ধানের শীষ সাপের বিষ -কাদের: বিএনপির বিরুদ্ধে মামলা ৯০ হাজার-ফখরুল
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৬ অক্টোবর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- নির্বাচন ২০১৮-কার পক্ষ নেবেন তরুণ ভোটাররা?-দৈনিক প্রথম আলো
- ধানের শীষ এখন সাপের বিষ: ওবায়দুল কাদের-দৈনিক ইত্তেফাক
- বিএনপির বিরুদ্ধে মামলা ৯০ হাজার, আসামি ২৫ লাখ: ফখরুল-দৈনিক যুগান্তর
- মাদকের বিরুদ্ধে ঢাকার ‘জিরো টলারেন্স’ -দৈনিক মানবজমিন
- নিজেদের কর্মকান্ডে ভীত বলেই সরকার ডিজিটাল নিরাপত্তা আইন করেছে : অধ্যাপক আনু মুহাম্মদ -দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- ভোটের আগে রাম মন্দির না হলে হারতে হবে বিজেপিকে: বিশ্ব হিন্দু পরিষদ -দৈনিক সংবাদ প্রতিদিন
- ফের বাড়ল পেট্রল, ডিজেলের দাম-দৈনিক আজকাল
- পশ্চিমবঙ্গে বিজেপি একটি আসনও পাবে না: মমতা -দৈনিক আনন্দবাজার
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. আরপিও সংশোধন হলে সীমিত আকারে ইভিএম ব্যবহার করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বিষয়টিকে কীভাবে দেখছেন আপনি?
২. সিরিয়ায় আবার হামলা করার ব্যাপারে ইসরাইলকে সতর্ক করেছে রাশিয়া। প্রশ্ন হচ্ছে- যদি ইসরাইল হামলা বন্ধ না করে তাহলে রাশিয়া কী করবে?
বিশ্লেষণের বাইরের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর
বিএনপির বিরুদ্ধে মামলা ৯০ হাজার, আসামি ২৫ লাখ: ফখরুল-দৈনিক যুগান্তর
সরকার বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত ১০ বছরে বিএনপির বিরুদ্ধে দায়েরকৃত মামলার পরিসংখ্যান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ২০০৯ সাল থেকে গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট মিথ্যা মামলা দেয়া হয়েছে ৯০ হাজার ৩৪০টি। এসব মামলায় আসামি করা হয়েছে ২৫ লাখ ৭০ হাজার ৫৪৭ জনকে। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ বলেছেন, সরকারের দায়ের করা ‘গায়েবি মামলা’র বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করা হবে।
মওদুদ বলেন, একটা মামলাকে দৃষ্টান্ত হিসেবে নিয়ে, বিবেচনায় নিয়ে, হাতিরঝিল মামলার মতো যে কোনো একটা মামলা নিয়ে আমরা হাইকোর্টের রিট পিটিশন করার চিন্তা করছি।
নির্বাচন ২০১৮-কার পক্ষ নেবেন তরুণ ভোটাররা?-দৈনিক প্রথম আলো
সম্প্রতি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম আয়োজিত অনুষ্ঠানে সরকারের উন্নয়নমূলক কাজের জন্য আওয়ামী লীগের সমর্থন বেড়েছে বলে দাবি করেছেন। তাঁর মতে, ২০১৮ সালে এসে বিএনপির ভোট ৩০ শতাংশ আর আওয়ামী লীগের ভোট ৪২ শতাংশ হয়েছে। এ বিষয়ে সমীক্ষা আছে বলেও জানান আওয়ামী লীগের এই প্রবীণ নেতা। কিন্তু তিনি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির ভোটের যে হিসাব দিয়েছেন, তার সঙ্গে বাস্তবের মিল নেই।
একজন মাঠের রাজনীতিক কথাগুলো বললে বিস্মিত হতাম না। তাঁরা নেতা-কর্মীদের মনোবল চাঙা রাখতে অনেক কথা বলে থাকেন। কিন্তু এইচ টি ইমাম তো প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের একজন থিংক ট্যাংক হিসেবে পরিচিত। তাঁর অঙ্ক ভুল হলে দলের নির্বাচনী হিসাবও উল্টে যেতে পারে।
