জুলাই ২৮, ২০১৮ ১১:৪১ Asia/Dhaka
  • পত্রপত্রিকার পাতার খবরের বিশ্লেষণ
    পত্রপত্রিকার পাতার খবরের বিশ্লেষণ

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৮ জুলাই শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • ইসির চেয়ে বড় ভূমিকায় পুলিশ-দৈনিক প্রথম আলো
  • বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না: আইনমন্ত্রী-দৈনিক যুগান্তর
  • যুগান্তরের অন্য একটি খবরের শিরোনাম-তিন সিটিতে পুলিশি হয়রানির শিকার বিএনপি নেতাকর্মীরা : রিজভী
  • বিভিন্ন স্থানে 'বন্দুকযুদ্ধে' নিহত ৩-দৈনিক ইত্তেফাক
  • ইত্তেফাকের অন্য একটি খবরের শিরোনাম-ধানমন্ডি, সেগুনবাগিচা ও মন্ত্রীপাড়ার ৪৫ শতাংশ বাড়িতে এডিস মশা’
  • ‘আদালত ও ইসির নির্দেশ মানছে না পুলিশ’-দৈনিক মানবজমিন
  • তিন সিটিতে আওয়ামী লীগের মিশন-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • বাংলায় কৃষক আত্মহত্যার ঘটনা নেই, দাবি মুখ্যমন্ত্রীর-দৈনিক সংবাদ প্রতিদিন 
  • বিপদসীমা ছাড়াল যমুনা, উত্তর প্রদেশে ২ দিনে মৃত ৩৩-দৈনিক আজকাল
  • অনাহারে শিশু মরে, নেতারা সস্তায় জিভে জল আহারে-দৈনিক আনন্দবাজার

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. বিএনপির প্রতি জনগণের কোনো আস্থা নেই- একথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যটি সম্পর্কে আপনার মূল্যায়ন কী?

২. পাকিস্তানে সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছেন ইমরান খান। কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন তিনি?

বিশ্লেষণের বাইরের কয়েকটি খবর:

ইসির চেয়ে বড় ভূমিকায় পুলিশ-দৈনিক প্রথম আলো

নির্বাচন কমিশন

সিটি করপোরেশন নির্বাচনগুলোতে পুলিশের ভূমিকাই প্রধান হয়ে উঠছে। নির্বাচন কমিশন (ইসি) নিজেদের ক্ষমতা পুরোপুরি কাজে লাগাতে পারছে না। অনেক ক্ষেত্রে স্থানীয় পুলিশের ওপরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না ইসি। ফলে তিন সিটিতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আবার সিটিগুলোতে আচরণবিধি লঙ্ঘনের ঘটনায়ও কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সাংবিধানিক সংস্থাটি। ফলে নির্বাচনের মাঠে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হচ্ছে না বলে অভিযোগ রাজনৈতিক দলগুলোর।

বাংলাদেশের পুলিশ

সর্বশেষ খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসির ভূমিকা ছিল দুর্বল। পুলিশের গ্রেপ্তার এবং বাড়ি বাড়ি অভিযান চালিয়ে এক পক্ষকে মাঠছাড়া করা, বুথ দখল করে ব্যালটে সিল মারা, বিএনপির প্রার্থীর পোলিং এজেন্টকে কেন্দ্রে ঢুকতে না দেওয়া, এজেন্টদের তুলে নেওয়াসহ বিভিন্ন অনিয়ম দেখা গেছে এই দুই নির্বাচনে। তখন বিএনপি বলেছিল, এ দুটি নির্বাচন আওয়ামী লীগের নেতা-কর্মীরা করেননি, পুলিশ আর ডিবির কিছু লোক করেছে।

নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রাজশাহী, সিলেট ও বরিশাল-এই তিন সিটি নির্বাচনেও একই ধরনের আলামত দেখা যাচ্ছে। ভোটের দিন যত ঘনিয়ে আসছে, পুলিশের তৎপরতা ও ইসির দুর্বলতা তত প্রকাশ্যে আসছে। 

‘আদালত ও ইসির নির্দেশ মানছে না পুলিশ’-দৈনিক মানবজমিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, তিন সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে সন্দেহাতীতভাবে প্রমাণিত হবে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কখনো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী) এর আয়োজনে ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনকালীন নিরোপেক্ষ সরকারের দাবীতে’ এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না: আইনমন্ত্রী-দৈনিক যুগান্তর

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি যদি কোনো দিন ক্ষমতায় আসতে পারে তাহলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। তিনি বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশকে বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে পাকিস্তানকে। তাদের জায়গা পাকিস্তান, তালেবান ও আইএসের দেশে। তাই আগামী নির্বাচনে বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় জনগণকে নৌকা মার্কায় ভোট দেয়ার অনুরোধ করেন মন্ত্রী।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

অনাহারে শিশু মরে, নেতারা সস্তায় জিভে জল আহারে-দৈনিক আনন্দবাজার

ভারতের অনাহারে শিশু মৃত্যু

দরকার নেই। তবু সংসদের ক্যান্টিনে ভর্তুকিতে বিক্রি হয় খাবার। মাংস, মাছ, তরিতরকারি। অথচ সংসদের চৌহদ্দি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অনাহারে মারা যায় তিন শিশুকন্যা! শুধু দিল্লি নয়, সাম্প্রতিক সময়ে অনাহারে মৃত্যু ঘটেছে ঝাড়খণ্ড, ছত্তীসগঢ় ও মধ্যপ্রদেশেও। উন্নয়নের নামে ঢাকঢোল পেটানো হচ্ছে প্রচুর। কিন্তু যাবতীয়  চাকচিক্যের আড়ালে ভারতের  আসল ছবিটি একেবারেই অন্য— বলছে ‘ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট’-এর গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স তথা বিশ্ব ক্ষুধা সূচকের রিপোর্ট। তাতে বলা হয়েছে, এ দেশে অর্ধেকের বেশি শিশু অপুষ্টির শিকার। প্রতি রাতে তারা আধপেটা খেয়ে বা খালি পেটে শুতে যাচ্ছে। 

বাংলায় কৃষক আত্মহত্যার ঘটনা নেই, দাবি মুখ্যমন্ত্রীর-দৈনিক সংবাদ প্রতিদিন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

নানা কারণে গোটা দেশে কৃষক আত্মহত্যার ঘটনা বাড়ছে। মহারাষ্ট্র-রাজস্থানের মতো রাজ্যে ঘটছে এরকম ঘটনা। তবে রাজ্যে কোনও কৃষক আত্মহত্যা করেননি বলেই শুক্রবার বিধানসভায় দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন মুখ্যমন্ত্রী বলেন, অভাব ও অন্যান্য কারণে দেশে ১২ হাজার কৃষক আত্মহত্যা করেছেন। কিন্তু একজন চাষীও এই রাজ্যে আত্মহত্যা করেননি। এদিন কৃষকদের দুরবস্থা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধেও তোপ দাগেন তিনি। বলেন, কেন্দ্র শুধু বড় বড় কথা বলে আর সব ভুল তথ্য দেয়।

বিপদসীমা ছাড়াল যমুনা, উত্তর প্রদেশে ২ দিনে মৃত ৩৩-দৈনিক আজকাল

ভারতে বন্যায়  ২ দিনে ৩৩ জন মারা গেছে

বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা। শনিবার সকালে যমুনার জলস্তর ২০৪.‌৯৬ মিটার ছুঁয়েছে। যেখানে যমুনার বিপদসীমা ২০৪.‌৮৩ মিটার পর্যন্ত। এদিন সকালে হরিয়ানার হাতিনিকুণ্ড বাঁধ কর্তৃপক্ষ প্রথমে ১,৯৩,৬০৭ কিউসেক তারপর বেলার দিকে ৩,১১,১৯০ কিউসেক জল ছেড়েছে। ফলে যমুনা তীরবর্তী নিচু এলাকাগুলিতে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। দিল্লি সরকার যমুনা তীরবর্তী এলাকাগুলিতে বন্যা সতর্কতা জারি করে এলাকা খালি করতে বাসিন্দাদের নির্দেশ দিয়েছে। তার সঙ্গেই শুক্রবার রাতে ভারী বৃষ্টি হওয়ায় শনিবার সকাল রাজধানীজুড়ে তীব্র যানজটে দুর্ভোগ চরমে উঠেছে দিল্লিবাসীর।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৮