নভেম্বর ০১, ২০১৮ ১৩:৫০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১ নভেম্বর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি ।আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • খালেদার সাজার প্রতিবাদে বিএনপির গণ–অনশন-দৈনিক প্রথম আলো
  • প্রশ্ন ফাঁস রোধে সর্বোচ্চ নিরাপত্তা : শিক্ষামন্ত্রী-দৈনিক ইত্তেফাক
  • আল্লাহ হাতে তুলে তুলে আমাকে বাঁচিয়ে রেখেছেন: শেখ হাসিনা -দৈনিক যুগান্তর
  • ৭ দিনের মধ্যে ধূলোর মতো সব উড়ে যাবে’-দৈনিক মানবজমিন
  • দেশব্যাপী ৩২১ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর- দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • রাজধানীতে নাভিশ্বাস! ১০ দিনের ‘পলিউশন ইমার্জেন্সি’ ঘোষণা, বন্ধ নির্মাণ, গণ পরিবহণে জোর-দৈনিক আনন্দবাজার
  • মু্খ্যমন্ত্রীর উপস্থিতিতেই চারবার বিদ্যুৎ বিভ্রাট, মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব-দৈনিক সংবাদ প্রতিদিন
  • চিত্তরঞ্জন সেবা সদনে পড়ে গিয়ে প্রসূতির মৃত্যু,গাফিলতির অভিযোগ পরিবারের-সংবাদ প্রতিদিন
  • পাক অধিকৃত কাশ্মীরে বাস চালাবে চীন, বিরোধিতায় ভারত-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

সংলাপ

সংলাপের দিকে তাকিয়ে দেশ। এ সম্পর্কে নানা খবর ছাপা হয়েছে আজকের জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালগুলোতে। প্রথম আলোর খবরে লেখা হয়েছে, গণসংহতির সংবাদ সম্মেলনে বলা হয়েছে সংবিধানের মধ্যে থেকেই সংবিধান সংশোধন সম্ভব। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে- যুক্তফ্রন্টে যোগ দিচ্ছে আরও চারটি দল। সংলাপের দুপক্ষই চায় ন্যূনতম ফল। প্রথম আলোর এ খবরে লেখা হয়েছে, নির্বাচনকালীন সংকট নিয়ে নিকট-অতীতের কোনো রাজনৈতিক সংলাপই ফলপ্রসূ হয়নি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল।

সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এর মধ্যেও ক্ষমতাসীন দল ও বিরোধী জোট-দুই পক্ষই সংলাপ থেকে ন্যূনতম হলেও একটা ফল আনতে চায়। ফলে আজ সবার চোখ গণভবনের দিকে।

আল্লাহ হাতে তুলে তুলে আমাকে বাঁচিয়ে রেখেছেন: শেখ হাসিনা-দৈনিক যুগান্তর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষ ও আমার আওয়ামী লীগের নেতাকর্মীরা কঠিন সময়ে কখনও গুলির মুখে, কখনও গ্রেনেড হামলা… সবসময় আমাকে ঘিরে থেকেছে। আল্লাহ রাব্বুল আল আমিন, তিনি হাতে তুলে তুলে আমাকে বাঁচিয়ে রেখেছেন।

বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫৬ জেলায় ৩২১ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি বলেন, যে উন্নয়ন প্রকল্পগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করে যাচ্ছি, সেগুলো যেন আগামী দিনে আমরা এসে সম্পন্ন করতে পারি এবং মানুষের কর্মসংস্থান, জীবনমানের উন্নয়ন করতে পারি, সে সহযোগিতাও আমি দেশবাসীর কাছে চাই। শেখ হাসিনা বলেন, নির্বাচন খুব সামনে। হয়তো যে কোনো সময় নির্বাচনের তফসিল ঘোষণা হবে। আবার আমরা জনগণের কাছে আসব, নৌকা মার্কায় ভোট চাইব। ‘আমরা দিনবদলের ঘোষণা দিয়েছিলাম। প্রকৃতপক্ষে মানুষের জীবন বদল হয়েছে।’

খালেদার সাজার প্রতিবাদে বিএনপির গণ–অনশন-দৈনিক প্রথম আলো/ইত্তেফাক

খালেদা জিয়ার সাজার রায়ের প্রতিবাদে গণ-অনশন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুটি মামলায় সাজার রায়ের প্রতিবাদে গণ–অনশন কর্মসূচি পালন করছে দলটির নেতা-কর্মীরা।

আজ বৃ সকাল ১০টা থেকে ঢাকার গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে এই কর্মসূচি শুরু করে দলটি। বেলা তিনটা পর্যন্ত এই কর্মসূচি চলে। গত মঙ্গলবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিলের রায়ে খালেদা জিয়ার সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট। এদিনই বিএনপি তিন দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে। আজ কর্মসূচির দ্বিতীয় দিন। একই দাবিতে গতকাল বুধবার ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বিএনপি। যদিও কর্মসূচি শেষের আগেই বিএনপির নেতা-কর্মীরা গ্রেপ্তার–আতঙ্কে কর্মসূচিস্থল ত্যাগ করেন।

