অক্টোবর ০২, ২০১৮ ১২:৪৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২ অক্টোবর মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • বাম দলগুলোর সঙ্গে ঐক্য চান ওবায়দুল কাদের-দৈনিক যুগান্তর
  • পুলিশের কাছে আষাঢ়ে গল্পের ‘ফরম্যাট’ তৈরি থাকে: রিজভী-দৈনিক প্রথম আলো
  • বিচারপতি সিনহার বক্তব্য মিথ্যা : আইনমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
  • কুমিল্লার মামলায় হাইকোর্টে খালেদার জামিন আবেদন-দৈনিক ইত্তেফাক
  • ৭ শতাংশ প্রবৃদ্ধির পথে বাংলাদেশ-দৈনিক মানবজমিন
  • জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশ-খেলাপি ঋণ নিয়ে উদ্বিগ্ন বিশ্বব্যাংক-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • মুসলিমরা রামের বংশধর : বিজেপি নেতা গিরিরাজ সিংহদৈনিক আনন্দবাজার
  • কৃষকদের দিল্লি চলো থামাতে পুলিসের লাঠি, চলল জলকামান, কাঁদানে গ্যাস-দৈনিক আজকাল
  • নাগেরবাজার কাণ্ডে ‘ষড়যন্ত্রে’র অভিযোগ মন্ত্রীর, পালটা খোঁচা বিরোধীদের-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

পুলিশের কাছে আষাঢ়ে গল্পের ‘ফরম্যাট’ তৈরি থাকে: রিজভী-দৈনিক প্রথম আলো

রুহুল কবির রিজভী

বিএনপির জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে গতকাল সোমবার করা মামলা এবং নেতা-কর্মীদের ধরপাকড়ের তীব্র সমালোচনা করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেছেন, ‘বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের জন্য পুলিশের কাছে আষাঢ়ে গল্পের একটা “ফরম্যাট” সব সময় প্রস্তুত করা থাকে। সময়মতো বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করে সেগুলো ব্যবহার করা হয়। এবারেও পুলিশ তা-ই করেছে।’ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিজভী। সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫৫ জনের নাম উল্লেখ করে গতকাল মামলা করে পুলিশ। 

বামদের সঙ্গে ‘ম্যাক্সিমাম’ ঐক্য চান কাদের-দৈনিক প্রথম আলো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) বামপন্থী দলের সঙ্গে ঐক্য চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘আজকে একটি বিষয় ভালো লাগছে যে বামপন্থীরা এক সুরে কথা বলছেন। সেটি হচ্ছে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে তাঁরা নেই। এই উচ্চারণ যাঁরা করেছেন, আসুন না আমরা মিনিমাম পয়েন্টে ম্যাক্সিমাম ইউনিটি গড়ে ফেলি, অসুবিধাটা কোথায়?’

এদিকে দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম এরকম যে, নির্বাচনকালীন সরকার নিয়ে নতুন চিন্তা ক্ষমতাসীনদের। খবরটিতে বলা হয়েছে, নির্বাচনকালীন সরকার সম্পর্কে সংবিধানে স্পষ্ট করে কিছু বলা নেই। সংবিধানে মন্ত্রিসভা গঠনের একক ক্ষমতা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে।তফসিলের পরে নাকি সামান্য আগে ছোট মন্ত্রিসভা, তা নিয়ে চিন্তাভাবনা। নির্বাচনকালীন মন্ত্রিসভার সদস্য ২৫-এ রাখার একটা পরিকল্পনা আছে।মন্ত্রিসভায় কেবল সংসদে প্রতিনিধিত্বশীল দলগুলোর অংশগ্রহণ থাকবে।

বিচারপতি সিনহার বক্তব্য মিথ্যা : আইনমন্ত্রী-দৈনিক ইত্তেফাক

আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের প্রতি বিচারপতি সিনহার কোনো আনুগত্য নেই। যার কারণে তিনি বিদেশে বসে সবৈব মিথ্যা কথা বলছেন। দেশে আসলে মামলার সম্মুখীন হতে হবে এ কারণে সিনহা বিদেশে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।  আজ মঙ্গলবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ সব কথা বলেন।  বিদেশ থেকে বিচারপতি সিনহাকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ‘ফিরিয়ে আনার প্রক্রিয়া যেটা বলছেন, সেটা আদালতের মাধ্যমে হবে, মামলা যখন চলবে। সেটুকু আমি বলতে পারি।

হাতকড়াসহ জামায়াত নেতা ছিনতাইয়ের ঘটনায় মামলা, আটক ৫-দৈনিক মানবজমিন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ জামায়াত নেতা ছিনতাইয়ের ঘটনায় জামায়াত ও আওয়ামীলীগের নেতাকর্মীসহ ২ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় ৫ জনকে আটক করা হলেও হাতকড়াসহ পলাতক জামায়াত নেতা আজাদকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সোমবার গভীর রাতে উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক রিপন কুমার সাহা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

৭ শতাংশ প্রবৃদ্ধির পথে বাংলাদেশ-দৈনিক মানবজমিন

৭ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে বিশ্ব ব্যাংকের শঙ্কা

'বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট' এই প্রতিবেদনে বাংলাদেশের  প্রবৃদ্ধি ৭ শতাংশ হবে বলে আশা করা হয়েছে। অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি, বেসরকারি খাতের বিনিয়োগ বৃদ্ধি এবং রপ্তানি ও রেমিটেন্সের ইতিবাচক ধারা এই প্রবৃদ্ধির চাবিকাঠি।

এ সম্পর্কে দৈনিক নয়া দিগন্তের খবরের শিরোনাম এরকম যে, জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশ-খেলাপি ঋণ নিয়ে উদ্বিগ্ন বিশ্বব্যাংক-দৈনিক নয়া দিগন্ত

চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশ হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। তবে, এই প্রবৃদ্ধির সুফল কারা পাচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্বব্যাংক। এছাড়া, দেশের খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যাওয়া নিয়েও উদ্বেগ জানিয়েছে প্রতিষ্ঠানটি। সংস্থাটি বলছে, এ ঋণ পুনঃ তফসিলের কারণে ব্যাংকগুলোর মূলধন ঘাটতি বেড়ে যাবে। এতে চাপ বাড়বে বাজেটে। এজন্য আর্থিক খাতে সংস্কার আনতে হবে।আজ সকালে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটে এসব তথ্য দেয়া হয়েছে।

প্রতিবেদনে খেলাপি ঋণ নিয়ে উদ্বেগ জানিয়ে বিশ্বব্যাংক বলছে, খেলাপি ঋণের দিকে নজর দিতে হবে। এই মুহূর্তে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৪ শতাংশে। বিশ্বব্যাংক জানায়, ছয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মোট ঋণের ৪৮ শতাংশই খেলাপি ঋণ। এছাড়া, ৪০টি বেসরকারি ব্যাংকের বড় অংশই খেলাপি ঋণ।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

মুসলিমরা রামের বংশধর : বিজেপি নেতা গিরিরাজ সিংহদৈনিক আনন্দবাজার

গিরিরাজ সিং

মুসলিমদের রামের বংশধর বলে মন্তব্য করছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। সোমবার ভারতের মথুরার নওঝিল এলাকায় একটি অনুষ্ঠানে এমন বিতর্কিত মন্তব্য করেন প্রভাবশালী এই বিজেপি নেতা। অনুষ্ঠানে তিনি বলেন, ‘মুঘল সম্রাট বাবর নয়, মুসলিমরা রামের বংশধর। তাই তাঁদের অযোধ্যায় রামমন্দির নির্মাণে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া উচিত।’

এসময় তিনি আরো বলেন, ভারতের হিন্দুরা ধৈর্য হারালে দখল করা হবে তিনটি পবিত্র তীর্থস্থান—মথুরা, অযোধ্যা এবং কাশী। তিনি রাহুল গান্ধীকে ‘শিবভক্ত’ হিসেবে নিজেকে দেখানোর চেষ্টাকেও কটাক্ষ করেন। রাহুলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘প্রকৃত হিন্দু হলে বিভিন্ন অনুষ্ঠানে গোমাংস খাওয়া বন্ধ করুন। আর শুধুমাত্র নির্বাচনের আগে মন্দির পরিদর্শন বন্ধ করুন।’

কৃষকদের দিল্লি চলো থামাতে পুলিসের লাঠি, চলল জলকামান, কাঁদানে গ্যাস-দৈনিক আজকাল

কৃষক বিক্ষোভ

ফের কৃষক বিক্ষোভের সম্মুখিন মোদি সরকার। রাজধানী দিল্লির পথেই এগিয়ে আসছিল হাজারে হাজারে বিক্ষুব্ধ কৃষক। কিন্তু তার আগেই ২৪ নম্বর জাতীয় সড়কে তাঁদের পথ আটকায় পুলিস। কৃষকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়। একই সঙ্গে চলে কাঁদানে গ্যাসের শেল, জলকামান। কৃষকদের অভিযোগ দিল্লি ও উত্তর প্রদেশ সরকার তাঁদের প্রতিশ্রুতি পূরণ করেনি।

কৃষিঋণ মকুব, আঁখের সহায়ক মূল্য বাকি পড়ে রয়েছে, স্বামীনাথন কমিটির রিপোরট কার্যকর করা হয়নি। এমন একাধিক দাবি রয়েছে বিক্ষুব্ধ কৃষকদের। ভয়ে আগে থেকেই উত্তরপূর্ব এবং পূর্ব দিল্লিতে ১৪৪ ধারা জারি করেছে দিল্লি প্রশাসন। যাতে বিক্ষুব্ধ কৃষকরা ঢুকতে না পারে সেজন্য গাজিয়াবাদের সীমানা সিল করে দেওয়া হয়েছে। দিল্লির পুলিস প্রশাসন কোনওভাবেই বিক্ষুব্ধ কৃষকরা যাতে রাজধানীতে ঢুকতে না পারে সেজন্য সবরকম ব্যবস্থা করা হয়েছে। উত্তরপূর্ব দিল্লির ডিসিপি অতুল কুমার ঠাকুর জানিয়েছেন ৪ অক্টোবর পর্যন্ত কড়া নিরাপত্তার বলয়ে থাকবে রাজধানী দিল্লি।  তিনি জানিয়েছেন উত্তর প্রদেশ ও দিল্লির সীমানায় কড়া নজরদারি চালানো হচ্ছে। বিক্ষুব্ধ কৃষকরা যাতে কোনও ভাবেই দিল্লিতে ঢুকে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে তার জন্য সবরকম ব্যবস্থা নেবে পুলিস প্রশাসন।

নাগেরবাজার কাণ্ডে ‘ষড়যন্ত্রে’র অভিযোগ মন্ত্রীর, পালটা খোঁচা বিরোধীদের-দৈনিক সংবাদ প্রতিদিন

নাগেরবাজার বিস্ফোরণকাণ্ডে বড়সড় ষড়যন্ত্রের অভিযোগ তুললেন  খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ মঙ্গলবার দুপুরে আর এক মন্ত্রী পূর্ণেন্দু বসুকে সঙ্গে নিয়ে নাগেরবাজারের কাজীপাড়ায় বিস্ফোরণস্থল পরিদর্শন করেন তিনি৷ খাদ্যমন্ত্রীর অভিযোগ, নাগেরবাজারে বিস্ফোরণ ঘটিয়েছে বিজেপি ও আরএসএস৷  এলাকায় আইন-শৃঙ্খলা অবনতি হলে তৃণমূল কর্মীদের চোখ থেকে আগুন ঝরবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন শাসকদলের  উত্তর ২৪ পরগনা জেলা পর্যবেক্ষক৷ মঙ্গলবার সকালে নাগেরবাজারের কাজীপাড়ায় যে ভবনে বিস্ফোরণ ঘটেছে, সেই ভবনেই বসেন দমদম পুরসভার চেয়ারম্যান পাঁচু রায়৷

শ্রোতবন্ধুরা!  কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। কথা হবে আবারও আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো থাকুন।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন