জুলাই ১৯, ২০১৮ ১২:০০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৯ জুলাই বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • জনতা ব্যাংকে আবারও বড় ঋণ কেলেঙ্কারি-দৈনিক প্রথম আলো
  • দেশে কোটা সংস্কার নিয়ে রাজনীতি চলছে: নৌমন্ত্রী-দৈনিক কালের কণ্ঠ
  • ডিজিটাল জালিয়াতি করতে ইভিএম চালুর জন্য মরিয়া ইসি: রিজভী-দৈনিক যুগান্তর
  • এইচএসসিতে কমলো পাসের হার ও জিপিএ-৫-দৈনিক ইত্তেফাক
  • এবার ভুল চিকিৎসার বলি বগুড়ার সাকিব-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:

  • সংসদে হামলার ছক খলিস্তানি জঙ্গিদের, কঠোর হল নিরাপত্তা-সংবাদ প্রতিদিন 
  • অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতে বিরত থাকতে পারে বিজেডি, এডিএমকে-দৈনিক আনন্দবাজার
  • অঙ্কে কাঁচা সোনিয়া গান্ধী’, অনাস্থা নিয়ে কটাক্ষ বিজেপি সাংসদের-দৈনিক আজকাল
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ সম্পর্কে আজকের সব জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণ এবং অনলাইন পোর্টালগুলোতে খবর ছাপা হয়েছে। এ সম্পর্কে দৈনিক ইত্তেফাকের খবর-এইচএসসিতে কমলো পাসের হার ও জিপিএ-৫। এ শিরোনামের খবরে দৈনিকটি লিখেছে, মাদ্রাসা, কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডের অধীন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার পাসের হার ৬৬ দশমিক ৬৪। এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাসের হার ও ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ উভয় বিষয়ে গতবারের চেয়ে খারাপ ফল হয়েছে।

ইত্তেফাকের অন্য একটি খবরে লেখা হয়েছে, আজ সকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে ২০১৮ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ এবং ফলের পরিসংখ্যান হস্তান্তর অনুষ্ঠানে বলেছেন, প্রধানমন্ত্রী বলেন, যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। যারা ভালো করতে পারোনি তারা ভেঙে পড়বে না। আগামীতে আরও ভালোভাবে পড়াশোনা করে ভালো ফল করবে। তিনি আরো বলেন, আমরা যখন পরীক্ষা দিয়েছি, তখন দুই বেলা করে পরীক্ষা দিতে হতো। সকালে এক পেপার, বিকালে এক পেপার। আমাদের তো দম ফেলার সময়ই থাকতো না। সাত দিনে পরীক্ষা শেষ। এখন পরীক্ষার সময় আরেকটু কমিয়ে আনার ব্যবস্থা যদি করতে পারেন তাহলে দেখবেন, ছেলেমেয়েরা পড়াশোনা করবে, পরীক্ষাটাও তাড়াতাড়ি হবে। আর এখানে ওই যে নানা ধরনের অপপ্রচার, তার হাত থেকেও মুক্তি পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি।

ডিজিটাল জালিয়াতি করতে ইভিএম চালুর জন্য মরিয়া ইসি: রিজভী-দৈনিক যুগান্তর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও অন্যান্য নেতৃবৃন্দ

