জুলাই ২৯, ২০১৮ ১১:৪১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৯ জুলাই রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • তিন সিটিতেই আ.লীগের বিজয় দেখছেন জয়-দৈনিক প্রথম আলো
  • রাজধানীর চারদিকে এলিভেটেড রিং রোড হবে: প্রধানমন্ত্রী-দৈনিক সমকাল
  • শিক্ষার্থীদের ওপর উঠে গেল জাবালে নূর বাস, নিহত ২-দৈনিক যুগান্তর
  • বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজন নেই : ওবায়দুল কাদের-দৈনিক ইত্তেফাক

ভারতের শিরোনাম:

  • গোরক্ষার নামে মুসলিম নিধন বন্ধ হোক, কেন্দ্রকে কটাক্ষ পিডিপি নেতার-সংবাদ প্রতিদিন 
  • ‘দাদা পাঠিয়েছে, টাকা দিতে হবে’ জেলে বসেই তোলাবাজি লেকটাউন-দমদম পার্কে-দৈনিক আনন্দবাজার
  • বিপদসীমার উপরে যমুনা, দিল্লিতে স্থানান্তরিত ১৫০০, উত্তর প্রদেশে মৃত ৬০-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

শুরুতে রাজনৈতিক খবর:

তিন সিটিতেই আ.লীগের বিজয় দেখছেন জয়-দৈনিক প্রথম আলো

সজীব ওয়াজেদ জয় (ফাইল ফটো)

রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনে আগামীকাল সোমবার অনুষ্ঠেয় নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীদের বিজয় দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগবিষয়ক উপদেষ্টা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়। আজ রোববার তাঁর ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে একটি প্রতিষ্ঠানের করা জনমত জরিপের তথ্য তুলে ধরে এই বিজয়ের কথা জানান তিনি। জয় লিখেছেন, ‘আমি যথেষ্ট আস্থা নিয়ে বলতে পারি, বরিশাল ও রাজশাহীতে আওয়ামী লীগের বিপুল বিজয় হবে। সিলেটেও আমরা সামান্য এগিয়ে। তবে সেখানে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে।’ সজীব ওয়াজেদ জয় লিখেছেন, তিনি নির্বাচনের আগে রিসার্চ ডেভেলপমেন্ট সেন্টার (আরডিসি) নামে একটি গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যমে তিন সিটিতে এ জরিপ করান। এই জুলাই মাসেই জরিপটি করা হয় বলে জানান জয়।

বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজন নেই : ওবায়দুল কাদের-দৈনিক ইত্তেফাক

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,  নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপের প্রয়োজন নেই, সময়ও নেই। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী।সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, কোনো শর্ত মেনে আগামী নির্বাচন হবে না। নির্বাচন নিয়ে কারো সঙ্গে সংলাপের সুযোগ নেই, সংলাপের প্রয়োজনও নেই।তিনি আরো বলেন, টেলিফোনে যোগাযোগ করা হলে কঠিন সম্পর্কেরও বরফ গলে। কোনো শর্ত দিলে ফোন দিতে রাজি নই। আমি কল করলে উনি (মির্জা ফখরুল) কল করবেন শর্তযুক্ত। এটা কোনো রাজনৈতিক ভাষা হতে পারে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচন ভালো হবে। কিন্তু বিএনপি যদি না জেতে তাহলে ভালো হবে না। আমি জানি না এই সংস্কৃতি থেকে তারা কবে বেরিয়ে আসবে।’

শিক্ষার্থীদের ওপর উঠে গেল জাবালে নূর বাস, নিহত ২-দৈনিক যুগান্তর

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

রাজধানীর বিমানবন্দর সড়কে অপেক্ষারত একদল কলেজশিক্ষার্থীর ওপর যাত্রীবাহী বাস উঠিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। এতে এক ছাত্র ও এক ছাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া ৮-১০ জন আহত হয়েছেন। তাদের কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল রেডিসনের সামনে অপেক্ষমাণ শিক্ষার্থীদের চাপা দেয় জাবালে নূর (ঢাকা মেট্রো ব-১১৯২৯৭) পরিবহনের একটি বাস।প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সারি লম্বা হচ্ছে। থামছে না কোনোভাবেই দুর্ঘটনা।এর দায় আসলে কে নেবে এমন প্রশ্ন ওঠাটা খুবই স্বাভাবিক। অস্বাভাবিক মৃত্যুর ফলে কত পরিবার অসহায় হয়ে পড়ছে। এই ক্ষত তারা কখনও ভুলতে পারে না। তাই বিষয়টি নিয়ে বাস্তবসম্মত দ্রুতসম্ভব উদ্যোগ গ্রহণ করা উচিত বলে মনে করছে বিশেষজ্ঞরা।

রাজধানীর চারদিকে এলিভেটেড রিং রোড হবে: প্রধানমন্ত্রী-দৈনিক সমকাল

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা( ফাইল ফটো)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এবং যানজট নিরসনে তার ভবিষ্যৎ পদক্ষেপের প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন, সমগ্র ঢাকাকে ঘিরে একটি এলিভেটেড রিং রোড নির্মাণের পরিকল্পনা তার সরকারের রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ‘পুরো ঢাকা ঘিরে একটা রিং রোড করবো। যেটা হবে সম্পূর্ণভাবে এলিভেটেড রিং রোড।’তিনি বলেন, ‘যানবাহন রাস্তা দিয়ে নয়, ওপর দিয়েই যাবে-এইভাবে একটা এলিভেটেড রিং রোড আমরা নির্মাণ করে মানুষের যোগাযোগটা যাতে আরো সহজ হয় সেই ব্যবস্থাও আমরা করে দেব।’শেখ হাসিনা বলেন,‘আমরা ঢাকা মহানগরীর যানজট নিরসনে ২০ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়নের কাজ হাতে নিয়েছি’।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

‘দাদা পাঠিয়েছে, টাকা দিতে হবে’ জেলে বসেই তোলাবাজি লেকটাউন-দমদম পার্কে

ফের গুলির লড়াই, তোলাবাজি, গ্যাংওয়ারের আতঙ্ক কি ফিরে আসছে লেকটাউন-দমদম পার্ক এলাকায়? গত কয়েক মাসে টাকা চেয়ে জেলবন্দি গ্যাংস্টারের একের পর এক ফোন সেই আতঙ্কই জাগিয়ে দিয়েছে এই এলাকার আম আদমি থেকে শুরু করে ব্যবসায়ীদের মনে। দক্ষিণ দমদম পুরসভার ২৮ নম্বর ওয়ার্ড। গত তিন মাসে ওই এলাকার একের পর এক নির্মাণ ব্যবসায়ী ফোন পাচ্ছেন ‘দাদা’-র কাছ থেকে। তিন লাখ থেকে দশ লাখ, বিভিন্ন অঙ্কের টাকার দাবি। আর তা না দিলে ‘উড়িয়ে’ দেওয়ার শাসানি। তাই ‘দাদা’ জেলবন্দি হলেও মনে শান্তি নেই ব্যবসায়ী বা সাধারণ মানুষের।

বিপদসীমার উপরে যমুনা, দিল্লিতে স্থানান্তরিত ১৫০০, উত্তর প্রদেশে মৃত ৬০-দৈনিক আজকাল

Image Caption

লাগাতার ভারী বৃষ্টি হয়েই চলেছে উত্তর ভারতে। তার ফলে এমনিতেই সমুনা সহ সব নদীর জলস্তর বেড়ে গিয়েছে। এদিকে রবিবারো হরিয়ানার হাথিনি কুণ্ড বাঁধ ৫ লক্ষ কিউসেক জল ছেড়েছে। ফলে বিপদসীমা ২০৪.‌৮৩ মিটার ছাড়িয়ে যমুনা বইছে ২০৫.‌৫০ মিটার উপর দিয়ে। পূর্ব দিল্লির জেলাশাসক জানালেন, রবিবার পর্যন্ত যমুনার তীরবর্তী এবং দিল্লির নিচু এলাকা থেকে ১৫০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। স্কুল, কলেজ মিলিয়ে মোট ৫৫০টি ত্রাণ শিবির খোলা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল উপ মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়ার সঙ্গে নিজে পুরো প্রক্রিয়া সম্পর্কে মন্ত্রী, অফিসারদের সঙ্গে যোগাযোগ রাখছেন। সেনাবাহিনীকেও দিল্লি সরকার অনুরোধ করেছে উদ্ধারের জন্য প্রস্তুত থাকতে। 

গোরক্ষার নামে মুসলিম নিধন বন্ধ হোক, কেন্দ্রকে কটাক্ষ পিডিপি নেতার-সংবাদ প্রতিদিন

‘গোরক্ষার নামে মুসলমানদের উপরে অত্যাচার বন্ধ না হলে, আরও একটা দেশ ভাগ দেখবে দেশ৷’ ঠিক এই ভাষাতেই কেন্দ্রের বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিলেন পিডিপি নেতা মুজাফ্ফর হুসেন৷ বললেন, এই তাণ্ডব রোধে এখনই তৎপর বন্ধ হওয়া উচিত প্রশাসনের৷ নেওয়া উচিত কঠোর পদক্ষেপ৷ পাশাপাশি, রাজস্থানের আলোয়ারে গরু পাচারকারী সন্দেহে এক যুবককে পিটিয়ে মারার ঘটনায় কেন্দ্রতে খোঁচা দিতেও ছাড়েননি তিনি৷#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৯