অক্টোবর ০৭, ২০১৮ ১১:৫৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৭ অক্টোবর রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • সরকারের কাছে ক্ষমতাই সব, দেশের সার্বভৌমত্বে গুরুত্ব নেই: রিজভী-দৈনিক যুগান্তর
  • জাতীয় ঐক্য যেভাবে আওয়ামী লীগের জন্য হুমকি-দৈনিক প্রথম আলো
  • আন্দোলনে পরিবহন শ্রমিক-মালিকেরা-দৈনিক ইত্তেফাক
  • ‘খালেদা জিয়ার চিকিৎসা আগের নিয়মেই’-দৈনিক মানবজমিন
  • আমরা কোটা বা‌তিল চাইনি : এর দায়ভার সরকা‌রের-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • সমীক্ষায় গো-বলয়ে কংগ্রেসের উত্থান, ভরাডুবির শঙ্কা বিজেপির! প্রভাব লোকসভাতেও?-দৈনিক আনন্দবাজার
  • প্রাণভয়ে গুজরাট ছাড়ছেন বিহার, উত্তর প্রদেশের শ্রমিকরা-দৈনিক আজকাল
  • আর্থিক জটে এস-৪০০ চুক্তি, মার্কিন ভ্রুকুটিতে ঘনিয়েছে মেঘ- দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

সরকারের কাছে ক্ষমতাই সব, দেশের সার্বভৌমত্বে গুরুত্ব নেই: রিজভী-দৈনিক ইত্তেফাক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

সরকারের কাছে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব কিংবা মর্যাদার কোনো গুরুত্ব নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, সরকারের কাছে ক্ষমতাই সব কিছু, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব কিংবা মর্যাদার কোনো গুরুত্ব নেই। তিনি বলেন, বিজেপির নেতা ও রাজ্যসভার সদস্য সুব্রামানিয়াম স্বামী বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর ধারাবাহিক নির্যাতন বন্ধ না হলে এ দেশ দখলের হুমকি দেয়ার খবর প্রচারিত হলেও সরকার এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

জাতীয় ঐক্য যেভাবে আওয়ামী লীগের জন্য হুমকি-দৈনিক প্রথম আলো

আওয়ামী লীগ

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, বাংলাদেশে নির্বাচনী মৌসুম শুরু হয়ে গিয়েছে। ডিসেম্বরে হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি চলছে পুরোদমে, যদিও এর ভেতরে বিএনপির সঙ্গে যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার জোট গঠন নিয়ে চলছে দর-কষাকষি। এ পর্যন্ত বদরুদ্দোজা চৌধুরী, কামাল হোসেন, আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না আর কাদের সিদ্দিকীর মতন নামজাদা নেতারা কার্যকর কোনো ঐক্য গঠন না করলেও এটা নিয়ে আলোচনা হচ্ছে। যুক্তফ্রন্টকে স্বাগত জানালেও ক্ষমতাসীন আওয়ামী লীগ ধরে নিচ্ছে যে ভোটের রাজনীতিতে এই জোট তাদের জন্য কোনো রকম সংকট বয়ে আনবে না। তাদের শঙ্কার বিষয় কেবল যুক্তফ্রন্ট এবং বিএনপির মাঝে জোট গঠিত হওয়ার সম্ভাবনার বিষয়টি, যেটি বিশ্বের কাছে সরকারবিরোধী জাতীয় ঐক্য বিষয়ে একধরনের বার্তা পৌঁছে দেবে।

‘খালেদা জিয়ার চিকিৎসা আগের নিয়মেই’-দৈনিক মানবজমিন

হাসপাতালে খালেদা জিয়া

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড পুনরায় না বসা পর্যন্ত আগের নিয়মেই চিকিৎসা চলবে। আজ দুপুর পৌনে ১২টায় দুপুরে ফাইলপত্র পর্যবেক্ষণ করার পর বোর্ড এ সিদ্ধান্ত দিয়েছে। তবে এদিন খালেদা জিয়ার সঙ্গে দেখা হয়নি মেডিকেল বোর্ডের সদস্যরা। আগামীকাল আবারো তাকে দেখতে যাবেন চিকিৎসকরা। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমেদ।

‘সব টার্মিনালে ইলিয়াস কাঞ্চনকে অবাঞ্ছিত ঘোষণা’-দৈনিক মানবজমিন

ইলিয়াস কাঞ্চন

নিরাপদ সড়ক চাই আন্দোলনের (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনকে দেশের সকল টার্মিনালে অবাঞ্ছিত ঘোষণা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। সদ্য পাস হওয়া সড়ক পরিবহন আইনটি সংশোধনসহ ৭ দফা দাবিতে ঢাকা বিভাগে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয়ার পাশাপাশি ইলিয়াস কাঞ্চনকে অবাঞ্ছিত ঘোষণা করেন তারা। আজ রাজধানীর ফুলবাড়িয়া টার্মিনালে অনুষ্ঠিত সমাবেশ থেকে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা এ ঘোষণা দেন ।সম্প্রতি রাজধানীর বিমানবন্দর সড়কে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী বাসচাপায় নিহতের ঘটনায় দেশব্যাপী বিক্ষোভে একাত্ম ঘোষণা করে রাজপথে তাদের পাশে ছিলেন ইলিয়াস কাঞ্চন। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত শ্রমিকদের সর্বোচ্চ সাজা দাবি করেন তিনি।  এর প্রেক্ষিতে ওই সমাবেশ থেকে চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

দেশ অবরুদ্ধ করার ঘোষণা মুক্তিযুদ্ধ মঞ্চের-দৈনিক ইত্তেফাক

মুক্তিমঞ্চ

প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলে সরকারি সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে মুক্তিযোদ্ধা সন্তান ও পোষ্যদের জন্য ৩০ শতাংশ কোটা বহাল চেয়ে সারাদেশে অবরোধের ঘোষণা দিয়েছে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’। কোটা ব্যবস্থা বাতিলের পরিপত্রকে ‘স্বাধীনতাবিরোধী’ আখ্যা দিয়ে আগামী মন্ত্রিসভায় কোটা ব্যবস্থাকে পুনর্বহালের দাবিও জানিয়েছে সংগঠনটি। গতকাল শাহবাগে এক সমাবেশ থেকে এ ঘোষণার পাশাপাশি স্থলপথ, জলপথ ও আকাশপথ অবরোধের আহ্বান জানান সংগঠনটির মুখপাত্র ঢাবির সমাজ  বিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন।

আমরা কোটা বা‌তিল চাইনি : এর দায়ভার সরকা‌রের-দৈনিক নয়া দিগন্ত

Image Caption

‌কোটা বা‌তিল নয় বরং ৫ দফার আলোকে এর যৌ‌ক্তিক সমাধান চে‌য়ে‌ছেন দা‌বি ক‌রে কোটা সংস্কার আন্দোলনকারীরা ব‌লে‌ছেন, প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিলের ফলে যে উদ্ভূত সমস্যার সৃষ্টি হয়েছে, তার দায়ভার সরকারকেই নিতে হবে। আজ সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‌কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন নূর চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা দা‌বি ক‌রে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

আর্থিক জটে এস-৪০০ চুক্তি, মার্কিন ভ্রুকুটিতে ঘনিয়েছে মেঘ-দৈনিক সংবাদ প্রতিদিন

এস-৪০০

চুক্তি তো সই হল! কিন্তু তা কার্যকর হবে তো? রুশ-ভারত ‘এস-৪০০ আকাশ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর হতেই এই প্রশ্নে তোলপাড় দেশ। কারণ মার্কিন নিষেধাজ্ঞার (পড়ুন ক্যাটসা অর্থাৎ কাউন্টারিং আমেরিকাস অ্যাডভার্সারিস থ্রু স্যাংশন অ্যাক্ট) ফলে সৃষ্টি হওয়া অর্থনৈতিক জটিলতা। যার ফাঁসে জডি়য়ে বিশ বাঁও জলে পড়তে পারে ৫.৪৩ বিলিয়ন মার্কিন ডলার নয়াদিল্লির তরফে মস্কোর হাতে তুলে দেওয়ার গোটা প্রক্রিয়াই। যদিও বিশেষজ্ঞদের ভাবনা-চিন্তা একটু হলেও অন্যরকম। তাঁদের মতে, আপাত জটিলতা সৃষ্টি হলেও এই বহুচর্চিত চুক্তি আদপে আতসের তলায় রেখে বিচার করবে ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কের বাঁধন ঠিক কতটা পোক্ত? তাৎপর্যপূর্ণভাবে, এই পরিস্থিতিতে বিশেষজ্ঞ মহলের প্রতিক্রিয়া, প্রতিরক্ষা খাতে হওয়া এই চুক্তি নিয়ে নিশ্চয়ই ওয়াশিংটনের সঙ্গে কোনও বোঝাপড়া হয়েছে নয়াদিল্লির।

সমীক্ষায় গো-বলয়ে কংগ্রেসের উত্থান, ভরাডুবির শঙ্কা বিজেপির! প্রভাব লোকসভাতেও?-দৈনিক আনন্দবাজার

নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধী

অচ্ছে দিনের স্বপ্ন দূর অস্ত! বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম। টাকা তলানিতে। শেয়ার বাজার ধুঁকছে। এ সবের সঙ্গেই কর্মসংস্থান, কালো টাকা ফেরানোর ফাঁপা প্রতিশ্রুতি নিয়ে বিরোধীদের তোপ-কটাক্ষ ছিলই। লোকসভা ভোটের মুখে এবার আরও অস্বস্তিতে ফেলে দিল এবিপি নিউজের সমীক্ষা। ভোটমুখী পাঁচ রাজ্যে বিজেপির খারাপ ফলের ইঙ্গিত। এই সমীক্ষা থেকেই লোকসভা ভোটেও মোদী-অমিত শাহ জুটির ভোটভাগ্যে অশনি সংকেত দেখতে পাচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। গেরুয়া শিবিরে অবশ্য একটাই স্বস্তি, সমীক্ষা হওয়া ভোটমুখী রাজ্যগুলিতে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিষ্ঠান-বিরোধী হাওয়া জোরদার নয়।  

প্রাণভয়ে গুজরাট ছাড়ছেন বিহার, উত্তর প্রদেশের শ্রমিকরা-দৈনিক আজকাল

প্রাণের ভয়ে গুজরাট ছাড়ছে শ্রমিকরা

প্রাণের ভয়ে গুজরাট ছাড়তে শুরু করলেন বিহার এবং উত্তর প্রদেশ থেকে আসা শ্রমিকরা। গুজরাটের ডিজি শিবানন্দ ঝা বলেছেন, গত ২৮ সেপ্টেম্বর হিম্মতনগরের গাম্ভোইয়ে ১৪ মাসের এক শিশুকে যৌন নিগ্রহের অভিযোগে ওই দিনই রবীন্দ্র সাহু নামে স্থানীয় একটি সেরামিক কারখানার শ্রমিককে গ্রেপ্তার করা হয়। সে বিহারের বাসিন্দা। তারপর থেকেই মেহসানা, সবরকাঁঠা, পাটন, গান্ধীনগর, আহমেদাবাদে বিহার এবং উত্তর প্রদেশ থেকে আসা মানুষদের উপর শুরু হয় মারধর, নিগ্রহ, হামলা। তাঁরা বেশিরভাগই গুজরাটে অস্থায়ী শ্রমিকের কাজ করা দরিদ্র মানুষ।ডিজি জানালেন, এধরনের ঘটনা সম্পূর্ণ অনভিপ্রেত। গত এক সপ্তাহের মধ্যে ১৭০ জন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৭