মানসিক রোগীর সঙ্গে খারাপ আচরণ ফৌজদারি অপরাধ
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৬ জুলাই সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- কোটা সংস্কার আন্দোলনের নেতা তারেককে খুঁজছে পরিবার-দৈনিক প্রথম আলো
- মানসিক রোগীর সঙ্গে খারাপ আচরণ ফৌজদারি অপরাধ-দৈনিক যুগান্তর
- কোটা সংস্কারপন্থীরা ফের হামলার শিকার, চার শিক্ষকও লাঞ্ছিত-দৈনিক কালের কণ্ঠ
- যারা শিক্ষকদের উপর আঙ্গুল তুলে শাসায় তারা মানুষ নয়’-দৈনিক নয়া দিগন্ত
- খালেদাকে নিয়ে ভয়ঙ্কর মাস্টারপ্ল্যানের দিকে কারা কর্তৃপক্ষ: রিজভী-দৈনিক ইত্তেফাক
- তিন সিটিতে সুষ্ঠু ভোট কারচুপির আভাস দিয়েছেন ওবায়দুল কাদের-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- স্ত্রীর সঙ্গে পরকীয়া আইপিএস অফিসারের, অভিসারের ভিডিও নিয়ে পুলিশের দ্বারস্থ যুবক-সংবাদ প্রতিদিন
- বিজেপির সভায় প্যান্ডেল ভেঙে বিশৃঙ্খলা, আহত ৬২, হাসপাতালে গেলেন মোদী-দৈনিক আনন্দবাজার
- বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারলেন না প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. কোটা আন্দোলনের নেতা তারিক নিখোঁজ…..বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?
২. সিরিয়া থেকে সন্ত্রাসবাদের মূলোৎপাটন করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। কতটা সম্ভব তার এ ঘোষণা বাস্তবায়ন?
বিশ্লেষণের বাইরের কয়েকটি খবর
কোটা সংস্কার আন্দোলনের নেতা তারেককে খুঁজছে পরিবার-দৈনিক প্রথম আলো
কোটা সংস্কার আন্দোলনের নেতা মো. তারেক রহমানকে গত শনিবার সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের দাবি, কোটা সংস্কার আন্দোলনে জড়িত থাকার জন্যই তাঁকে তুলে নেওয়া হয়েছে।
তারেকের পরিবারের সদস্যরা প্রথম আলোকে জানান, তারেকের বন্ধুরা জানিয়েছেন, গত শনিবার রাত আটটার দিকে তারেক ফকিরাপুলের একটি দোকানে কোটা সংস্কার আন্দোলনের ব্যানার ও কিছু কাগজ প্রিন্ট করতে গিয়েছিলেন। তিনি যে দোকানে গিয়েছিলেন, তারা কাজ করতে অস্বীকৃতি জানায়। এরপর থেকে তারেককে পাওয়া যাচ্ছে না, তাঁর মুঠোফোন বন্ধ।
তারেক রহমান কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করে ঢাকায় বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। কোটা আন্দোলনের শুরু থেকেই তিনি যুক্ত ছিলেন। কোটা আন্দোলনে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের একজন যুগ্ম আহ্বায়ক তিনি। তারেকের বোন তানজিলা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, কোটা সংস্কার আন্দোলনে যুক্ত হওয়ার পর থেকেই তারেককে নানাভাবে হুমকি দেওয়া হয়।
‘আমার ছেলের সন্ধান চাই’-তারেকের বাবা-প্রথম আলো
কোটা সংস্কার আন্দোলনের নেতা মো. তারেক রহমানকে সুস্থভাবে ফিরে পাওয়ার আরজি জানিয়েছেন তাঁর মা-বাবা। আজ সোমবার দুপুর ১২টার দিকে সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ আরজি জানান তাঁরা। তারেকের বৃদ্ধা মা বলেন, ‘আমার ছেলের সন্ধান চাই। একটাই চাওয়া, ছেলেটা যেন সুস্থভাবে আমাদের কাছে ফিরে আসে।’
যারা শিক্ষকদের উপর আঙ্গুল তুলে শাসায় তারা মানুষ নয়’-দৈনিক নয়া দিগন্ত
রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক-শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচীতে ছাত্রলীগের হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় তারা এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।
সোমবার ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে আয়োজিত মানববন্ধন থেকে তারা এ আহ্বান জানান। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজীম উদ্দিন খানসহ অন্য সকল শিক্ষকের লাঞ্ছনার প্রতিবাদ ও লাঞ্ছনাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
সরকার বেগম জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চায় : ফখরুল-দৈনিক ইত্তেফাক
'আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া হাইকোর্টে জামিন পেয়েছেন। সেটাকে বিলম্বিত করার পরেও তিনি সুপ্রিমকোর্ট থেকেও জামিন পেয়েছেন। সেই জামিনেও তাকে মুক্ত হতে দিচ্ছে না এই সরকার। যার কারণ একটাই। সেটা হচ্ছে, এই সরকার বেগম জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চায়। আসন্ন নির্বাচন থেকে সরিয়ে দিতে চায়।' বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে আশ্রমপাড়া হাওলাদার কমিউনিটি সেন্টারে রুহিনা থানার বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।
খালেদা জিয়ার প্রতি নিষ্ঠুর আচরণ করছে সরকার : রিজভী-দৈনিক নয়া দিগন্ত
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আবারো উদ্বেগ প্রকাশ করে বিএনপি বলছে- সরকার বেগম জিয়ার প্রতি নিষ্ঠুর আচরণ করছে। এটি সরকারের দয়ামায়াহীন চরম অমানবিকতা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে কতটুকু গুরুতর সে খবর জানতেও দিচ্ছে না কারা কর্তৃপক্ষ।
রিজভী বলেন, গত পরশুদিন পরিবারের সদস্যরা তার সাথে দেখা করতে গেলে কারা কর্তৃপক্ষ বাধা দেয়। অসুস্থতার খবর জানতে পারার পরও তার পরিবারের সদস্যদের কারা ভবনের দ্বিতীয় তলায় গিয়ে দেখা করার অনুমতি দেয়া হয়নি। কারা কর্তৃপক্ষ দেশনেত্রীর চিকিৎসা নিয়ে শুধু উদাসীনই নয়, সরকারের নির্দেশে কোনো ভয়ঙ্কর মাষ্টারপ্ল্যানের দিকে এগুচ্ছে কী না তা নিয়ে জনমনে এক বড় প্রশ্ন দেখা দিয়েছে।
মানসিক রোগীর সঙ্গে খারাপ আচরণ ফৌজদারি অপরাধ-দৈনিক যুগান্তর
মানসিক রোগীর সঙ্গে খারাপ আচরণকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে। এ ধরনের অপরাধের বিচারে প্রতিটি জেলায় একটি করে মানসিক স্বাস্থ্য আদালত প্রতিষ্ঠা করবে সরকার। এমন বিধান রেখে মানসিক স্বাস্থ্য অধিকার আইন-২০১৮’র খসড়ায় চূড়ান্তর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, মানসিকভাবে অসুস্থ ব্যক্তিকে অপরাধের কাজে ব্যবহার করলে প্ররোচনাকারী পাঁচ লাখ টাকা জরিমানা বা দুই বছরের কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। পাশাপাশি সরকারি অনুমোদন ছাড়া মানসিক হাসপাতাল চালালে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা বা তিন বছরের কারাদণ্ড বা উভয় দণ্ড দেয়া হবে। জানা গেছে, ১৯১২ সালে প্রণীত ‘দ্য লুন্সি অ্যাক্টকে হালনাগাদ করে নতুনভাবে মানসিক স্বাস্থ্য আইন করা হচ্ছে। প্রস্তাবিত আইনে ২৮টি ধারা রয়েছে। দেশের সব মানসিক হাসপাতাল চলবে প্রস্তাবিত আইনে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলতে পারলেন না প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা-দৈনিক আজকাল
রাজ্যে সিন্ডিকেট নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল তার আগাগোড়া সমালোচনা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার মেদিনীপুর কলেজ ময়দানে সভা করতে এসে সেই সিন্ডিকেটেরই চূড়ান্ত সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্ব নিয়ে কোনও প্রশ্ন তুলতে পারলেন না স্বয়ং প্রধানমন্ত্রী। আর তাতেই বেশ বেকায়দায় এবং চাপে পড়ে গিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। কারণ যে বিষয়টি নিয়ে একসময় বাংলার মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছিলেন, সেই একই ইস্যুর সমালোচনা করার কোনও যৌক্তিকতা দেখতে পাচ্ছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা।
স্ত্রীর সঙ্গে পরকীয়া আইপিএস অফিসারের, অভিসারের ভিডিও নিয়ে পুলিশের দ্বারস্থ যুবক-সংবাদ প্রতিদিন
এবার পরকীয়ায় জড়ালো আইপিএস অফিসারের নাম। নিজের স্ত্রীর সঙ্গে আইপিএস অফিসারের অবৈধ সম্পর্ক রয়েছে। যুগলের আপত্তিকর ভিডিও ক্লিপিংস প্রকাশ করলেন বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি কর্মী। অভিযোগ, বারবার নিষেধ করা সত্ত্বেও তাঁর স্ত্রীর সঙ্গে গোপনে সম্পর্ক রেখেছেন ওই পুলিশকর্তা। শুধু তাই নয়, তাঁদের আপত্তিকর ভিডিও দেখে ফেলেছেন জানতে পেরে, তাঁকে এনকাউন্টারের খুনের হুমকিও দিয়েছেন অভিযুক্ত আইপিএস অফিসার। এরপরেই ওই পদস্থ পুলিশকর্তার বিরুদ্ধে থানায় যান তথ্যপ্রযুক্তি কর্মী।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৬