দেশজুড়ে আবারও শুরু হয়েছে গুপ্ত হত্যা’রিজভীর দাবি
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২২ অক্টোবর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
ঢাকার শিরোনাম
- নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত-দৈনিক ইত্তেফাক
- মায়ের কোল থেকে ছিটকে চাকার নিচে শিশু-দৈনিক প্রথম আলো
- মানুষের জীবনে দিনবদলের যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর
- দেশজুড়ে আবারও শুরু হয়েছে গুপ্ত হত্যা’রিজভীর দাবি-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- ঘুষ নেওয়ার অভিযোগ সিবিআই সেকেন্ড ইন কমান্ডের বিরুদ্ধে, তুঙ্গে টানাপোড়েন-দৈনিক সংবাদ প্রতিদিন
- বিপাকে পড়ে আদালতে ক্ষমা চাইলেন বিজেপি নেতা এইচ রাজা-দৈনিক আজকাল
- ২০১৯ লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নন রাহুল, জানালেন চিদম্বরম-দৈনিক আনন্দবাজার
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. ব্যাংকিং খাতে ২১ হাজার কোটি টাকা তারল্য বেড়েছে। দৈনিক মানবজমিন পত্রিকা এ খবর দিয়েছে? প্রশ্ন হচ্ছে- হঠাৎ করে কেন এই তারল্য বাড়ছে?
২. খাশোগিকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে নতুন বক্তব্য দিয়েছে সৌদি আরব। কী বলবেন এ সম্পর্কে?
মানুষের জীবনে দিনবদলের যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর
সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ফলে দেশের মানুষের জীবনে দিনবদলের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের ক্ষমতায় এনেছে। ২০০৯ থেকে ২০১৮ প্রায় ১০ বছর সরকারে রয়েছি। আমরা নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলাম- ‘দিনবদলের সনদ’। আজকে বাংলাদেশে মানুষের জীবনে সত্যি পরিবর্তন হয়েছে এবং দিনবদলের যাত্রা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আমরা দারিদ্র্যতা ২১ শতাংশে নামিয়ে এনেছি। আগে যা ছিল ৪০ শতাংশ। আজকে মানুষের মাথাপিছু আয় বেড়েছে। মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হয়েছে।
শেখ হাসিনা বলেন, আমরা যারা রাজনীতি করি, শুধু নিজেদের ভাগ্য গড়া নয়, নিজেদের আর্থিক সচ্ছলতা নয়, দেশের মানুষকে কতটুকু দিতে পারলাম। তৃণমূল পর্যায়ের মানুষ কি পেল, তাদের ভাগ্য কতটুকু পরিবর্তন হয়েছে সে লক্ষ্য হতে হবে।
নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত-দৈনিক ইত্তেফাক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার আদমজী ইপিজেড এলাকায় বকেয়া বেতন-বোনাসের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অর্ধশত শ্রমিক আহত হয়েছেন। সোমবার সকালে আদমজী ইপিজেডের প্রধান ফটকের সামনে সোয়াদ ফ্যাশনের শ্রমিকরা অবস্থান নেন। তখন পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অর্ধশতাধিক শ্রমিক আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় শ্রমিকরা বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে। বিক্ষুব্ধ শ্রমিকরা একটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ, লাঠিচার্জ ও রাবার বুলেট ছোড়ে। পরে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
‘সব দলের অংশগ্রহণে নির্বাচন চায় যুক্তরাষ্ট’-দৈনিক মানবজমিন
মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেছেন, তাঁর দেশ বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। এ সময় তিনি আগামী নির্বাচনে সব দলকে নির্বাচনে অংশ নেওয়ারও আহ্বান জানান। আজ সোমবার দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে মার্কিন রাষ্ট্রদূত এ কথা বলেন।নির্বাচন অংশগ্রহণমূলক হবে জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। সবাইকে নিয়েই নির্বাচন করতে চায় সরকার। কোনো দল যদি নির্বাচনে না আসে সে দায়িত্ব তাদের। সরকার এই দায় বহন করবে না। বাণিজ্যমন্ত্রী আরো বলেন, সংবিধান অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। সংসদ বহাল রেখেই এই সংসদের অধীনেই নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে।।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
২০১৯ লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নন রাহুল, জানালেন চিদম্বরম-দৈনিক আনন্দবাজার
পদের গরিমার বিনিময়ে ভোট খোয়াতে চাইছে না কংগ্রেস। তাই জোটের জন্য সবচেয়ে বড় আত্মত্যাগ করতেও প্রস্তুত কংগ্রেস! প্রয়োজনে প্রধানমন্ত্রীর পদের আহুতিও দিতে প্রস্তুত তারা! রাহুল গাঁধী তো নয়ই, বিজেপির বিরুদ্ধে জোট করতে অসুবিধা হলে দলের অন্য কোনও নেতাকেও প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হবে না, সোমবার এক সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম।
২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে মরিয়া কংগ্রেস। আর সে জন্য বিভিন্ন আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট জরুরি।কিন্তু জোটের তরফে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে রাহুল গাঁধীকে অনেক দলই মানতে রাজি নয়। সে প্রসঙ্গে রাহুল অবশ্য আগেই জানিয়ে দিয়েছিলেন, সর্বসম্মতভাবে রাজি না হলে তিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন না। এ বার প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম দলের সেই সিদ্ধান্তই আরও স্পষ্ট করে দিলেন জোট শরিকদের কাছে।
ঘুষ নেওয়ার অভিযোগ সিবিআই সেকেন্ড ইন কমান্ডের বিরুদ্ধে, তুঙ্গে টানাপোড়েন-দৈনিক সংবাদ প্রতিদিন
ঘুষকাণ্ডে বিপাকে সিবিআইয়ের বিশেষ ডিরেক্টর রাকেশ আস্তানা। এক এফআইআর-এ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আস্তানাকে প্রধান অভিযুক্ত হিসাবে উল্লেখ করেছে। তাঁর নাম ছাড়াও ওই এফআইআর-এ সিবিআই-এর বিশেষ ডিরেক্টর সমন্ত কুমার গয়ালেরও নাম উল্লেখ রয়েছে।সিবিআইয়ের দাবি, মইন কুরেশি দুর্নীতির ঘটনায় এক ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ চেয়েছিলেন আস্তানা। ঘুষ নিয়েওছিলেন। ঘটনার তথ্যপ্রমাণ হিসাবে টেলিফোনে তাঁর কথোপকথন এবং হোয়াটসঅ্যাপে বার্তা আদানপ্রদানের অংশবিশেষ ইতিমধ্যেই ম্যাজিস্ট্রেটের কাছে জমা দিয়েছে এসবিআই। প্রসঙ্গত মইন কুরেশি দুর্নীতি মামলার তদন্তে নেমে মনোজ প্রসাদ নামে দুবাইয়ের এক বাসিন্দাকে গ্রেপ্তার করেছিল সিবিআই। সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দলের নেতৃত্বে ছিলেন আস্তানা। এরপরই আস্তানার বিরুদ্ধে তদন্তে নামে তারা। পদাধিকার বলে সিবিআইয়ের দু’নম্বর পদে আছেন রাকেশ আস্তানা। অথচ ঘুষকাণ্ডে তিনিই এখন এক নম্বর অভিযুক্ত।
দেশের সর্বোচ্চ তদন্তকারীর অভ্যন্তরের এই টানাপোড়েন রীতিমতো অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। যে সংস্থার উপর সব গুরুত্বপূর্ণ মামলার ভার সেই সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। পরিস্থিতি এমনই যে এ বিষয়ে হস্তক্ষেপ করতে হয়েছে খোদ প্রধানমন্ত্রীকে। রবিবারই সিবিআইয়ের শীর্ষকর্তাদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিস্ফোরণে সাধারণ নাগরিকের মৃত্যুর প্রতিবাদে বনধ কাশ্মীরে, বিপর্যস্ত জনজীবন-দৈনিক সংবাদ প্রতিদিনসহ বেশ কয়েকটি দৈনিকের খবর
সাধারণ নাগরিকের মৃত্যুর প্রতিবাদে একটা গোটা দিন কাশ্মীর স্তব্ধ করে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্প্রতি কুলগাঁওয়ের এনকাউন্টার সাইটে একটি বিস্ফোরণ হয়। তাতে সাতজন সাধারণ নাগরিক মারা যান। সেই ঘটনার প্রতিবাদেই রাজ্যজুড়ে বনধ ডেকেছেন তারা।
সৈয়দ আলি শাহ গিলানি, মীরওয়াইজ উমর ফারুক ও মহম্মদ ইয়াসিন মালিক ও তাদের অনুগামীরা এই বনধ ডেকেছেন। জয়েন্ট রেজিস্ট্যান্স লিডারশিপ দলের হয়ে বনধ ডেকেছেন তারা। বনধের ফলে বিপর্যস্ত হয়ে উঠেছে কাশ্মীরের জনজীবন। দোকান, বেসরকারি অফিস, জ্বালানি কেন্দ্র ও অন্য ব্যবসায়িক কেন্দ্রগুলি বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে সমস্ত যান চলাচলও। তবে কিছু কিছু বেসরকারি গাড়ি রাস্তায় বেরিয়েছে। কিন্তু তার সংখ্যাও নগণ্য। বন্ধ রেল যোগাযোগও।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২২