জুলাই ১৮, ২০১৮ ১১:৩১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৮ জুলাই বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • ভল্টে রক্ষিত সব সোনা ঠিকই আছে, দাবি অর্থ প্রতিমন্ত্রীর-দৈনিক প্রথম আলো
  • পলিথিন ছেড়ে ‘সোনালী ব্যাগ’ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর-দৈনিক যুগান্তর
  • প্রধানমন্ত্রীর উপহারের গাড়ি ফিরিয়ে দিলেন সেতুমন্ত্রী-দৈনিক কালের কণ্ঠ
  • জাতীয় নির্বাচনের আগে সংসদ ভেঙ্গে দেয়ার দাবি নতুন বাম জোটের-দৈনিক নয়া দিগন্ত
  • কোটা নিয়ে প্রধানমন্ত্রী ইউটার্ন করেছেন : মির্জা ফখরুল-দৈনিক ইত্তেফাক
  • হামলায় ছাত্রলীগই দায়ী সংহতি সমাবেশের ঘোষণা: তারা এ ধরনের ভুল কী করে করেন? প্রধানমন্ত্রী -দৈনিক মানবজমিন
  • প্রয়োগ না হলে আইন কেন পড়ি, প্রশ্ন শিক্ষার্থীদের-দৈনিক সমকাল

ভারতের শিরোনাম:

  • সংসদে শুরু বাদল অধিবেশন, বিরোধীদের কাছে সহযোগিতার আরজি মোদির-সংবাদ প্রতিদিন 
  • আমি কংগ্রেস’ রাহুলের ছোট্ট টুইটে দিল্লি তোলপাড়-দৈনিক আনন্দবাজার
  • বাদল অধিবেশনের শুরুতেই তপ্ত সংসদ, অনাস্থা প্রস্তাব গৃহীত হওয়ায় চাপের মুখে কেন্দ্রীয় সরকার-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক পরিসরে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার করবে নির্বাচন কমিশন। খবরটিকে আপনি কীভাবে দেখছেন?

২. আমি মনে-প্রাণে একজন ফিলিস্তিনি- কথাটি বলেছেন আর্জেন্টিনার সাবেক ফুটবল তারকা ডিয়াগো ম্যারাডোনা। তার এই বক্তব্য সম্পর্কে আপনার পর্যবেক্ষণ কী?

বিশ্লেষণের বাইরের কয়েকটি খবর:

ভল্টে রক্ষিত সব সোনা ঠিকই আছে, দাবি অর্থ প্রতিমন্ত্রীর-দৈনিক প্রথম আলো

বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা গোল্ড নিয়ে অনিয়মের অভিযোগ

ভল্টে রক্ষিত সব সোনা ঠিকই আছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।আজ সচিবালয়ে বাংলাদেশ ব্যাংক এবং জাতীয় রাজস্ব বোর্ডের শীর্ষ নির্বাহীদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, সরকারি কাজ করতে গেলে সামান্য কিছু ধারণাগত বা জ্ঞানগত ফারাক সৃষ্টি হতে পারে। এ ক্ষেত্রেও তা-ই হয়েছে। ৪০-৮০-র একটি ব্যাপার হয়ে গেছে। সোনার ওজন পরিমাপে বেশি-কম হতে পারে। উভয় কর্তৃপক্ষ বলেছে এবং আশ্বস্ত করেছে, সোনার কিছুই হয়নি। প্রতিবেদন তৈরিতে কিছু আমলাতান্ত্রিক গাফিলতি আছে বলে তিনি মনে করেন।

তবে অর্থ প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে ইত্তেফাক রিপোর্ট করেছে এভাবে যে, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশ ব্যাংকের ভল্টে রাখা স্বর্ণ নিয়ে অনিয়মের খবর যেভাবে প্রকাশিত হয়েছে এটা পুরোপুরি সত্য নয়। বাংলাদেশ ব্যাংক ও এনবিআরের মধ্যে যোগাযোগ ঘাটতিতেই এই সঙ্কট। তবে আমরা বিষয়টিকে ছোট করে দেখছি না। পর্যালোচনা করে কারো বিরুদ্ধে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

কোটা নিয়ে প্রধানমন্ত্রী ইউটার্ন করেছেন : মির্জা ফখরুল-দৈনিক ইত্তেফাক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোটা নিয়ে প্রধানমন্ত্রী ইউটার্ন করেছেন। কোটা নিয়ে হাইকোর্ট যা বলেছে সেটা রায় না পর্যবেক্ষণ দিয়েছে। বেকার যুবকদের যে ন্যায় সঙ্গত কোটা সংস্কারের আন্দোলন। কিন্তু রেগে মেগে সংসদে প্রধানমন্ত্রী বললেন- কোনো কোটাই থাকবে না। এখন আপনি বলছেন, হাইকোর্টের রায়ের বাইরে যাওয়া যাবে না। আদালত কি বলেছে? যা বলেছে কোটা নিয়ে সেটা রায় নয়, পর্যবেক্ষণ। এই কথাটা আমরা অনেকেই বলছি না। আপনি পর্যবেক্ষণকে অ্যাভোয়েট করলেন- ত্রয়োদশ সংশোধনী যেটা পঞ্চদশ সংশোধনীতে বাতিল হলো সেখান থেকে দলীয় সরকারের অধীনে নির্বাচনের কথা আপনি রাখলেন। যেটা আপনার সুবিধা যেটাতে আদালতকে ব্যবহার করছেন আর যেটায় অসুবিধা সেখানে আদালতকে ব্যবহার করছেন না। পরিষ্কার করে বলতে চাই কোটা এবং বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কোনো রাজনীতি করছি না। যেটা সত্য আমরা সেটা জনগণের কাছে বড় রাজনৈতিক দল হিসেবে তুলে ধরছি।

 আজ জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

প্রয়োগ না হলে আইন কেন পড়ি, প্রশ্ন শিক্ষার্থীদের-দৈনিক সমকাল

কোটা আন্দোলনের পক্ষে মানববন্ধন

‘আমরা আইন পড়ি, সংবিধান পড়ি। আমরা জানি, দেশে আইন ও সংবিধান রয়েছে। কিন্তু এর যথাযথ প্রয়োগ হচ্ছে না। নিপীড়করা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তবে কেন আইন ও সংবিধান? এ আইন ও সংবিধানের কিসের প্রয়োজন? কেন আমরা আইন পড়ি?’বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্মিলিত মানববন্ধনে শিক্ষার্থীরা এসব প্রশ্ন তুলেন। মানববন্ধনে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। 

তাদের তিন দফা দাবি হলো- সকল ক্যাম্পাসে ছাত্র-শিক্ষকের উপর হামলাকারীদের শনাক্ত করে বিচার, গ্রেফতারকৃত ছাত্রদের মুক্তি এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ।

পলিথিন ছেড়ে ‘সোনালী ব্যাগ’ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর-দৈনিক যুগান্তর

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের ব্যবহার কমিয়ে বিকল্প হিসেবে পাটের তৈরি ‘সোনালী ব্যাগ’ ব্যবহারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০১৮’- এর উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।একইসঙ্গে তিনি জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৮ এবং মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের স্মরণে সারাদেশে একযোগে ৩০ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় সোনালী ব্যাগের গুণাগুণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আপনারা শুনে খুশি হবেন যে, এখন পাটের পলিমার থেকে যেটা পচনশীল সেই ধরনের ব্যাগ তৈরি হচ্ছে। আমরা এটার নাম দিয়েছি ‘সোনালী ব্যাগ’। এই সোনালী ব্যাগ পরিবেশ দূষণ করবে না। তিনি বলেন, পাটকে তার সোনালী দিনে ফিরিয়ে আনার জন্য আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ যেমন নিয়েছি, সেই সঙ্গে এই আবিস্কারটাও করা হয়েছে এবং পাটের ওপর গবেষণা চলছে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

দৈনিক সংবাদ প্রতিদিনের খবর- সংসদে শুরু বাদল অধিবেশন, বিরোধীদের কাছে সহযোগিতার আরজি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এ সম্পর্কে দৈনিক আজকালের শিরোনাম বাদল অধিবেশনের শুরুতেই তপ্ত সংসদ, অনাস্থা প্রস্তাব গৃহীত হওয়ায় চাপের মুখে কেন্দ্রীয় সরকার।

বিস্তারিত খবরে লেখা হয়েছে, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের অনুরোধ থেকে প্রধানমন্ত্রীর আহ্বান, কাজে এলো না বাদল অধিবেশনে। সংসদের বাদল অধিবেশন শুরু থেকেই তুমুল হাঙ্গামার সাক্ষী থাকল দেশ। কৃষক আত্মহত্যা ও নারী নির্যাতনের প্রসঙ্গ তুলে লোকসভায় অনাস্থা প্রস্তাব আনল কংগ্রেস। গোরক্ষার নামে গণপিটুনি নিয়ে তুমুল হইচই শুরু হয় রাজ্যসভাতেও। বাধ্য হয়ে রাজ্যসভা মুলতুবি করে দিতে হয়। সবমিলিয়ে বাদল অধিবেশনের শুরুতেই চাপে পড়ে গেল নরেন্দ্র মোদির সরকার। কারণ ২০০৩ সালের পর এবার লোকসভায় আনা অনাস্থা প্রস্তাব গ্রহণ করা হয়ছে। বুধবার সরকারের বিরোধিতায় নামে তৃণমূল কংগ্রেস এবং আরজেডিও।

‘আমি কংগ্রেস’ রাহুলের ছোট্ট টুইটে দিল্লি তোলপাড়-দৈনিক আনন্দবাজার

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী

একটা ছোট্ট টুইট| তাই নিয়ে দিল্লি তোলপাড়। কংগ্রেস নিজেই নিজেকে একটি সংখ্যালঘু জনগোষ্ঠীর দল বলে দাবি করেছে, এই প্রচার তুঙ্গে নিয়ে গিয়ে রাহুল গাঁধীকে কোণঠাসা করতে চাইছিল বিজেপি। একটি ছোট্ট বাক্যে তাতে এ দিন জল ঢেলে দিলেন রাহুল। যাবতীয় বিতর্ক কার্যত ভোঁতা করে দিয়ে টুইট করলেন, ‘‘আমি লাইনের একেবারে শেষ লোকটির পাশে রয়েছি| আমি শোষিত নির্যাতিত প্রান্তিকদের পক্ষে| ওদের ধর্ম, জাতপাত বা বিশ্বাস কী, আমার কাছে তার গুরুত্ব নেই| যারা কষ্টে রয়েছেন, তাদের খুঁজে বুকে টেনে নিই  আমি| ঘৃণা, বিদ্বেষ, আতঙ্ক মুছে দিই। সব জীবিত প্রাণকে ভালবাসি| আমি কংগ্রেস।’’#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৮