জুলাই ২৫, ২০১৮ ১১:২৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৫ জুলাই বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • নির্বাচনে আওয়ামী লীগকে পরীক্ষায় ফেলবে কোন্দল-দৈনিক প্রথম আলো
  • খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রতিহিংসার বহির্প্রকাশ : রিজভী-দৈনিক যুগান্তর
  • কক্সবাজারে পাহাড় ধসে চার ভাইবোনসহ ৫ শিশুর মৃত্যু-দৈনিক ইত্তেফাক
  • কয়লা কেলেঙ্কারি: ১৯ কর্মকর্তার বিরুদ্ধে মামলা-দৈনিক মানবজমিন
  • অর্থঋণ আদালতে সাড়ে ৮৮ হাজার কোটি টাকার মামলা-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • পতিদার আন্দোলনে হিংসার জেরে দু’বছরের কারাদণ্ড হার্দিকের-দৈনিক সংবাদ প্রতিদিন 
  • জিএসটিএন ডুবিয়ে দিচ্ছে-দৈনিক আজকাল
  • মমতা বা মায়াবতীকে প্রধানমন্ত্রী মেনে নিতে রাজি কংগ্রেস-দৈনিক আনন্দবাজার-দৈনিক আনন্দবাজার

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. নির্বাচনে আওয়ামী লীগকে পরীক্ষায় ফেলবে কোন্দল- এটা দৈনিক প্রথম আলোর খবর। আপনারও কী তাই মনে হয়?

২. ইরানের সঙ্গে 'প্রকৃত চুক্তি' চান ট্রাম্প। এই প্রকৃত চুক্তি বলতে তিনি কী বোঝাচ্ছেন এবং ইরান কী এমন চুক্তি করবে?

নির্বাচনে আওয়ামী লীগকে পরীক্ষায় ফেলবে কোন্দল-দৈনিক প্রথম আলো

আওয়ামী লীগ

অভ্যন্তরীণ কোন্দল এবং মন্ত্রী-সাংসদদের সঙ্গে স্থানীয় সংগঠনের নেতাদের দূরত্ব আগামী জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের পরীক্ষায় ফেলতে পারে আওয়ামী লীগকে। এই দুশ্চিন্তা খোদ আওয়ামী লীগের। আরও উদ্বেগের বিষয়, এই কোন্দল হয়ে উঠছে প্রাণঘাতী। নির্বাচনে প্রার্থী মনোনয়নকে ঘিরে এই প্রবণতা আরও বাড়তে পারে।

রাজনৈতিক সহিংসতায় প্রাণহানি নিয়ে আইনি সহায়তা ও মানবাধিকার-বিষয়ক সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদনেও স্পষ্ট হয়ে উঠেছে আওয়ামী লীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনগুলোর ভেতরের কোন্দল। প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালে সারা দেশে রাজনৈতিক হানাহানিতে মারা গেছেন ৫২ জন। এর মধ্যে শুধু আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলেই মারা গেছেন ৪৩ জন। এ ছাড়া, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে রাজনৈতিক কারণে ১১ জনের প্রাণহানি ঘটেছে; যার ৭ জনই আওয়ামী লীগের এবং তাঁরা নিজেদের মধ্যে কোন্দলে মারা গেছেন।

দল টানা ১০ বছর ক্ষমতায় থাকার কারণে সমস্যা দিন দিন প্রকট হয়েছে বলে মনে করছেন দলীয় নীতিনির্ধারকেরা। আগামী নির্বাচনে এটা নৌকা মার্কাকে সমস্যায় ফেলতে পারে বলে মনে করছেন তাঁরা।

জাতীয় ঐক্যের সুবিধা শুধু বিএনপি পাক, এটা চায় না ছোট দলগুলো-দৈনিক প্রথম আলো

কয়েক মাস ধরেই রাজনৈতিক অঙ্গনে বেশ জোরেশোরেই আলোচনা হচ্ছে বিএনপির জাতীয় ঐক্য গঠনের কথা। বিশেষ করে গত ফেব্রুয়ারিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হওয়ার পর এই আলোচনার পালে বাতাস লাগে। বিএনপির মূল উদ্দেশ্য আওয়ামী লীগ ও তাদের মিত্রদের বাইরে থাকা দলগুলো নিয়ে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে একটি বড় নির্বাচনী জোট গঠন করা। এ জন্য রাজনীতির মাঠে অপেক্ষাকৃত ছোট দলগুলোকে নিজেদের দিকে টানতে চায় বিএনপি। বিএনপির এমন ‘প্রয়োজনীয়তা’ টের পেয়ে ছোট দলগুলো ঐক্যে যেতে নিজেদের মধ্যে নানা হিসাব-নিকাশ শুরু করেছে। এই দলগুলোর নেতারা দর-কষাকষি করছেন বিএনপির নেতাদের সঙ্গে।