জাতীয় নির্বাচনে ডিজিটাল জালিয়াতি করার জন্যই ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতি প্রচলন করতে নির্বাচন কমিশন মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, বিভিন্ন সূত্র থেকে জানা গেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১০০টি আসনে ইভিএমে ভোট গ্রহণের প্রস্তুতি নেয়া হচ্ছে, সেজন্য প্রথম পর্যায়ে ২ হাজার ৬০০ কোটি টাকার ইভিএম কেনার পরিকল্পনা চলছে। তিনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট, বিভিন্ন রাজনৈতিক দল, নির্বাচন পর্যবেক্ষক ও বিশ্লেষকদের আপত্তির পরেও তাড়াহুড়ো করে নির্বাচন কমিশনের ইভিএম স্থানীয়ভাবে কেনা ও আমদানি করা দুরভিসন্ধিমূলক, আগামী জাতীয় নির্বাচন নিয়ে চক্রান্তের পথে অগ্রসর হওয়ার অংশ। এই বিতর্কিত মেশিন নিয়ে কমিশনের কেন এতো তোড়জোড় সেজন্য জনমনে গভীর সংশয় দানা বেধেছে। নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না বলে প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণা সত্ত্বেও এই মেশিন কেনার তোড়জোড় কেন তা নিয়েও প্রশ্ন রাখেন বিএনপির মুখপাত্র।

দেশে কোটা সংস্কার নিয়ে রাজনীতি চলছে: নৌমন্ত্রী-দৈনিক কালের কণ্ঠ

নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান

বাংলাদেশে বর্তমানে কোটা সংস্কার নিয়ে রাজনীতি চলছে। তাই মুক্তিযোদ্ধাদের প্রতি আমার আহ্বান, আপনারা সতর্ক থাকবেন বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন মন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান এমপি। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় নরসিংদীর সাহেপ্রতাব মোড়ে শ্রমিক ফেডারেশন আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত নৈরাজ্য সৃষ্টি করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে। জ্বালাও, পোড়াও করেও কোনো উপায় না পেয়ে তারা বিভিন্ন নৈরাজ্যকর কৌশল অবলম্বন করে জনগণকে অশান্তিতে ফেলছে।

এবার ভুল চিকিৎসার বলি বগুড়ার সাকিব-দৈনিক মানবজমিন

বগুড়া শহরের একটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় স্কুলপড়ুয়া সাকিব হাসান নামে এক স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই ক্লিনিকের মালিক ও কর্মকর্তারা পলাতক রয়েছেন। বুধবার দিবাগত রাত ৯টার দিকে শহরের সাতমাথা হয়ে শেরপুর রোডের সাতানী বাড়ীর সংলগ্ন ডলফিন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। মৃত সাকিব হাসান শহরের ফুলদীঘি পূর্বপাড়ার আব্দুল আজিজ লিটনের ছেলে এবং শহরের ফয়জুল্লাহ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।  আব্দুল আজিজ লিটন ও মা পান্না আকতার অভিযোগ করে বলেন, চিকিৎসকের ভুলের কারণে তাদের ছেলের মৃত্যু হয়েছে। তারা ছেলে হত্যার বিচার চান। এ ঘটনায় তারা সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলেও জানান।

জনতা ব্যাংকে আবারও বড় ঋণ কেলেঙ্কারি-দৈনিক প্রথম আলো

জনতা ব্যাংকে আবারও বড় ঋণ কেলেঙ্কারি। এবার ভুয়া রপ্তানি নথিপত্র তৈরি করে বিপুল পরিমাণ অর্থ তুলে নেওয়া হয়েছে। এভাবে সরকারের নগদ সহায়তা তহবিল থেকে ১ হাজার ৭৫ কোটি টাকা নিয়েছে ক্রিসেন্ট গ্রুপ। অপকর্মে সহায়তা করার পাশাপাশি ক্রিসেন্ট গ্রুপকে অর্থায়নও করেছে জনতা ব্যাংক। ক্রিসেন্টের কাছে জনতা ব্যাংকের পাওনা ২ হাজার ৭৬০ কোটি টাকা। বিদেশে রপ্তানির ১ হাজার ২৯৫ কোটি টাকা আটকা রয়েছে। সব মিলিয়ে গ্রুপটি সরকারি ব্যাংক ও সরকারের তহবিল থেকে মাত্র পাঁচ বছরেই নিয়ে নিয়েছে ৫ হাজার ১৩০ কোটি টাকা। ২০১৩ সাল থেকে এসব অনিয়মের শুরু।

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতে বিরত থাকতে পারে বিজেডি, এডিএমকে-দৈনিক আনন্দবাজার

লোকসভায় অনাস্থা প্রস্তাব আদৌ টিকবে কি না, তথা ভোটাভুটিতে  বিরোধীদের শক্তি কতটা কার্যকর হবে, তা নিয়ে বিতর্ক চলছেই। বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে শুক্রবার আলোচনা ও ভোটাভুটি হওয়ার কথা। ইতিমধ্যে বিরোধীদের শক্তি ক্ষীণ হতে শুরু করেছে। রাজনৈতিক মহলের  খবর, নবীন পট্টনায়েকের বিজু জনতা দল (বিজেডি) ও এআইডিএমকে শুক্রবারের অনাস্থা প্রস্তাবে ভোটদান থেকে বিরত থাকতে পারে। তেলুগু দেশম পার্টির পক্ষ থেকে অনাস্থা প্রস্তাব আনা হলেও দলীয় সংসদ দিবাকর রেড্ডিও বুধবার জানিয়েছিলেন, শুক্রবার লোকসভার অধিবেশন তিনি উপস্থিত থাকবেন না। এবার সঙ্গে জুড়ল বিজেডি ও এআইডিএমকে-র নামও।

 

অঙ্কে কাঁচা সোনিয়া গান্ধী’, অনাস্থা নিয়ে কটাক্ষ বিজেপি সাংসদের-দৈনিক আজকাল

এনডিএ সরকারের উপর অনাস্থা প্রস্তাব নিয়ে সোনিয়া গান্ধী বলেছিলেন, কে বলেছে আমাদের সরকার ফেলে দেওয়ার ক্ষমতা নেই। কংগ্রেসের প্রাক্তন সভা নেত্রীর এই বক্তব্যকে কটাক্ষ করলেন বিজেপি নেতা অনন্ত কুমার। 

বৃহস্পতিবার সংসদ অধিবেশন শুরু আগে তিনি সোনিয়া গান্ধীকে কটাক্ষ করে বলেন, ‘কংগ্রেস নেত্রী অঙ্কে কাঁচা। তিনি ভাবছেন ১৯৯৬–এর মত অবস্থা রয়েছে। আবার তাঁদের হতাশ হতে হবে। মোদি সরকার যে কতটা শক্তিশালী তা বুঝতে পারছেন না সোনিয়া গান্ধী। সংসদের ভেতরে যেমন মোদি সরকারের পাল্লা ভারী , সংসদের বাইরেও সমর্থনের কতটা রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। কাজেই দু’দিক থেকেই সমর্থন আসবে আমাদের দিকে।’

সংসদে হামলার ছক খলিস্তানি জঙ্গিদের, কঠোর হল নিরাপত্তা-দৈনিক সংবাদ প্রতিদিন

সংসদে হামলার ছক কষছে দুই খলিস্তানি জঙ্গি। তাদের পিছনে হাত আছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর। ভারতীয় গোয়েন্দাদের কাছে এ খবর আসার পরই কয়েক পরত বাড়িয়ে দেওয়া হয়েছে সংসদ চত্বরের নিরাপত্তা। সামনেই স্বাধীনতা দিবস। উদযাপনের জন্য এই মুহূর্তে সাজসাজ রব দিল্লিতে। ঠিক সেই সময়েই গোয়েন্দাদের কাছে এই খবর। অন্তত দুটি রিপোর্ট এসেছে গোয়েন্দাদের হাতে। যেখানে দেখা যাচ্ছে, দুই খলিস্তানি জঙ্গি সংসদে বড়সড় হামলার পরিকল্পনা নিয়েছে। এই মুহূর্তে সংসদে চলছে বাদল অধিবেশন। স্বাভাবিকভাবেই ব্যস্ততা তুঙ্গে। এই অবসরেই বিস্ফোরক বোঝাই গাড়ি রেখে হামলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেই গোয়েন্দা সংস্থা জানিয়েছে।# 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৯