অক্টোবর ০৯, ২০১৮ ১৩:১৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৯ অক্টোবর মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ২১ আগস্ট গ্রেনেড হামলায় বিএনপির কেউ জড়িত নয়: ফখরুল-দৈনিক যুগান্তর
  • ১৪ বছরের অপেক্ষার অবসান হচ্ছে কাল-দৈনিক প্রথম আলো
  • বিএনপির বিরুদ্ধে ‘গায়েবি মামলা’ ভাবমূর্তি নষ্ট হচ্ছে পুলিশের: হাইকোর্ট-দৈনিক ইত্তেফাক
  • নতুন ডিজিটাল নিরাপত্তা আইন সমলোচকদের কণ্ঠরোধ করবে-দৈনিক মানবজমিন
  • কুষ্টিয়ায় সাব-রেজিস্ট্রার খুন-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • নিজ ভূমি গুজরাতেই প্রতিবাদের মুখে মোদী-দৈনিক আনন্দবাজার
  • অযোধ্যায় রাম মন্দির তৈরি না হলে গদিচ্যূত করা হবে মোদিকে, হুমকি আরএসএসের-দৈনিক আজকাল
  • রাজস্থানে জিকা ভাইরাসে আক্রান্ত ২২, হাই অ্যালার্ট রাজধানী দিল্লিতেও- দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

১৪ বছরের অপেক্ষার অবসান হচ্ছে কাল-দৈনিক প্রথম আলো

সুপ্রিম কোর্ট

খবরটিতে লেখা হয়েছে, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট চালানো গ্রেনেড হামলার ঘটনাটি ঘটেছিল আজ থেকে ১৪ বছর ৪৮ দিন আগে। নৃশংস এই হামলার ঘটনায় করা দুটি মামলার বিচারকাজ বিচারিক আদালতে শেষ হয়েছে। কাল বুধবার এই মামলার রায় ঘোষণার কথা। 

২১ আগস্ট গ্রেনেড হামলায় বিএনপির কেউ জড়িত নয়: ফখরুল-দৈনিক যুগান্তর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

২১ আগস্ট গ্রেনেড হামলায় বিএনপির কেউ জড়িত নয় এবং রাজনৈতিক উদ্দেশে তারেক রহমানসহ অন্য নেতাকর্মীদের জড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তিনি এ অভিযোগ করেন।মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার রাজনৈতিকভাবে হয়রানি করতে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারেক রহমান, আব্দুস সালাম পিন্টু এবং লুৎফুজ্জামান বাবরসহ বিএনপি নেতাদের জড়িয়েছে। আর মানবজমিনের খবরে লেখা হয়েছে, ওবায়দুল কাদের বলেছেন আমরা ন্যায়বিচার প্রত্যাশা করি।

দুর্নীতির টাকা সরানোর হিড়িক-নির্বাচনী বছরে বাড়ছে টাকা পাচার-দৈনিক যুগান্তর

অর্থ পাচার

দেশে বেসরকারি বিনিয়োগ স্থবির, অথচ ব্যাংকের ঋণ বিতরণ বাড়ছে। একইভাবে বেপরোয়া গতিতে বাড়ছে আমদানি ব্যয়ও। এটিই রহস্যজনক। বিশ্লেষকরা বলছেন, মূলত এ রহস্যের জাল ভেদ করে দেশ থেকে বিপুল অঙ্কের টাকা পাচার হয়ে যাচ্ছে। বিশেষ করে দুর্নীতির টাকা সরানোর হিড়িক পড়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, আমদানির নামে বিদেশে পাচার হচ্ছে টাকা। অর্থনীতিবিদরা বলছেন, টাকা পাচারের মূল কারণ আস্থাহীনতা এবং নতুন করে এর সঙ্গে যুক্ত হয়েছে যারা ক্ষমতার সীমাহীন অপব্যবহার ও দুর্নীতি করে রাতারাতি বিপুল অর্থের মালিক হয়েছেন, তারা ভবিষ্যৎ দুশ্চিন্তায় দুর্নীতির টাকা বিদেশে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশ ব্যাংক, রফতানি উন্নয়ন ব্যুরো ও জাতীয় রাজস্ব বোর্ডের সর্বশেষ হিসাবে দেখা গেছে, বিদায়ী ২০১৭-১৮ অর্থবছরে রফতানি ও রেমিটেন্স মিলিয়ে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে এসেছে, অফিশিয়াল হিসাবেই আমদানি তার চেয়ে অনেক বেশি। 

নতুন ডিজিটাল নিরাপত্তা আইন সমলোচকদের কণ্ঠরোধ করবে-দৈনিক মানবজমিন

Image Caption

একটি বিতর্কিত নতুন ডিজিটাল নিরাপত্তা আইন অনুমোদন করেছেন বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদ। বিভিন্ন অধিকার বিষয়ক গ্রুপ আশঙ্কা করছে, এই আইনটি সংবাদ মাধ্যম ও অনলাইনে ভিন্ন মতাবলম্বীদের মত প্রকাশের স্বাধীনতাকে আরো খর্ব করতে ব্যবহার করা হবে। 

ডিজিটাল নিরাপত্তা আইনটি সোমবার অনুমোদন করেন প্রেসিডেন্ট। এ আইনটিতে রয়েছে ঔপনিবেশিক আমলের অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট। তার সঙ্গে যুক্ত হয়েছে নতুন নতুন বিষয়। এতে কোনো ওয়ারেন্ট ছাড়াই পুলিশকে দেয়া হয়েছে গ্রেপ্তারের ক্ষমতা। 

নতুন এই আইনের বিষয়ে কথা বলেছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তারা এ আইনের বিষয়ে বলেছে, এটা হলো মুক্ত মত প্রকাশের স্বাধীনতার প্রতি ভয়াবহ এক বিধিনিষেধ আরোপ।

‘গায়েবি’ মামলা-যশোরের পাঁচ মামলায় ১৬ শিক্ষকসহ ১১২ জনের জামিন-দৈনিক প্রথম আলো

যশোরের বাঘারপাড়ার একটি মাদ্রাসার শিক্ষক শামীম মিঞা (৪৫)। তাঁর দাবি, তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। অথচ তার নামে পুলিশ নাশকতার মামলা দিয়েছে। মাদ্রাসাশিক্ষক শামীমের মতো যশোরের বাঘারপাড়া ও অভয়নগর থানার পৃথক আরও দুটি নাশকতার মামলায় আরও ১৫ জন শিক্ষক হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন। এভাবে পৃথক পাঁচটি নাশকতার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন আরও ৯৬ জন। আদালতকে তিনি বলেছেন, নাশকতার নামে পুলিশ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আর দৈনিক ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, বিএনপির বিরুদ্ধে ‘গায়েবি মামলা’ ভাবমূর্তি নষ্ট হচ্ছে পুলিশের: হাইকোর্ট

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

নিজ ভূমি গুজরাতেই প্রতিবাদের মুখে মোদী-দৈনিক আনন্দবাজার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

অনাদায়ি ঋণে ডুবে থাকা আইডিবিআই ব্যাঙ্ককে উদ্ধার করতে এলআইসিকে মাঠে নামানোয় কেন্দ্রের উপরে ক্ষুব্ধ হয়েছিলেন জীবনবিমা নিগমের কর্মীরা। এ বার প্রায় একই কারণে ক্ষোভ ছড়াল ওএনজিসির কর্মীদের মধ্যে। প্রতিবাদের আওয়াজ উঠল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের জেলা মেহসানা থেকে। 

গুজরাতের ওএনজিসি কর্মী সংগঠন ওএনজিসি এমপ্লয়িজ মজদুর সভা গত ৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে চিঠি লিখে অভিযোগ তুলেছে, সংস্থার সিদ্ধান্তে সরকার নাক গলাচ্ছে। ফলে লাভজনক সংস্থা থেকে দেনাগ্রস্তের তালিকায় ঢুকে পড়ছে ওএনজিসি।

রাজস্থানে জিকার থাবা, বিহারে জারি সতর্কতা, রিপোর্ট তলব প্রধানমন্ত্রীর-দৈনিক আজকাল

ব্রাজিলের পর এবার মারণ জিকা ভাইরাসের হানা ভারতে৷ ইতিমধ্যেই জয়পুরে আক্রান্ত ২২ জন৷ সাক্ষাৎ মৃত্যুদূত এই ভাইরাসের হামলায় সতর্কবার্তা জারি করা হয়েছে রাজস্থান ও রাজধানী দিল্লিতেও৷ গোটা বিষয়ে রিপোর্ট তলব করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, রাজস্থানের জয়পুর শহরে ২২ জনের রক্তে পাওয়া গিয়েছে জিকা ভাইরাস৷ আক্রান্তদের মধ্যে একজন বিহারের সিওয়ান জেলার বাসিন্দা৷ ইতিমধ্যেই মরুরাজ্যের ৩৮টি জেলায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে৷ বিপজ্জনক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখতে রাজস্থান সরকারকে সাহায্য করবে সাত সদস্যের একটি বিশেষ কেন্দ্রীয় দল৷ জিকার মোকাবিলায় ইতিমধ্যেই ‘ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল’-এ একটি কন্ট্রোলরুম খোলা হয়েছে৷ 

অযোধ্যায় রাম মন্দির তৈরি না হলে গদিচ্যূত করা হবে মোদিকে, হুমকি আরএসএসের-দৈনিক আজকাল

আরএসএসের দলীয় মুখপত্র সামনায় এবার সরাসরি বিজেপিকে ক্ষমতাচ্যূত করার হুমকি দেওয়া হল। সামনার সম্পাদকীয়কে রাম মন্দির শীর্ষক একটি লেখায় বিজেপিকে সরাসরি হুমকি দিয়ে বলা হয়েছে, অযোধ্যায় যদি রাম মন্দির তৈরি করতে না পারে বিজেপি তাহলে তাকে ক্ষমতা চ্যূত করা হবে। লেখা হয়েছে ‘রাম মন্দির বানাও নেহি তো রাম নাম সত্য হ্যায়’। সামনায় লেখা হয়েছে বিজেপি যখন কেন্দ্রে এবং উত্তর প্রদেশে ক্ষমতায় এলো, তখন ভাবা হয়েছিল অযোধ্যায় রাম তৈরি হবে। কিন্তু ক্ষমতায় আসার পর আর বিজেপি সেদিকে নজর দিচ্ছে না।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৯