জুলাই ২৬, ২০১৮ ১২:২২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৬ জুলাই বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • শপথ নিলেন গাজীপুরের মেয়র ও কাউন্সিলররা-দৈনিক মানবজমিন
  • দুর্ঘটনার দায় এড়াতে আহত ছাত্রকে নদীতে ফেলে দেন বাসকর্মীরা-দৈনিক প্রথম আলো
  • দেশে চলছে গায়েবী শাসন : রিজভী-দৈনিক নয়া দিগন্ত
  • চারদিকে অস্বস্তিকর পরিবেশ : ফখরুল-দৈনিক যুগান্তর
  • চট্টগ্রামে কথিত বন্দুকযুদ্ধে ৩ ‘মাদক ব্যবসায়ী’ নিহত-দৈনিক ইত্তেফাক

ভারতের শিরোনাম:

  • কৃষি সমিতির ঋণ মেটাতে কিডনি পাচারচক্রের খপ্পরে, সর্বস্বান্ত এগরার বহু কৃষক-সংবাদ প্রতিদিন 
  • দিল্লিতে অনাহারে মৃত্যু এ রাজ্যের ৩ শিশুর-দৈনিক আনন্দবাজার
  • হিন্দুদের পাঁচ সন্তান নীতি গ্রহণ করা উচিত, দাবি বিজেপি বিধায়কের-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

শুরুতে রাজনৈতিক খবর:

সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন চায় ভারত : জাপা-দৈনিক যুগান্তর

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার বলেছেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেছে ভারত। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আগামীতে সরকার গঠনের প্রত্যাশার কথা জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব বলেন, আগামীতে আমরা সরকার গঠন করতে পারব বলে আশা করছি। দৈনিক মানবজমিনসহ প্রায় সব দৈনিকের অনলাইন সংস্করণের খবরে লেখা হয়েছে-শপথ নিয়েছেন গাজীপুরের মেয়র ও কাউন্সিলররা। এনটিভি বিডি অনলাইনের খবরে লেখা হয়েছে, শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘গত নয় বছর ক্ষমতায় থেকে সরকার দেশের যে উন্নয়ন ঘটিয়েছে, তা আগামীতে অব্যাহত রাখতে হবে।’ প্রধানমন্ত্রী নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশে বেশ কিছু দিকনির্দেশনা দেন।

এদিকে রাজনীতি ও নির্বাচন বিষয়ে আইন আদালতের খবরে দৈনিক প্রথম আলোর খবরে লেখা হয়েছে, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে গ্রেপ্তারের বিষয়ে আপিল বিভাগের নির্দেশনা অমান্য করে কোনো রাজনৈতিক দলের নেতা, কর্মী, সমর্থক ও নির্বাচন প্রচারকারীদের হয়রানি ও গ্রেপ্তার না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পুলিশের মহাপরিদর্শক, বরিশালের পুলিশ কমিশনারসহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।

চারদিকে অস্বস্তিকর পরিবেশ : ফখরুল-দৈনিক যুগান্তর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

চারদিকে অস্বস্তিকর পরিবেশ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশটিকে বসবাসের উপযোগী করে গড়ে তোলার জন্য যেমন আমাদের দায়িত্ব রয়েছে, একইভাবে এর জন্য শিশুদেরও তৈরি হওয়ার একটি দায়িত্ব রয়েছে। শাপলাকুঁড়ি-২০১৮' উদ্বোধনী বক্তব্য তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের চারদিকে কেমন জানি অস্বস্তিকর পরিবেশ। আমরা যদি পৃথিবীর দিকে তাকাই তা হলে দেখব- গোটা বিশ্বে- যুদ্ধ, বিদ্রোহ, হত্যা ও অন্যায় চলছে। আমাদের দেশেও খবরের কাগজের পাতা যখন উল্টাই, তখন দেখি শিশুদের ওপর নির্যাতন চলছে।

দুর্ঘটনার দায় এড়াতে আহত ছাত্রকে নদীতে ফেলে দেন বাসকর্মীরা-দৈনিক প্রথম আলো

মর্মান্তিকভাবে নিহত বিশ্ববিদ্যালয় ছাত্র সাইদুর

গত শনিবার রাতের ঘটনা। হানিফ এন্টারপ্রাইজের শীতাতপনিয়ন্ত্রিত বাসে চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে নিখোঁজ হয়েছিলেন সাইদুর। সোমবার গজারিয়ার ভবের চরে নদীতে তাঁর লাশ পাওয়া যায়। ঘটনাটি এরকম যে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট। নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় ‘বাথরুম' পেয়েছে বলে থেমে থাকা বাস থেকে নেমেছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদুর রহমান (পায়েল)। এর মধ্যেই যানজট কিছুটা ছাড়লে বাস এগোতে থাকে। সাইদুর দৌঁড়ে এসে বাসে উঠতে গিয়ে নাকেমুখে আঘাত পান। রক্ত বের হতে থাকে। আহত যাত্রীকে চিকিৎসা দেওয়ার বদলে বাসটির চালক, সুপারভাইজার ও চালকের সহকারী মিলে একটি সেতু থেকে নদীতে ফেলে দেন। দুর্ঘটনার দায় এড়াতে বাসকর্মীরা এমন কাজ করেন বলে বাসটির সুপারভাইজার মো. জনি গতকাল বুধবার মুন্সিগঞ্জের আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। 

আর দৈনিক ইত্তেফাকে দুর্ঘটনার একটি খবরে লেখা হয়েছে- বরগুনায় বাস-অটোরিকশা সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর প্রতিদিনের পত্রিকার পাতায় থাকছেই। এ বিষয়ে আরো বেশি সচেতন হওয়া এবং উদ্যোগ গ্রহণ করা দরকার বলে মনে করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। দৈনিকটির অন্য একটি খবরে মাদকবিরোধী অভিযান সম্পর্কিত খবরের শিরোনাম এরকম যে, চট্টগ্রামে কথিত বন্দুকযুদ্ধে ৩ ‘মাদক ব্যবসায়ী নিহত। খবরটিতে লেখা হয়েছে, চট্টগ্রামের খুলশী থানার রেলগেট এলাকায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। নিহত ব্যক্তিরা মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‍্যাব।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

হিন্দুদের পাঁচ সন্তান নীতি গ্রহণ করা উচিত, দাবি বিজেপি বিধায়কের-দৈনিক আজকাল

ফের বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এলেন বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। এবার তিনি হিন্দু জনসংখ্যা বাড়ানো নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন৷  সুরেন্দ্র সিংয়ের মতে, জনসংখ্যা বাড়াতে হিন্দুদের পাঁচ সন্তান নীতি গ্রহণ করা উচিত৷ তিনি বলেন, ‘হিন্দু স্বামী–স্ত্রীর কম করেও পাঁচ সন্তান থাকা দরকার৷’ সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপি বিধায়ক জানান, দেশে হিন্দুদের জনসংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা গিয়েছে৷ তিনি বলেন,‘সব আধ্যাত্মিক নেতাদের ইচ্ছা যে হিন্দুদের কম করেও পাঁচ সন্তান হোক৷ এই ভাবে জনসংখ্যাকে নিয়ন্ত্রিত করা সম্ভব৷ আর এভাবে হিন্দুত্বকে বাঁচিয়ে রাখা যাবে৷’ জনসংখ্যা বাড়িয়ে কীভাবে তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব, তার কোন ব্যাখ্যা অবশ্য খুঁজে পাচ্ছেন না ওয়াকিবহাল মহ। তবে এই প্রথম নয়৷ এর আগে বিধায়কের বহু মন্তব্য একাধিকবার বিতর্কের সৃষ্টি করেছিল৷

দিল্লিতে অনাহারে মৃত্যু এ রাজ্যের ৩ শিশুর-দৈনিক আনন্দবাজার

দিল্লির কাছে না খেয়ে তিন শিশুর মৃত্যু

সংসদের চৌহদ্দি থেকে মাত্র দশ কিলোমিটার দূরে, পূর্ব দিল্লির মান্ডাবলী এলাকায় খেতে না-পেয়ে মারা গেল তিনটি শিশু। তাদের পরিবার আদতে মেদিনীপুরের বাসিন্দা। ময়নাতদন্তের ভিত্তিতে বুধবার পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই অপুষ্টিতে ভুগছিল তিন শিশুকন্যা। গত সাত দিন কোনও খাবারই জোটেনি তাদের। ঘটনাটি এরকম-পেশায় রিকশাচালক মঙ্গল মেদিনীপুর থেকে দিল্লি আসেন ১৫ বছর আগে। দশ বছর আগে বিয়ে করেন বীণাকে। তাঁদের তিনটি মেয়ে— ৮ বছরের মানসী , ৪ বছরের পারুল ও ২ বছরের শিখা। পুলিশের বক্তব্য, পাঁচ-ছ’বছর ধরে মানসিকভাবে অসুস্থ বীণা। বাচ্চারা যে না-খেয়ে রয়েছে, সেটা তেমনভাবে বুঝতেই পারেননি তিনি। মঙ্গলবার দুপুর থেকেই নেতিয়ে পড়ে তিনটি মেয়ে। তাদের লালবাহাদুর শাস্ত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান, আগেই মৃত্যু হয়েছে তাদের।

কৃষি সমিতির ঋণ মেটাতে কিডনি পাচারচক্রের খপ্পরে, সর্বস্বান্ত এগরার বহু কৃষক-সংবাদ প্রতিদিন

পূর্ব মেদিনীপুরের এগরা থানা এলাকায় গজিয়ে উঠেছে শতাধিক ভুঁইফোড় কৃষি সমবায় সমিতি৷ আর তাদের খপ্পরে পড়ে চড়া সুদে ঋণ নিয়ে সর্বস্বান্ত হচ্ছেন সাধারণ মানুষ৷এগরা এলাকায় বর্তমানে প্রায় ৪২টি এমন সংস্থা রয়েছে বলে স্থানীয় সূত্রে খবর৷ আবার এই মানুষদের সহযোগিতার নামে এলাকায় ঢুকে পড়েছে কিডনি পাচারচক্রের পাণ্ডারা৷ অভিযোগ, মোটা টাকার প্রলোভন দেখিয়ে ঋণগ্রস্ত কৃষকদের টোপ ফেলা হচ্ছে৷ আর অসহায় কৃষকরাও এই ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হচ্ছেন৷ সম্প্রতি, একটি ঘটনা নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়, যখন এগরার বর্ত্তনা গ্ৰামের বাসিন্দা পেশায় পান চাষি নিমাই মাইতির কিডনি বিক্রির খবর প্রকাশ্যে এসেছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৬