রাজনীতির আরো কয়েকটি খবর তুলে ধরছি।

Image Caption

৭ দিনের মধ্যে ধূলোর মতো সব উড়ে যাবে’-বললেন মান্না। দৈনিক মানবজমিনের এ খবরে লেখা হয়েছে, সাত দিনের মধ্যে ধূলোর মতো সব উড়ে যাবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৭ বছর কারাদন্ড দেয়ার প্রতিবাদে বিএনপির গণঅনশন কর্মসূচিতে মাহমুদুর রহমান মান্না বলেন, খালেদা জিয়ার সাজা ৫ বছর থেকে ১০ বছর করা হয়েছে। নতুন করে আরেকটি মামলায় ৭ বছর সাজা দেয়া হয়েছে। এসব টিকবে না। ৭ দিনের মধ্যে সব ধূলোর মতো উড়ে চলে যেতে হবে। সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়াকে জেলে রেখে কোনো নির্বাচন হবে না। আমাদের দাবি মেনে না নেয়া পর্যন্ত তফসিল ঘোষণা করা যাবে না। 

দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্ট সাত দফা দাবি ও ১১ লক্ষ্য নিয়ে সংলাপে বসবে। এ সংলাপে যে কোনও বিষয় নিয়েই আলোচনা হতে পারে। তবে সিদ্ধান্ত হবে সংবিধানের আলোকে। দৈনিক নয়া দিগন্তের খবরে- সাবেক প্রেসিডেন্ট এইচম এম এরশাদা বলেছেন, ঐক্যফ্রন্টের দাবি শেখ হাসিনার পক্ষে মানা সম্ভব নয়।’

প্রশ্ন ফাঁস রোধে সর্বোচ্চ নিরাপত্তা : শিক্ষামন্ত্রী-দৈনিক ইত্তেফাক

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

চলতি বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার সকালে রাজধানীর মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এ বছর প্রশ্ন ফাঁস এবং শিক্ষার্থীদের নিরাপত্তায় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।  প্রশ্ন ফাঁস রোধে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি আরো বলেন, পরীক্ষার জন্য নির্বাচন কমিশন আমাদের সময় নির্ধারণ করে দিয়েছে। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যেই এ বছরের এসএসসি পরীক্ষার কার্যক্রম শেষ করা হবে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

পাকিস্তানের আজাদ কাশ্মিরে বাস চালাবে চীন, বিরোধীতায় ভারত-দৈনিক আজকাল

সড়কপথে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বাড়াতে চায় চীন। তাই এবার বাস পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের লাহোর থেকে চীনের কাশগর পর্যন্ত চলবে বিলাসবহুল বাস। আর চীনের এই পদক্ষেপেই ক্ষুব্ধ ভারত। প্রবল আপত্তিও জানানো হয়েছে দিল্লির পক্ষ থেকে। কারণ নয়া পরিষেবায় পাকিস্তানের আজাদ কাশ্মীরের মধ্যে দিয়ে বাস চালাবে চীন। পাকিস্তান–চীনের এই বাস পরিষেবা প্রস্তাবিত ইকোনমিক করিডরের অন্তর্ভুক্ত। যার বিরোধিতা শুরু থেকেই করে আসছে ভারত।

রাজধানী দিল্লিতে নাভিশ্বাস! ১০ দিনের ‘পলিউশন ইমার্জেন্সি’ ঘোষণা, বন্ধ নির্মাণ, গণ পরিবহন চালানোর ওপর গুরুত্বারোপ-দৈনিক আনন্দবাজার

দূষণ মোকাবিলার আগাম প্রস্তুতি হিসাবে আজ বৃহস্পতিবার থেকে দিল্লিতে শুরু হল ১০ দিনের দূষণ জনিত আপৎকালীন ব্যবস্থা। বন্ধ রাখা হয়েছে সব রকম নির্মাণ কাজ, কয়লা নির্ভর শিল্প ও কল-কারখানা। ব্যক্তিগত গাড়ির বদলে গণ পরিবহণ ব্যবহারের আর্জি জানানো হয়েছিল। তার জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে সব রকম গণ পরিবহণের সংখ্যা। চলছে অতিরিক্ত ট্রেন ও মেট্রো।

দূষণের নিয়ম ভঙ্গ করলে ফৌজদারি আইনে মামলা দায়েরের সুপারিশ করেছেন দিল্লির দূষণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। দিল্লির পাশাপাশি পঞ্জাব এবং হরিয়ানাতেও এই নিয়ম কার্যকর করার নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। দিল্লি সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, দূষণ-যুদ্ধে তারা সব রকমভাবে প্রস্তুত।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১