কোটা সমস্যা সমাধানে সরকার রাইট ট্র্যাকে আছে: কাদের
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৫ জুলাই রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- কোটা সংস্কার আন্দোলন-শিক্ষক-শিক্ষার্থীদের ওপর মারমুখী ছাত্রলীগ-দৈনিক প্রথম আলো
- কোটা সমস্যা সমাধানে সরকার রাইট ট্র্যাকে আছে: কাদের-দৈনিক যুগান্তর
- এখনো ভিসা হয়নি ৯৫ হাজার হজযাত্রীর-দৈনিক নয়া দিগন্ত
- সব বিষয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে: রাজনাথ সিং-দৈনিক ইত্তেফাক
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মালিকানা কাদের?-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- জোট সরকার শরীরে বিষক্রিয়ার সৃষ্টি করেছে, কুমারস্বামীর মন্তব্যে জল্পনা-সংবাদ প্রতিদিন
- গণধর্ষণের পর মহিলাকে মন্দিরে জীবন্ত পুড়িয়ে মারল দুষ্কৃতীরা-দৈনিক আনন্দবাজার
- সেকেন্দরাবাদ থেকে প্রার্থী হতে চান আজহারউদ্দিন-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মালিকানা কাদের?-দৈনিক মানবজমিনের শিরোনাম
আর দৈনিক প্রথম আলোর শিরোনাম- কোটা সংস্কার আন্দোলন-শিক্ষক-শিক্ষার্থীদের ওপর মারমুখী ছাত্রলীগ
মানজমিনের খবরটিতে লেখা হয়েছে, এ খবরে বিস্মিত হওয়ার তেমন কিছু নেই। বিস্মিত হওয়ার ক্ষমতা ক্রমশ হারিয়ে ফেলছি আমরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে দু’জন ছেলে-মেয়ে হাত ধরে দাঁড়িয়েছিল। তারা বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী। এই অপরাধ ছাত্রলীগের ছেলেরা সহ্য করেনি। তারা ছেলে-মেয়ে দু’জনকে বেধড়ক মারধর করেছে। ঘটনার তদন্তে কমিটি হয়েছে। এটাই বরং বিস্ময়কর। পরে কী হবে তা অনুমান করতে না পারলে আপনার জন্য দুঃখিত হওয়া ছাড়া কিছু করার নেই। আহত ওই ছাত্রী সাংবাদিকদের বলেন, আমাদের ক্যাম্পাসে আমাদের কেন মারা হলো, শুধু সেটুকু জানতে চাই। আমরা দুজনই তৃতীয় বর্ষের। বিনা কারণে প্রথম বর্ষের ছাত্ররা আমাদের মারলো। আমাদের ক্যাম্পাসে আমাদের নিরাপত্তা কোথায়?
নিরাপত্তা কোথায় এ প্রশ্নের উত্তর পেতে বেশি অপেক্ষার দরকার হয়নি। আজই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। কোটা সংস্কার আন্দোলনের নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেছিলেন শিক্ষক-শিক্ষার্থীদের একটি অংশ। এতবড় দুঃসাহস! সঙ্গে সঙ্গে অ্যাকশনে ছাত্রলীগ। শিক্ষকদের রীতিমতো নাজেহাল করা হয়েছে। মারধরের হাত থেকে রক্ষা পায়নি ছাত্রীরাও। গত কিছুদিন ধরে ধারাবাহিকভাবেই কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে ছাত্রলীগ। তাদের লাথি-লাঠি আর হাতুড়ি পেটার শিকার হচ্ছেন সংস্কার আন্দোলনকারীরা। না, এই জন্য ক্ষমতাসীনদের কেউ ছাত্রলীগের সমালোচনা করেনি। তাদের বিরুদ্ধে কোথাও কোনো মামলা হয়নি। কোনো ভিসি তাদের সমালোচনাও করেননি। কেন করবেন? তারা তো সত্যানুসন্ধানে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
এদিকে সরকারের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল বলেছেন কোটা সমস্যা সমাধানে সরকার রাইট ট্রাকে আছে।
সব বিষয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে: রাজনাথ সিং-দৈনিক ইত্তেফাক
রোহিঙ্গা ইস্যুসহ বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ের আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। রবিবার(বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে তিনি একথা বলেন। দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ষষ্ঠ বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, অপরাধমূলক কর্মকাণ্ড দমনে সহযোগিতা এবং ভ্রমণ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। সীমান্তে কোনো সমস্যা নেই বলে তিনি জানান। তাছাড়া রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে ভারত বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভারতের সঙ্গে সর্বোচ্চ সুসম্পর্ক বিরাজমান। বাংলাদেশের এক ইঞ্চি মাটিও ব্যবহার করে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কাজ বা বিচ্ছিন্নতাবাদী কাজ চলতে দেয়া হবে না।
রাজনীতির খবরে দৈনিক ইত্তেফাকের শিরোনাম: খালেদা-তারেককে বিএনপি থেকে সরানোর অপচেষ্টা চলছে: ফখরুল
