অক্টোবর ১৯, ২০১৮ ১২:১৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৯ অক্টোবর শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি ।আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • উন্নয়নের ধারা বজায় রাখতে অশুভ তৎপরতা রুখে দিন: রাষ্ট্রপতি-দৈনিক যুগান্তর
  • বাংলাদেশিদের মাথাপিছু সম্পদমূল্য ২ লাখ টাকা-দৈনিক প্রথম আলো
  • কূটনীতিকদের জানানো হলো ঐক্যফ্রন্টের দাবি-লক্ষ্য-দৈনিক ইত্তেফাক
  • বিকল্প ধারার তিন নেতাকে অব্যাহতি-দৈনিক মানবজমিন
  • জাতীয় ঐক্যফ্রন্টকে সরকার ভয় পায় : মওদুদ-দৈনিক নয়া দিগন্ত
  • যশোরে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত, অস্ত্র-গুলি উদ্ধার- কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • ছেলেকে পাইলট বানাতে দেনায় জর্জরিত! পঞ্চসায়রের ফ্ল্যাটে বিষ খেলেন স্বামী, ফাঁসে ঝুললেন স্ত্রী-দৈনিক আনন্দবাজার
  • আকবরের বিরুদ্ধে একজোট ২০ মহিলা, শুরু মানহানি মামলার শুনানি- দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

উন্নয়নের ধারা বজায় রাখতে অশুভ তৎপরতা রুখে দিন: রাষ্ট্রপতি-দৈনিক যুগান্তর

বাংলাদেশের প্রেসিডেন্ট মো:. আবদুল হামিদ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, স্বাধীনতাবিরোধী অশুভ শক্তি বার বার দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়ন প্রক্রিয়াকে বাধা দেয়ার চেষ্টা করেছে। ষড়যন্ত্র এখনও চলছে। তিনি বলেন, দেশ আজ উন্নতি ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সবাইকে অশুভ তৎপরতাকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্মিলিতভাবে রুখে দিতে হবে। এই দুর্গাপূজায় এটাই আমাদের সবার অঙ্গীকার হওয়া উচিত। শুক্রবার শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সদস্যের জন্য বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন

রাষ্ট্রপ্রতি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই উৎসব উদযাপন করে। পারিবারিক ও সামাজিক এই উৎসবের মাধ্যমে গড়ে ওঠে সৌহার্দ্যের সেতুবন্ধন। এই ধর্মীয় ও সামাজিক উৎসব সব ধর্মের মানুষের মধ্যে ঐক্যের বন্ধন তৈরি করে। তাই এই উৎসব সর্বজনীন।

ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন, জানতে চাইলেন কূটনীতিকরা-দৈনিক মানবজমিন

জাতীয় ঐক্যফ্রন্ট ক্ষমতায় গেলে কে হবেন প্রধানমন্ত্রী- কূটনীতিকরা সরাসরি প্রশ্ন করলেন ড. কামাল হোসেনের কাছে। সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন এই প্রশ্নের জবাব দিলেন সোজা-সাপ্টা। বললেন, এর নির্দেশনা রয়েছে আমাদের সংবিধানেই। এটা সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতিতেই নির্ধারণ করা হবে। উল্লেখ্য, সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদে বলা আছে- ‘যে সংসদ-সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন বলে রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হবেন, রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী নিয়োগ করবেন।’

জাতীয় ঐক্যফ্রন্টকে সরকার ভয় পায় : মওদুদ-দৈনিক নয়া দিগন্ত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ

জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে সরকারের আতে ঘাঁ লেগেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, এই সরকার পরাজয়ের ভয়ে সুষ্ঠু নির্বাচন করতে চায় না। ঐক্যফ্রন্ট গঠনের পর থেকে সরকারকে আমরা বিচলিত দেখতে পাচ্ছি।

