যে কোনো আইন পরীক্ষা ও সংশোধন করা যায়: ইনু
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২১ অক্টোবর রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি ।আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- বর্তমানকে উৎসর্গ করেছি তরুণ প্রজন্মের জন্য’-দৈনিক মানবজমিন
- যে কোনো আইন পরীক্ষা ও সংশোধন করা যায়: ইনু-দৈনিক যুগান্তর
- ভোট করতে দল ও ইসির দূরত্ব কমাতে হবে: সিইসি-দৈনিক প্রথম আলো
- জামিন বাতিল, কারাগারে আমির খসরু -দৈনিক ইত্তেফাক
- সিলেটে ঐক্যফ্রন্টকে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ : কাদের -দৈনিক নয়া দিগন্ত
- হাইকোর্ট থেকে জামিন পেলেন জাফরুল্লাহ চৌধুরী- কালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- ‘একটি পরিবারকে তুলে ধরতেই নেতাজিকে উপেক্ষা করেছে কংগ্রেস’-দৈনিক আনন্দবাজার
- অমৃসরে উদ্যোক্তাদের বাড়িতে ভাঙচুর জনতার-দৈনিক আজকাল
- শহরে ফের ডেঙ্গু আতঙ্ক, ৯ দিনের জ্বরে মৃত্যু মহিলার- দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
‘বর্তমানকে উৎসর্গ করেছি তরুণ প্রজন্মের জন্য’-প্রধানমন্ত্রী-দৈনিক মানবজমিনসহ বেশ কয়েকটি দৈনিকের খবর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তরুণ প্রজন্মই ভবিষ্যতের বাংলাদেশ গড়বে। তিনি বলেন, আমরা তো চলেই যাচ্ছি। কিন্তু বর্তমানে যতটুকু কাজ এগোতে পারি, সেটা তরুণ প্রজন্মের জন্য উৎসর্গ করেছি। আজ গণভবনে ‘মোবাইল নাম্বার পোর্টেবিলিটি’ (এমএনপি) সেবার উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, যারা এ দেশের ভবিষ্যতকে গড়ে তুলবে, এগিয়ে নিয়ে যাবে, তাদের চলার গতি যেন কোথাও থেমে না যায়, তা নিশ্চিত করার জন্য কাজ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার আরেকটি পদক্ষেপ আমরা নিচ্ছি।
জামিন বাতিল, কারাগারে আমির খসরু-দৈনিক ইত্তেফাক
চট্টগ্রামের এক ছাত্রলীগ নেতার করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের (আইসিটি) মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ চট্টগ্রাম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। আদালত বলেছে, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উসকানির অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি নেতা আমির খসরু উচ্চ আদালতের জামিনে ছিলেন। এদিকে হাইকোর্ট থেকে জামিন পেলেন জাফরুল্লাহ চৌধুরী এ খবরটি এসেছে দৈনিক কালের কণ্ঠে।
অন্যদিকে দৈনিক মানবজমিনের খবরে লেখা হয়েছে, মানহানির মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ দুপুরে জামালপুরের আমলি আদালত এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
সিলেটে ঐক্যফ্রন্টকে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ : কাদের-দৈনিক নয়া দিগন্ত
নিরাপত্তার কারণ দেখিয়ে সিলেটে জাতীয় এক্যফ্রন্টের সমাবেশ স্থগিত করেছিল পুলিশ। এখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন অন্য কথা। তিনি বলেন, সমাবেশের অনুমতির ব্যাপারে ইঙ্গিত পেয়েছেন ঐক্যফ্রন্টের নেতারা। ইতিমধ্যে পুলিশ অনুমতি দিয়ে দিয়েছে। অফিশিয়াল চিঠি না পাওয়ার আগ পর্যন্ত ঐক্যফ্রন্ট নেতারা অহেতুক নাটক করবেন, এটা তাদের পুরোনো অভ্যাস। আজ এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র-দৈনিক মানবজমিন
বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র, যে নির্বাচনে এদেশের জনগণের আকাঙ্খার প্রকৃত প্রতিফলন ঘটে। পররাষ্ট্র সচিব শহিদুল হকের সঙ্গে বৈঠকে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মূখ্য উপ সহকারী মন্ত্রী এলিস ওয়েলস।
‘অষ্টম শ্রেণি পর্যন্ত কোনো পাবলিক পরীক্ষা রাখা উচিত নয়’-দৈনিক মানবজমিন
অষ্টম শ্রেণি পর্যন্ত কোনো পাবলিক পরীক্ষা রাখা উচিত নয় বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ অধ্যাপক জাফর ইকবাল। তিনি বলেন, জোর করে খুদে শিক্ষার্থীদের ওপর পরীক্ষা চাপিয়ে দিয়ে ভালো কিছু আশা করা উচিত নয়। কোমলমতি শিশুদের আনন্দ পাঠ বা খেলাধুলার মাধ্যমে শেখানো উচিত। আজ সকালে এক কর্মশালায় এ কথা বলেন অধ্যাপক জাফর ইকবাল। শিক্ষাবিদ জাফর ইকবাল বলেন, আমাদের শিক্ষার্থীদের গণিত ও ইংরেজি বিষয়ের ওপর এক ধরনের ভীতি কাজ করে। এটি কাটিয়ে তুলতে হবে। তিনি আরও বলেন, আমাদের দেশের চার কোটি শিক্ষার্থীর যদি সঠিকভাবে শিক্ষা দেওয়া সম্ভব হয় তাহলে দেশ এমনিতেই এগিয়ে যাবে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
‘একটি পরিবারকে তুলে ধরতেই নেতাজিকে উপেক্ষা করেছে কংগ্রেস’-দৈনিক আনন্দবাজার
পাঁচ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন ও লোকসভা ভোটের কথা মাথায় রেখে রোববার দিল্লির লাল কেল্লায় আজাদ হিন্দ সরকারের ৭৫তম বর্ষপূর্তির অনুষ্ঠানটিকে কংগ্রেস বিরোধী প্রচারের হাতিয়ার করে তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেহরু-গাঁধী পরিবারের নামোল্লেখ না করে বললেন, ‘‘শুধুই একটি পরিবারকে তুলে ধরার লক্ষ্যে দেশের স্বাধীনতা আন্দোলন ও তার পর নতুন দেশ গড়ে তোলার ব্যাপারে নেতাজি সুভাষচন্দ্র বসু, ভীম রাও অম্বেডকর ও সর্দার বল্লভভাই পটেলের অবদানকে ইচ্ছাকৃত ভাবেই অস্বীকার, উপেক্ষা আর ভুলে যাওয়ার চেষ্টা করেছে কংগ্রেস।’’
শহরে ফের ডেঙ্গু আতঙ্ক, ৯ দিনের জ্বরে মৃত্যু মহিলার-দৈনিক সংবাদ প্রতিদিন
পুজোর মুখে মৃত্যু হয়েছিল ১০ বছরের এক শিশুর৷ আর পুজোর রেশ কাটতে না কাটতেই মারা গেলেন উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার সিদ্ধেশ্বরী লেনের বাসিন্দা লক্ষ্মী বন্দ্যোপাধ্যায় এক মহিলা৷ রাজ্যে ডেঙ্গুতে মৃত্যু অব্যাহত৷ মৃতার পরিবারের দাবি, ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গুর কথা উল্লেখ করেছেন চিকিৎসকরা৷ বস্তুত, রাজ্যজুড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছে৷
অমৃসরে উদ্যোক্তাদের বাড়িতে ভাঙচুর জনতার-দৈনিক আজকাল
দুর্ঘটনার পর কেটে গেছে তিন দিন। মৃতদেহ সৎকারও হয়ে গেছে অনেকের। কিন্তু অমৃতসরে এখনও থামছে না বিক্ষোভ। রোববার জনরোষ আছড়ে পড়ল জোড়া ফটকে আয়োজিত দশেরা উৎসবের উদ্যোক্তাদের ওপর। বর্ণাঢ্য দশেরা উৎসবের আয়োজন করলেও কেন উদ্যোক্তারা দর্শকদের জন্য কোনও নিরাপত্তার ব্যবস্থা করেননি। এই দাবিতে আজ সকাল থেকে উদ্যোক্তাদের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে জনতা। তাঁদের বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পাথর। ভাঙচুর করা হয় ঘরবাড়ি, কাচের দরজা, জানলা। উদ্যোক্তা স্থানীয় কাউন্সিলর বিজয়মদন এবং তাঁর ছেলে সৌরভ মদন মিঠু, পলাতক রয়েছেন।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২১