খবরটিতে লেখা হয়েছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরকার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিএনপিকে বিপর্যস্ত করতে ষড়যন্ত্রের পথে হাঁটছেন শেখ হাসিনা। মঈন-ফখরুদ্দীন যে কায়দায় বিএনপির বিরুদ্ধে নির্বাচন কমিশনকে ব্যবহার করেছিল সেই একই কায়দায় এখন পুনরায় বিছানো হচ্ছে ষড়যন্ত্রের জাল। বিএনপির বিরুদ্ধে এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে নির্বাচন কমিশনকে ব্যবহার করা হবে। এরই অংশ হিসেবে সরকারের সংস্থাগুলো নানামুখি তৎপরতায় যুক্ত হয়ে পড়েছে। রবিবার সকালে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আর দৈনিক যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে, রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশনে সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। ওই নির্বাচন যতটা সম্ভব অবাধ ও সুষ্ঠু করতে বাংলাদেশের সরকারের কাছে আহ্বান জানিয়েছে দেশটি। রাজধানীর সেতু ভবনে শনিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করে এ আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন ব্লম বার্নিকাট। অপরদিকে ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে অনিয়ম হলে নির্বাচন কমিশন (ইসি) ব্যবস্থা নিয়ে থাকে। বৈঠক শেষে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের ও মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট সাংবাদিকদের সামনে এসব কথা বলেন। বার্নিকাট বলেন, ওয়াশিংটন আসন্ন তিন সিটি কর্পোরেশনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে। এ বিষয়ে সরকারের অবস্থানও জানতে চান মার্কিন রাষ্ট্রদূত।
এখনো ভিসা হয়নি ৯৫ হাজার হজযাত্রীর-দৈনিক নয়া দিগন্ত
এ বছরের হজ ফ্লাইট শুরু হলেও এখনো প্রায় ৯৫ হাজার হজযাত্রীর ভিসা হয়নি। এ ছাড়া বিমান ও সাউদিয়া এয়ারলাইন্সের প্রায় ২০ হাজার টিকিট অবিক্রীত রয়েছে। তবে ভাড়া করা বিমান দিয়ে হজ ফ্লাইট পরিচালনা নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে বলে জানা গেছে। এ দিকে এ বছর মোট এক লাখ ২৬ হাজার ৭৯৮ জনের হজে যাওয়ার কথা থাকলেও গতকাল পর্যন্ত ভিসা হয়েছে ৩১ হাজার ৪৭১ জন হজযাত্রীর। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ৩০২ জনের এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৫ হাজার ১৬৯ জনের। এখনো ভিসা পেতে বাকি রয়েছে ৯৫ হাজার ৩২৭ জনের।এ বছর মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রীর কোটা থাকলেও হজে যাবেন এক লাখ ২৬ হাজার ৭৯৮ জন।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
গণধর্ষণের পর মহিলাকে মন্দিরে জীবন্ত পুড়িয়ে মারল দুষ্কৃতীরা-দৈনিক আনন্দবাজার
ফের নারকীয় গণধর্ষণের ঘটনা ঘটল যোগীর রাজ্যে।কয়েক মাস ধরেই মহিলাকে উত্যক্ত করছিল তাঁর গ্রামের জনা পাঁচেক লোক। কাজের সূত্রে দিনমজুর স্বামী থাকেন গাজিয়াবাদে। আর সেই সুযোগেই রাতের অন্ধকারে মহিলার বাড়িতে ঢুকে তাঁকে গণধর্ষণ করল ওই পাঁচ জন। এর পর তাঁর বাড়ির সামনে একটি মন্দিরে জীবন্ত পুড়িয়ে মারল তাঁকে। শিউরে ওঠার মতো এই ঘটনা ঘটেছে শনিবার গভীর রাতে উত্তরপ্রদেশের সম্ভল জেলায়। গণধর্ষণ ও খুনের অভিযোগে ওই পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জোট সরকার শরীরে বিষক্রিয়ার সৃষ্টি করেছে, কুমারস্বামীর মন্তব্যে জল্পনা-দৈনিক সংবাদ প্রতিদিন
কংগ্রেসের সঙ্গে জোট করে মুখ্যমন্ত্রীর পদে বসার দেড় মাসের মধ্যেই কি মোহভঙ্গ হল জেডিএস নেতা তথা কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর? বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে এই প্রশ্ন৷ কারণ, প্রথমে কংগ্রেসের সঙ্গে জোট, তারপর মুখ্যমন্ত্রিত্ব নিয়ে গতকাল থেকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী যা যা মন্তব্যে করেছেন তারপর এই প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক বলে মনে করছেন রাজনৈতিক মহল৷
গতকাল দলীয় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সমর্থকদের সামনে মনের গভীরে জমে থাকা ক্ষোভ ও কষ্টের বিস্ফোরণ ঘটান তিনি৷ অশ্রু ভেজা চোখে বলেন, সংখ্যাগরিষ্ঠ মানুষের জনমত না লাভ করেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে হয়েছে৷ জোট করে মুখ্যমন্ত্রীর হওয়ার বিষয়টি তাঁর সমগ্র শরীরে বিষক্রিয়ার সৃষ্টি করেছে৷ #
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৫