ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৭ অক্টোবর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- ইসির বিরোধ নির্বাচনে প্রভাব ফেলবে?-দৈনিক প্রথম আলো
- ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে-দৈনিক ইত্তেফাক
- সরকারের হুকুমে আরেকটি ফরমায়েশি রায় হতে যাচ্ছে: রিজভী-দৈনিক যুগান্তর
- বৈশ্বিক সক্ষমতায় পিছিয়ে বাংলাদেশ: সিপিডি-দৈনিক মানবজমিন
- নির্বাচনে অযোগ্য হচ্ছেন সব ঋণখেলাপি-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- বিহারে নীতীশের উত্তরসূরি হচ্ছেন প্রশান্ত কিশোর, নয়া সিদ্ধান্তে জল্পনা-দৈনিক সংবাদ প্রতিদিন
- ধর্ষণের অভিযোগ সলমনের বিরুদ্ধে-দৈনিক আজকাল
- মহিলা প্রবেশ ঘিরে উত্তপ্ত সবরীমালা মন্দির, ঢুকতে বাধা ২ জনকে-ভাঙচুর চালানো হলো-দৈনিক আনন্দবাজার
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. নির্বাচনে এমপিদের আচরণবিধি: সরকারের দিকে তাকিয়ে ইসি -এটা হচ্ছে দৈনিক মানবজমিন পত্রিকার শিরোনাম। কী বলবেন আপনি?
২. গতকাল পাকিস্তানভিত্তিক জঙ্গিরা সিস্তান ও বালুচিস্তান প্রদেশ থেকে একদল ইরানি সীমান্তরক্ষীকে অপহরণ করেছে। ঘটনার পর অপহৃতদের অবিলম্বে উদ্ধারের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। পাকিস্তান আসল কী করতে পারে এ ক্ষেত্রে?
বিশ্লেষণের বাইরে কয়েকটি খবর
ইসির বিরোধ নির্বাচনে প্রভাব ফেলবে?-দৈনিক প্রথম আলো
জাতীয় নির্বাচনের প্রস্তুতির মুহূর্তে নিজেদের বিরোধ প্রকাশ্যে আসায় বিব্রতকর অবস্থায় পড়েছে নির্বাচন কমিশন (ইসি)। নিজেদের মধ্যে বিরোধ জিইয়ে রেখে শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন পরিচালনায় এই ইসি কতটুকু সফল হবে, সে প্রশ্ন সামনে এসেছে। তবে ইসি এই বিরোধকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না। প্রতিষ্ঠানটি বলছে, মতবিরোধ থাকলেও নির্বাচন পরিচালনা তাদের জন্য কঠিন হবে না।
নির্বাচন–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নিজেদের মধ্যে মতবিরোধের পাশাপাশি সবার জন্য সমান সুযোগ তৈরি, পুলিশ ও প্রশাসনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, অংশগ্রহণমূলক নির্বাচনের মতো বড় বিষয় নিয়ে আলোচনা করতে না চাওয়া এই সাংবিধানিক প্রতিষ্ঠানটিকে প্রশ্নের মুখে ফেলেছে। এর ফলে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় আরও বাড়বে। তা ছাড়া ইসির বর্তমান অবস্থান এই বার্তা দিচ্ছে যে জাতীয় নির্বাচনে ইসি নিজের ক্ষমতার যথাযথ প্রয়োগে খুব একটা আগ্রহী নয়।
দৈনিকটির অন্য কয়েকটি শিরোনাম এরকম- ভোটের রাজনীতি জোটবন্দি, সংস্কার প্রস্তাব –বিএনপি জোটের সিকি আধুলি।
সরকারের হুকুমে আরেকটি ফরমায়েশি রায় হতে যাচ্ছে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের হুকুমে দলের কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আরেকটি ফরমায়েশি রায় হতে যাচ্ছে। বুধবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন তিনি। রিজভী অভিযোগ করে বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ না করেই সরকারের হুকুমে আরেকটি ফরমায়েশি রায়ের দিন ধার্য করেছেন নিম্ন আদালত। অসুস্থ ব্যক্তির অনুপস্থিতিতে বিচারকাজ চলার বিধান বিশ্বের কোথাও নেই। বর্তমান ভোটারবিহীন অবৈধ সরকার খারাপ নজির সৃষ্টিকারী সরকার। তারা জিঘাংসার নতুন নতুন দৃষ্টান্ত স্থাপন করছে, এটিও তার একটি।
ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে-দৈনিক যুগান্তর
বাংলাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার দিক থেকে এ বছর নয় মাসেই অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। চলতি বছরের শুরু থেকে ১৫ অক্টোবর পর্যন্ত মোট ৭ হাজার ৪৫০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে অন্তত ১৭ জন মারা গেছেন। ইনস্টিটিউট অব এপিডেমোলোজি ডিজিজ কন্ট্রোল এন্ড রিসার্চ (আইইডিসিআর) নামক প্রতিষ্ঠানের গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। ২০০২ সালে এর আগে এক বছরে সর্বোচ্চ ৬ হাজার ২৩২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। সচেতনার অভাবসহ বিভিন্ন কারণে সম্প্রতি ডেঙ্গু জ্বরে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েছে। চিকিৎসকরা বলছেন, এই রোগে আক্রান্তদের বেশির ভাগই শিশু। কারণ প্রাপ্ত বয়স্কদের তুলনায় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম।
বৈশ্বিক প্রতিযোগী সক্ষমতায় পিছিয়েছে বাংলাদেশ-দৈনিক ইত্তেফাক
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদন অনুযায়ী, ‘বৈশ্বিক প্রতিযোগী সক্ষমতায় বাংলাদেশ একধাপ পিছিয়েছে।’ আজ বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ১৪১ টি দেশের মধ্যে এ বছর বাংলাদেশ একধাপ পিছিয়ে ১০৩তম অবস্থানে রয়েছে। প্রতিবেদনে, পাকিস্তানও এক ধাপ পিছিয়ে বর্তমান অবস্থান ১০৭। তবে উন্নতি করেছে ভারত। দেশটি পাঁচধাপ এগিয়ে ৬৩ থেকে ৫৮ তে অবস্থান করছে। তালিকার সবচেয়ে উপরে অবস্থান যুক্তরাষ্ট্রের। এছাড়া সিঙ্গাপুর ও জার্মানি যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে। সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রতিবেদনটি তুলে ধরেন।
সিপিডির গবেষণা-গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হয়েছে-দৈনিক মানজমিন
গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হয়েছে বলে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এর এক গবেষণায় তুলে ধরা হয়েছে। বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সিপিডির প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।
তিনি বলেন, বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে ব্যবসায়ীকদের মূল্যায়ন নেতিবাচক দিকে গেছে। ২০১৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই সময়ে বিভিন্ন প্রেক্ষাপটের উপর ভিত্তি করে সংবাদপত্রের অবস্থান তুলে ধরেন ব্যবসায়ীরা। এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন ব্যবসায়ীরা অন্যান্য বছরের গণমাধ্যম নিয়ে কথা বললেও এবার তারা উদ্বিগ প্রকাশ করেছেন।
নির্বাচনে অযোগ্য হচ্ছেন সব ঋণখেলাপি-দৈনিক নয়া দিগন্ত
সব ধরনের ঋণখেলাপিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হচ্ছে। অন্য দিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বাইরে এনজিও থেকে মেয়াদি ঋণ গ্রহীতাদের বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) ডেটা বেইজে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এ জন্য হালনাগাদ করা হচ্ছে সিআইবি। তবে এটা করতে দুই বছর সময় লাগতে পারে। তাই আগামী জাতীয় নির্বাচনে কিছু ঋণখেলাপি দুশ্চিন্তামুক্ত থাকবেন। বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, বর্তমানে এমআরএ ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা সিআইবি গঠন করছে। বাংলাদেশ ব্যাংক এতে সহযোগিতা করছে। সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী দুই বছরের মধ্যে এটি গঠিত হবে। এটি হলে ক্ষুদ্রঋণ খেলাপিদেরও শনাক্ত করা সহজ হবে। তখন নির্বাচনের সময় এ খাতের খেলাপিদেরও ঠেকিয়ে দেয়া যাবে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
বিহারে নীতীশের উত্তরসূরি হচ্ছেন প্রশান্ত কিশোর, নয়া সিদ্ধান্তে জল্পনা-দৈনিক সংবাদ প্রতিদিন
একসময় ছিলেন নরেন্দ্র মোদির কৌঁসুলি। অনেকে মনে করেন, ২০১৪ ভোটে মোদির বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতার পিছনে ছিল তাঁরই মগজাস্ত্র। এরপর অবশ্য প্রশান্ত কিশোর রাহুল গান্ধীর সঙ্গেও কাজ করেছেন। ভোটের পর মোদির সঙ্গে ছাড়েন। জেডিইউ তাঁকে নিয়োগ করে ইলেকশন স্ট্র্যাটেজিস্ট হিসেবে। বিহারে বিজেপি বিরোধী মহাজোটের ধারণাটা প্রশান্ত কিশোরের মাথা থেকেই বেরিয়েছিল। উত্তরপ্রদেশ নির্বাচনের সময় তিনি ছিলেন কংগ্রেসে ইলেকশন স্ট্র্যাটেজিস্ট। কিন্তু কংগ্রেসের সঙ্গে জোটে সাফল্য আসেনি। কিছুদিন আগেই ঘোষণা করেছিলেন আর পর্দার আড়ালে নয়, এবার সরাসরি সক্রিয় রাজনীতি করতে চান তিনি। যোগ দিয়েছিলেন নীতীশ কুমারের জেডিইউতে। এবার জেডিইউ তাঁকে বড় পুরস্কার দিল।
জনতা দল ইউনাইটেডের সহ-সভাপতি হলেন প্রশান্ত কিশোর। বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমার প্রশান্তকে দলের সহ-সভাপতি পদে নিয়োগ করার কথা জানান। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে এটা স্পষ্ট যে, আগামী লোকসভা ও পরবর্তী বিধানসভা নির্বাচনে জেডিইউয়ের তরফে নির্বাচনী রণকৌশল তৈরির দায়িত্ব থাকবে এই নবীন নির্বাচনী বিশেষজ্ঞর হাতে।
ধর্ষণের অভিযোগ সলমনের বিরুদ্ধে-দৈনিক আজকাল
মি টু নিয়ে একের পর এক বিস্ফোরক দাবিতে সরগরম বলিউড। তার মধ্যেই সলমন খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন এক প্রাক্তন মডেল ও ভিডিও জকি। কয়েকদিন আগে জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসেও অংশ নিতে দেখা গিয়েছিল তাঁকে। সেই সুবাদে টেলিভিশনে যথেষ্ট পরিচিত মুখ তিনি।
ওই প্রাক্তন মডেলের অভিযোগ, সলমন তাঁর ভাইদের সঙ্গে নিয়ে ধর্ষণ করেছেন তাঁকে। সলমনের সুপারহিট ফিল্ম ‘সুলতান’–এর শ্যুটিংয়ের সময় ঘটেছে এই ঘটনা। তবে ধর্ষণের সময় ওই মডেল অচৈতন্য অবস্থায় ছিলেন বলে প্রতিরোধ করতে পারেননি। তবে কীভাবে তিনি অচৈতন্য হলেন, সেটা নিয়ে মুখ খোলেননি এই মডেল। শুধু সলমন নয়, শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধেও তোপ দেগেছেন এই মডেল।
মহিলা প্রবেশ ঘিরে উত্তপ্ত সবরীমালা মন্দির, ঢুকতে বাধা ২ জনকে-দৈনিক আনন্দবাজার
মহিলা প্রবেশ ঘিরে উত্তপ্ত সবরীমালা মন্দির৷ কাছে গিয়েও মন্দিরের ভিতরে ঢুকতে পারলেন না দুই মহিলা। তাঁরা হলেন কেরলের এক সাংবাদিক লিবি সিএস এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা মাধবী। ওই সাংবাদিককে মন্দিরের মূল প্রবেশদ্বারের ৪.৬ কিলোমিটার দূরে পাম্বায় ঘিরে ফেলেন বিক্ষোভকারীরা। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। মাধবী এবং তাঁর পরিবারের সঙ্গেও একই ঘটনা ঘটে। মন্দির থেকে কয়েকশো মিটার দূরে মাধবীর পথ আটকানো হয়। পুলিশ গিয়ে তাঁকেও উদ্ধার করে। প্রচণ্ড ভয় পেয়ে যাওয়ায় তিনি আর মন্দিরের দিকে যাননি। সেখান থেকেই ফিরে যান।
দৈনিকটির এ সম্পর্কিত আরেকটি খবরে লেখা হয়েছে, অদ্ভুত সঙ্কটে দেশ, স্বাভাবিক বিচারবুদ্ধিতে বোঝা দায়। এতে লেখা হয়েছে, অভূতপূর্ব সঙ্কট ঘনিয়ে উঠছে শবরীমালার মন্দিরকে ঘিরে। রাজনীতিকে এতটা দায়িত্বজ্ঞানহীন পর্যায়ে পৌঁছতে সম্ভবত দেখেনি ভারত আগে। দেশের সর্বোচ্চ আদালত একটা রায় দিয়েছে। আর দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলটি প্রকাশ্যে বলতে শুরু করেছে যে, ওই রায় মানা হবে না। এমন বিস্ময়কর পরিস্থিতির সম্মুখীন ভারত আগে কবে হয়েছে, বলা খুব শক্ত।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৭