কয়লার অভাবে বন্ধ হলো বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৩ জুলাই সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- হোলি আর্টিজানে হামলা মামলার অভিযোগপত্র দিয়েছে পুলিশ-দৈনিক প্রথম আলো
- গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে দেশ উন্নত হয়: প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর
- কয়লার অভাবে বন্ধ হলো বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র-দৈনিক ইত্তেফাক
- কয়লা গেল কই, আর গুপ্তধন?-দৈনিক মানবজমিন
- খালেদা জিয়ার জামিন আবেদন ২৬ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির নির্দেশ -দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- গণপিটুনিতে আহতকে ফেলে পুলিশের চা পান, মোদির ‘নতুন ভারত’কে কটাক্ষ রাহুলের-সংবাদ প্রতিদিন
- মেডিক্যালে উঠল অনশন, ১৪ দিন পর দাবি মানলেন কর্তৃপক্ষ-আজকাল
- মেডিক্যালে উঠল অনশন, ১৪ দিন পর দাবি মানলেন কর্তৃপক্ষ-আনন্দবাজার
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. অশুভ শক্তির মুখে লাগাম লাগানোর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তফ্রন্টের নেতারা। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?
২. পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা- আইএসআই দেশের বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করছে বলে ইসলামাবাদ হাইকোর্টের একজন বিচারপতি অভিযোগ করেছেন এবং তা তদন্ত করার জন্য সুপ্রিম কোর্টকে অনুরোধ জানিয়েছে পাক সেনাবাহিনী। তদন্ত ফলাফল কী হতে পারে বলে আপনার মনে হয়?
বিশ্লেষণের বাইরের কয়েকটি খবর
হোলি আর্টিজানে হামলা মামলার অভিযোগপত্র দিয়েছে পুলিশ-দৈনিক প্রথম আলো
দীর্ঘ দুই বছর তদন্ত শেষে হোলি আর্টিজান মামলার অভিযোগপত্র আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ২১ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। যাঁদের মধ্যে পাঁচজন ওই দিন ঘটনাস্থলেই নিহত হন। আটজন পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে নিহত হন। জীবিত বাকি আটজনের মধ্যে ছয়জন গ্রেপ্তার আছেন। বাকি দুজন পলাতক। এ ছাড়া ওই ঘটনায় ৭৫টি আলামত পাওয়া গেছে, যা আদালতে পাঠানো হয়েছে।
এই মামলায় গ্রেপ্তার হওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমের সম্পৃক্ততা পায়নি পুলিশ। ফলে তাঁকে মামলার অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মামলার তদন্ত সংস্থা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম আজ সোমবার সকালে মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে বলেন, সব আনুষ্ঠানিকতা শেষে ওই অভিযোগপত্র আদালতে পাঠানো হয়েছে।
গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে দেশ উন্নত হয়: প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর
গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে দেশ উন্নত হয় বলে মন্তব্য করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সামনে ডিসেম্বরে নির্বাচন। জনগণ ভোট দিলে আছি, না দিলে নাই; এ নিয়ে কোনো আক্ষেপ নাই। তিনি বলেন, ধারাবাহিক গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে যে দেশ উন্নত হয় সেটার প্রমাণ এখন নিশ্চয়ই আপনারা পাচ্ছেন। এখন সমুদ্রের তলদেশ থেকে মহাকাশ পর্যন্ত বাংলাদেশ পৌঁছে গেছে। সেই অগ্রযাত্রা যেন থেমে না যায়।
সোমবার ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, পঁচাত্তরের পর একটা রক্তাক্ত অবস্থা বারবার বিরাজ করেছে। যা বাংলাদেশের অগ্রযাত্রাকে বারবার বাধাগ্রস্ত করেছে।
তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে অনেক সমস্যার সম্মূখীন হতে হয়েছে। জাতির পিতা মাত্র সাড়ে তিন বছর সময় পেয়েছিলেন। সাড়ে তিন বছর যেতে না যেতেই সদ্য স্বাধীনতাপ্রাপ্ত একটি দেশকে যখন তিনি গড়ে তুলেছেন। উন্নয়নের পথে অর্থনৈতিক অগ্রগতির পথে তিনি যাত্রা শুরু করেছেন ঠিক সেই সময়ে এল চরম আঘাত। জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হল। এ হত্যাকাণ্ডটা বাংলাদেশের জন্য কতবড় আঘাত তা জাতি উপলদ্ধি করেছে।
শেখ হাসিনা বলেন, এই ৭৫-এর পনেরো আগস্টের পর সংবিধান লংঘন করে হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করা এবং ক্ষমতাকে ঘিরে নিজেদের ভাগ্য গড়ার দিকে ক্ষমতাসীনদের নজর ছিল তা দেশের দিকে ছিল না।
কয়লা গেল কই, আর গুপ্তধন?-দৈনিক মানবজমিন
বড় পুকুরিয়া কয়লা খনির ডিপো থেকে ১ লাখ ৪২ হাজার টন কয়লা গায়েব হয়ে গেল। গতকালকের দ্য ডেইলি স্টারের সংবাদে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব। কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘কোনো গুম হচ্ছে না। প্রেমে ও ব্যবসায় ব্যর্থ হয়ে নানানজন নানান দিকে চলে যাচ্ছে। আমরা তাদের এনে হাজির করছি।’
মানুষ নানান দিকে চলে যাচ্ছে এবং পুলিশ তাদের খুঁজে আনছে। কয়লা কোন দিকে গেল? কে খুঁজে আনবে? কর্তাদের কয়েকজনকে ক্লোজ করে আনা হয়েছে। আনা হয়েছে।
খোঁজার কমিটিও হয়েছে। তারা কোন দিকে খুঁজছে, কীভাবে খুঁজছে?
