একতরফা নির্বাচনের জন্য এ রায় কারসাজি: রিজভী
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১১ অক্টোবর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি ।আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- একতরফা নির্বাচনের জন্য এ রায় কারসাজি: রিজভী-দৈনিক যুগান্তর
- উন্নয়ন: লাভের গুড় পিঁপড়ায় খায়-দৈনিক প্রথম আলো-দৈনিক প্রথম আলো
- বিএনপি আবারও পেট্টোল বোমা হামলা শুরু করেছে: হাছান মাহমুদ-দৈনিক ইত্তেফাক
- চলন্ত বাসে ইভটিজিংকারীকে কিশোরীর শায়েস্তা-দৈনিক মানবজমিন
- ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম মামলা-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- ‘আমি আবারও বলছি, প্রধানমন্ত্রী দুর্নীতিগ্রস্ত’, রাফাল নিয়ে ফের তোপ রাহুলের--দৈনিক আনন্দবাজার
- চাপ বাড়ছে ভারতীয় অর্থনীতির উপর, ধস শেয়ার বাজারে, বাড়ছে তেলের দাম-দৈনিক আজকাল
- অপুষ্টিতে আক্রান্ত অন্তঃসত্ত্বাদের নিখরচে খাদ্যসামগ্রী দেবে রাজ্য সরকার- দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
একতরফা নির্বাচনের জন্য এ রায় কারসাজি: রিজভী-দৈনিক যুগান্তর
একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার রায়কে ‘স্টেট স্পনসরড জাজমেন্ট’ বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার বিচার হিসেবে আখ্যায়িত করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপিকে পরিকল্পিতভাবে ধ্বংস করতেই সরকারের বিশেষ ব্যক্তির মনোবাঞ্চনা পূরণে এ রায়। রায়কে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করে তিনি বলেন, একতরফা নির্বাচন করার জন্য এ রায় একটি কারসাজি। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি আবারও পেট্টোল বোমা হামলা শুরু করেছে: হাছান মাহমুদ-দৈনিক ইত্তেফাক
বিএনপি আবারও পেট্টোল বোমা হামলা শুরু করেছে মন্তব্য করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পর তারা (বিএনপি) গতকাল বগুড়ায় পেট্টোল বোমা নিক্ষেপ করেছে। অর্থাৎ বিএনপি আবারও আগের রুপে ফিরে যাচ্ছে এবং তারা দেশে একটি বিশেষ পরিস্থিতি তৈরি করার লক্ষেই জনগণের ওপর পেট্টোল বোমা নিক্ষেপ করা শুরু করেছে। আজ জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার কনফারেন্স লাউঞ্জে এক স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন। সরকারকে অনুরোধ জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, অতিসত্বর এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে তারেক রহমানের সর্বোচ্ছ শাস্তি ফাঁসি এবং বেগম খালেদা জিয়াকে বিচারের আওতায় আনা হোক।
উন্নয়ন: লাভের গুড় পিঁপড়ায় খায়-দৈনিক প্রথম আলো
বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হলেও ধনী ও দরিদ্রের আয়বৈষম্য কমানোর ক্ষেত্রে অগ্রগতি কম। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম মঙ্গলবার দ্বিতীয় ‘কমিটমেন্ট টু রিডিউসিং ইনইকুয়ালিটি-সিআরআই’ যে সূচক প্রকাশ করেছে, তাতে এটা বলা হয়েছে। আয়বৈষম্য হ্রাসের সূচকে ১৫৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৮তম। এই বৈষম্য হ্রাস করতে না পারলে বাংলাদেশের পক্ষে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ অর্জন করা কঠিন হবে।
বিশ্বব্যাংকের তথ্য অনুসারে বাংলাদেশ দারিদ্র্য বিমোচন ও মানবসম্পদ উন্নয়নে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোর জন্য সফলতার উদাহরণ। বাংলাদেশ ইতিমধ্যেই স্বল্প–মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার শর্তগুলোও পূরণ করেছে। একই গতিতে উন্নয়ন ধরে রাখতে পারলে ২০২১ সাল নাগাদ বাংলাদেশ মধ্যম আয়ের দেশের স্বীকৃতি পাবে। এসব বাংলাদেশের জন্য বড় অর্জন।
প্রশ্ন হচ্ছে, ফুলে ওঠা এই উন্নয়নের সুফল কি সবার কাছে পৌঁছাচ্ছে? দেশে-বিদেশি বিভিন্ন হিসাব বলছে, না। বাংলাদেশে অর্থনৈতিক উন্নতি যেমন হয়েছে, তেমনি বৈষম্য সমাজের প্রতিটি স্তরেই বেড়েছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি আর্থিক বৈষম্য এখন বিরাজ করছে।
ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম মামলা-দৈনিক নয়া দিগন্ত
বাংলাদেশে আইন হওয়ার তিন দিনের মাথায় ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম মামলা করেছে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার পল্টন থানায় ওই মামলাটি করা হয়, যেখানে ফেসবুক ব্যবহার করে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে প্রতারণার অভিযোগে পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে। আজ একটি সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে সিআইডি। সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম বলছেন, ''এই চক্রের প্রধান কাউসার গাজীকে গ্রেফতারের পর পুরো চক্রটির বিষয়ে আমরা জানতে পারি।"
চলন্ত বাসে ইভটিজিংকারীকে কিশোরীর শায়েস্তা-দৈনিক মানবজমিন
রাজধানীর ফার্মগেট মোড়ে বাসে ইভটিজিংকারীর উপর হামলে পড়ে এক কিশোরী। শুধু তাই নয়, মারধরও করেছে ইভটিজিংকারীকে। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনাটি ঘটে আজ সকাল ৯টা ৫০ মিনিটে। ভিডিও ধারণকারী জাগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ছেলেটা পিছনের সিট থেকে মেয়েটার শরীরে বারবার স্পর্শ করছিল। এক সময় কিশোরী উত্তেজিত হয়ে ছেলের উপর হামলে পড়ে। জানতে চায়, শরীরে হাত দিছস কেন? আজ তোরে মজা শিখাইয়া দিমু। এই বলেই তাকে বেশ উত্তম-মধ্যম দিল মেয়েটি।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
‘আমি আবারও বলছি, প্রধানমন্ত্রী দুর্নীতিগ্রস্ত’, রাফাল নিয়ে ফের তোপ রাহুলের-দৈনিক আনন্দবাজার
সুপ্রিম কোর্টের রিপোর্ট তলব। ফরাসি সংবাদ মাধ্যমের রিপোর্ট। দুই অস্ত্র হাতে পেয়েই নজিরবিহীন আক্রমণ করে এবার সরাসরি প্রধানমন্ত্রীকে ‘দুর্নীতিগ্রস্ত’ বললেন রাহুল গাঁধী। কংগ্রেস সভাপতির আরও তোপ, রাফাল চুক্তি ধামাচাপা দিতেই ‘জরুরি’ ভিত্তিতে ফ্রান্স গিয়েছেন নির্মলা সীতারামন। প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট বলেছিলেন, রাফাল চুক্তিতে অনিল অম্বানির সংস্থাকে অন্তর্ভুক্ত করার জন্য ভারত সরকার চাপ দিয়েছিল। তার পর থেকেই রাফাল নিয়ে আক্রমণের ঝাঁঝ বাড়ান রাহুল। তার মধ্যে বুধবার সুপ্রিম কোর্ট রাফাল চুক্তির সিদ্ধান্ত সম্পর্কিত যাবতীয় নথি তলব করেছে। এ নিয়ে রাতেই টুইট করে প্রধানমন্ত্রীকে নিশানা করেন রাহুল গাঁধী। বলেন, এটা পরিষ্কার, রাফাল চুক্তি করেছিলেন প্রধানমন্ত্রীই।