অবশ্য জাতীয় ঐক্যের সুফলভোগী কেবল বিএনপিই হবে, এমনটাও মনে করেন না ছোট দলগুলোর নেতারা। বিএনপি ও আওয়ামী লীগ জোট-মহাজোটের বাইরে থাকা অনেক দলের নেতারাই মনে করেন, বর্তমান পরিস্থিতিতে ক্ষমতাসীনেরা অন্য কোনো দলকে রাজনীতির মাঠে সুবিধা করতে দেবে না। এককভাবে কোনো দলের পক্ষে সরকার ও আওয়ামী লীগকে মোকাবিলা করাও কঠিন। বিএনপি ও এই ধারণার সঙ্গে একমত পোষণ করা দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা শুরু হলেও তা বহু শর্ত আর চাওয়া-পাওয়ায় আটকে আছে।

খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রতিহিংসার বহির্প্রকাশ : রিজভী-দৈনিক যুগান্তর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

‘খালেদা জিয়ার অসুস্থতা বাহানা। মামলার তারিখ পড়লেই তিনি অসুস্থ হয়ে পড়েন।’- শেখ হাসিনার এ বক্তব্য অমানবিক ও চরম প্রতিহিংসার বহির্প্রকাশ। তিনি খালেদা জিয়ার অসুস্থতাকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন রিজভী।

তিনি বলেন, গতকালও কারা কর্তৃপক্ষ আদালতে রিপোর্ট করেছে- খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তাই তাকে আদালতে হাজির করা যায়নি। সরকারি-বেসরকারি এবং বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা বলছেন- তিনি অসুস্থ। তা হলে খালেদা জিয়ার অসুস্থতাকে নিয়ে শেখ হাসিনা তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারেন?

তিনি আরও বলেন, শেখ হাসিনা যখন কারাগারে ছিলেন, তখন প্রতিদিন শুনতাম তিনি কানে শোনেন না, চোখেও দেখেন না- আরও কত কী। দিব্যি বেসরকারি হাসপাতাল স্কয়ারে নিজের পছন্দের চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন তিনি।

সুতরাং খালেদা জিয়ার অসুস্থতাকে নিয়ে শেখ হাসিনার বক্তব্য বিবেকবর্জিত ও বিনাচিকিৎসায় তার রাজনৈতিক প্রতিপক্ষের জীবনকে সংকটাপন্ন করে দিতে চান বলে জানান তিনি।

কয়লা কেলেঙ্কারি: ১৯ কর্মকর্তার বিরুদ্ধে মামলা-দৈনিক মানবজমিন

বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উধাও

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া খনি থেকে ১লাখ ৪২ হাজার মেট্রিক টন কয়লা গায়েব কেলেঙ্কারির ঘটনায় খনির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী হাবিব উদ্দিন আহমদসহ ১৯ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১২টায় পার্বতীপুর মডেল থানায় দুর্নীতি দমন আইনের ৫ (২) এবং ৪০৯ ধারায় ওই মামলা দায়ের করেছেন খনির ব্যবস্থাপক (প্রশাসন) আনিছুর রহমান। 

কয়লা চুরির ঘটনায় আসামি করা হয়েছে, খনি ব্যবস্থাপনা পরিচালক (বর্তমানে ওএসডি) প্রকৌশলী হাবিব উদ্দিন আহমদ, সাময়িক বরখাস্ত মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খালেদুল ইসলাম, সাময়িক বরখাস্ত উপ-মহাব্যবস্থাপক (স্টোর) আবুল কাশেম প্রধানিয়া, সাবেক মহাব্যবস্থাপক কোম্পানি সচিব মোশারফ হোসেন, ব্যবস্থাপক (এক্সপ্লোরেশন) মাসুদুর রহমান হাওলাদার, ব্যবস্থাপক (জেনারেল সার্ভিসেস) অশোক কুমার হালদার, ব্যবস্থাপক (প্রডাকশন ম্যানেজমেন্ট) আরিফুর রহমান, ব্যবস্থাপক (মেইনটেনেন্স অ্যান্ড অপারেশন) জাহিদুল ইসলাম, ব্যবস্থাপক (ডিজাইন, কন্সট্রাকশন অ্যান্ড মেইনটেনেন্স) একরামুল হক, উপ-ব্যবস্থাপক (সেইফটি ম্যানেজমেন্ট) খলিলুর রহমান, উপ-ব্যবস্থাপক (কোল হ্যান্ডলিং অ্যান্ড ম্যানেজমেন্ট) মোর্শেদুজ্জামান, উপ-ব্যবস্থাপক (মেইনটেনেন্স অ্যান্ড অপারেশন) হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপক (প্রডাকশন ম্যানেজমেন্ট); জাহিদুর রহমান, উপ-ব্যবস্থাপক (মাইন ডেভেলপমেন্ট), সত্যেন্দ্র নাথ বর্মন, সহকারী ব্যবস্থাপক (ভেনটিলেশন ম্যানেজমেন্ট) সৈয়দ ইমাম হাসান, ব্যবস্থাপক (নিরাপত্তা) জোবায়ের আলী, উপ-মহাব্যবস্থাপক (মাইন প্লানিং অ্যান্ড অপারেশন) আব্দুল মান্নান পাটওয়ারী, সাবেক মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) এবং গোপাল চন্দ্র সাহা, মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) এবং কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরীকে।

বড়পুকুরিয়া কয়লা খনির প্রায় ২৩০ কোটি টাকা সমমূল্যমানের ১ লাখ ৪৪ হাজার ৬৪৪ মেট্রিক টন কয়লা ঘাটতি অথবা চুরির সঙ্গে এই ১৯ কর্মকর্তা জড়িত বলে মামলায় অভিযোগ আনা হয়েছে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

মমতা বা মায়াবতীকে প্রধানমন্ত্রী মেনে নিতে রাজি কংগ্রেস-দৈনিক আনন্দবাজার

কংগ্রেসের নবগঠিত ওয়ার্কিং কমিটিতে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করার যে দাবি উঠেছিল সে পথে হাঁটতে রাজি হয়নি দলের শীর্ষ নেতৃত্ব। শুধু জানানো হয় যে, রাহুল গান্ধীই হবেন কংগ্রেসের মুখ। আর যে কোনও পরিস্থিতিতে কংগ্রেস নমনীয় হতে তৈরি। আর তার পরেই বিরোধী শিবিরের মধ্যে ঐক্যের বার্তা দিতে কংগ্রেসের শীর্ষ সূত্রে বলা হয়েছে, বিজেপিকে হারাতে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা মায়াবতীর মতো কাউকে মেনে নিতে দলের আপত্তি নেই। আসলে বিরোধী শিবিরের অনেকেই প্রধানমন্ত্রী হতে আগ্রহী। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন এই তালিকায় রযেছেন তেমনি রয়েছেন মায়াবতীও।

পতিদার আন্দোলনে হিংসার জেরে দু’বছরের কারাদণ্ড হার্দিকের-দৈনিক সংবাদ প্রতিদিন

বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে গোটা দেশের আলো পেয়েছিলেন তরুণ হার্দিক৷ প্যাটেল সম্প্রদায়ের দাবি আদায়ের লক্ষ্যে লাগাতার আন্দোলন চালিয়ে অবশেষে জেলের ঘানি টানতে চলেছেন হার্দিক প্যাটেল৷ শিক্ষা ও চাকরি ক্ষেত্রে পতিদার বা প্যাটেল সম্প্রদায়ের সংরক্ষণের ‘হিংসাত্মক’ আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য হার্দিকের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়৷ অভিযোগ, ২০১৫ সালে পতিদার আন্দোলনের ‘উপকেন্দ্র’ উত্তর গুজরাটের মেহসানা জেলার ভিসানগর সিটিতে বিজেপির অফিসে ভাঙচুর চালানোর অভিযোগে আজ, বুধবার হার্দিককে দু’বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় গুজরাটের বিষ্ণুনগর আদালত৷ দু’বছরের জেলের পাশাপাশি, ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আদালত৷

জিএসটিএন ডুবিয়ে দিচ্ছে-দৈনিক আজকাল

কেন্দ্রীয় সরকার উপযুক্ত পরিকাঠামো ছাড়াই পণ্য পরিষেবা কর তাড়াহুড়ো করে চালু করেছে। শুধু তা–ই নয়, পণ্য পরিষেবা করের নেটওয়ার্কও (‌জিএসটিএন) খুব ত্রুটিপূর্ণ। এটি ঠিক ভাবে কাজ করছে না। ফলে ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যবসা সঙ্কটে। রাজ্যের অর্থমন্ত্রী ড.‌ অমিত মিত্র মঙ্গলবার প্রশ্নোত্তর–পর্বে এ কথা জানিয়েছেন। অর্থমন্ত্রী বলেন, রাজ্য সরকার কেন্দ্রকে বার বার বলেছিল, তাড়াহুড়ো করে পণ্য পরিষেবা কর যেন চালু করা না হয়। কিন্তু তারা শোনেনি। তঁার অভিযোগ, এখন কিছু ছোট ও মাঝারি ব্যবসায়ী ভুয়ো সংস্থা খুলেছে। নিজেদের মধ্যে কেনাবেচা করছে। হাওলার মাধ্যমে টাকা বিদেশে পাঠিয়ে দিচ্ছে। বড় সংস্থাগুলি কনসালট্যান্ট নিয়োগ করতে পারলেও, ছোট ও মাঝারি সংস্থাগুলি পারছে না।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৫