তারেককে ফেরাতে সরকার অনুরোধপত্র পাঠাবে-দৈনিক প্রথম আলো
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৩ অক্টোবর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- তারেককে ফেরাতে সরকার অনুরোধপত্র পাঠাবে-দৈনিক প্রথম আলো
- বিডিয়ার বিদ্রোহে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু-দৈনিক ইত্তেফাক
- ভুল বক্তব্য ও শব্দ বিভ্রাটের জন্য ডা. জাফরুল্লাহর দুঃখ প্রকাশ-দৈনিক যুগান্তর
- সম্পাদক পরিষদের মানববন্ধন সোমবার, তিন মন্ত্রী প্রতিশ্রুতির বরখেলাপ করেছেন-দৈনিক মানবজমিন
- ঢাবিতে গেস্টরুম বিচার, শিক্ষার্থীকে মেরে অজ্ঞান করল ছাত্রলীগ-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- অসমে ফের উলফার সন্ত্রাস, বিস্ফোরণে গুরুতর আহত ৪ -দৈনিক সংবাদ প্রতিদিন
- জম্মু–কাশ্মীরে চলছে তৃতীয় দফার নির্বাচন-দৈনিক আজকাল
- অনেক যৌন হেনস্থা করেছেন বচ্চন, এ বার সেই মহিলারা এগিয়ে এসে বলুন, বিস্ফোরক স্বপ্না ভাবনানি -দৈনিক আনন্দবাজার
- কর্মসংস্থান নিয়ে প্রশ্ন, সংসদীয় রিপোর্টে বাধা বিজেপির-দৈনিক গণশক্তি
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. সংসদ বহাল রেখে নির্বাচন; অন্ধকারে ইসি- এটা হচ্ছে দৈনিক মানবজমিন পত্রিকার শিরোনাম। কী বলবেন এ সম্পর্কে?
২. "আরব দেশগুলোর কাছে অস্ত্র বিক্রির জন্য ‘ইরান-আতঙ্ক’ ছড়াচ্ছে আমেরিকা"- কথাটি বলেছেন লেবাননের হিজবুল্লাহ প্রধান সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। আসলে কী তাই? অস্ত্র বিক্রির জন্য কেন ইরান-ভীতি ছড়ানো প্রয়োজন?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ খয়েকটি খবর
সম্পাদক পরিষদের মানববন্ধন সোমবার, তিন মন্ত্রী প্রতিশ্রুতির বরখেলাপ করেছেন-দৈনিক মানবজমিন
আগামী সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে সম্পাদক পরিষদ। আজ বেলা ১২ টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সম্প্রতি পাস হওয়া বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটি ধারায় আপত্তি জানিয়ে সংগঠনটি এই কর্মসূচি ডেকেছে। সংবাদ সম্মেলনে বলা হয়, তিনজন মন্ত্রী ও প্রধানমন্ত্রীর গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা আমাদের উদ্বেগের বিষয়গুলো মন্ত্রিসভায় উপস্থাপন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রহণযোগ্য পরিবর্তন-পরিমার্জনের লক্ষ্যে অংশীজনের সঙ্গে সংলাপের ব্যাপারে প্রকাশ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তারা এসবের কিছুই করেননি।
তারেককে ফেরাতে সরকার অনুরোধপত্র পাঠাবে-দৈনিক প্রথম আলো
২১ আগস্ট গ্রেনেড হামলা ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তারেক রহমানকে দেশে ফেরাতে যুক্তরাজ্য সরকারের কাছে অনুরোধপত্র পাঠাবে সরকার। দেশটির সঙ্গে বহিঃসমর্পণ চুক্তি করার বিষয়েও প্রস্তাব পাঠানো হবে। এ ছাড়া এই মামলার সাজাপ্রাপ্ত আরেক আসামি হারিছ চৌধুরীকেও যুক্তরাজ্যে দেখা গেছে বলে সরকারের কাছে খবর রয়েছে। হারিছ চৌধুরী ওই দেশে বসবাস করছেন কি না এবং সেখানে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন কি না, যুক্তরাজ্যের কাছে তা-ও জানতে চাওয়া হবে। সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে এ তথ্য জানা গেছে।
আওয়ামী লীগ সন্ত্রাসের উর্বর জমি: রিজভী-দৈনিক মানবজমিন
আওয়ামী লীগ সন্ত্রাসের উর্বর জমি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, তাদের বক্তৃতা, আচরণ, দেশ শাসন সর্বত্রই রক্তাক্ত সন্ত্রাসের চিহ্ন দৃশ্যমান। আওয়ামী সন্ত্রাসের ধারা জেনেটিক্যাল। তারা শুধু গুম, খুন আর ক্রসফায়ারের ব্যাপক বিস্তার ঘটাতে আইন আদালতকে গড়ে তুলেছে রাষ্ট্রীয় টেররিজমের হাতিয়ার হিসেবে। আজ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন। এসময় তিনি পূজার কারণে পরিবর্তিত কর্মসূচি ঘোষণা করেন।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
আকবরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ খতিয়ে দেখা হবে, বললেন অমিত শাহ-দৈনিক আজকাল
বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবরের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন বিজেপি সভাপতি অমিত শাহ। বিরোধীদের প্রবল চাপের কাছে প্রায় নতিস্বীকার করেই এই প্রথম বিজেপির কোনও বর্ষীয়ান নেতা এই বিষয়ে মন্তব্য করলেন।
বিজেপি সভাপতি বলেছেন, ‘বিষয়টি নিয়ে আমরা খোঁজখবর নেব। দেখতে হবে অভিযোগটি আসলে সত্যি কিনা। সোশ্যাল মিডিয়ায় যে কোনও পোস্ট এবং ওই পোস্ট যিনি করেছেন তাঁর ব্যাপারে খোঁজখবর করা হবে।৬ জন মহিলা প্রাক্তন সাংবাদিক একযোগে আকবরের নামে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। প্রথন অভিযোগটি করেন সাংবাদিক প্রিয়া রামানি। এরপরেই তিনি আকবরের নাম প্রকাশ করেন। এরপর সুতপা পাল নামে আরও এক সাংবাদিক ওই একই অভিযোগ করেন। একটি ইন্টারভিউয়ের সময় তাঁকে আকবর যৌন হেনস্থা করেন বলে অভিযোগ করেন ওই মহিলা সাংবাদিক। একইরকম অভিজ্ঞতার কথা জানিয়েছেন সাংবাদিক সাবা নাকভি ও লেখিকা গাজালা ওয়াহাব। অভিযোগকারীদের দাবি, আকবর যখন সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন, তখনই এই যৌন হেনস্থা করেছেন।
বর্তমানে এম জে আকবর রয়েছেন নাইজেরিয়ায়। তাঁকে সফর কাটছাঁট করে দেশে ফিরে আসতে বলা হয়েছে। দলীয় সূত্রে খবর এমনই। তবে আকবর নিজের কর্মসূচি শেষ করেই দেশে ফিরছেন বলে জানা গেছে।
এদিকে আকবরের বিরুদ্ধে নতুন এক অভিযাগ করেছেন মাজলি ডে পু কাম্প নামে মার্কিন প্রবাসী এক সাংবাদিক। তাঁর অভিযাগ ২০০৭ সালে একটি সংবাদপত্রে ইন্টার্নশিপ করার সময় তাঁকে যৌন হেনস্থা করেন আকবর।এতগুলো অভিযোগের পর অবশেষে গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেন অমিত শাহ।
অনেক যৌন হেনস্থা করেছেন বচ্চন, এ বার সেই মহিলারা এগিয়ে এসে বলুন, বিস্ফোরক স্বপ্না ভাবনানি-দৈনিক আনন্দবাজার
বলিউডের #মিটু আন্দোলন নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন অমিতাভ বচ্চন। নীরবতা ভেঙে দিন দুয়েক আগে নিজের জন্মদিনে তিনি বলেছিলেন, ‘‘কোনও মহিলাই যেন দুর্ব্যবহার বা অবাঞ্ছিত আচরণের শিকার নাহন। বিশেষ করে তাঁর কর্মক্ষেত্রে।’’ কিন্তু তিরটা যে তাঁর দিকেই ঘুরে যাবে, তাঁকেও যে নিশানা হতে হবে তা বোধহয় ভাবেননি বিগ বি। কারণ এ বার#মিটু নিয়ে অমিতাভকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন বলিউডের হেয়ার স্টাইলিস্ট স্বপ্না ভাবনানি।
স্বপ্নার টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে বলিউডে। তিনি লিখেছেন, ‘‘বচ্চন যৌন হেনস্থা করেছেন, এমন বহু ঘটনা আমি শুনেছি।আমি আশা করব, সেই মহিলারা এ বার অন্তত মুখ খুলবেন। ওঁর ভণ্ডামি দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়েছি...।কিন্তু অমিতাভকে নিশানা করার সাহস দেখালেন যে স্বপ্না, তিনি কে? ৪৭ বছরের এই মহিলা পেশায় হেয়ার স্টাইলিস্ট। মুম্বইয়ের এই বাসিন্দা নিজেকে নারীবাদী বলতে পছন্দ করেন। ছবি তোলা, ব্লগ লেখা তাঁর শখ। নিজের প্রোডাকশন হাউসও রয়েছে। ‘বিগ বস’-এর মতো জনপ্রিয় টেলিভিশন শো-এ অংশ নিয়েছিলেন।
অসমে ফের উলফার সন্ত্রাস, বিস্ফোরণে গুরুতর আহত ৪-দৈনিক সংবাদ প্রতিদিন
বেশ কিছু দিন শান্ত ছিল পরিস্থিতি, কিন্তু পুজোর মুখে ফের অসমে মাথাচাড়া দিল উলফার সন্ত্রাস। চতুর্থীর সকালে খাস রাজধানী গুয়াহাটিতে বিস্ফোরণ ঘটাল নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনটি
জনবহুল পানবাজারের মহত্মা গান্ধী রোডের দুপুর ১১ টা বেজে ৪৫ মিনিটে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণটি ঘটানো হয় একটি প্রাচীরের আড়ালে। সেসময় প্রাচীরের অপর প্রান্তের রাস্তায় প্রচুর মানুষ চলাফেরা করছিলেন। পথচারীদের মধ্যে ৪ জন গুরুতর আহত হন। তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ব্যস্ত রাস্তায় বিস্ফোরণের ফলে আতঙ্কের সৃষ্টি হয়। হুলুস্থুল পড়ে যায় গোটা এলাকায়। কাছেই ছিল গুয়াহাটির কর্মব্যস্ত ফ্যান্সি বাজার। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বাজারে।
জম্মু–কাশ্মীরে চলছে তৃতীয় দফার নির্বাচন-দৈনিক আজকাল
জম্মু–কাশ্মীরে চলছে তৃতীয় দফার ভোটগ্রহণ। দুপুর ১২টা পর্যন্ত মাত্র ১.৩ শতাংশ ভোট পড়েছে। বুথে বুথে ভোটারদের দেখা নেই। ফাঁকা বললেই চলে। অথচ সকাল ছ টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। মোট ১.৬২ লাখ বাসিন্দার নাম রয়েছে ভোটার লিস্টে। তাঁদের আজ ভোট দানের কথা।আটটি পুরসভার ৯৬টি ওয়ার্ডে ৩৬৫ জন প্রার্থীর আজ ভাগ্য নির্ধারণ। মোট ১,৯৩,৯৯০ জন ভোটারের ভোট দেওয়ার কথা।
এর আগের দুই দফাতেও একই ছবি ধরা পড়েছিল। প্রথম দফায় সাত ঘণ্টায় সাত শতাংশ ভোট পড়েছিল। পিডিপি, এনসি কাশ্মীরের দুই প্রধান রাজনৈতিক দলই ভোটে অংশ নেয়নি। তার উপর জঙ্হিদের হুমকি তো রয়েইছে। ভোট কেন্দ্রে যেতেই ভয় পাচ্ছেন উপত্যকার বাসিন্দারা।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৩