ইভিএম ব্যবহারের পক্ষে মত জানালেন শেখ হাসিনা
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৯ সেপ্টেম্বর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- সমাবেশের অনুমতি পেল বিএনপি-দৈনিক প্রথম আলো
- হবিগঞ্জে ১৮ ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, জামায়াত নেতা আটক: বলেছেন শেখ হাসিনা-দৈনিক ইত্তেফাক
- পদ্মা সেতুর নাম হবে 'শেখ হাসিনা সেতু' : সেতুমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ
- ইভিএম ব্যবহারের পক্ষে মত জানালেন শেখ হাসিনা-দৈনিক যুগান্তর
- জেল দিয়ে মনোবল ভাঙা যাবে না’-দৈনিক মানবজমিন
- সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর সমন্বয়ে নির্বাচনকালীন সরকার: প্রধানমন্ত্রী-দৈনিক নয়াদিগন্ত
ভারতের শিরোনাম:
- লখনউয়ে তথ্যপ্রযুক্তি কর্মীকে গুলি করে মারল পুলিশ- দৈনিক আনন্দবাজার পত্রিকা
- দ্বিতীয় বর্ষপূর্তিতে পাকিস্তানে ফের সার্জিক্যাল স্ট্রাইক? ইঙ্গিত মিলল স্বরাষ্ট্রমন্ত্রীর গলায়-দৈনিক আজকাল
- নিশানায় লাভ জেহাদ! অক্টোবরেই ধর্ম যোদ্ধা নিয়োগ বিশ্ব হিন্দু পরিষদের-দৈনিক এই সময়
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
কথাবার্তা:
১. সংসদে প্রতিনিধিত্বকারীদের নিয়ে সরকার হতে পারে- নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবরটিকে আপ কীভাবে দেখছেন?
২. ‘আরব-ন্যাটো’ গঠনের চেষ্টা করছে আমেরিকা এবং এজন্য নিউ ইয়র্কে কয়েকটি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। প্রশ্ন হচ্ছে- এ ধরনের জোট গঠন সম্ভব কিনা এবং এর মূল লক্ষ্য কী বলে আপনি মনে করেন?
জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারো ধন্যবাদ
সমাবেশের অনুমতি পেল বিএনপি-দৈনিক প্রথম আলো
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল রোববার সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ২২ শর্তে সমাবেশের অনুমতি দিয়েছে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সমাবেশের অনুমতি নিতে ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করে বিএনপির দুই সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধিদলে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী ও সহসাংগঠনিক সম্পাদক আবসুদ সালাম আজাদ ছিলেন। এ বিষয়ে শহীদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, সমাবেশের জন্য ডিএমপি অনুমতি দিয়েছে। আগামীকাল বেলা একটা থেকে বিএনপির সমাবেশ শুরু হবে। বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সমাবেশ শেষ করার পরিকল্পনা আছে। ২৪ সেপ্টেম্বর বিএনপি ও আওয়ামী লীগ একই সঙ্গে ২৯ সেপ্টেম্বর সমাবেশ করার ঘোষণা দেয়। পরে ২৯ তারিখ বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। এরপর বিএনপি ৩০ তারিখ সমাবেশ করার অনুমতি চাইলে পুলিশ তাদের সমাবেশ করার অনুমতি দেয়। আজ বেলা তিনটায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে নাগরিক সমাবেশ করবে ক্ষমতাসীন ১৪–দলীয় জোট।
হবিগঞ্জে ১৮ ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, জামায়াত নেতা আটক: বলেছেন শেখ হাসিনা-দৈনিক ইত্তেফাক
