একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৪ জুলাই মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- সন্ত্রাস ও মাদক বন্ধে কোন দল না দেখার আহ্বান প্রধানমন্ত্রীর-দৈনিক মানবজমিন
- মাহমুদুর রহমানের ওপর হামলার বিচার চেয়েছে কুষ্টিয়া ছাত্রলীগ-দৈনিক প্রথম আলো
- এসব সরকারের দুঃশাসনের ধারাবাহিকতা মাত্র : ফখরুল-দৈনিক নয়া দিগন্ত
- মাহমুদুর রহমানের ওপর হামলার বিষয়টি আমি দেখব: প্রধান বিচারপতি ‘-দৈনিক যুগান্তর
- সন্ত্রাস ও মাদক বন্ধে কোন দল না দেখার আহ্বান প্রধানমন্ত্রীর-দৈনিক মানবজমিন-দৈনিক মানবজমিন
- হাসপাতাল-ক্লিনিকে সেবার মূল্য তালিকা টানানোর নির্দেশ হাইকোর্টের-দৈনিক ইত্তেফাক
ভারতের শিরোনাম:
- ভারতীয়দের কালো টাকা সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনতে নারাজ অর্থমন্ত্রক-সংবাদ প্রতিদিন
- গোহত্যা হলে গণপিটুনিও চলবে, বিজেপি সাংসদের মন্তব্যে বিতর্ক, উত্তাল সংসদ-দৈনিক আনন্দবাজার
- দিল্লিতে নাশকতার ছক বানচাল, নয়ডায় গ্রেপ্তার দুই বাংলাদেশি জঙ্গি-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
সন্ত্রাস ও মাদক বন্ধে কোন দল না দেখার আহ্বান প্রধানমন্ত্রীর-দৈনিক মানবজমিন
সন্ত্রাস ও মাদক বন্ধে কোন দল না দেখার জন্য জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘জেলা প্রশাসক সম্মেলন-২০১৮’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস ও মাদক দমনে কোন দল দেখবেন না। এমনকি এ বিষয়ে যদি কেউ যদি বাধা দেয়, তাহলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা জনগণের সেবক। জনগণের পয়সায় আপনাদের বেতন হয়। তাদের জন্য কাজ করবেন।
মাহমুদুর রহমানের ওপর হামলার বিচার চেয়েছে কুষ্টিয়া ছাত্রলীগ-দৈনিক প্রথম আলো
আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলার সুষ্ঠু বিচার চেয়েছে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত ওরফে তুষার। জেলা ছাত্রলীগের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠলেও তিনি বলেছেন, দোষী বের হয়ে এলে বোঝা যাবে আসলে এর সঙ্গে কারা জড়িত। তাঁর দাবি, এটি বিএনপি-জামায়াত করেছে। তবে জেলা বিএনপি ছাত্রলীগের অভিযোগ সম্পূর্ণ বানোয়াট বলে দাবি করেছে।
এদিকে দৈনিক যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে, আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর কুষ্টিয়ায় আদালত প্রাঙ্গণে হামলার ঘটনাটি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
হাসপাতাল-ক্লিনিকে সেবার মূল্য তালিকা টানানোর নির্দেশ হাইকোর্টের-দৈনিক ইত্তেফাক
দেশের সব বেসরকারি ক্লিনিক, হাসপাতাল, ল্যাবরেটরি ও ডায়াগনোস্টিক সেন্টারে সেবার মূল্য তালিকা ১৫ দিনের মধ্যে আইন অনুসারে টানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেয়। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে এ আদেশ বাস্তবায়ন করতে হবে।
পাঁচ জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৫-দৈনিক মানবজমিন
সারাদেশে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এসব অভিযানে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনা ও গ্রেফতারের বিষয়টি প্রতিদিনই সামনে আসছে। মানবজমিনের খবরটিতে লেখা হয়েছে, নারায়ণগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর যশোর ও নড়াইলে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে ৫ মাদক ব্যবসায়ী নিহতের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাত থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাগুলো ঘটে।
নির্বাচন পরিচালনায় আরও দুই কমিটি করবে আওয়ামী লীগ-দৈনিক যুগান্তর
আগামী জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় আরও দুটি কমিটি করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর একটি হবে ছোট আকারের। নাম হবে কোর কমিটি। অপরটি বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটি। কোর কমিটি সার্বিক নির্বাচনী কর্মকাণ্ড সমন্বয় ও পরিচালনা করবে। আর বিভাগীয় কমিটি দলের আটটি সাংগঠনিক বিভাগের নির্বাচন পরিচালনার সমন্বয় করবে। এ মাসেই কমিটি দুটি গঠনের সম্ভাবনা আছে। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে এসব তথ্য জানা যায়। প্রসঙ্গত, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ এবং উপদেষ্টা পরিষদের সমন্বয়ে ইতিমধ্যে ‘নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
দিল্লিতে নাশকতার ছক বানচাল, নয়ডায় গ্রেপ্তার দুই বাংলাদেশি জঙ্গি-দৈনিক্ আজকাল
রাজধানী দিল্লিতে নাশকতার ছক কষে উত্তর প্রদেশের নয়ডায় গাঢাকা দিয়েছিল দুই বাংলাদেশি জঙ্গি এমন খবর ছিল পশ্চিমবঙ্গ পুলিসের কাছে। গোপন সূত্রে খবর পেয়েই উত্তর প্রদেশ এটিএসকে সঙ্গে নিয়ে অভিযান শুরু করে রাজ্য পুলিস। মুশারফ হোসেন এবং রুবেল আহমেদ নামে দুই বাংলাদেশি জঙ্গি লুকিয়ে ছিল নয়ডার গৌতম বুদ্ধ নগরে। সেখানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মুশারফ এবং রুবেলকে। তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিনের সদস্য। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে রাজধানী দিল্লিতে বড় নাশকতার ছক কষছিল তারা। তাঁদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
গোহত্যা হলে গণপিটুনিও চলবে, বিজেপি সাংসদের মন্তব্যে বিতর্ক, উত্তাল সংসদ-দৈনিক আনন্দবাজার
‘গো-হত্যা হলে গণপিটুনিও চলবে। বিতর্কিত মন্তব্য করে কার্যত ‘অলওয়ার’ আগুনে ঘি ঢাললেন বিজেপি সংসদ সদস্য বিনয় কাটিয়ার। গোরক্ষার নামে গণপিটুনি ইস্যুতে সংসদের দুই কক্ষই উত্তাল হয়ে ওঠে। কড়া আইন আনার দাবিতে লোকসভার অভ্যন্তরে সরব হয় কংগ্রেস, তৃণমূলসহ বিরোধীরা। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ যদিও ফের ৮৪-র দাঙ্গার প্রসঙ্গও টেনে এনেছেন। সংসদের এই চাপানউতরের মধ্যেই মঙ্গলবার অলওয়ারে নিহত আকবর খানের ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেয়েছে পুলিশ।
ভারতীয়দের কালো টাকা সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনতে নারাজ অর্থমন্ত্রক-দৈনিক সংবাদ প্রতিদিন
কালো টাকা নিয়ে দেশে হাজারও কৌতূহল। কালো টাকা রুখতেই নোট বাতিলের মতো পদক্ষেপ। অথচ সেই কালো টাকা সংক্রান্ত রিপোর্ট প্রকাশ্যে আনতেই নারাজ কেন্দ্রীয় অর্থমন্ত্রণালয়। ২০১১’য় ইউপিএ সরকার দিল্লির ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফিনান্স অ্যান্ড পলিসিসহ তিন সংস্থাকে কালো টাকা সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ দিয়েছিল। দেশে এবং বিদেশে কত কালো টাকা রয়েছে ভারতীয়দের, সেই তথ্যই সংগৃহীত হয়েছে। তথ্য সম্বলিত রিপোর্ট পেশ করাও হয়েছে অর্থমন্ত্রণালয়ের কাছে। প্রাপ্ত মোট তিনটি রিপোর্ট সংসদের স্ট্যান্ডিং কমিটির সামনেও পেশ করা হয়েছে। তথ্যের ভিত্তিতে সরকার পুরো বিষয়টি খতিয়ে দেখছে। অর্থাৎ দেশে ও বিদেশে কত কালো টাকা রয়েছে তা সরকারের কাছে স্পষ্ট। কিন্তু সে তথ্য বাইরে আনতে নারাজ মন্ত্রক।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৪