কয়লা মন খারাপ করে নানান দিকে চলে গেছে, একথা যেহেতু বলার সুযোগ নেই, তাহলে কে বা কারা নিয়ে গেল কয়লা? কয়লা নেওয়ার জন্যে নিশ্চয়ই কোনো পরিবহন ব্যবহার করা হয়েছে। পরিবহন বলতে যদি ট্রাক ব্যবহার করা হয়ে থাকে, তাহলে ১ লাখ ৪২ হাজার টন কয়লা পরিবহনের জন্যে প্রতি ট্রাকে ১০ টন করে হলেও, কমপক্ষে ১৪ হাজার ট্রাকের প্রয়োজন হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন এই অঙ্ক করে দেখিয়েছেন।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
মেডিক্যালে উঠল অনশন, ১৪ দিন পর দাবি মানলেন কর্তৃপক্ষ-আজকাল
১৪ দিন পরে উঠল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের পড়ুয়াদের অনশন। কলেজ কর্তৃপক্ষের লিখিত প্রতিশ্রুতির পরেই অনশন প্রত্যাহার করলেন পড়ুয়ারা। মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের হাতে জল খেয়ে অনশন শেষ করেন। এই জয় ঐতিহাসিক বলে দাবি করেছেন ছাত্ররা। হোস্টেলের অস্বাস্থ্যকর পরিবেশ থেকে সুস্থ পরিবেশে থাকার সুবন্দোবস্তের প্রতিশ্রুতি দিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। মেডিকেল কাউন্সিলের বৈঠকের পর জানানো হয়, প্রতিবর্ষের ছাত্রদের জন্য হোস্টেলের দুটি করে তলা বরাদ্দ করা হবে। মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাংবাদিকদের জানিয়েছেন, নতুন হোস্টেলে দুটি করে তলা প্রতিবর্ষের ছাত্রদের জন্য বরাদ্দ করা হবে।
ভারতীয় জনতার বন্ধু শিবসেনা, পার্টির নয়, বিজেপিকে তোপ উদ্ধবের-দৈনিক আনন্দবাজার
মহারাষ্ট্রে আগামী লোকসভা ও বিধানসভা নির্বাচনে ‘একলা চলো’ রাস্তায় হাঁটবে বিজেপি। দলীয় কর্মীদের উদ্দেশে অমিত শাহ-র এই বার্তা সামনে আসার পরই বিজেপিকে চ়ড়া সুরে আক্রমণ শানালেন উদ্ধব ঠাকরে। দলীয় মুখপত্র সামনা-য় একটি সাক্ষাৎকারে শিবসেনা প্রধান জানিয়েছেন, ‘বিজেপি বাড়াবাড়ি করলে আমরাও অন্যরকম ভাবতে বাধ্য হব’। দেশজুড়ে গোরক্ষকদের তাণ্ডব, মহিলাদের উপর আক্রমণ ও গণপিটুনির ঘটনার জন্য বিজেপি-র ‘ভ্রান্ত হিন্দুত্ব’ নীতিকেই দায়ী করেছেন উদ্ধব। বিজেপির সমস্ত নির্বাচনী সাফল্যের চাবিকাঠি হল পেশীশক্তি, টাকা ও ইভিএমে কারচুপি। একইসঙ্গে নোটবন্দি ও জিএসটি প্রসঙ্গে বিজেপি-র দিশাহীনতাকেই দায়ী করা হয়েছে দলীয় মুখপত্রে। পরিস্থিতি সেরকম হলে, তাঁরাও ২০১৯ সালের বিধানসভা ও লোকসভা নির্বাচনে একা লড়বেন, সাফ জানিয়েছেন উদ্ধব।
গণপিটুনিতে আহতকে ফেলে পুলিশের চা পান, মোদির ‘নতুন ভারত’কে কটাক্ষ রাহুলের-দৈনিক সংবাদ প্রতিদিন
আলোয়ার গণপিটুনি কাণ্ডে এবার সরব হলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। একদিকে এই নিয়ে কংগ্রেসের বিরোধিতায় অচল সংসদ। অন্যদিকে টুইট করে মোদির নতুন ভারতের আদর্শকে কটাক্ষ করলেন রাহুল।
কিছুদিন আগেই আলোয়ারে স্বঘোষিত গোরক্ষক বাহিনীর হাতে আক্রান্ত হন রাকবর খান নামে এক ব্যক্তি। এই আলোয়ারেই হত্যা করা হয়েছিল পেহলু খানকে। প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে দিন তিনেক আগে। গুরুতর জখম রাখবরকে পুলিশ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু পথে নাকি আহতকে ফেলে রেখে চা পানের বিরতি নিয়েছিলেন পুলিশকর্মীরা। এ খবর প্রকাশ্যে আসার পরই শোরগোল পড়ে। কী করে এরকম মারাত্মক আহত একজন ব্যক্তিকে ফেলে রেখে চা পান করতে পারেন পুলিশকর্মীরা, উঠেছে সেই প্রশ্ন। দায়িত্ব-কর্তব্য এবং অনুভূতি-মানবিকতার জায়গা যে কতখানি কমেছে, এ ঘটনা যেন তারই প্রমাণ দিচ্ছে। এই ইস্যুতেই আজ উত্তাল হয়ে ওঠে সংসদ। গণপিটুনি নিয়ন্ত্রণে রাজ্যগুলিকে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রকেও নয়া আইন আনার প্রস্তাব দিয়েছে। তবে সব ছাপিয়ে সামনে এসেছে এই পুলিশকর্মীর অমানবিকতা। আজ এই ইস্যুতেই অচল হয়ে যায় সংসদ।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৩