২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় : রায় প্রত্যাখ্যান বিএনপির
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১০ অক্টোবর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- রায় প্রত্যাখ্যান বিএনপির, ৭ দিনের কর্মসূচি ঘোষণা-দৈনিক প্রথম আলো
- রাষ্ট্রযন্ত্রের পৃষ্ঠপোষকতায় ২১ আগস্টের গ্রেনেড হামলা : ট্রাইব্যুনাল-দৈনিক ইত্তেফাক
- ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়-বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড, তারেকসহ ১৯ জনের যাবজ্জীবন-দৈনিক যুগান্তর
- রায়ে পুরোপুরি খুশি নন ওবায়দুল কাদের-দৈনিক মানবজমিন
- স্যাকারিন মেশানো আখের রস : ভয়ঙ্কর বিপদের শঙ্কা-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- মিথ্যা প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় এসেছি’, গড়কড়ির বিতর্কিত মন্তব্যে চাপে বিজেপি-দৈনিক সংবাদ প্রতিদিন
- বিজেপি শাসিত দুটি রাজ্যে জিতবে কংগ্রেস, বলছে সমীক্ষা-দৈনিক আজকাল
- পুজো অনুদানের সরকারি সিদ্ধান্তে নাক গলাবে না আদালত: হাইকোর্ট-দৈনিক আনন্দবাজার
- পর পর নারী নিগ্রহ ও খুন প্রতিবাদে গলসিতে বিক্ষুব্ধ মহিলাদের জাতীয় সড়ক অবরোধ-দৈনিক গণশক্তি
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. ডিজিটাল নিরাপত্তা আইন পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আপনি কী মনে করেন বাংলাদেশ সরকার এই আইন পুনর্বিবেচনা করবে?
২. জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি পদত্যাগ করেছেন। ঘটনাটিকে কীভাবে দেখছেন?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ খয়েকটি খবর
বাংলাদেশের বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় আজ ঘোষণা করেছে বিশেষ আদালত। তাতে বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড এবং তারেকসহ ১৯ জনের যাবজ্জীবন দেয়া হয়েছে। প্রথম আলো, ইত্তেফাক, যুগান্তরসহ প্রায় সব জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণ এবং অনলাইন পোর্টালগুলোতে এ সম্পর্কিত খবর ছাপা হয়েছে।
ইত্তেফাকের খবর- স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অখুশি নই, তবে মাস্টারমাইন্ডদের মুত্যুদণ্ড না হওয়ায় পুরোপুরি সন্তুষ্টও নই।
তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফরমায়েশি রায় প্রত্যাখ্যান করে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আর আদালেতের পর্যবেক্ষণে বলা হয়েছে, রাষ্ট্রযন্ত্রের পৃষ্ঠপোষকতায় ২১ আগস্টের গ্রেনেড হামলা করা হয়।
স্যাকারিন মেশানো আখের রস : ভয়ঙ্কর বিপদের শঙ্কা-দৈনিক নয়া দিগন্ত
ঘামঝরা গরমে কর্মব্যস্ত মানুষের তৃষ্ণা মেটাতে রাজধানীর অলিগলি সয়লাব ভ্রাম্যমাণ আখের রসের দোকানে। আশ্বিনের তীব্র গরমে তৃষ্ণা মেটাতে অনেকেই ছুটে যাচ্ছেন এসব আখের রসের দোকানে। মিষ্টি স্বাদের আখের রসে তৃষ্ণা মেটাচ্ছেন তারা। কিন্তু অনেকেই জানেন না এই আখের রসে মেশানো হচ্ছে স্যাকারিন। মৌসুম হওয়ায় আখের কমতি নেই বাজারে। তাই বর্তমানে বরফ মেশানোর দৃশ্য খুব একটা দেখা যাচ্ছে না। তবে রসে মিষ্টির পরিমাণ বৃদ্ধি করতে ঘানিতে ভাঙানো আখের মধ্যে মেশানো হচ্ছে স্যাকারিন, যা মাত্রাতিরিক্ত শরীরে প্রবেশ করলে অসুবিধা হতে পারে।
সম্প্রতি মিরপুর-১০ নম্বরে একটি ভ্রাম্যমাণ আখের রসের দোকানে যায় কলেজছাত্র রাশেদুল। সেখানে ভ্যানের উপরে বিশেষ পক্রিয়ায় বসানো মেশিন ও ঘানি দিয়ে আখ থেকে রস বের করা হচ্ছে। প্রচণ্ড গরমে ক্লান্ত রাশেদ ১০ টাকা দিয়ে এক গ্লাস রস পান করে। কিন্তু আখের রস মুখে দিতেই মিষ্টিতে তার মুখ লেগে আসে। আখের রস এত মিষ্টি হতে পারে? এমন প্রশ্ন জাগে তার মনে। একপর্যায়ে সে ভ্রাম্যমাণ ওই ব্যবসায়ীর কাছে জানতে চায় রস এত মিষ্টি কেন। দোকনি সরলতার সাথে উত্তর দেনÑ ‘আগে তো বরফ মেশানো রস খাইছেন। তাই পানসে লাগছে। এখন তো বরফ মেশানো হচ্ছে না। আখ থেকে প্রকৃত মিষ্টি রসটাই আপনাদের বের করে দেয়া হচ্ছে।’ কিন্তু রসের স্বাদ ও দোকানদারের কথায় মিল পাচ্ছিল না রাশেদ। রাশেদের কাছ থেকে বিষয়টি জানার পর সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, ওই মিষ্টি আখের প্রকৃত মিষ্টি নয়। তার মধ্যে কৌশলে মেশানো হচ্ছে স্যাকারিনের টুকরা, যা রসের সাথে মিশে মিষ্টিকে বাড়িয়ে দিচ্ছে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
মিথ্যা প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় এসেছি’, গড়কড়ির বিতর্কিত মন্তব্যে চাপে বিজেপি-দৈনিক সংবাদ প্রতিদিন
লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ৷ এই উত্তেজনায় বাড়তি ঘৃতাহুতি করলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতীন গড়কড়ি৷ একটি মারাঠি রিয়্যালিটি শো’তে প্রকাশ্যেই বললেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েই ২০১৪-তে কেন্দ্রের ক্ষমতায় এসেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার৷ এখন সেই প্রতিশ্রুতির কথা কেউ মনে করালে মুচকি হেসে পাশ কাটিয়ে চলে যাওয়া ছাড়া তাঁদের কোনও উপায় নেই৷ প্রধানমন্ত্রী মোদির কোর কমিটির অন্যতম সদস্যের এই আলটপকা মন্তব্যকে কার্যত লুফে নিয়েছে বিরোধী কংগ্রেস৷ কটাক্ষ ও সমালোচনায় বিজেপিকে বিদ্ধ করার কোনও সুযোগ ছাড়তে নারাজ রাহুল গান্ধী-সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব৷’
বিজেপি শাসিত দুটি রাজ্যে জিতবে কংগ্রেস, বলছে সমীক্ষা-দৈনিক আজকাল
পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই সমীক্ষা চলছে। কোন রাজ্যে কোন দলের ফল কী হবে তার চুলচেরা বিশ্লেষণ করছে বিভিন্ন সমীক্ষা সংস্থা। আর সেগুলির মিলিত ইঙ্গিত বলছে নভেম্বর–ডিসেম্বর মাসে হতে চলা এই নির্বাচনে রাজস্থান আর ছত্তিশগড়ে জেতার জায়গায় রয়েছে কংগ্রেস। তবে ছত্তিশগড়ে জয় এবং পরাজয়ের মধ্যে ব্যবধান খুবই সামান্য হতে চলেছে বলে ইঙ্গিত। অন্যদিকে মধ্যপ্রদেশ ধরে রাখতে পারে বিজেপি। পরপর তিনবার মধ্যপ্রদেশে সরকার চালিয়ে আসা বিজেপির কাছে চতুর্থবার জয়ের ফেরার সুযোগ রয়েছে। তবে সহজে নয়। তবে এই রাজ্যগুলির ফলাফলের ওপর লোকসভা নির্বাচনের প্রভাব ফেলবে।
পুজো অনুদানের সরকারি সিদ্ধান্তে নাক গলাবে না আদালত: হাইকোর্ট-দৈনিক আনন্দবাজার
রাজ্যের প্রায় ২৮ হাজার পুজো কমিটিকে ২৮ কোটি টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনগণের করের টাকা এ ভাবে অনুদান হিসাবে দেওয়া যায় কি না তা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলার আবেদন জানানো হয়েছিল। কিন্তু বুধবার সেই আবেদন খারিজ করে দিয়ে আদালত জানিয়ে দিল,ক্লাবকে পুজো অনুদানের বিষয়টি আদালতগ্রাহ্য নয়।
দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, রাফাল চুক্তি কীভাবে হয়েছিল? শুরু থেকে শেষ পর্যন্ত পুরো চুক্তির প্রক্রিয়ার সমস্ত নথি জমা দিন। বুধবার কেন্দ্রকে এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই নির্দেশের পরই ফের সরগরম রাফাল রাজনীতি।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১০