শুক্রবার দুপুরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মওদুদ আহমদ বলেন, আমাদেরকে ২৩ অক্টোবর সিলেটে জনসভার জন্য অনুমতি দেয়া হয়নি। আমরা বলেছি হলের মধ্যে করতে দেন। সেটা এখন পর্যন্ত আমরা পাইনি। এতেই প্রমাণ করে সরকারের জনপ্রিয়তা কত নিচে নেমে গেছে।

দৈনিকটির অন্য একটি খবরের শিরেনাম-বি. চৌধুরী বহিষ্কার : জাতীয় ঐক্যফ্রন্টে থাকার ঘোষণা বিকল্পধারার

অধ্যাপক ড. নুরুল আলম বেপারী

খবরটিতে লেখা হয়েছে, বিকল্পধারা বাংলাদেশের সাবেক প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নুরুল আলম বেপারী নিজেকে দলটির প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করেছেন। এর পাশাপশি অ্যাডভোকেট শাহ আহম্মেদ বাদলকে মহাসচিব হিসাবে ঘোষণা করেছেন। দলের প্রেসিডেন্ট অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীসহ এমএ মান্নান ও মাহী বি. চৌধুরীকে অব্যাহতি দিয়ে তিনি এই নতুন কমিটির নাম ঘোষণা করেন। এদিকে নতুন কমিটির মহাসচিব বাদল বলেন, আজকে কিছু মানুষ রাতের অন্ধকারে সরকারের সঙ্গে আঁতাত করে মানুষকে বিপদে ঠেলে দিতে চায়। তিনি বলেন, দেশে অবাধ নির্বাচন জনগণের দাবি। এই দাবিতে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে।

বাংলাদেশিদের মাথাপিছু সম্পদমূল্য ২ লাখ টাকা-দৈনিক প্রথম আলো

 বৈশ্বিক সম্পদ প্রতিবেদন

• ক্রেডিট সুইসের প্রতিবেদন অনুযায়ী, দেশের ৯৭ শতাংশ মানুষের সম্পদ ১০ হাজার ডলারের নিচে। 

• বাংলাদেশের মোট সম্পদমূল্য ২৪ হাজার কোটি ডলার

• ২০০০ সালের তুলনায় সম্পদ বেড়েছে ১০৪ শতাংশ

• শূন্য দশমিক ১ শতাংশের সম্পদ ১ লাখ ডলারের বেশি

বাংলাদেশের মানুষের মাথাপিছু সম্পদ বেড়েছে। ২০১৮ সালে এ দেশের প্রাপ্তবয়স্ক নাগরিকদের মাথাপিছু সম্পদের মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৩৩২ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৯৬ হাজার টাকার সমান। এ দেশের মানুষ ব্যাংকে টাকা রাখা ও পুঁজিবাজারে বিনিয়োগ করার চেয়ে বস্তুগত সম্পদ অর্জনেই বেশি আগ্রহী। কারণ তাদের জমি, বাড়ি, সোনাদানার মতো সম্পদই বেশি।

দেশের মানুষের সম্পদের এই চিত্র উঠে এসেছে সুইজারল্যান্ডের বহুজাতিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ক্রেডিট সুইসের ‘বৈশ্বিক সম্পদ প্রতিবেদন-২০১৮’তে। গতকাল এ প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। এটি ছিল এ প্রতিবেদনের নবম সংস্করণ।

নতুন মেরুকরণে কে কোন দিকে-দৈনিক প্রথম আলো

আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক শক্তিগুলো এখন কার্যত দুই ভাগে বিভক্ত। একদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ, ১৪ জোটের শরিকেরা ও জেনারেল এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। অন্যদিকে অন্যান্য বিরোধী দল, যারা প্রধানত বিভিন্ন জোটে বিভক্ত, কিন্তু সবাই জোটভুক্ত নয়। এতে আছে কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ও বাম গণতান্ত্রিক জোট। আছে বাংলাদেশ ইসলামী আন্দোলন ও জাতীয় মুক্তি কাউন্সিল।

