অক্টোবর ০১, ২০১৮ ১৩:৫৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১ অক্টোবর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • আ.লীগ সাধারণ সম্পাদক  প্রলাপ বকছেন-বললেন রিজভী-দৈনিক কালের কণ্ঠ
  • আত্মতুষ্টিতে থাকলে পতন অনিবার্য- প্রধানমন্ত্রী- দৈনিক প্রথম আলো
  • ডিজিটাল নিরাপত্তা আইন-যাদের মিথ্যা সংবাদ ছাপানোর উদ্দেশ্য নেই, তাদের ভয়েরও কিছু নেই: জয়-দৈনিক যুগান্তর
  • জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ বিজয়ী হবে: কাদের-দৈনিক ইত্তেফাক 
  • ‘আগ্রাসন চালিয়ে বাংলাদেশ দখল করে নেয়া উচিত ভারতের’-দৈনিক মানবজমিন
  • তত্ত্বাবধায়ক সরকার গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • বেকারের হার ২০ বছরের মধ্যে সর্বোচ্চ-শ্রমজীবীদের মজুরি তলানিতে-দৈনিক গণশক্তি
  • রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দরকার:‌ রাজনাথ সিং-দৈনিক আজকাল
  • নিউইয়র্কের ফ্ল্যাট-সহ নীরব মোদীর ৬৭৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি-দৈনিক আনন্দবাজার
  • কিডনি পাঁচার চক্রের পর্দা ফাঁস-গ্রেফতার এক মহিলা-বেঙ্গলটুডে

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. ঋণখেলাপির ঘটনায় ৩,৪৪৫ কোটি টাকা আদায়ে ক্রিসেন্ট গ্রুপের সম্পদ নিলামে তুলেছে জনতা ব্যাংক। প্রশ্ন  হচ্ছে- কেন এই পরিণতি?

২. ইরানে হামলায় জড়িত সন্ত্রাসী কমান্ডারদের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে আইআরজিসি। কীভাবে দেখছেন বিষয়টিকে?

বিশ্লেষণের বাইরের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর


আত্মতুষ্টিতে থাকলে পতন অনিবার্য: প্রধানমন্ত্রী-দৈনিক কালের কণ্ঠ

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

বাংলাদেশ বিশ্বদরবারে মর্যাদার আসনে উপনীত হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এতে আত্মতুষ্টিতে থাকার সুযোগ নেই। নেতা-কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আত্মতুষ্টিতে থাকার কোনো সুযোগ নেই...আত্মতুষ্টিতে থাকলে পতন অনিবার্য। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফেরার পর আজ সোমবার সকালে গণভবনে আওয়ামী লীগ নেতা-কর্মীদের তাৎক্ষণিকভাবে দেওয়া এক সংবর্ধনায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

মিয়ানমারের প্রায় ১০ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় প্রদানের স্বীকৃতিস্বরূপ ইন্টারপ্রেস সার্ভিসেস নিউজ এজেন্সির ‘ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ ও রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে দূরদর্শী নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ গ্লোবাল হোপ কোয়ালিশনের বোর্ড অব ডিরেক্টরসের ২০১৮ সালের ‘আউটস্ট্যান্ডিং লিডারশিপ’ অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রিজভী বললেন, আ.লীগ সাধারণ সম্পাদক প্রলাপ বকছেন-দৈনিক প্রথম আলো

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ

বিএনপির গতকাল রোববারের ঢাকার জনসভা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন, সেটিকে ‘প্রলাপ’ বলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিজভী।
গতকাল বিকেলে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করে বিএনপি। জনসভায় ৭ দফা ও ১২টি লক্ষ্য উত্থাপন করে দলটি। এর পরপরই ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সভার বিষয়ে প্রতিক্রিয়া জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি সেখানে বলেন, ‘বিএনপির এই সমাবেশের উপস্থিতি হতাশাজনক। এই উপস্থিতি দেখে মনে হয়েছে, জনগণ বিএনপির সঙ্গে নেই। এই দলটি ক্রমেই সংকুচিত হচ্ছে।’

ডিজিটাল নিরাপত্তা আইন-যাদের মিথ্যা সংবাদ ছাপানোর উদ্দেশ্য নেই, তাদের ভয়েরও কিছু নেই: জয়-দৈনিক যুগান্তর

সজীব ওয়াজেদ জয়

সংসদে পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা বিল-২০১৮ এর ৯টি ধারা নিয়ে সম্পাদক পরিষদের উদ্বেগ ও দাবির কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, যেসব সাংবাদিকের মিথ্যা সংবাদ ছাপানোর উদ্দেশ্য নেই, তাদের ভয়েরও কিছু নেই।সজীব ওয়াজেদ জয় তার ভেরিফাইড ফেসবুক পেজে এ কথা বলেন। জাতীয় সংসদে সদ্য পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে গতকাল রোববার নিজের মতামত তুলে ধরেন তিনি।

‘আগ্রাসন চালিয়ে বাংলাদেশ দখল করে নেয়া উচিত ভারতের’-দৈনিক মানবজমিন

বিজেপির সিনিয়র নেতা ও রাজ্যসভার এমপি সুব্রামানিয়া স্বামী

যদি হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ না হয় তাহলে বাংলাদেশে আগ্রাসন চালিয়ে দখল করে নেয়া উচিত ভারতের। এমন মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সিনিয়র নেতা ও রাজ্যসভার এমপি সুব্রামানিয়া স্বামী। তিনি রোববার ত্রিপুরায় এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। এ সময় তিনি বেশ কিছু ইস্যুতে কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাবে ভারত। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচিত সতর্ক হওয়া।

তত্ত্বাবধায়ক সরকার গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট-দৈনিক নয়া দিগন্ত

হাইকোর্ট

জাতীয় নির্বাচনের আগে জাতীয় সংসদ ভেঙে দিয়ে নতুনভাবে এবং নতুন আঙ্গিকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এই রিট দায়ের করেন।বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি আজ শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে বলে তিনি জানিয়েছেন।

সিনহার ভাইয়ের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক-দৈনিক প্রথম আলো

মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থ পাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়ে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দিয়েছে সংস্থাটি।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য অনুসন্ধানের বিষয়টি নিশ্চিত করেছেন।দুদক সূত্র জানায়, অনন্ত কুমার সিনহা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে ২ লাখ ৮০ হাজার ডলারে (বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি ৩০ লাখ) বাড়ি কিনেছেন বলে অভিযোগ রয়েছে। চার হাজার বর্গফুটের ওই বাড়িতে বিচারপতি সিনহা থাকেন বলে দুদকের কাছে তথ্য রয়েছে। এ ছাড়া অনন্ত সিনহার বিরুদ্ধে অর্থ পাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও খতিয়ে দেখবে দুদক।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দরকার:‌ রাজনাথ সিং-দৈনিক আজকাল

রাজ্যগুলিতে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে। সোমবার নবান্নে ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথাই বললেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ভোটের সময় নির্বাচন কমিশনের নির্দেশ এবং রাজ্যের দাবি মতো কেন্দ্রীয় বাহিনী পাঠাতে হয়। পরে অন্য প্রয়োজনে সেই বাহিনীকে প্রত্যাহার করতে হয় কেন্দ্রকে। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর দরকার আছে রাজ্যগুলিতে। প্রসঙ্গত, দীর্ঘ দিন ধরেই মমতা দাবি করে আসছিলেন, রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সমস্যা মোকাবিলায় কেন্দ্রীয় বাহিনীর দরকার রয়েছে। কিন্তু কেন্দ্র তাতে আমল না দিয়ে দার্জিলিং থেকে প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার করে নেয়। এইন রাজনাথের মন্তব্য মমতার সেই দাবিকেই সমর্থন জানাল।

মধ্যবিত্তের হেঁসেলে কোপ, রান্নার গ্যাসের দাম বাড়ল ৫৯ টাকা-এইসময় অনলাইন

Image Caption

পেট্রোল ডিজেলের পর এবার রান্নার গ্যাসও দুর্মূল্য হতে শুরু করেছে রান্নার গ্যাসও।এক ধাক্কায় ৫৯ টাকা দাম বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের।  বছরে ১২টি সিলিন্ডারে ভর্তুকি দেয় সরকার। তার বেশি রান্নার গ্যাসের সিলিন্ডারের প্রয়োজন হলে পুরো দাম দিতে হয় গ্রাহকদের। ভর্তুকিযুক্ত এই রান্নার গ্যাসের দামও বেড়েছে। সিলিন্ডার প্রতি দাম বাড়ানো হয়েছে ২.‌৮৯ টাকা। ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৫০২ টাকা।  অক্টোবর থেকেই এই বর্ধিত দামে সিলিন্ডার বিক্রি করা হবে বলে জানানো হয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে বিশব বাজারে দাম বৃদ্ধির কারণেই এই এইমূল্য বৃদ্ধি হয়েছে। উৎসবের মুখে জ্বালানির দামবৃদ্ধিতে সংকট বাড়বে মধ্যবিত্তের।

নিউইয়র্কের ফ্ল্যাট-সহ নীরব মোদীর ৬৭৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি-দৈনিক আনন্দবাজার

নীরব মোদি

ভারত, ব্রিটেন, আমেরিকাসহ মোট পাঁচটি দেশে অভিযান চালিয়ে নীরব মোদীর ৬৩৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট (ইডি)। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে বহুমূল্য গয়না, বিলাসবহুল বাড়ি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ইডি সূত্রে জানানো হয়েছে, নীরবের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠার পরেই কয়েক কোটি টাকার গয়না বিদেশে পাচার করে দেন তিনি। কোথায় তা পাচার করা হয়েছিল, সেটা নিয়ে তদন্ত করছিল তারা

বেকারের হার ২০ বছরের মধ্যে সর্বোচ্চ-শ্রমজীবীদের মজুরি তলানিতে-দৈনিক গণশক্তি

ভারতে ১৬ শতাংশ যুবক বেকার।আর বেকারত্বের পাশাপাশি শ্রমজীবীদের মজুরি তলানিতে গিয়ে ঠেকেছে।সম্প্রতি একটি সমীক্ষায় এতথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে গত বছরের মধ্যে বেকারের হার সর্বোচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছেছে।প্রতিবেদনে আরো বলা হয়েছে নয়া উদারবাদের নীতিতে অভ্যন্তরীণ উৎপাদন বাড়লেও শ্রমবাজারে তার প্রভাব পড়েনি।

শ্রোতবন্ধুরা! আপনাদের সবার জন্য শুভকামনা করে কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১