অক্টোবর ১৪, ২০১৮ ১৪:১৬ Asia/Dhaka
  • ইউনূসের প্রচারণায় বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দেয় : শেখ হাসিনা

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৪ অক্টোবর রোববার কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশে:

  • জাতীয় সংসদ নির্বাচন, ঐক্যের প্রতি সতর্ক নজর রেখে এগোবে আ.লীগ-প্রথম আলো
  • ইউনূসের প্রচারণায় বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দেয় : শেখ হাসিনা-দৈনিক ইত্তেফাক
  • খালেদার অনুপস্থিতিতে বিচার চালানোয় বাধা নেই-কালেরকণ্ঠ
  • জনগণের সহানুভূতি পেতে আ.লীগই গ্রেনেড হামলা করেছে: রিজভী: রিজভী-যুগান্তর
  • দেশের মোট যুবকদের এক তৃতীয়াংশ বেকার: টিআইবি-মানবজমিন
  • ঐক্যফ্রন্ট ভূতের সরকার নাজিল করতে চায়–তথ্যমন্ত্রী

ভারতের শিরোনাম:

  • সরছেন আকবর? বিমানবন্দরে নামতেই পদত্যাগ নিয়ে জল্পনা তুঙ্গে; দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • ভারত একটা সার্জিক্যাল স্ট্রাইক করলে আমরা ১০টা করব:‌ পাকিস্তান: দৈনিক আজকাল
  • কুম্ভমেলার আগেই এলাহাবাদ শহরের নাম বদলাচ্ছে যোগী সরকার-সংবাদ প্রতিদিন

প্রিয় পাঠক/শ্রোতা‍! এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ:

জাতীয় সংসদ নির্বাচন, ঐক্যের প্রতি সতর্ক নজর রেখে এগোবে আ.লীগ-প্রথম আলো

বিরোধীদের ঐক্যের প্রতি সতর্ক নজর রাখার পাশাপাশি নিজেদের নির্বাচনী প্রস্তুতিতে বেশি মনোযোগ থাকবে আওয়ামী লীগের। দলটি মনে করছে, বিরোধীদের ঐক্য হবে জোড়াতালির। তাই নির্বাচনী ইশতেহার তৈরি, নির্বাচনকালীন সরকার গঠন, নিজেদের উন্নয়নের প্রচার এবং বিরোধীদের জোর সমালোচনার নীতি নিয়ে এগিয়ে যাবে সরকারি দলটি। আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা মনে করছেন, ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন একটু আলাদা হবে। কারণ, এবার ড. কামাল হোসেন ও বিএনপির যৌথ নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়াকে মোকাবিলা করতে হবে। তবে এ উদ্যোগ রাজনীতিতে আলোচনার জন্ম দিলেও সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারার পিছুটান ঐক্যকে দুর্বল করে দিয়েছে।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্র বলছে, আগামী নির্বাচন নিয়ে সরকারের যে ছক, তাতে বেশ কিছু অগ্রাধিকার রয়েছে। প্রথম অগ্রাধিকার হলো নির্ধারিত সময়ের মধ্যে একটা নির্বাচন। এই নির্বাচন হবে সংবিধান মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে এবং একটি নির্বাচনকালীন সরকারের অধীনে। এর পরের অগ্রাধিকার হচ্ছে, যত বেশি সম্ভব দলের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করা। তৃতীয় অগ্রাধিকার হচ্ছে নির্বাচনকে সংঘাতমুক্ত রাখা। এবারও আওয়ামী লীগ ও জোটের জয়ী হওয়ার ব্যাপারে কেউ বড় বাধা হয়ে দাঁড়াতে পারবে না।

ইউনূসের প্রচারণায় বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দেয়: শেখ হাসিনা-দৈনিক ইত্তেফাক-

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের প্রচারণায় বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দেয়। অনেকের ধারণা ছিল বিশ্বব্যাংকের টাকা ছাড়া পদ্মা সেতু হবে না। আমি ঘোষণা দিয়েলাম নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হবে। নিজস্ব অর্থায়নে আজ পদ্মা সেতুর ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। এটা সন্তোষজনক। রবিবার মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজা সংলগ্ন গোলচত্বরে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু প্রকল্প বন্ধ করে দিতে দুর্নীতির অভিযোগ তোলা হয়। তদন্ত শেষে প্রমাণিত হয়েছে পদ্মা সেতুকে কোনো দুর্নীতি হয়নি। সব অভিযোগ মিথ্যা। পদ্মা সেতুর আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হয়েছে আমাদের দেশের কিছু মানুষ। তাদের কারণে পদ্মা সেতুর কাজ শুরু করতে বিলম্ব হয়েছে। পদ্মা সেতুতে জমি দেয়ার জন্য আমি এ এলাকার মানুষকে অভিনন্দন জানাই।

খালেদার অনুপস্থিতিতে বিচার চালানোয় বাধা নেই-কালেরকণ্ঠ

খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার চালানোর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা আবেদন উচ্চ আদালতে খারিজ হয়ে গেছে। হাই কোর্টের আজকের আদেশের ফলে বিএনপি চেয়ারপারসনের অনুপস্থিতিতে এ মামলার বিচার শেষ করতে কোনো আইনি বাধা থাকল না বলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন।

আজ রবিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাই কোর্ট বেঞ্চ রোববার খালেদার রিভিশন আবেদনটি সরাসরি খারিজ করে দেয়। আদালতে খালেদার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। এ বিষয়ে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামান গত ২০ সেপ্টেম্বর এক আদেশে বলেন, খালেদা জিয়া যেহেতু ‘ইচ্ছাকৃতভাবে' আদালতে হাজির হচ্ছেন না, সেহেতু তার অনুপস্থিতিতেই এ মামলার বিচার কাজ চলবে। ওই আদেশের বিরুদ্ধেই হাই কোর্টে রিভিশন আবেদনটি করেছিলেন খালেদা জিয়া।

জনগণের সহানুভূতি পেতে আ.লীগই গ্রেনেড হামলা করেছে: রিজভী: রিজভী-যুগান্তর

সাধারণ জনগণের সহানুভূতি পেতে ২১ আগস্ট আওয়ামী লীগই নিজেদের সমাবেশে গ্রেনেড হামলা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, আওয়ামী লীগের সভার ওপর ভয়াবহ বোমা হামলা হলে শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রতি সাধারণ মানুষের ব্যাপক সহানুভূতির সৃষ্টি হবে এবং বিএনপির বিরুদ্ধে মানুষের আস্থা কমবে। এতে আওয়ামী লীগের লাভ। ঠিক এ উদ্দেশ্য নিয়েই সভার ওপর বোমা হামলা করা হয়েছে, শেখ হাসিনার মঞ্চকে পাশ কাটিয়ে।

তিনি দাবি করেন, ২১ আগস্ট বোমা হামলায় আওয়ামী লীগ বা তাদের শুভাকাঙ্ক্ষীরাই দায়ী। যেহেতু তখন সরকার পরিচালনা করেছে বিএনপি, সেহেতু নিজের সরকারের ভাবমূর্তি বিনষ্ট হবে— এমন আত্মবিধ্বংসী কাজ বিএনপি কেন করতে যাবে?‘দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতাসীন বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার এমন হঠকারী কাজ করে নিজেদের ‘পাকা ধানে মই দেয়া’র মতো নির্বোধ কাজ করবে, এটি পাগলেও বিশ্বাস করবে না, যোগ করেন রিজভী।

দেশের মোট যুবকদের এক তৃতীয়াংশ বেকার:সিপিডি -মানবজমিন

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার পর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দেশের মোট যুবকদের এক তৃতীয়াংশ বেকার। বেকারত্ব কমিয়ে আনতে সরকারকে অবশ্যই উদ্যোগ নিতে হবে। আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তন এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম আয়োজিত যুব সম্মেলনে তিনি এ কথা বলেন। ‘বাংলাদেশ ও এজেন্ডা ২০৩০: তারুণ্যের প্রত্যাশা শীর্ষক এই সম্মেলনে সভাপতিত্ব করেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

তিনি বলেন, দেশের এক তৃতীয়াংশ ভোটার যুবক। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী ইশতেহার তৈরির আগে যুব সমাজের সঙ্গে আলোচনায় বসতে হবে। তাদের মতের প্রায়োরিটি দিতে হবে। যুবকদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। তিনি বলেন, আমাদের দেশের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করাও একটা চ্যালেঞ্জ।

ঐক্যফ্রন্ট ভূতের সরকার নাজিল করতে চায়তথ্যমন্ত্রী

ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত ঐক্যফ্রন্টের সাত দফার কোনও ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘ঐক্যফ্রন্টের সাত দফার কোনও ভিত্তি নাই। এদের সাত দফায় কিছু অমিশন আছে, কিছু কমিশন আছে। তারা এই সাত দফার মাধ্যমে ভূতের সরকার নাজিল করতে চায়। এর মাধ্যমে তারা অস্বাভাবিক সরকার আনতে চায়। এটি কোনও নির্বাচনি জোট নয়, এটি নির্বাচনি ঘোঁট। তাদের সাত দফা হচ্ছে দুর্নীতিবাজ, খুনি, জঙ্গিদের রক্ষা কবচ।রবিবার (১৪ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে এই মুহূর্তে কোনও রাজবন্দি নাই, যারা আছে তারা সবাই অপরাধী। খালেদা জিয়া দুর্নীতি মামালায় সাজাপ্রাপ্ত আসামি। তারেক খুনি, খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তাদের সাত দফা এসব চিহ্নিত অপরাধীদের গায়ে রাজনৈতিক লেবেল এঁটে পুনর্বাসন করার অপচেষ্টা।’

এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি...

সরছেন আকবর? বিমানবন্দরে নামতেই পদত্যাগ নিয়ে জল্পনা তুঙ্গে; দৈনিক আনন্দবাজার পত্রিকা

দেশের মাটিকে পা রেখেই বুঝতে পারলেন তাঁর বিরুদ্ধে ওঠা #মিটু-র ঝাঁঝ কতখানি! রবিবার সকালে নাইজেরিয়া থেকে দিল্লি পৌঁছন কেন্দ্রী মন্ত্রী এম জে আকবর। বিমানবন্দরে পা রাখা মাত্রই সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরেন। তাঁর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থা নিয়ে মন্ত্রীকে প্রশ্ন করতেই তিনি শুধু বলেন, “এ বিষয়ে পরে বিবৃতি দেওয়া হবে।” এর বেশি আর কোনও মন্তব্যই করেননি আকবর।

কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবর

সূত্রের খবর, ইতিমধ্যেই পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর দফতরে মেল করেছেন আকবর। যদিও তাঁর ইস্তফা এখনও গৃহীত হয়নি। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গেও এ নিয়ে তাঁর বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে।গত কয়েক দিনে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে একের পর এক যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। যাঁরা তাঁর বিরুদ্ধে মুখ খুলেছেন তাঁদের মধ্যে বেশির ভাগই মহিলা সাংবাদিক। তাঁদের অভিযোগ, আকবর যখন সম্পাদক ছিলেন সে সময় যৌন হেনস্থা করেছেন।

ভারত একটা সার্জিক্যাল স্ট্রাইক করলে আমরা ১০টা করব:‌ পাকিস্তান: দৈনিক আজকাল

ভারত যদি তাদের বিরুদ্ধে ফের একটা সার্জিক্যাল স্ট্রাইক করে, তাহলে জবাবে তারা ভারতে ১০টা সার্জিক্যাল স্ট্রাইক করবে। পাকিস্তান সেনার অন্তর্পরিষেবা জনসংযোগের মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর শনিবার লন্ডন থেকে এই হুঁশিয়ারি দিয়েছেন। পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে লন্ডন সফরে গিয়েছেন গফুর। সেখানেই রেডিও পাকিস্তানে এই হুঁশিয়ারি দেন তিনি।

মেজর জেনারেল আসিফ গফুর

গফুরের আরও হুমকি, যদি কেউ পাকিস্তানের বিরুদ্ধে কোনও অভিযানের কথা ভেবে থাকে, তাহলে তাদের মনে সন্দেহ থাকা উচিত নয় যে  পাকিস্তান জবাব দিতে অক্ষম। গফুর বলেছেন, ৫০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে তৈরি হওয়া চীন–পাকিস্তান অর্থনৈতিক পথ বা সিপিইসি–এর সংরক্ষক পাকিস্তানি সেনা। গফুরের দাবি, এই প্রকল্প পাকিস্তানের অর্থনীতিকে আরও শক্তপোক্ত করবে। তাঁর আরও দাবি, পাক সেনা চায় দেশে গণতন্ত্র আরও জোরাল হোক। জুলাইয়ের নির্বাচন এপর্যন্ত সব থেকে স্বচ্ছ ছিল। কেউ যদি মনে করেন ছাপ্পা ভোট হয়েছিল, তাহলে তিনি প্রমাণ সহ সেই অভিযোগ জনসমক্ষে আনতে পারেন। তার তদন্ত হবে। পাকিস্তানে সংবাদমাধ্যমের উপরও কোনও নিষেধাজ্ঞা নেই।

কুম্ভমেলার আগেই এলাহাবাদ শহরের নাম বদলাচ্ছে যোগী সরকার-সংবাদ প্রতিদিন

ঘলসরাই, রাজস্থানের একাধিক গ্রামের পর এবার এলাহাবাদের মতো ঐতিহ্যশালী শহর। ২০১৯-এর আগে নাম বদলের ধারা অব্যাহত রাখছে বিজেপি সরকার। ২০১৯ কুম্ভমেলার আগেই নাম বদলাতে চলেছে এই ঐতিহ্যমণ্ডিত শহরটির। নতুন নাম হবে প্রয়াগরাজ। শনিবার কুম্ভমেলার প্রস্তুতির পরিদর্শনের পর বিবৃতি দিতে গিয়ে একথা ঘোষণা করেছেন খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

সম্প্রতি এলাহাবাদের নাম বদলে প্রয়াগরাজ রাখার প্রস্তাব দিয়েছিল আখড়া পরিষদ। আখড়া পরিষদের মার্গদর্শক মণ্ডলীর বৈঠকে নাম বদলের প্রস্তাব পাশ হয়। তা পাঠানো হয় মুখ্যমন্ত্রী যোগীর কাছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আখড়া পরিষদের তরফ থেকে প্রস্তাব এসেছিল ২০১৯ কুম্ভমেলার আগে এলাহাবাদের নাম বদলে প্রয়াগরাজ করতে হবে। মাননীয় রাজ্যপাল ইতিমধ্যেই সেই প্রস্তাবে সায় দিয়েছেন। মন্ত্রিসভা যদি সম্মত হয় খুব শীঘ্রই নাম বদলাতে চলেছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৪