এক অর্থে এই অবস্থা ২০১৩ সালের পুনরাবৃত্তি। ১৯৯১ সাল-পরবর্তী রাজনীতির অভিজ্ঞতা থেকে সাধারণভাবে দুটি সম্ভাবনার কথা আমরা বিবেচনা করতে পারি; কিন্তু ১৯৯১ পূর্ববর্তী নির্বাচনের কথাও মনে রাখতে হবে। ফলে তিনটি সম্ভাবনা বিবেচিত হতে পারে। প্রথম হচ্ছে একতরফা নির্বাচন-উদাহরণ ১৯৯৬ সালের ফেব্রুয়ারির এবং ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন। তবে ৫ জানুয়ারির নির্বাচনের হুবহু পুনরাবৃত্তির সম্ভাবনা এখন নেই। এ ক্ষেত্রে মূল বিষয়টি হচ্ছে বিরোধী দলগুলোকে বাদ দিয়ে নির্বাচন। দ্বিতীয় সম্ভাবনা হচ্ছে শেষ মুহূর্তে সরকার ও বিরোধী দলের মধ্যে সমঝোতার মাধ্যমে একটি অংশগ্রহণমূলক নির্বাচন।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

ছেলেকে পাইলট বানাতে দেনায় জর্জরিত! পঞ্চসায়রের ফ্ল্যাটে বিষ খেলেন স্বামী, ফাঁসে ঝুললেন স্ত্রী-দৈনিক আনন্দবাজার

অষ্টমীর সন্ধ্যায় অাত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন এক প্রৌঢ় দম্পতি। পঞ্চসায়র এলাকার নয়াবাদের ফ্ল্যাট থেকে বুধবার রাতে ওই দম্পতিকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নিয়ে গেলে, স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। স্বামী এখনও সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতি থাকতেন নয়াবাদের প্রফুল্ল অ্যাপার্টমেন্টে। সেখানে ৬৫ বছরের তপন চট্টোপাধ্যায় এবং তাঁর স্ত্রী অরুণা দেবী (৫৫) একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে গত কয়েক মাস ধরে থাকতেন। তাঁদের একমাত্র ছেলে বছর তেইশের অর্পণ চট্টোপাধ্যায় কমার্শিয়াল পাইলটের প্রশিক্ষণ নিচ্ছেন। সেই প্রশিক্ষণের জন্য তিনি দিল্লিতে থাকতেন। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ওই দম্পতি ছেলেকে পাইলট বানানোর জন্য প্রায় ৪৫ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। তদন্তকারীরা প্রাথমিক ভাবে জানতে পেরেছেন, ছেলে অর্পণ কমার্শিয়াল  পাইলট হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন। সেই প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় টাকা জোগাতে ঋণ করেন তপন। সেই টাকা শোধ করতে না পেরে তাঁদের মধ্যে অবসাদ বাড়তে থাকে। তারই জেরে এই ঘটনা মনে করছেন তদন্তকারীরা। 

আকবরের বিরুদ্ধে একজোট ২০ মহিলা, শুরু মানহানি মামলার শুনানি-দৈনিক সংবাদ প্রতিদিন

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর

দিল্লির পাটিয়ালা হাউস আদালতে শুরু এম জে আকবরের আনা মানহানির মামলার শুনানি। বৃহস্পতিবার হয় প্রথম শুনানি৷ পরবর্তী শুনানি ৩১ অক্টোবর। সেদিনই বিদেশ মন্ত্রকের সদ্যপ্রাক্তন রাষ্ট্রমন্ত্রীর বয়ান নথিভুক্ত করা হবে। দেশের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে তোলপাড় সোশ্যাল মিডিয়া। এই প্রথম তার রেশ গড়াল আদালতের চৌহদ্দিতে। এম জে আকবরের বিরুদ্ধে সাংবাদিক প্রিয়া রামানি অভিযোগ করেন। তার জেরে মানহানির মামলা করেছেন আকবর। আর আনন্দবাজার লিখেছে এ মামলায় আকবরের উকিল সংখ্যা ১০০ পেরিয়ে গেছে।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৯