চয় প্রকল্পের কারণেও ব্যাংক আমানতে মারাত্মক টান পড়েছে। অন্য দিকে রেকর্ড আমদানি ব্যয় মেটাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে ডলার কিনতে গিয়েও আমানতের টাকা বাংলাদেশ ব্যাংকে চলে যাচ্ছে। ২০০৯-১০ অর্থবছরেও ব্যাংক আমানতের প্রবৃদ্ধি ছিল ২১ শতাংশের ওপরে। ১০ বছর পর ধারাবাহিক প্রক্রিয়ায় তা কমে ৬ শতাংশে নেমে এসেছে। উল্লেখ্য, ১০ বছর ধরেই ব্যাংক খাতে ঋণের প্রবৃদ্ধি রয়েছে ১২ শতাংশের ওপরে। অর্থাৎ বিগত এক দশকে আমানতের প্রবৃদ্ধি কমেছে। অন্য দিকে ঋণের প্রবৃদ্ধি দ্বিগুণ বেড়েছে।এটা শুভ লক্ষণ নয়।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

রাজধানীতে ফের ইভটিজিং, পিছু ধাওয়া করে মহিলা সাংবাদিককে কটূক্তি দুষ্কৃতীদের-দৈনিক সংবাদ প্রতিদিন

প্রকাশ্যে মহিলা সাংবাদিককে হেনস্তা। অভিযোগ, রাজধানীর রাস্তায় হেনস্তার পর মহিলা সাংবাদিকের গাড়ির রিয়রভিউ মিররও ভেঙে দিল ইভটিজাররা। এই ঘটনায় অভিযোগের তির দুই অজ্ঞাতপরিচয় বাইক আরোহীর বিরুদ্ধে। অভিযোগ, অফিস থেকে বেরনোর পর থেকে সাংবাদিক নিকিতা জৈনের গাড়িটিকে ক্রমাগত অনুসরণ করতে থাকে বাইকটি। সেই সঙ্গে সিগন্যালের কারণে গাড়ির গতি কমলেই ছুটে আসতে থাকে কটূক্তি। একটা সময় গাড়ির সামনে গিয়ে রাস্তা আটকানোরও চেষ্টা হয়। কোনওক্রমে এ যাত্রায় রক্ষা পেয়েছেন ওই মহিলা সাংবাদিক। তবে রাজধানীর ব্যস্ত রাস্তায় দীর্ঘ সময় ধরে এই ঘটনা চললেও কোনও ট্রাফিক পুলিশের দেখা মেলেনি। নয়ডাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায়।

তৈরির আগেই জিও ইনস্টিটিউটকে ১০০০ কোটি অনুমোদনের ছাড়পত্র কেন্দ্রের-দৈনিক আজকাল

বিশ্ববিদ্যালয় তৈরির আগেই মুকেশ আম্বানির রিলায়েন্সের জিও ইনস্টিটিউটকে, ইনস্টিটিউট অফ এমিনেন্স হিসেবে স্বীকৃতি দিল নরেন্দ্র মোদির সরকার। বিরল এই বিষয়টি নিয়ে হইচই শুরু হয়েছে। বিরোধিরা অভিযোগ করেছে, নিজের শিল্পপতি বন্ধুদের এভাবে সুবিধে পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রক যে ছটি প্রতিষ্ঠানকে ইনস্টিটিউট অফ এমিনেন্স মর্যাদা দিয়েছে সেগুলি হল আইআইটি দিল্লি, আইআইটি বম্বে, আইআইএসসি ব্যাঙ্গালোর, মণিপাল অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন, বিটস পিলানি এবং জিও ইনস্টিটিউট। আর এই শেষেরটি নিয়েই চেপে ধরেছে বিরোধিরা। কংগ্রেস প্রশ্ন তুলেছে, যে জিও ইনস্টিটিউট এখনও তৈরিই হয়নি তাকে কী করে আগে থেকে ইনস্টিটিউট অফ এমিনেন্স স্বীকৃতি দিল সরকার। তাঁদের দাবি, মুকেশ ও নীতা আম্বানিকে সুবিধে পাইয়ে দেওয়ার জন্যই কেন্দ্রের এই বিরল পদক্ষেপ।

আলোচনা কম বলেই দুর্নীতি স্বাস্থ্যে: অমর্ত্য-দৈনিক আনন্দবাজার

রবিবার দিল্লিতে বলেছিলেন, গত চার বছরে দেশ ভুল দিকে বিরাট লাফ দিয়েছে। সোমবার কলকাতায় এসে অমর্ত্য সেন বললেন, গত দু’বছর ধরে স্বাস্থ্যক্ষেত্রেও ভুল পথেই চলছে ভারত। যথেষ্ট প্রস্তুতি ছাড়াই স্বাস্থ্য পরিষেবায় বেসরকারি বিনিয়োগের ফলে অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অমর্ত্যের সঙ্গে সহমত আলোচনাচক্রের অন্য বক্তারাও। চিকিৎসক সঞ্জীব মুখোপাধ্যায় বলেন, ‘‘চাকরি জীবন শুরুর সময় দেখতাম, বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা সরকারি হাসপাতালের উপর ভরসা রাখতেন। বেসরকারি ক্ষেত্রে যা হত না, সরকারি হাসপাতালে সেটা হত। কিন্তু চাকরি জীবনের শেষে এসে ছবিটা উল্টে গেল।’’#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১০