ধর্মকে প্রশ্নবিদ্ধ করার অধিকার কারও নেই : প্রধানমন্ত্রী
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১১ জুলাই বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটায় হস্তক্ষেপ নয়: আ ক ম মোজাম্মেল হক-দৈনিক প্রথম আলো
- ধর্মকে প্রশ্নবিদ্ধ করার অধিকার কারও নেই : প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর
- বিভিন্ন জেলায় বন্দুকযুদ্ধে নিহত ৫ -দৈনিক নয়া দিগন্ত
- ‘খালেদা জিয়ার সঙ্গে কাউকেই দেখা করতে দেয়া হচ্ছে না’-দৈনিক ইত্তেফাকঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে বিধিনিষেধ
- কতোটা যৌক্তিক?-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- চেয়েও মেলেনি শববাহী যান, মোটরবাইকে মায়ের মৃতদেহ মর্গে নিয়ে গেলেন ছেলে-সংবাদ প্রতিদিন
- তেল আর বন্দরে বিনিয়োগ নিয়ে ইরানের জোড়া হুঁশিয়ারি ভারতকে-দৈনিক আনন্দবাজার
- ভেঙে পড়েছে সেতু, প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার খুদে পড়ুয়াদের-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। কেন তাদের এই আহ্বান?
২. ইরানের সঙ্গে গ্যাস পাইপলাইন প্রকল্পের দ্রুত বাস্তবায়ন চায় পাকিস্তান। এই প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে চললেও পাকিস্তান শেষ করে নি। এ প্রেক্ষাপটে পাক সিনেট চেয়ারম্যানের এই বক্তব্য কতটা বাস্তব বলে মনে করেন?
আরো কয়েকটি খবর তুলে ধরছি
৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটায় হস্তক্ষেপ নয়: আ ক ম মোজাম্মেল হক-দৈনিক প্রথম আলো
সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটায় হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক মোজাম্মেল হক। তিনি জানান, এ নিয়ে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনগণের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আজ সচিবালয়ে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণ ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।
খালেদা জিয়ার সঙ্গে কাউকেই দেখা করতে দেয়া হচ্ছে না- দৈনিক ইত্তেফাক
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সদস্য বা তাঁর দলের নেতারা ১১ দিন ধরে চেষ্টা করেও দেখা করতে পারছেন না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহাসচিব বলেন, খালেদা জিয়াকে দীর্ঘ ১১ দিন তাঁর পরিবারের সঙ্গে এবং কারো সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না। এ বিষয়ে কারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এটি নিয়ে তারা কোনো কথা না বলে কারাবিধির অজুহাত দেখাচ্ছে। আজ বুধবার সকালে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এসব কথা বলেন
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে বিধিনিষেধ কতোটা যৌক্তিক?-দৈনিক মানবজমিন
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা প্রোক্টরের অনুমতি ছাড়া ক্যাম্পাসে 'বহিরাগতদের' অবস্থান, ঘোরাফেরা এবং কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এমন সিদ্ধান্তে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার প্রভোস্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি পর্যালোচনার বিষয়ক ওই সভা থেকেই এই নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত আসে।ঢাবি প্রশাসনের এমন সিদ্ধান্তে এরইমধ্যে সমালোচনার ঝড় উঠেছে প্রতিটি মহলে। দেশের রাজনৈতিক ইতিহাস থেকে শুরু করে ঐতিহ্য ও সংস্কৃতি চর্চার একটি প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখানে এ ধরণের সিদ্ধান্ত নেয়ার মতো কোন পরিস্থিতি দেশে সৃষ্টি হয়নি বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের অধ্যাপক ড. ফাহমিদুল হক।
ধর্মকে প্রশ্নবিদ্ধ করার অধিকার কারও নেই : প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলাম পবিত্র ধর্ম, শান্তির ধর্ম। এই ধর্মকে প্রশ্নবিদ্ধ করার অধিকার কারও নেই। বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর আশকোনা হাজিক্যাম্পে আনুষ্ঠানিকভাবে হজ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, কিছু মানুষের জঙ্গি কর্মকাণ্ডে ইসলাম ধর্ম প্রশ্নবিদ্ধ হচ্ছে। ধর্মকে প্রশ্নবিদ্ধ করার অধিকার কারও নেই। এই ধর্ম নিয়ে কেউ যেন রাজনীতি না করে, নিজেদের স্বার্থে ব্যাবহার না করে সেদিকে খেয়াল রাখতে হবে।ইসলামের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়া হবে বলেও হুশিয়ারি দেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে হজযাত্রীদের কাছে দোয়া চেয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনারা হজে গিয়ে দেশবাসীর জন্য দোয়া করবেন।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
চেয়েও মেলেনি শববাহী যান, মোটরবাইকে মায়ের মৃতদেহ মর্গে নিয়ে গেলেন ছেলে-দৈনিক সংবাদ প্রতিদিন
অ্যাম্বুল্যান্স ভাড়া করার মতো টাকা ছিল না৷ হাসপাতাল থেকেও সাহায্য পাননি৷ তাই বাধ্য হয়ে কাঁধে করে স্ত্রীর নিথর দেহ নিয়ে ৬০কিলোমিটার রাস্তা হেঁটে শোরগোল ফেলে দিয়েছিলেন ওড়িশার দানা মাঝি৷ এবারও প্রায় একই ঘটনার সাক্ষী মধ্যপ্রদেশ৷ মায়ের দেহ ময়নাতদন্তে নিয়ে যাওয়ার জন্য শববাহী যান পেলেন না ছেলে৷ তাই বাইকে করে মায়ের নিথর দেহ ময়নাতদন্তে নিয়ে গেলেন তিনি৷মধ্যপ্রদেশের টিকমগড় জেলার প্রত্যন্ত মাস্তাপুর গ্রামের এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে হইচই৷
ভেঙে পড়েছে সেতু, প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার খুদে পড়ুয়াদের-দৈনিক আজকাল
ডিজিটাল ইন্ডিয়া। প্রযুক্তির উপর ভর করে তরতরিয়ে এগিয়ে চলেছে উন্নয়ন। একদিকে দ্রততম ট্রেনের প্রস্তুতি চলছে, অন্যদিকে লোহিত নদীর উপর গর্বের প্রতীক হিসেবে দাঁড়িয়ে এশিয়ার দীর্ঘতম সড়ক সেতু ধলা-শদিয়া। প্রদীপের উপরিভাগে যতটা আলো, ততটাই অন্ধকার নিম্নভাগে। সম্প্রতি, এমনই নিদর্শন মিলল সংবাদ সংস্থা এএনআই-এর পোস্ট করা একটি ভিডিওতে। যেখানে স্পষ্ট ডিজিটাল ইন্ডিয়ার কঙ্কালসার চেহারা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটের খেড়া এলাকার এই ভিডিওটি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, স্কুলের যাওয়ার তাগিদে প্রাণের ঝুঁকি নিয়ে ভেঙে পড়া ব্রিজের পাশ দিয়ে খাল পারাপার করছে স্কুলের খুদে পড়ুয়ারা। আজ থেকে নয়, গত দু’মাস ধরে এমনভাবেই রোজ প্রাণের ঝুঁকি নিতে হচ্ছে পড়ুয়াদের।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১০