সেপ্টেম্বর ১৫, ২০১৮ ১২:৪৯ Asia/Dhaka
  • প্রতি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ করা হবে: প্রধানমন্ত্রী

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৫ সেপ্টেম্বর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এঐরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • একাদশ সংসদ নির্বাচন;বিএনপির ওপর তীক্ষ্ণ নজর আ.লীগের- দৈনিক প্রথম আলো
  • প্রতি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ করা হবে: প্রধানমন্ত্রী- দৈনিক ইত্তেফাক
  • রাষ্ট্র ক্ষমতা ধরে রাখার অভিপ্রায় নেই: সেতুমন্ত্রী- দৈনিক কালেরকন্ঠ
  • সরকারি দলের চিকিৎসকদের দিয়ে মেডিকেল বোর্ড গঠন দুরভিসন্ধিমূলক: রিজভী- দৈনিক যুগান্তর
  • ডিবি পরিচয়ে তুলে নেয়ার পর নিখোঁজ ৫ ব্যক্তি- দৈনিক মানবজমিন
  • মির্জা ফখরুলের সফরে তোলপাড়-দৈনিক ইনকিলাব
  • মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব আওয়ামী লীগে-দৈনিক নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:

  • শ্রীনগরের হোটেলে বিধ্বংসী আগুন, ক্ষয়ক্ষতির খবর নেই এখনও-আনন্দবাজার পত্রিকা
  • ‌বেকারত্বের হতাশাই বাড়াচ্ছে ধর্ষণ, রেওয়ারিকাণ্ডে মন্তব্য দলীয় বিধায়কের, বিপাকে বিজেপি-দৈনিক আজকাল
  • হিন্দুত্ববাদের বাড়বাড়ন্তে ‘ধর্মনিরপেক্ষ তকমা হারাচ্ছে ভারত

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

কথাবার্তা:

১. ইকোনমিক টাইমসের সম্পাদকীয়:ভারত থেকে অবৈধদের বের করে দেয়াই সমাধান নয়। আপনার অভিমত কী?

২. ইরানের তেল বিক্রি শূন্যের কোঠায় নামানোর পরিকল্পনায় ব্যর্থ হবেন ট্রাম্প- একথা বলেছেন ওপেকে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হোসেইন কাজেমপুর আরদাবিলি। আপনার কী মনে হয়

একাদশ সংসদ নির্বাচন;বিএনপির ওপর তীক্ষ্ণ নজর আ.লীগের-প্রথম আলো

দেশে বৃহত্তর ঐক্যের অংশীদার হওয়ার চেষ্টা, জাতিসংঘের রাজনৈতিক বিভাগের সহকারী মহাসচিব ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে বৈঠক-বিএনপির এই দুই তৎপরতার দিকে তীক্ষ্ণ নজর রাখছে সরকারি দল আওয়ামী লীগ।

সরকারি দলের কেউ কেউ বলছেন, জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে বিএনপির বৈঠক নিয়ে এখনো উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবে যুক্তফ্রন্ট, গণফোরামসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির ঐক্য গড়ে উঠলে আন্তর্জাতিক অঙ্গনে সরকারবিরোধীদের তৎপরতা আরও বাড়বে বলে মনে করছেন তাঁরা। আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্রের দাবি, বিএনপির নিযুক্ত লবিস্টের তৎপরতায় জাতিসংঘের সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকার সঙ্গে বিএনপির নেতাদের বৈঠক হয়েছে। এই বৈঠকের প্রভাব কতটুকু, সেদিকে নজর রাখছে আওয়ামী লীগ। আগামী সপ্তাহেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাবেন। জাতিসংঘের পক্ষ থেকে কোনো জানার বিষয় বা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো আগ্রহের জায়গা থাকলে, তা তখন প্রধানমন্ত্রী অবহিত হবেন। তখন অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ করা হবে: প্রধানমন্ত্রী-ইত্তেফাক

দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকার প্রত্যেক উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের প্রকল্প বাস্তবায়ন করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দর আগামীর জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারসহ সকলকে নিবেদিত প্রাণ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ১০০টির কাজ শুরু করা হয়েছে।

এছাড়া ৪টি সরকারি মহিলা পলিটেকনিক ও ২৩টি বিশ্বমানের নতুন পলিটেকনিক স্থাপনে শিক্ষা মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আজ শনিবার সকালে গণভবনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ২২তম জাতীয় কনভেশনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির ভাষণে এ সব কথা বলেন তিনি। তিনি বলেন, কি পেলাম, কি পেলাম না, তার চিন্তা না করে আগামী প্রজন্ম যেন সুন্দর জীবন পায় সেই লক্ষ্য নিয়ে আমাদের দেশকে আগে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে সকলকে নিবেদিত প্রাণ হয়ে কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি।

 রাষ্ট্র ক্ষমতা ধরে রাখার অভিপ্রায় নেই: সেতুমন্ত্রী-কালেরকন্ঠ

 জোর করে রাষ্ট্র ক্ষমতা ধরে রাখার কোনো অভিপ্রায় আওয়ামী লীগের নেই। শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা আছে। কিন্তু জনগণকে অসম্মান করে বিএনপি বিদেশিদের কাছে গিয়ে নালিশ করেছে। বিএনপি জনগণের আস্থা হারিয়ে দেশকে ছোট করে জাতিসংঘে গিয়ে কান্নাকাটি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির ওয়েবসাইট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের (ফাইল ফটো)

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধ ও আওয়ামী লীগের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে ওয়েব সাইটটি তৈরি করা হয়েছে। মন্ত্রী বিএনপিকে উদ্দেশ করে বলেন, এতো নালিশের মধ্যেও দেশ মানব সুচকে এগিয়েছে। শেখ হাসিনার স্বপ্ন নেক্সট জেনারেশন, আর বিএনপির স্বপ্ন নেক্সট ইলেকশন। বিএনপি ক্ষমতা ছাড়া কিছু বোঝে না। দেশের জনগণের কাছে নালিশ করেন। আপনাদের নালিশ যদি সত্যি হয় তাহলে জনগণ আমাদের ভোট দেবে না। কোনো বিদেশি শক্তি কাউকে ক্ষমতায় বসাতে পারবে না।

সরকারি দলের চিকিৎসকদের দিয়ে মেডিকেল বোর্ড গঠন দুরভিসন্ধিমূলক: রিজভী- দৈনিক যুগান্তর

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষায় সরকারি দলের চিকিৎসকদের দিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  সাবেক এই প্রধানমন্ত্রীকে তার ব্যক্তিগত চিকিৎসকদের স্বাস্থ্য পরীক্ষার সুযোগ না দিয়ে ক্ষমতাসীন দলের চিকিৎসকদের দিয়ে মেডিকেল বোর্ড গঠন দুরভিসন্ধিমূলক বলেও মন্তব্য করেন তিনি। শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এ অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, ক্ষমতাসীনদের অনুগত চিকিৎসকরা খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে প্রথমে শেখ হাসিনাকে রিপোর্ট করবেন, তারপরে শেখ হাসিনা যা বলে দেবেন সেই অনুযায়ী চিকিৎসা চলবে। গুরুতর অসুস্থ ব্যক্তির চিকিৎসা নিয়ে এটি এক চরম তামাশা বলে মন্তব্য করেন বিএনপির এ নেতা। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে ছিনিমিনি খেলার মাসুল একদিন দিতে হবে বলে হুশিয়ার দেন তিনি।

রিজভী বলেন, খালেদা জিয়ার বিপুল জনপ্রিয়তায় ঈর্ষা ও বিদ্বেষের বশবর্তী হয়ে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে জেলে অন্তরীণ করে রেখেছেন অন্যায়ভাবে, সেজন্য দেশনেত্রীর মুক্তির দাবিতে দেশজুড়ে চলছে প্রতিবাদ, বিক্ষোভ।

তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে সরকারের দেয়া মামলা জনগণ বিশ্বাস করে না। সরকার তাই তার অসুস্থতাকে হিংসা চরিতার্থের টার্গেট করেছে।

ডিবি পরিচয়ে তুলে নেয়ার পর নিখোঁজ ৫ ব্যক্তি- দৈনিক মানবজমিন

ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয়ার চার দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ পাঁচ ব্যক্তির। কোথাও সন্ধান মিলছে না এমন অভিযোগে করেছেন তাদের পরিবার। ঢাকার প্রতিটি থানায়, ডিবি অফিসে খোঁজ নিয়েছেন। কিন্তু কেউই নিখোঁজদের বিষয়ে কোন তথ্য দিতে পারছেন না। শনিবার রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা।

নিখোঁজরা হলেন, ঢাকা বারের শিক্ষানবিশ আইনজীবী শাফিউল আলম, হাইটেক বাংলার কর্মকর্তা মনিরুল আলম, বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী মো আবুল হায়াত, ঢাকা কলেজের শিক্ষার্থী শফিউল্লাহ ও ডগাইর ফাজিল মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী মোশাররফ হোসাইন মায়াজ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিখোঁজ শাফিউল আলম ও মনিরুল আলমের মা রমিছা খানম। লিখিত বক্তব্য তারা বলেন, ১২ই সেপ্টেম্বর দিবাগত রাতে প্রথমে আমার দুই সন্তান  ও তার বন্ধু মো আবুল হায়াতকে ঢাকা বিমানবন্দর থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে গেছে। ওইদিন পবিত্র হজ্জ পালন শেষে ঢাকায় পৌছে সন্ধ্যা সাড়ে ৮টায় বিমানবন্দর থেকে বাড়ি ফেরার জন্য আমরা মাইক্রোবাসে উঠি। ঠিক তখনই একদল সাদা পোষাকের লোক অনেক মানুষের সামনে থেকে টানা হেছড়া শুরু করে। তখন আমি চিৎকার শুরু করি।

তা শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে ডিবির পরিচয়ের লোকজন তাদের পরিচয় পত্র ও অস্ত্র দেখিয়ে তাদেরকে নিয়ে যায়, এসময় তাদের অপরাধ জানতে চাইলে তারা কিছুই বলে নাই

মির্জা ফখরুলের সফরে তোলপাড়-দৈনিক ইনকিলাব

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফর করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত মঙ্গলবার রাত ২টায় তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। বৃহস্পতিবার জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল মিরোস্লাভ জেনকার সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব। বৈঠকে তিনি বাংলাদেশের আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার ক্ষেত্রে সহযোগিতা চান। প্রয়োজনে জাতিসংঘের অধীনে নির্বাচনেরও দাবি জানায় বিএনপির প্রতিনিধি দল। মির্জা ফখরুলের এই সফর এবং বৈঠকের পর তোলপাড় শুরু হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গন। সবার আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল বিএনপির সাথে জাতিসংঘ প্রতিনিধির বৈঠকে কি আলোচনা হয়?

জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল মিরোস্লাভ জেনকার এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম

আগে থেকে এই সফরের কোন সংবাদ না থাকায় আওয়ামী লীগ নেতারাও রয়েছে অন্ধকারে। সফর এবং বৈঠক নিয়ে স্বচ্ছ নয়, বরং মনগড়া ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন তারা। বিষয়টি আওয়ামী লীগ ও প্রধান প্রতিদ্ব›দ্বী দল বিএনপির মধ্যে শুরু হয়েছে কথার লড়াইও। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা মির্জা ফখরুলের এই সফরকে ব্যক্তিগত ও ব্যর্থ সফর হিসেবে প্রমাণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কয়েকদিন ধরেই সমলোচনায় মুখর ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-মন্ত্রীরা। তারা বলছেন, দেশের মানুষের আস্থা হারিয়ে নালিশ জানাতেই বিদেশিদের দ্বারস্থ হচ্ছে বিএনপি। অন্যদিকে বিএনপি নেতারা বলছেন, সারা বিশ্বই জানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার আমন্ত্রণে এবং কেন নিউইয়র্ক সফর করছেন। তিনি কোন নালিশ নয়, দেশের বাস্তব চিত্র (অত্যাচার, নির্যাতন, মানবাধিকার লঙ্ঘন) তুলে ধরতে গেছেন। কিন্তু আওয়ামী লীগের চরিত্র হলো তারা মিথ্যাচার করে প্রতিপক্ষকে ছোট করতে চায়। বাস্তবতাকে মিথ্যার আবরণে ঢাকতে চায়। কিন্তু সব সময় তা সফল হয় না।

মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব আওয়ামী লীগে-দৈনিক নয়াদিগন্ত

আগামী নির্বাচনে মনোনয়ন পাওয়া নিয়ে আওয়ামী লীগের তৃণমূলে মনস্তাত্ত্বিক লড়াই চলছে। প্রতি আসনে এমপি প্রার্থী রয়েছেন তিন থেকে সাত জন। নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া নিয়ে যেমন তুমুল প্রতিযোগিতা রয়েছে, তেমনি দীর্ঘ দিনের জিইয়ে থাকা অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে রূপ নিয়েছে। প্রত্যেক প্রার্থী নিজস্ব বলয় তৈরি করে জোর তৎপরতা চালাচ্ছেন। তাদের শক্ত অবস্থান জানান দিতে গিয়ে কখনো কখনো মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকেরা মারামারি, হানাহানি ও সঙ্ঘাতে জড়িয়ে পড়ছেন। বড় আকারে সংঘর্ষে জড়িয়ে প্রতিপক্ষের হাতে খুন হওয়ার মতো নৃশংস ঘটনাও ঘটছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নোয়াখালী-৬ হাতিয়ায় চলছে চরম অরাজকতা। সেখানে গত দুই বছরে কেন্দ্রীয় যুবলীগ নেতাসহ অন্তত আওয়ামী লীগের ১১ নেতাকর্মী খুন হয়েছেন। গত ১৬ এপ্রিল নোয়াখালী-৬ আসনের হাতিয়ায় অভ্যন্তরীণ কোন্দলের বলি হয়েছে পঞ্চম শ্রেণীর মাদরাসা ছাত্র নীরব। নিহত নীরবের বাবা মিরাজ উদ্দিন ও চাচা আওয়ামী লীগ নেতা রাশেদুল ইসলাম নান্টুও গুলিবিদ্ধ হন। আহত রাশেদুল ইসলাম সাংবাদিকদের জানান, স্থানীয় এমপি সমর্থিত সন্ত্রাসীরা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় ওই সন্ত্রাসীরা তার বাড়িতে ঢুকে গোলাগুলি করে।

আগামী নির্বাচনে মনোনয়ন পাওয়া নিয়ে আওয়ামী লীগের তৃণমূলে মনস্তাত্ত্বিক লড়াই চলছে। প্রতি আসনে এমপি প্রার্থী রয়েছেন তিন থেকে সাত জন। নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া নিয়ে যেমন তুমুল প্রতিযোগিতা রয়েছে, তেমনি দীর্ঘ দিনের জিইয়ে থাকা অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে রূপ নিয়েছে। প্রত্যেক প্রার্থী নিজস্ব বলয় তৈরি করে জোর তৎপরতা চালাচ্ছেন। তাদের শক্ত অবস্থান জানান দিতে গিয়ে কখনো কখনো মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকেরা মারামারি, হানাহানি ও সঙ্ঘাতে জড়িয়ে পড়ছেন। বড় আকারে সংঘর্ষে জড়িয়ে প্রতিপক্ষের হাতে খুন হওয়ার মতো নৃশংস ঘটনাও ঘটছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নোয়াখালী-৬ হাতিয়ায় চলছে চরম অরাজকতা। সেখানে গত দুই বছরে কেন্দ্রীয় যুবলীগ নেতাসহ অন্তত আওয়ামী লীগের ১১ নেতাকর্মী খুন হয়েছেন। গত ১৬ এপ্রিল নোয়াখালী-৬ আসনের হাতিয়ায় অভ্যন্তরীণ কোন্দলের বলি হয়েছে পঞ্চম শ্রেণীর মাদরাসা ছাত্র নীরব। নিহত নীরবের বাবা মিরাজ উদ্দিন ও চাচা আওয়ামী লীগ নেতা রাশেদুল ইসলাম নান্টুও গুলিবিদ্ধ হন। আহত রাশেদুল ইসলাম সাংবাদিকদের জানান, স্থানীয় এমপি সমর্থিত সন্ত্রাসীরা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় ওই সন্ত্রাসীরা তার বাড়িতে ঢুকে গোলাগুলি করে।

এবার ভারতের কয়েকটি  খবর তুলে ধরছি।

শ্রীনগরের হোটেলে বিধ্বংসী আগুন, ক্ষয়ক্ষতির খবর নেই এখনও-আনন্দবাজার পত্রিকা

শ্রীনগরের হোটেলে বিধ্বংসী আগুন। শনিবার দুপুর ২টো নাগাদ শ্রীনগরের পাম্পোশ হোটেলে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। সংবাদ সংস্থা সূত্রের খবর, হোটেলের উপরের তলাটি আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

ছয় তলার এই হোটেলে বেশ কয়েকটি বেসরকারি সংস্থার অফিস রয়েছে। এমনকি শ্রীনগরের বেশ কয়েকটি বেসরকারি খবরের চ্যানেলের অফিসও রয়েছে এখানে।  শ্রীনগরের রিগাল চকের কাছে এই হোটেলেটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত।

আগুনের খবর পাওয়ার পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। তবে আগুন লাগার ঘটনায় কোনও হতাহতের খবর নেই। দমকল কর্মীরা হোটেলের ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখছেন।

বেকারত্বের হতাশাই বাড়াচ্ছে ধর্ষণ, রেওয়ারিকাণ্ডে মন্তব্য দলীয় বিধায়কের, বিপাকে বিজেপি-দৈনিক আজকাল

হরিয়ানার রেওয়ারিতে সিবিএসই বোর্ডের প্রথম স্থানাধিকারীকে গণধর্ষণের ঘটনায় এমনিতেই বিপাকে বিজেপি। ঘটনার তিন দিন পরেও কেউ গ্রেপ্তার হয়নি। দেশজুড়ে তীব্র নিন্দার ঝড় বইছে মনোহরলাল খট্টরের সরকারের বিরুদ্ধে।

হরিয়ানার উচনা কেন্দ্রের বিধায়ক প্রেমলতা

এর উপর তাদের নিজেদের বিধায়কের মন্তব্যে আরও ফ্যাসাদে পড়েছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার। হরিয়ানার উচনা কেন্দ্রের বিধায়ক প্রেমলতা, রেওয়াড়ি গণধর্ষণ মামলা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, দেশে সেভাবে কর্মসংস্থান নেই। বাড়ছে বেকারত্ব। তার জ্বালায় হতাশাগ্রস্ত হয়ে পড়ছে দেশের যুবসমাজ। তাই এধরনের অপরাধ ঘটাচ্ছে তারা। রেওয়াড়িকাণ্ডে অভিযুক্তদের সন্ধান দিলে এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে প্রশাসন।

হিন্দুত্ববাদের বাড়বাড়ন্তে ধর্মনিরপেক্ষ তকমা হারাচ্ছে ভারত-দৈনিক সংবাদ প্রতিদিন

ততার সঙ্গে ভারতে বৃদ্ধি পাচ্ছে হিন্দুত্ববাদের জিগির৷ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে হিন্দুত্ববাদকে৷ গত দশবছরে দেশে প্রবল ভাবে মাথাচাড়া দিয়েছে এই মতবাদ৷ ফলে ধ্বংস হচ্ছে ভারতের ‘ধর্মনিরপেক্ষ’ অবস্থান৷ সম্প্রতি এমনই চাঞ্চল্যকর রিপোর্ট জমা পড়েছে মার্কিন কংগ্রেসে৷

রিপোর্টে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেই এই হিন্দুত্বের বীজবপন করার কাজ করছে একটা অংশ৷ ফলে সোশ্যাল মিডিয়ার এই কুপ্রভাব থেকে সাবধান থাকতে বলে হয়েছে নাগরিকদের৷ দেশের বাড়তে থাকা উগ্র হিন্দুত্ববাদ নিয়ে বারবারই সরব হতে দেখা গিয়েছে দেশের বুদ্ধিজীবী মহলকে৷ মার্কিন কংগ্রেসের এই রিপোর্ট তাঁদের সেই দাবিতেই মান্যতা দিল বলে মনে করা হচ্ছে৷

তো শ্রোতাবন্ধুরা! কথাবার্তার আজকের আসর এ পর্যন্তই। এ আসর নিয়ে আবার আমরা হাজির হব আগামীকাল।#

পার্সটুডে/বাবুল আখতার/১৫

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন