অক্টোবর ০৮, ২০১৮ ১২:৫৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৮ অক্টোবর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • ডিজিটাল নিরাপত্তা বিলে রাষ্ট্রপতির স্বাক্ষর-দৈনিক প্রথম আলো
  • সব সময় বাংলাদেশের পাশে থাকবে ভারত : শ্রিংলা-দৈনিক ইত্তেফাক
  • একদলীয় শাসন প্রতিষ্ঠার সব আয়োজন সম্পন্ন করেছে আ’লীগ: ফখরুল-দৈনিক যুগান্তর
  • সাত লাখ কৃষক পাচ্ছেন ৮০ কোটি টাকার বীজ-সার-দৈনিক যুগান্তর
  • ডিসেম্বরে নির্বাচন প্রসঙ্গ-সিইসি আগে কী বলেছিলেন?-দৈনিক মানবজমিন
  • বৃহত্তর চিন্তায় সতর্ক বিএনপি-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • গুজরাটিদের হামলার জের, মোদির রাজ্য ছাড়ছেন হাজার হাজার হিন্দিভাষী-দৈনিক সংবাদ প্রতিদিন
  • ভয়ঙ্কর তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে কলকাতা, পরিবেশ বিজ্ঞানীদের রিপোর্ট-দৈনিক আজকাল
  • ভোট বয়কটের মধ্যেই ১৩ বছর পর জম্মু-কাশ্মীরে শুরু চার দফার পুর নির্বাচন-দৈনিক আনন্দবাজার

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. মানুষকে আবার জিম্মির চেষ্টা-এটা দৈনিক প্রথম আলোর শিরোনাম। সড়ক পরিবহন খাতের চলমান নৈরাজ্য নিয়ে পত্রিকাটি এ শিরোনাম করেছে। খবরটি প্রসঙ্গে আপনার মন্তব্য কী?

২. এবারও মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেয়া হবে- কথাটি বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। আপনার কী মনে হয় ইরান সেটা পারবে?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ খয়েকটি খবর

ডিজিটাল নিরাপত্তা বিলে রাষ্ট্রপতির স্বাক্ষর-দৈনিক প্রথম আলো

Image Caption

জাতীয় সংসদে সদ্য পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা বিলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন প্রথম আলোকে এ তথ্য জানান। রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা আইনটি কার্যকর হলো। জাতীয় সংসদের ভেতরে-বাইরে বিভিন্ন পক্ষের আপত্তি, উদ্বেগ ও মতামত উপেক্ষা করে গত ২৬ সেপ্টেম্বর সংসদে ডিজিটাল নিরাপত্তা আইন পাস করা হয়েছে। আইনটি পাস হওয়ার প্রতিবাদে সম্পাদকেরা মানববন্ধন করার ঘোষণা দেন

একদলীয় শাসন প্রতিষ্ঠার সব আয়োজন সম্পন্ন করেছে আ’লীগ: ফখরুল-দৈনিক যুগান্তর

বিএনপি মহাসচিব মির্জা ফখরূর ইসলাম আলমগীর

মুক্তিযুদ্ধের স্বপ্ন সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে দিয়ে আওয়ামী লীগ একদলীয় শাসন প্রতিষ্ঠার সব আয়োজন সম্পন্ন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর গুলশানে লেকশোর হোটেলের হলরুমে ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’ শীর্ষক মতবিনিময়সভার স্বাগত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন পাস নিয়ে সাংবাদিক থেকে শুরু করে সারা দেশে আলোড়ন তুলেছে। দেশে যে কর্তৃত্ববাদী শাসন চলছে, তাকে চূড়ান্তভাবে প্রতিষ্ঠার জন্য সব আয়োজন সম্পন্ন করা হয়েছে।

দুর্নীতির মামলা থেকে খালাস পেলেন মায়া-দৈনিক প্রথম আলো

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ১৩ বছরের সাজা থেকে খালাস পেলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ওই সাজার রায়ের বিরুদ্ধে মায়ার করা আপিলের ওপর পুনঃশুনানি নিয়ে আজ সোমবার রায় দেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মায়ার করা আপিল মঞ্জুর করে এ রায় দেন

সাত লাখ কৃষক পাচ্ছেন ৮০ কোটি টাকার বীজ-সার-দৈনিক যুগান্তর

এগারোটি ফসলের উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য ৭৯ কোটি ৯৯ লাখ ৮২ হাজার ৪৯৫ টাকার প্রণোদনা দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। সারা দেশের ৬ লাখ ৯০ হাজার ৯৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রণোদনা পাবেন। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এ সময় কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নাসিরুজ্জামান ছাড়াও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিসেম্বরে নির্বাচন প্রসঙ্গ-সিইসি আগে কী বলেছিলেন?-দৈনিক মানবজমিন

বিতর্ক পিছু ছাড়ছে না কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি)। একাদশ সংসদ নির্বাচনের আগে আইনবিধি সংস্কার, ইভিএম ব্যবহার, নিয়োগ-পদোন্নতিসহ নানা ইস্যুতে বিতর্ক সৃষ্টি হয়েছে। শুধু বিতর্ক নয়- এসব ইস্যুকে কেন্দ্র করে দূরত্ব তৈরি হয় নির্বাচন কমিশন ও সচিবালয়ের মধ্যে। এবার ভোটের তারিখ ঘোষণা নিয়ে নতুন বিতর্কে জড়িয়েছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন  কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা দাবি করেছেন, ‘ডিসেম্বর মাসে আগামী জাতীয় নির্বাচন হবে’ এমন কোনো কথা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়নি। সিইসি বলেন, নির্বাচনের তফসিল কবে ঘোষণা হবে- এটা এখনো ঠিক হয়নি। নির্বাচন ডিসেম্বরে হবে- এটা আমরা বলিনি। যারা বলেছেন, সেটা তাদের কথা।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

ভোট বয়কটের মধ্যেই ১৩ বছর পর জম্মু-কাশ্মীরে শুরু চার দফার পুর নির্বাচন-দৈনিক আনন্দবাজার

কাশ্মিরে পৌরসভা ভোট

রাজ্যের দুই বড় রাজনৈতিক দল, এনসি এবং পিপিপি–র, বয়কটের মধ্যেই জম্মু–কাশ্মীরে পুরসভা ভোটের প্রথম দফা। গত ১৩ বছরে এই প্রথম পুরভোট হচ্ছে উপত্যকায়। ১১০০টি মিউনিসিপ্যালিটি ওয়ার্ডের জন্য চার দফায় হতে চলা ভোটের মধ্যে প্রথম দফায় ভোট হচ্ছে ৪২২টি ওয়ার্ডে। রাজ্যে নিরাপত্তার কড়া ঘেরাটোপ।

এদিনের ৪২২টি আসনের মধ্যে ১৪৯টি ওয়ার্ড পড়ছে উপত্যকা অঞ্চলে। বাকি ২৬টি ওয়ার্ড লেহ্‌, জম্মু এবং পিরপাঞ্জাল অঞ্চলভুক্ত। ১৬ তারিখ শেষ দফার পুরসভোট। ২৯৯০ জন প্রার্থীর মধ্যে কাশ্মীর অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই জিতে গিয়েছেন ২৪০ জন। তার মধ্যে ৭৫ জনই বিজেপির। প্রথম দফার ভোটে লড়া ৭৮ জন প্রার্থীদের মধ্যে এবং আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায়ে জিতে রয়েছেন ৬৯ জন। যেহেতু ফারুক আবদুল্লার এনসি এবং মেহবুবা মুফতির পিপিপি ভোটে লড়ছে না সেহেতু পুরসভার দখল তারাই পাচ্ছে বলে একরকম নিশ্চিত বিজেপি।

গুজরাটিদের হামলার জের, মোদির রাজ্য ছাড়ছেন হাজার হাজার হিন্দিভাষী-দৈনিক সংবাদ প্রতিদিন

ভয়ে গুজরাট ছাড়ছে হাজার মানুষ

পেটের টানে ভিনরাজ্যে পাড়ি। তাও যে সে রাজ্যে নয়, যে রাজ্যে সুশাসনের বিজ্ঞাপন দেখিয়ে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হয়েছেন, সেই রাজ্যে। হ্যাঁ, প্রধানমন্ত্রীর রাজ্য ছাড়ার সঙ্গে সঙ্গে গুজরাট থেকে ‘সুশাসন’ও বিদায় নিয়েছে, বিরোধীরা সে অভিযোগ করছে বেশ কিছুদিন ধরেই। তাদের যুক্তি, সুশাসন থাকলে রুজি রুটির টানে রাজ্যে আসা শ্রমিকদের উপর কেন হামলা চালাবেন গুজরাটিরা? আর সেসব দেখে প্রশাসনই বা কেন নীরব থাকবে? গুজরাটের বিভিন্ন প্রান্তে এখন স্থানীয়দের হাতে আক্রান্ত হচ্ছেন বিহার, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ থেকে যাওয়া হিন্দিভাষীরা। অভিযোগ, গত ২৮ সেপ্টেম্বর সবরকণ্ঠার জেলার হিম্মতনগরের কাছে ১৪ মাসের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠার পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় হামলা শুরু হয়েছে। মূলত ৬ টি জেলায় হিংসা ছড়িয়েছে, এর মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি মেহসানা ও সবরকণ্ঠার।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৮