ধানের শীষ এখন সাপের বিষ: ওবায়দুল কাদের-দৈনিক ইত্তেফাক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগের সময় দেশের ব্যাপক উন্নয়নে মানুষ সন্তুষ্ট। আওয়ামী লীগ সরকার দেশে যে পরিমাণ উন্নয়ন করছে তা গত একশ’ বছরেও কেউ দেখেনি। বিএনপি সরকার ক্ষমতায় এলে দেশে উন্নয়ন হবে না। এ কারণে দেশের মানুষ বিএনপিকে চায় না। ধানের শীষ এখন সাপের বিষ। এটা আমার কথা না। কালকেও (বৃহস্পতিবার) গাড়ি দিয়ে যাচ্ছিলাম, একজন তো বলেই ফেলল পেটের বিষ নয়, ধানের শীষ সাপের বিষ। এই বিষ কী কেউ খাবে? এই বিষ বাংলার মানুষ আর পান করবে না।’
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
পশ্চিমবঙ্গে বিজেপি একটি আসনও পাবে না: মমতা-দৈনিক আনন্দবাজার
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পশ্চিমবঙ্গে একটি আসনও পাবে না বলে এক বক্তব্যে বিজেপিকে আক্রমণ করে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বিজেপির কোনো কূটকৌশল বাংলায় চলবে না বলেও তিনি জানান। আর বাংলায় যেন বিজেপি কোনো আসন না পায় সেটি তৃণমূল কংগ্রেস নিশ্চিত করবে বলেও শুক্রবার জানিয়েছেন মমতা।
তিনি বলেন, বিজেপি যেন একটি আসনেও জিততে না পারে সে বিষয়টি আমাদের নিশ্চিত করা উচিত। রাহুল গান্ধীর মন্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিনি একই কথা বলেন, দেশের অর্থনীতি এরই মধ্যে ভেঙ্গে গেছে। অবিলম্বে সরকারের পদত্যাগ করা উচিত।
ফের বাড়ল পেট্রল, ডিজেলের দাম-দৈনিক আজকাল
মধ্যবিত্তের স্বস্তি আর ফিরছে না! ফের দাম বাড়ল পেট্রল, ডিজেলের৷ বৃহস্পতিবারই আড়াই টাকা করে লিটার প্রতি পেট্রল, ডিজেলের দাম কমিয়েছিল কেন্দ্র৷ কিন্তু শনিবার ফের পকেটে টান৷ কলকাতায় ১৭ পয়সা বাড়ল লিটার প্রতি পেট্রলের দাম৷ অন্যদিকে ২৯ পয়সা বাড়ল লিটার প্রতি ডিজেলের দাম৷
জ্বালানি তেলের দাম টানা বৃদ্ধির পর বৃহস্পতিবার কিছুটা স্বস্তি দিয়েছিল কেন্দ্র৷ কিন্তু সেই স্বস্তি এত তাড়াতাড়ি উধাও হয়ে যাবে তা বোধহয় ভাবতে পারেননি দেশবাসী! শনিবার কলকাতায় পেট্রলের দাম ৮৩.৫২ টাকা প্রতি লিটার৷ ডিজেলের দাম সেক্ষেত্রে ৭৫.০৯ টাকা প্রতি লিটার৷
ভোটের আগে রাম মন্দির না হলে হারতে হবে বিজেপিকে: বিশ্ব হিন্দু পরিষদ-দৈনিক সংবাদ প্রতিদিন
২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে রামমন্দির নির্মাণের কাজ শুরু না হলে ভোটে হারবে বিজেপি। শুক্রবার এমনই হুমকি দিল হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ। এদিন রামমন্দির নির্মাণ নিয়ে আলোচনায় বসে ভিএইচপির গড়া একটি কমিটি। এই কমিটি রামমন্দির নির্মাণ সংক্রান্ত একটি বিলও পাস করে। তাদের দাবি সেই বিল সরকারকেও পাস করতে হবে, যাতে রামমন্দির নির্মাণের কাজ দ্রুত শুরু হয়। সংগঠনের তরফে বলা হয়, সরকার যদি তাদের দাবি না মানে এবং কবে থেকে মন্দির নির্মাণের কাজ শুরু হবে, তা না জানায়, তাহলে তাদের আন্দোলনের পথ বেছে নিতে হবে। রামমন্দির সংক্রান্ত ভিএইচপির এই কমিটিতে রয়েছে রাম মন্দির তৈরি আন্দোলনের বিভিন্ন সাধুরাও।বেশ কিছুদিন ধরেই মন্দির নির্মাণের জন্য চাপ বাড়াচ্ছে আরএসএসও।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৬