হবিগঞ্জের মাধবপুরে শুক্রবার দিবাগত রাতে ১০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় উপজেলা জামায়াতের সভাপতি নজরুল ইসলামকে আটক করা হয়।
এদিকে, বানিয়াচং উপজেলার ১নং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ ৮টি পেট্রোল বোমা ও ১০টি লোহার রড উদ্ধার করেছে।
পুলিশ জানায়, মাধবপুর উপজেলার খড়কি গ্রামে বিএনপি-জামায়াত গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নেতাকর্মীরা পালিয়ে যায়। এসময় উপজেলা জামায়াতের সভাপতি নজরুল ইসলামকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে ১০টি সতেজ ককটেল উদ্ধার করা হয়েছে। মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা নাশকতার জন্য গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালালে তারা পালিয়ে যায়। তারা উদ্ধারকৃত ককটেলগুলো নাশকতার জন্য জমা করেছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বানিয়াচং থানার ওসি (তদন্ত) আব্দুল কাইয়ুম জানান, উপজেলা কৃষকদল শনিবার সকালে ১নং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে একটি সভার আহ্বান করে। সেখান থেকে পুলিশ ৮টি পেট্রোল বোমা ও ১০টি লোহার রড উদ্ধার করেছে। উদ্ধারকৃত পেট্রোল বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
পদ্মা সেতুর নাম হবে 'শেখ হাসিনা সেতু' : সেতুমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ
পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা পদ্মা সেতু’ হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পদ্মা সেতু এলাকা সফরকালে আজ মুন্সীগঞ্জের মাওয়ায় সেতুমন্ত্রী একথা জানিয়েছেন। আজ শনিবার দুপুরে মাওয়ায় সেতুমন্ত্রী সাংবাদিকদের বলেন, ১৩ অক্টোবর সেতুর নির্মাণকাজ দেখতে যাবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ৬০ ভাগ নির্মাণ কাজের ঘোষণা দেবেন। এছাড়া তিনি রেল সংযোগ প্রকল্পেরও উদ্বোধন করবেন বলেও জানান সেতুমন্ত্রী। মন্ত্রী বলেন, পদ্মা সেতুর সার্বিক কাজের ৫৯ শতাংশ অগ্রগতি হয়েছে। আর মূল সেতুর ৭০ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে।
এর আগে গত ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে ঢাকা ফিরছিলেন। পথে তিনি স্বপ্নের পদ্মা সেতুর অগ্রগতি দেখেন আকাশ থেকেই।
উল্লেখ্য, পদ্মা সেতু নির্মাণের কাজ এখন চলমান রয়েছে। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর জাজিরা প্রান্তের ৩৭ ও ৩৮ নম্বর পিয়ারে পদ্মা সেতুর প্রথম স্প্যানটি বসানো হয়।
ইভিএম ব্যবহারের পক্ষে মত জানালেন শেখ হাসিনা-দৈনিক যুগান্তর
আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে সরকারের পরিকল্পনার কথা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার স্থানীয় সময় সকালে নিউ ইয়র্কের গ্রান্ড হায়াত হোটেলে তিনি সৌজন্য সাক্ষাতে এলে তাদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠক শেষে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে, রোহিঙ্গা নিয়ে, আমাদের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, তারা চায় আমাদের দেশে গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত থাকুক। নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক আর আমাদের নির্বাচনের পদ্ধতির ব্যাপারে আলোচনা করেছি। ইভিএম একটা প্রকল্প আমরা পাস করে দিয়েছি। আমি বলেছি, আমরা চাই, এভিএমটা ব্যবহার হোক।
জেল দিয়ে মনোবল ভাঙা যাবে না’-দৈনিক মানবজমিন
জেল দিয়ে সাংবাদিক শহিদুল আলমের মনোবল ভেঙে দেয়া যাবে না। তার সঙ্গে শুক্রবার সাক্ষাত শেষে এ কথা বলেছেন তার স্ত্রী রেহনুমা আহমেদ। বাংলাদেশী এই প্রখ্যাত ফটোসাংবাদিক ও অধিকারকর্মী শহিদুল আলমের জেল নিয়ে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ ও এর বাইরে ক্রমেই ক্ষোভ বাড়ছে। অনলাইন আল জাজিরার খবরে এসব কথা বলা হয়েছে। এতে বলা হয়, রেহনুমা আহমেদ বলেছেন, শহিদুল আলমের সাহস, উদ্যম অটুট রয়েছে। তিনি নিয়মিত জগিং করছেন এবং শরীরচর্চা করছেন। তার ভাষায়, তাকে আমি যত তাড়াতাড়ি বই সরবরাহ দিই তার চেয়ে আগেই সে তা পড়ে শেষ করে ফেলছে জেলের ভিতরে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে (আইসিটি) ৫০ দিনেরও বেশি সময় ঢাকার জেলখানায় বন্দি সাংবাদিক শহিদুল আলম।
সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর সমন্বয়ে নির্বাচনকালীন সরকার: প্রধানমন্ত্রী-দৈনিক নয়াদিগন্ত
সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর প্রতিনিধিত্বের সমন্বয়ে নির্বাচনকালীন সময়ে সরকার গঠন করা হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রবিশন সংবিধানে নেই বলে জানান প্রধানমন্ত্রী। শুক্রবার দুপুরে নিউ ইয়র্কস্থ বাংলাদেশের স্থায়ী মিশনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ডিজিটাল আইন সংসদে পাশ হয়েছে তা শিথিল করার সুযোগ নেই বলে সাফ জানিয়েছেন প্রধানমন্ত্রী।
সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্ব জুড়ে ছিল ডিজিটাল নিরাপত্তা আইন। এসময় প্রধানমন্ত্রী জানান, সাংবাদিকরা যদি অপরাধ করে তাহলে তাদের কেন শাস্তি হবে না। সাংবাদিকরা যদি সাংবাদিকরা ইয়োলো জার্নালিজম না করে, অপপ্রচার না চালায় তাহলে তাদের চিন্তা থাকার কথা নয়। প্রধানমন্ত্রী আরো বলেন, বিমানের উন্নয়ন হলো, নতুন বিমান কেনা হয়েছে। দেখা গেল ওই বিমানের বিরুদ্ধে তথ্য বিকৃত করে রিপোর্ট করা হলো। সংশ্লিষ্ট অফিসারকে হেনস্তা করা হলো। এটা কোন ধরণের সাংবাদিকতা। তিনি আরো বলেন, অপরাধ করলে রাজনীতিবিদদের শাস্তি হবে কিন্তু সাংবাদিকদের কেন শাস্তি হবে না। প্রধানমন্ত্রী আরো বলেন , সোস্যাল মিডিয়ার মাধ্যমে পর্নগ্রাফি হচ্ছে। অস্থিরতা সৃষ্টির জন্য উস্কানি দেয়া হচ্ছে। শুধু তাই বিদেশি চ্যানেলে সাক্ষাতকার দিয়ে উস্কানী দেয়া হচ্ছে। এটা কেমন ধরণের সাংবাদিকতা।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি।
লখনউয়ে তথ্যপ্রযুক্তি কর্মীকে গুলি করে মারল পুলিশ-আনন্দবাজার পত্রিকা
আবারও প্রশ্নের মুখে উত্তরপ্রদেশ পুলিশের ভূমিকা। রাজ্যে এনকাউন্টারের ঘটনা নিয়ে এমনিতেই পুলিশ প্রশাসন অস্বস্তিতে রয়েছে। শুক্রবার রাতের একটি ঘটনা সেই অস্বস্তি এক ধাক্কায় আরও বাড়িয়ে দিল। শুধুমাত্র সন্দেহের বশে তথ্যপ্রযুক্তি সংস্থার এক কর্মীকে গুলি করে মারার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে লখনউয়ে। মৃতের নাম বিবেক তিওয়ারি (৩৮)।
পুলিশ জানিয়েছে, এক মহিলা সহকর্মীকে নিয়ে এসইউভি চালিয়ে আসছিলেন ওই ব্যক্তি। গোমতীনগর এক্সটেনসনের কাছে বাইকে করে দুই পুলিশকর্মী টহল দিচ্ছিলেন। গাড়িটিকে থামাতে বলেন তাঁরা। কিন্তু আরোহী গাড়িটিকে না থামিয়ে পুলিশের বাইকে ধাক্কা মারে। এরপর পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে সে মারা যায়।
দ্বিতীয় বর্ষপূর্তিতে পাকিস্তানে ফের সার্জিক্যাল স্ট্রাইক? ইঙ্গিত মিলল স্বরাষ্ট্রমন্ত্রীর গলায়-দৈনিক আজকাল
পাকিস্তানের সীমান্ত পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইকের মতই বড় কিছু করেছে ভারতীয় সেনা। সার্জিক্যাল স্ট্রাইকের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে এমনই ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে এসে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দু–তিনদিন আগে কিছু একটা ঘটনা ঘটেছে এবং সেটা দেশের পক্ষে ভাল। তবে ভারতীয় সেনা ঠিক কি করেছে সেই বিশদ ব্যাখায় যাননি রাজনাথ সিং। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় এটা স্পষ্ট যে বিনা প্ররোচনায় বিএসএফ জওয়ানের খুনের বদলা নিতে সীমান্তের ওপারে গিয়ে প্রত্যাঘাত করেছে বিএসএফ জওয়ান। সম্প্রতি পাকিস্তানের হাতে নিহত বিএসএফ হেড কনস্টেবল নরেন্দ্র সিংয়ের ঘটনা নিয়ে রাজনাথ সিং জানান, তিনি সবসময় ভারতীয় সেনাদের উদ্দেশ্যে বলে এসেছেন গুলি না চালাতে। কিন্তু পাকিস্তান যদি তাদের সীমা অতিক্রম করে গুলি চালায় তবে ভারতেরও গুলি চালনা থামবে না।
বিজেপির বনধকে বেআইনি ঘোষণার দাবি, হাই কোর্টে তৃণমূল সাংসদের জনস্বার্থ মামলা-দৈনিক সংবাদ প্রতিদিন
গো-রক্ষা ছিলই, এবার প্রেম ও বিয়ের উপর নজরদারি চালু করতে চলেছে বিশ্ব হিন্দু পরিষদ (VHP)। 'হিন্দু ধর্ম' রক্ষায় 'লাভ জেহাদ'-এর বিরুদ্ধে প্রচারের পাশাপাশি এবার নজরদারি চালাবে তারা। আর সে জন্যই 'ধর্ম যোদ্ধা'দের নিয়োগ করবে VHP।
এই ধর্ম যোদ্ধারা গো-হত্যা, ধর্মান্তকরণ এবং লাভ জেহাদের মতো ঘটনার উপর নজরদারি রাখার পাশাপাশি তা প্রতিহত করবে। সেইমতো কর্মী নিয়োগে দলের সমর্থকদের নির্দেশ দিয়েছে VHP নেতৃত্ব।
'মূল লক্ষ্য হল, আমাদের সংস্কৃতি রক্ষায় সম্পূর্ণভাবে নিয়োজিত হতে পারবে এমন ব্যক্তিদের পাশে পাওয়া। এরমাধ্যমে যুবদের মধ্যে জাতীয়তাবাদের ভাবনা সৃষ্টি করা হবে। ধর্ম যোদ্ধারা কোনও হিংসার সঙ্গে যুক্ত থাকবেন না।' TOI-কে এমনই জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের জাতীয় মুখপাত্র বিনোদ বনসল।
তিনি আরও জানিয়েছেন, অক্টোবর থেকেই নিয়োগ শুরু হবে। সেই মতো প্রস্তুতি শুরু করে দিয়েছেন VHP কর্মীরা। গ্রাম, ব্লক ও জেলা স্তর থেকে ধর্ম যোদ্ধা খুঁজে আনবে বিশ্ব হিন্দু পরিষদ। পাশাপাশি যে যে মন্দিরের 'নিরাপত্তা যথেষ্ট নয়', তা সম্পর্কেও বিশদ তথ্য চেয়েছে VHP নেতৃত্ব।
যদিও লোকসভা ভোটের আগে এই উদ্যোগকে 'উগ্র সাম্প্রদায়িক' প্রবণতা সৃষ্টির মাধ্যমে ভোটব্যাংক-মেরুকরণের প্রয়াস হিসেবে দেখছে রাজনৈতিক মহলের একাংশ।#
শ্রোতবন্ধুরা! আপনাদের সবার জন্য শুভকামনা করে কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।
পার্সটুডে/বাবুল আখতার/২৯
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন