বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারি
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৪ অক্টোবর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- আ’লীগ সরকার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে: প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর
- দেশে ৩৬ লাখ মাদকাসক্ত-দৈনিক প্রথম আলো
- কোটার দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে সড়ক অবরোধ-দৈনিক ইত্তেফাক
- ‘ইইউ’কে জানিয়েছি বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে’-দৈনিক মানবজমিন
- বিচারপতি এস কে সিনহার তৎপরতায় বিপাকে সরকার!-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- পেট্রল-ডিজেলের দাম কমল, ঘোষণা অর্থমন্ত্রী অরুণ জেটলির-দৈনিক আনন্দবাজার
- ৮০০ পয়েন্টের নিচে নামল সূচক, পতন টাকার দামেও-দৈনিক আজকাল
- ফিল্মি কায়দায় বোমা মেরে আসামি ছিনতাই, ধুন্ধুমার কাণ্ড কাঁথি আদালতে-দৈনিক দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এখবরটি এসেছে দৈনিক যুগান্তর পত্রিকায়।
এদিকে, কোটার দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে সড়ক অবরোধ করা হয়েছে লেখা হয়েছে-দৈনিক ইত্তেফাকের খবরে। বিস্তারিত খবরে বলা হয়েছে, ৩০ শতাংশ কোটা পুনর্বহালের দাবিতে রাজধানীর শাহবাগে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো অবরোধ করে রেখেছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। শাহবাগ অবরোধের ফলে ওই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিলের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর পর বুধবার রাত সাড়ে ৮টা দিকে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
আ’লীগ সরকার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে: প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার মানুষের ভাগ্যোন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। সরকারের লক্ষ্যই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ ধারা যেন অব্যাহত থাকে।
বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।তিনি বলেন, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আমরা পাঁচ বছর ক্ষমতায় ছিলাম। বাংলাদেশ তখন খাদ্যে স্বয়ংসম্পন্ন ছিল। সাক্ষরতার হার ও বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং রাস্তাঘাট ব্যাপকভাবে তৈরি করেছিলাম। ‘কিন্তু ২০০১ সালে আমরা বেশি ভোট পেয়েও কোনো একটি চক্রান্তের কারণে ক্ষমতায় আসতে পারিনি। সাত বছর মানুষের জীবন থেকে হারিয়ে যায়।’
‘ইইউ’কে জানিয়েছি বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে’-দৈনিক মানবজমিন
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) জানিয়েছি- আগামী নির্বাচন বর্তমান সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এবং সংবিধান অনুযায়ী হবে। ক্ষমতাসীন সরকার সেই নির্বাচনের সময় নির্বাচনকালীন সরকারের দায়িত্বে থাকবে।
প্রতিনিয়তই হামলা-মামলার শিকার বিএনপির নেতাকর্মীরা: রিজভী-দৈনিক যুগান্তর
বিএনপির নেতাকর্মীরা এখন প্রতিনিয়ত হামলা-মামলার শিকার হচ্ছেন বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেন, কোনো কারণ ছাড়াই কাল্পনিক মামলা-বন্যায় দেশ ভাসিয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিজভী। বিএনপির এ নেতা বলেন, ভোটারবিহীন সরকার তার দলের নেতাকর্মীদের ঘুম হারাম করে দিয়েছে। কোনো ওয়ার্ডেই তিনজন নেতাকর্মী একসঙ্গে চলাফেরা করতে পারছেন না।
দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, নরসিংদীতে আ’লীগের দুপক্ষের টেঁটাযুদ্ধে ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছে।বৃহস্পতিবার সকালে করিমপুর ইউনিয়নের বগারগোত গ্রামে ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি বাচ্চু মিয়া এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল সরকারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
দেশে ৩৬ লাখ মাদকাসক্ত-দৈনিক প্রথম আলো
দেশে মাদকাসক্ত মানুষের সংখ্যা প্রায় ৩৬ লাখ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক, অর্থাৎ ১৮ বছর বা তার বেশি বয়সী মানুষের মধ্যে মাদকাসক্তের সংখ্যা ৩৫ লাখ ৩৫ হাজার ৩০০। আর ৭ বছরের বেশি কিন্তু ১৮ বছরের কম বয়সী শিশু-কিশোর ও তরুণদের মধ্যে মাদকাসক্তের সংখ্যা ৫৬ হাজারের কিছু বেশি। মাদকাসক্তের সংখ্যা নির্ধারণে দেশে প্রথমবারের মতো একটি সমীক্ষা পরিচালিত হয়। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এই সমীক্ষা পরিচালনা করে। এতে দেখা যায়, ১৮ বছর বা এর ঊর্ধ্বের বয়সী মানুষের মধ্যে ৩ দশমিক ৩ শতাংশ মাদকাসক্ত। অন্যদিকে, ৭ বছর থেকে ১৮ বছর বয়সী মানুষের মধ্যে এই হার শূন্য দশমিক ১০ শতাংশ।
দেশে মাদকাসক্তের এই সংখ্যাকে উদ্বেগজনক বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এই সমীক্ষার আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ধারণা করত, দেশে মাদকাসক্ত ব্যক্তির সংখ্যা প্রায় ৭০ লাখ।মাদক সেবনকারী সংখ্যা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামালউদ্দিন আহমেদ।
সাংবাদিকদের ওপর হামলা-আশ্বাস দেওয়া হয়, চিঠি যায় ব্যবস্থা নেওয়া হয় না-দৈনিক প্রথম আলো
দায়িত্ব পালনের সময় রাস্তায় নির্মমভাবে পেটানো হয়েছিল সাংবাদিকদের। কিন্তু হামলাকারীদের স্বাভাবিক প্রক্রিয়ায় আইনের আওতায় আনা হয়নি। সাংবাদিকদের চাপের মুখে প্রতিকারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন তথ্যমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছেন পুলিশকে। ঘটনার পর দুই মাস হতে চলল, কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় গত ৫ আগস্ট রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় হামলা করেন ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। ওই হামলায় ১২ জন কর্তব্যরত সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হন। এই হামলার ভিডিও এবং স্থিরচিত্র গণমাধ্যমে প্রচারিত হয়েছে। ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু মাথায় হেলমেট পরা, লাঠিধারী হামলাকারীরা গ্রেপ্তার হয়নি।
বিচারপতি এস কে সিনহার তৎপরতায় বিপাকে সরকার!-দৈনিক নয়া দিগন্ত
এই মুহূর্তে দেশের রাজনীতি নিয়ে সদরে-অন্দরে যতটা আলোচনা হচ্ছে তার চেয়ে ঢের বেশি কথা হচ্ছে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার একের পর এক বক্তব্য নিয়ে। সরকারের মন্ত্রী ও দায়িত্বশীল ব্যক্তিরা সেসব বক্তব্যের জবাব দিতে গিয়ে গলদঘর্ম হচ্ছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমও বিচারপতি সিনহার বক্তব্য গুরুত্বসহকারে প্রচার করছে প্রায়ই। অবস্থা এত দূর গড়িয়েছে যে খোদ আইনমন্ত্রী বলতে বাধ্য হয়েছেন আদালতের মাধ্যমে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দেশে ফিরিয়ে আনা হবে। যদিও আইনমন্ত্রীর এই বক্তব্যকে ‘রাজনৈতিক’ ও ‘অবাস্তব’ বলে উল্লেখ করেছেন আইনজ্ঞরা। এরই মধ্যে গত মঙ্গলবার এককালের বিএনপি নেতা এবং বর্তমানে সরকারি দলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যারিস্টার নাজমুল হুদা বিচারপতি সিনহার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে শাহবাগ থানায় দু’টি মামলা করেছেন। মামলায় তিনি প্রধান বিচারপতি থাকাকালে তাকে খাস কামরায় ডেকে ৩ কোটি ২৫ লাখ টাকা ঘুষ দাবি করার অভিযোগ এনেছেন। মামলার একটিতে ২ কোটি এবং অপরটিতে ১ কোটি ২৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ করা হয়েছে। মামলাটি গুরুত্বের সাথে গ্রহণ করে গতকাল বুধবার দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। এস কে সিনহার ভাই অনন্ত কুমার সিনহা ২ লাখ ৮০ হাজার ডলার ব্যয় করে কিভাবে যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছেন সে বিষয়টি নিয়েও তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। দুদকের চেয়ারম্যান অবশ্য গত সপ্তাহে সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে কোনো তদন্ত করার বিষয় অস্বীকার করেছিলেন।
নিজের লেখা বই ‘এ ব্রোকেন ড্রিম’ এর প্রকাশনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছেন, ‘একটি বই নিয়ে তারা (সরকার) এত ভীত কেন?’ তিনি বলেন, তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ নিয়ে মোটেও তিনি চিন্তিত নন। জীবনের ভয়েই তিনি দেশে ফিরছেন না। কেননা দেশে ফিরলে তাকে হত্যা করা হতে পারে। এ কারণেই তিনি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। বিচারপতি সিনহা বলেন, তার বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে তখন, যখন তিনি সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে আপিল বিভাগের রায় প্রদানে নেতৃত্ব দিয়েছেন।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
পেট্রল-ডিজেলের দাম কমল, ঘোষণা অর্থমন্ত্রী অরুণ জেটলির-দৈনিক আনন্দবাজার
দাম কমছে পেট্রল ও ডিজেলের। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি একটি সাংবাদিক বৈঠকে জ্বালানিতে দাম কমানোর কথা ঘোষণা করেন। পেট্রল এবং ডিজেল উভয় ক্ষেত্রেই প্রতি লিটারে আড়াই টাকা করে দাম কমছে। এর মধ্যে কেন্দ্র প্রতি লিটারে দেড় টাকা করে অন্তঃশুল্ক হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, তেল সংস্থাগুলি লিটার প্রতি ছাড় দেবে এক টাকা করে। এর ফলে ক্রমবর্ধমান জ্বালানির দামে খানিকটা হলেও লাগাম টানা গিয়েছে বলে মনে করা হচ্ছে।কিছুটা হলেও স্বস্তি পেলেন দেশের মানুষ। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, তিন রাজ্যের নির্বাচনের আগেই এটি একটি বড়সড় সিদ্ধান্ত।
৮০০ পয়েন্টের নিচে নামল সূচক, পতন টাকার দামেও-দৈনিক আজকাল
বৃহস্পতিবার ফের নামল শেয়ার সূচক। এদিন দুপুরে ৮৫০ পয়েন্টের পড়ে যায় সেনসেক্স। নিফটি পড়ে যায় ২৬০ পয়েন্টের বেশি। টাকার দাম এদিনও পড়েছে ডলারের তুলনায়। বৃহস্পতিবার দুপুরে সেনসেক্সের সূচক ৮৫৮ পয়েন্ট পড়ে দাঁড়ায় ৩৫১১৬ পয়েন্টে। নিফটি সূচক ২৬৭ পয়েন্ট পড়ে দাঁড়ায় ১০৫৯১ পয়েন্টে।
বৃহস্পতিবার টাকার দাম ডলার প্রতি পড়েছে ৭৩.৭৭ টাকা। বিশেষজ্ঞরা বলছেন, মূল্যবৃদ্ধ ঠেকাতে এবং টাকার পতন রুখতে রিজার্ভ ব্যাঙ্ক অতি কড়া পদক্ষেপ নিতে পারে, এই উদ্বেগে বিনিয়োগকারীরাও ঝুঁকি নিতে চাইছেন না।
ফিল্মি কায়দায় বোমা মেরে আসামি ছিনতাই, ধুন্ধুমার কাণ্ড কাঁথি আদালতে-দৈনিক সংবাদ প্রতিদিন
একেবারে ফিল্মি কায়দায় বোমা মেরে, গুলি চালিয়ে আসামি ছিনতাই! ধুন্ধুমার কাণ্ড পূর্ব মেদিনীপুরের কাঁথি আদালতে। ঘটনায় দু’জন পুলিশকর্মী আহত হয়েছেন। এক ঘণ্টার রুদ্ধশ্বাস নাটকের পর গ্রেপ্তার আসামি কর্ণ বেরা। পূর্ব মেদিনীপুরের কুখ্যাত দুষ্কৃতী কর্ণ বেরা। পুলিশকর্মীকে খুন-সহ একাধিক মামলায় অভিযুক্ত সে। এরআগেও বেশ কয়েকবার জেল, এমনকী আদালত চত্বর থেকে পালিয়েছিল কর্ণ। যদিও বেশিদিন গা-ঢাকা দিয়ে থাকতে পারেনি ওই দুষ্কৃতী।
শ্রোতবন্ধুরা! কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। কথা হবে আবারও আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো থাকুন।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৪
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন