আগস্ট ২৯, ২০১৮ ১৩:২৯ Asia/Dhaka
  • জনকল্যাণের জন্যই রাজনীতি, ভোটের জন্য নয়: শেখ হাসিনা

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৯ আগস্ট বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • জনকল্যাণের জন্যই রাজনীতি, ভোটের জন্য নয়: শেখ হাসিনা- ইত্তেফাক
  • প্রতিষ্ঠাবার্ষিকীতে জনসভার অনুমতি পেল বিএনপি-যুগান্তর
  • দেশে এক্সপেক্টেবল নির্বাচন হবে’-ওবায়দুল কাদের-মানব জমিন
  • দৈনিকটির আরেকটি খবর- ‘ইভিএম নিয়ে নির্বাচন হীন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’- রিজভী
  • খালেদা জিয়া ছাড়া নির্বাচন সম্ভব নয় : দুদু-দৈনিক নয়া দিগন্ত
  • রোহিঙ্গা সংকট অনন্তকাল চলতে পারে না-জাতিসংঘ-কালেরকণ্ঠ

ভারতের শিরোনাম:

  • অভিষেকের মামলা, অমিত শাহকে ব্যাঙ্কশাল কোর্টের সমন-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • ২০১৯ বিজেপি ফিনিশ: মমতা-দৈনিক আজকাল
  • অবশেষে নোট বাতিলের রিপোর্ট পেশ, ব্যর্থতাতেই ‘শিলমোহর আরবিআইয়ের-দৈনিক প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।

জনকল্যাণের জন্যই রাজনীতি, ভোটের জন্য নয়: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর দল জনগণের কল্যাণের জন্যই রাজনীতি করে, তাদের ভোটের জন্য নয়।আজ বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে গোপালগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউট এবং গোপালগঞ্জের পার্শ্ববর্তী ৮ জেলার ২০ উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের রাজনীতি জনকল্যাণের জন্য, ক্ষমতা আমাদের কাছে কোনো ভোগের বস্তু নয়, এটা আমাদের দায়িত্ব। জাতির পিতা সে শিক্ষাই দিয়েছেন।’ তিনি বলেন, রাজনীতি করি জনগণের জন্য। রাজনীতি মানুষের কল্যাণের জন্য। ভোট দেয়া না দেয়া এটা জনগণের অধিকার। কিন্তু জনসেবা করবো,জনগণকে একটু সুখ শান্তি দেব, তাদের রোগে চিকিৎসা দেব, তাদেরকে একটু উন্নত জীবন দেব, তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবো-এটাতো রাজনৈতিক নেতা হিসেবে আমাদের অঙ্গীকার।

প্রতিষ্ঠাবার্ষিকীতে জনসভার অনুমতি পেল বিএনপি

১ সেপ্টেম্বর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসভার অনুমতি পেয়েছে বিএনপি।ওই দিন বিকাল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ জনসভা অনুষ্ঠিত হবে। বুধবার বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার দুপুরে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল ডিএমপি কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে পুলিশের পক্ষ থেকে জনসভা করার অনুমতির বিষয়টি জানানো হয়। প্রতিনিধিদলে শহীদউদ্দিন চৌধুরী এ্যানীসহ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া ও সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ উপস্থিত ছিলেন।

দেশে এক্সপেক্টেবল নির্বাচন হবে

আমি জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সবিনয়ে বলবো সুষ্ঠু নির্বাচনের জন্য আপনাদের আন্দোলনের প্রয়োজন হবে না। দেশে এক্সপেক্টেবল নির্বাচন হবে। আপনারা সেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। আজ বুধবার সকালে রাজধানীর শ্যামলীতে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এ কথা বলেন  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।ওবায়দুল কাদের বলেন, আপনারা যদি গণতান্ত্রিক নিয়ম মেনে অহিংস আন্দোলন করতে চান আমাদের আপত্তি নেই। কিন্তু সহিংস আন্দোলন করলে, জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে সরকার যথাযথ ব্যবস্থা নেবে।

ইভিএম নিয়ে নির্বাচন হীন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত-রিজভী

ইভিএম নিয়ে নির্বাচন কমিশনের তোড়জোড় দূরভিসন্ধিমূলক বলে অভিযোগ করেছন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সরকারীদল ছাড়া নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বিভিন্ন রাজনৈতিকদল, সুধীজন, পেশাজীবী সংগঠনগুলোর অধিকাংশই আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার না করার জন্য মতামত পেশ করেছিল। ইসিও দীর্ঘদিন ধরে বলে এসেছে সব দল না চাইলে ইভিএম ব্যবহার করা হবে না। কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দল ও শ্রেনী পেশার মানুষের মতামতকে উপেক্ষা করে তড়িগড়ি করে আরপিও সংশোধনের মাধ্যমে ইভিএম ব্যবহারের উদ্যোগ ও নানা ষড়যন্ত্রের কথা শুনা যাচ্ছে।  নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১০০ টি আসনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা নিয়েছে ইসি। ইভিএম নিয়ে নির্বাচন কমিশনের তোড়জোড় দূরভিসন্ধিমূলক ও হীন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।

খালেদা জিয়া ছাড়া নির্বাচন সম্ভব নয় : দুদু-দৈনিক নয়া দিগন্ত

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে কোনো নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

আজ বুধবার দুপুরে এক মানববন্ধনে তিনি বলেন, স্বাধীনতার অপর নাম বেগম খালেদা জিয়া। তিনি ন্যায়ের প্রতীক, বাংলাদেশের আদর্শের অপর নাম বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া বাংলাদেশের মানুষের আদর্শ, এ দেশের ছাত্র-ছাত্রী, যুবক, কামার-কুমার, জেলে-তাঁতী-কৃষকের নয়নের মনি। সেই বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখার মানে হচ্ছে এ দেশের গণতন্ত্র ও স্বাধীনতাকে জেলখানায় বন্দি রাখা। তিনি অন্যায় এবং মিথ্যা মামলায় কারাগারে বন্দি থাকবে আর আমরা নির্বাচনে যাবো, বাংলাদেশের মানুষ নির্বাচনে যাবে- এটা কখনো হয়?

রোহিঙ্গা সংকট অনন্তকাল চলতে পারে না-জাতিসংঘ-কালেরকণ্ঠ

রোহিঙ্গা সংকট অনন্তকাল ধরে চলতে পারে না, এই সমস্যার সমাধান করতেই হবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এভাবেই জোরালোভাবে নিজের অবস্থান তুলে ধরলেন সংস্থাটির মহাসচিব অ্যান্তেনিও গুতারেস।মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার এক বছর পূর্তিতে মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গুরুত্বপূর্ণ উন্মুক্ত আলোচনার আয়োজন করা হয়। জাতিসংঘ মহাসচিব গত জুলাই মাসে তাঁর কক্সবাজার সফরের সময় বাস্তুচ্যুত রোহিঙ্গাদের কাছ থেকে যে মর্মস্পর্শী বর্ণনা শুনেছেন, এই সভায় তা তুলে ধরেন তিনি। নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্রের বাইরে এই সভায় বাংলাদেশ ও মিয়ানমারের প্রতিনিধিরা বক্তব্য দেন।

এবার ভারতের কয়েকটি  খবর তুলে ধরছি।

অভিষেকের মামলা, অমিত শাহকে ব্যাঙ্কশাল কোর্টের সমন-দৈনিক আনন্দবাজার পত্রিকা

অমিত শাহকে সমন পাঠাল কলকাতার ব্যাঙ্কশাল আদালত। তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলার পরিপ্রেক্ষিতেই, বিজেপির সর্বভারতীয় সভাপতিকে আগামী ২৮ সেপ্টেম্বর আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিল অষ্টম মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট কোর্ট। বুধবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আইনজীবী সঞ্জয় বসু অমিত শাহর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। অভিষেক নিজেও এ দিন আদালতে গিয়েছিলেন। গত ১১ অগাস্ট বিজেপি সভাপতি অমিত শাহ মেয়ো রোডের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং তৃণমূলের বিরুদ্ধে একগুচ্ছ দুর্নীতির অভিযোগ তোলেন। নারদ, সারদা, রোজভ্যালি-সহ নানা দুর্নীতির অভিযোগের কথা তুলে ধরে তৃণমূলের বিরুদ্ধে আঙুল তোলার পাশাপাশি, অমিত শাহ ‘ভাইপোর দুর্নীতি’ বলেও তোপ দাগেন। অন্য একটি প্রসঙ্গে অমিত শাহ দাবি করেন, কেন্দ্রীয় সরকার বাংলাকে যে ৩ লক্ষ ৫৯ হাজার কোটি টাকা দিয়েছে, তা লুঠে নিয়েছে ‘সিন্ডিকেট' এবং ‘ভাইপো।

২০১৯ বিজেপি ফিনিশ: মমতা-দৈনিক আজকাল

লোকসভা নির্বাচনের আর মাস সাতেক বাকি। সেই ভোটে বিজেপি ‘ফিনিশ’ হয়ে যাবে। মঙ্গলবার দলের ছাত্র সমাবেশে দাঁড়িয়ে প্রত্যয়ের সঙ্গে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরিকপঞ্জির নামে রাজ্যে অশান্তি করতে গেলে কেন্দ্রের শাসকদলকে ‘সবক’ শিখিয়ে দেবেন তাঁরা। এই হুঁশিয়ারির পাশাপাশি রাজ্যে পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে চলতি সন্ত্রাসের নেপথ্যে বিজেপি ও বামেদের বোঝাপড়া নিয়েও অভিযোগ তোলেন তিনি। তবে শুধু প্রতিপক্ষকে নয়, নিজের জীবনের দৃষ্টান্ত দিয়ে দলের ছাত্র সংগঠনকে তিনি আত্মত্যাগ ও আর্থিক বিষয়ে সংযমের পাঠও দিলেন টিএমসিপি’র প্রতিষ্ঠা দিবসের সমাবেশে।

অবশেষে নোট বাতিলের রিপোর্ট পেশ, ব্যর্থতাতেই শিলমোহর আরবিআইয়ের-দৈনিক প্রতিদিন

নোট বাতিলের প্রায় ১৯ মাস পর পেশ হল ফলাফলের হিসেব। কী পেল দেশ, কত কালো টাকা উদ্ধার হল বিমুদ্রাকরণে, নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই এ প্রশ্নের উত্তর খুঁজছিল গোটা দেশ। নোট বাতিলের ফলে প্রায় তিনমাস ব্যাপী যে চরমতম ভোগান্তির শিকার হতে হয়েছিল তা আদৌ কতটা সফল এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল রাজনৈতিক মহলে। এবার উত্তর মিলল প্রায় ১৯ মাস পর। নোট বাতিলের পর যে নোট গোনার প্রক্রিয়া শুরু হয়েছিল তা অবশেষে শেষ। রিপোর্ট পেশ করল আরবিআই।

রিপোর্টে বলা হয়েছে,  বিপুল কাঠখড় পুড়িয়ে, ব্যাপক ঝঞ্জাট করে, শতাধিক প্রাণের বিনিময়ে কালো টাকা হিসেবে বাতিল হয়েছে মোটে ১০ হাজার কোটি টাকা। অথচ সরকারের দাবি ছিল, অন্তত কয়েক লক্ষ কোটি টাকা কালো টাকার কালো টাকা সিস্টেমে রয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২৯