চাপ বাড়ছে ভারতীয় অর্থনীতির উপর, ধস শেয়ার বাজারে, বাড়ছে তেলের দাম-দৈনিক আজকাল
ভারতীয় অর্থনীতির যে সঙ্কট নিয়ে বিরোধিরা বারবার সরব হয়েছে, সেই সংকটই যেন দিনের পর দিন আরও স্পষ্ট হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই একাধিক অর্থনৈতিক খবর আসতে থাকে, যা নিশ্চিত ভাবেই কপালে ভাঁজ ফেলার মতো। প্রাথমিক ভাবে খবর পাওয়া যায়, এদিন শেয়ার বাজার খোলার পর থেকে ধস নামে। প্রায় ১০০০ পয়েন্ট পড়ে দিন শুরু করে স্টক এক্সচেঞ্জ। স্বাভাকিভাবে প্রভাব পড়তে শুরু করে বাজারে। পড়তে শুরু করে নিফটিও। ৩১১ পয়েন্ট পড়ে দিন শুরু করে নিফটি। কয়েক মিনিটের মধ্যেই ফের খবর আসে, ডলারের নিরিখে ফের পড়েছে টাকার দাম। রেকর্ড করে টাকার দাম এদিন দাঁড়ায় ৭৬.৪৫ টাকা। গতকালের নিখিরে একলাফে ২৪ পয়সা কমে যায় টাকার দাম। এখানেই শেষ নয়, এছাড়া এদিন পেট্রল ডিজেলেরও দাম কিছুটা বাড়ে। কলকাতায় পেট্রলের দাম বেড়ে লিটার পিছু হয় ৮৪.১৯ টাকা। এছাড়া, ২৭ পয়সা বেড়ে ডিজেলের দাম দাঁড়ায় ৭৬.৪৭ টাকা।
নোটবন্দির পর থেকেই ভারতীয় অর্থনীতির গতিপ্রকৃতি নিয়ে নানারকম সন্দেহ প্রকাশ করে এসেছেন একাধিক অর্থনীতিক। বিরোধিরাও মোদি সরকারের অর্থনৈতিক নীতি নিয়ে খুব একটা খুশি ছিল না। বরং বারংবার নোট বাতিল থেকে শুরু করে জিএসটি, একাধিক ইস্যুতে একাধিক দল বিরোধিতা করেছে। কিন্তু শেষ পর্যন্ত জেটলি বা মোদি কেউই এসব পাত্তা দিতে চাননি। বরং তাঁরা মনে করেছেন, ভারতীয় অর্থনীতিতে দীর্ঘকালীন উন্নতির জন্য এই অর্থনৈতিক পরিবর্তন সাহায্য করবে, সুবিধা পাইয়ে দেবে। কিন্তু এতদিনেও সেই রকম কোনও সুবিধাজনক পরিস্থিতির ইঙ্গিত পাননি সাধারণ মানুষ।
অপুষ্টিতে আক্রান্ত অন্তঃসত্ত্বাদের নিখরচে খাদ্যসামগ্রী দেবে রাজ্য সরকার- দৈনিক সংবাদ প্রতিদিন
অপুষ্টিতে আক্রান্ত মা ও শিশুদের জন্য এক বছরের স্পেশ্যাল প্যাকেজের ব্যবস্থা করেছে খাদ্য দপ্তর। এক বছরের জন্য বিনা পয়সায় ১০ হাজার মা ও শিশুকে খাদ্যসামগ্রী প্রদানের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। পরিকল্পনা করা হয়েছে, এবার থেকে অপুষ্টিতে আক্রান্ত অন্তঃসত্ত্বাদের এক বছরের জন্য স্পেশ্যাল প্যাকেজ দেওয়া হবে।
এবছর খাদ্য দিবসের অনুষ্ঠানের খরচ কমিয়ে সেই টাকায় সাধারণ মানুষকে চাল, ডাল দিয়েছে খাদ্য দপ্তর। অপুষ্টিতে আক্রান্ত ১০ হাজার মা ও শিশুর জন্য বিশেষ প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “অপুষ্টি কমাতেই এই উদ্যোগ। ১০ হাজার মা ও শিশুর জন্য বিশেষ প্যাকেজে থাকছে ২ কেজি ডাল, ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি সোয়াবিন। এক বছর ধরে বিনা পয়সায় এই প্যাকেজ দেওয়া হবে।”
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১১