নভেম্বর ০৫, ২০১৮ ১৩:৫৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৫ নভেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • ‘আইনের শাসন প্রতিষ্ঠায় সৎ বিচারকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’-স্পিকার-দৈনিক ইত্তেফাক
  • শেখ হাসিনার সরকারে আপত্তি নেই ঐক্যফ্রন্টের, তবে...-দৈনিক প্রথম আলো
  • জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী-দৈনিক যুগান্তর
  • তফসিল পেছানোর দাবি জানাতে ইসিতে ঐক্যফ্রন্ট-দৈনিক মানবজমিন
  • বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষার সনদ দাখিল করতে হাইকোর্টের রুল-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • ঋণখেলাপিদের তালিকা কেন প্রকাশ করা হয়নি? উর্জিত প্যাটেলকে শোকজ-দৈনিক সংবাদ প্রতিদিন
  • প্যাটেল মূর্তির জন্য ৩০০০ কোটি দিয়েছে তেল কোম্পানিগুলো! কৈফিৎ তলব ক্যাগের-দৈনিক আজকাল
  • হঠাৎ চাল-টাকা সব বন্ধ, ক্ষোভে ফুঁসছে সিঙ্গুরের জমি আন্দোলনকারীরা-দৈনিক আনন্দবাজার

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. খালেদা জিয়ার মুক্তির জন্য আলোচনার পথ খোলা আছে -একথা বলেছেন আওয়ামীল লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার এ বক্তব্যকে কীভাবে দেখছেন?

২. ইরানের ওপর আগের সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে মার্কিন সরকার। এ নিয়ে অনেক গণমাধ্যমে প্রশ্ন তোলা হয়েছে- ইরান এবার টিকে থাকতে পারবে তো? আপনার কী মনে হয়?

বিশ্লেষণের বাইরের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

শেখ হাসিনার সরকারে আপত্তি নেই ঐক্যফ্রন্টের, তবে...-দৈনিক প্রথম আলো

Image Caption

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারে আপত্তি নেই জাতীয় ঐক্যফ্রন্টের। তবে এই রাজনৈতিক জোট তিনটি দাবি জোরালোভাবে তুলে ধরবে। ১. সংসদ ভেঙে দিয়ে পরবর্তী ৯০ দিনের মধ্যে ভোট গ্রহণ। ২. নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় জাতীয় ঐক্যফ্রন্ট বা সংসদের বাইরের বিরোধী দলগুলো থেকে মন্ত্রী করে তাঁদের স্বরাষ্ট্র বা জনপ্রশাসনের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া। ৩. বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনে মুক্তি ও তাঁর ভোটে অংশগ্রহণ নিশ্চিত করতে সাজা স্থগিত করা। জাতীয় ঐক্যফ্রন্টের একটি দায়িত্বশীল সূত্র প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

ঐক্যফ্রন্টে কাদের সিদ্দিকী-দৈনিক যুগান্তর

বঙ্গবীর কাদের সিদ্দিকীর জাতীয় ঐক্যফ্রন্টে যোগদান

জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। আজ সোমবার বেলা একটার দিকে রাজধানীর মতিঝিলের কৃষক শ্রমিক জনতা লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। ৩ নভেম্বর এ বিষয়ে জানানোর কথা ছিল তাঁর। সেদিন ৫ নভেম্বর বিষয়টি জানাবেন বলে জানান।

কাদের সিদ্দিকী বলেন, ‘গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আজ ৫ নভেম্বর এ মুহূর্ত থেকে আমি জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিলাম। জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে থেকে কামাল হোসেন আমাদের আইনি সহায়তা দেবেন আর আমরা বাকিরা দেশের জন্য যুদ্ধ করব। জাতির মুক্তির জন্য একসঙ্গে কাজ করব।’

সাইবার মনিটরিং ও পেট্রোলিং করবে পুলিশ-নির্বাচনে গুজব অপপ্রচার রোধই বড় চ্যালেঞ্জ-দৈনিক যুগান্তর

এই মাত্র পদত্যাগ করলেন র‌্যাবের ডিজি! তাজা খবর, এ কি বলছেন পুলিশ প্রধান। এভাবে ভুয়া ও বানোয়াট তথ্য দিয়ে দেশি-বিদেশি অসংখ্য পেজ ও অনলাইন পোর্টাল থেকে প্রতিনিয়তই গুজব ও অপপ্রচার চালাচ্ছে বিভিন্ন স্বার্থান্বেষী মহল।

অপপ্রচার চালিয়ে বিভিন্ন সামাজিক ও দাবি আদায়ের আন্দোলনকে পুঁজি করে সহিংসতা ছড়িয়ে দেয়া হচ্ছে। তাই সাইবার দুর্বৃত্তায়ন এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বড় চ্যালেঞ্জ।

সাম্প্রতিক কোটা সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের মতো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নানা ইস্যুতে গুজব ও অপপ্রচার চালিয়ে দেশের সার্বিক পরিস্থিতি ও নির্বাচনকে বানচালের যড়যন্ত্র করতে পারে বলে মনে করছে পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা।

নির্বাচনকেন্দ্রিক গুজব ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার রোধে সক্ষমতা বাড়াচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট। বিশেষজ্ঞরা বলছেন, সাইবার অপরাধ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের সচেতন করতে হবে।

গুজব ও অপপ্রচারসহ সাইবার অপরাধ ঠেকাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অধীনে সাইবার ইউনিট গঠনের অনুমোদন দিয়েছে সরকার। ফেসবুক, ইউটিউবসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নজরদারি আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এর জন্য একটি প্রকল্পের মাধ্যমে ১২১ কোটি টাকা চেয়েছে জননিরাপত্তা বিভাগ।

বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষার সনদ দাখিল করতে হাইকোর্টের রুল-দৈনিক নয়া দিগন্ত

বাংলাদেশের সুপ্রিম কোর্ট

বাংলাদেশে সকল চাকরিতে যোগদানের আগে ডোপ টেষ্ট এবং বিয়ের আগে বর ও কনের রক্তে থ্যালাসেমিয়া ও মাদকের অস্তিত্ব আছে কি না তা পরীক্ষা করে মেডিকেল সার্টিফিকেট দাখিল কেন বাধ্যতামূলক করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার এ বিষয়ে করা রিটের প্রাথমিক বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো: খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

মন্ত্রী পরিষদ সচিব,আইন সচিব,স্বাস্থ্য সচিব,পুলিশ মহাপরিদর্শক,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালরক আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গত ৫ জুলাই বিয়ের আগে বর ও কনের রক্তে থ্যালাসেমিয়া ও মাদকের অস্তিত্ব আছে কি না তা পরীক্ষা করে মেডিকেল সার্টিফিকেট দাখিল বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন,অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলীর পক্ষে অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

হঠাৎ চাল-টাকা সব বন্ধ, ক্ষোভে ফুঁসছে সিঙ্গুরের জমি আন্দোলনকারীরা-দৈনিক আনন্দবাজার

সিঙ্গুর

উৎসবের মৌসুমে ফের ক্ষোভের মেঘ! সেই সিঙ্গুর! আদালতের নির্দেশে চাষিরা জমি ফিরে পেয়েছেন। কিন্তু অভিযোগ, আচমকা জুলাই মাস থেকে বন্ধ হয়ে গিয়েছে তাঁদের সরকারি আর্থিক সাহায্য। গত মাস থেকে মিলছে না বরাদ্দ চালও। উৎসবের মৌসুমে মাথায় হাত পড়েছে ওই চাষিদের। কারণ, জমি আগাছা আর নোংরা জলে ঢেকে যাওয়ায় অনেকেই এখনও চাষ করতে নামতে পারেননি। এ বার জোড়া অপ্রাপ্তি তাঁদের ক্ষোভের মাত্রা বাড়াল।

এ ব্যাপারে বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, ‘‘সিঙ্গুরের চাষিরা যে চাল-টাকা পাচ্ছেন না, সেটা জানা ছিল না। জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা বলেন, ‘‘সিঙ্গুরের চাষিরা যেমন চাল-টাকা পান, তেমনই পাবেন। ব্যাঙ্কের কারণে টাকা পেতে ওঁদের হয়তো কিছুটা দেরি হচ্ছে। আমি বিষয়টি দেখছি।’’

প্যাটেল মূর্তির জন্য ৩০০০ কোটি দিয়েছে তেল কোম্পানিগুলো! কৈফিৎ তলব ক্যাগের-দৈনিক আজকাল

সর্দার প্যাটেল

সর্দার প্যাটেলের মূর্তি গড়তে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে মোদি সরকার, সেটা কোথা থেকে এলো তা ক্রমশ প্রকাশ্যে আসতে শুরু করেছেন। সূত্রের খবর, এই মূর্তি তৈরির জন্য ৩০০০ কোটি টাকা অনুদান দিয়েছে রাষ্ট্রয়ত্ত্ব একাধিক তেল কম্পানি। তালিকায় রয়েছে ওএনজিসি, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, অয়েল ইন্ডিয়া লিমিটেডের মতো সংস্থা। যে অর্থ সমাজ কল্যাণে দেওয়ার কথা সংস্থাগুলির, সেটি সর্দার প্যাটেলের মূর্তি তৈরিতে কেন দেওয়া হয়েছে? এই নিয়ে তেল কম্পানিগুলিতে ভর্ৎসনা করেছেন অডিটর জেনারেল। এই পুরো অর্থটাই সমাজ কল্যাণের স্বার্থে বরাদ্দ করে থাকে তেল কোম্পানিগুলি। সেটি না করে মোদিকে তুষ্ট করতে সর্দার প্যাটেলের মূর্তি নির্মাণের জন্য দান করা হয়েছে। এদিকে এই মূর্তি নির্মাণের জন্য যে বিজ্ঞাপন গুজরাট সরকার দিয়েছে, তাতে দেখানো হয়েছে গুজরাটের সব গ্রামের কৃষক পরিবারের কাছে থেকে লোহা সংগ্রহ করা হয়েছে এই মূর্তি তৈরির জন্য। যেহেতু সর্দার প্যাটেল কৃষক পরিবারের সন্তান ছিলেন। সেকারণে তাঁর মূর্তি তৈরির জন্য কৃষকদের কাছ থেকেই লোহা ‘দান’ হিসেবে সংগ্রহ করা হয়েছে। মোট ১,৬০,০০০ লোহা সংগ্রহ করার পর সেটি মূর্তি নির্মাণে ব্যবহার করা হয়েছে। স্ট্যাচু অব ইউনিটির ওয়েবসাইটেও এই তথ্য দেওয়া হয়েছে। 

ঋণখেলাপিদের তালিকা কেন প্রকাশ করা হয়নি? উর্জিত প্যাটেলকে শোকজ-দৈনিক সংবাদ প্রতিদিন

রিজার্ভ ব্যাংকের গর্ভনর উর্জিত প্যাটেল

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কেন ঋণখেলাপিদের নামের তালিকা প্রকাশ করা হয়নি? এই প্রশ্ন তুলেই রিজার্ভ ব্যাংকের গর্ভনর উর্জিত প্যাটেলকে শোকজ করল কেন্দ্রীয় তথ্য কমিশন।আগামী ১৬ নভেম্বরের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। শুধু তাই নয়, ব্যাংক থেকে ৫০ কোটি কিংবা তারও বেশি অংকের ঋণ নিয়ে যাঁরা শোধ করছেন না, তাঁদের নামের তালিকা প্রকাশের নির্দেশ দিয়ে তথ্য কমিশন চিঠি পাঠিয়েছে পিএমও, অর্থমন্ত্রক ও আরবিআইকে।

দেশের শীর্ষ ব্যাংক আরবিআইয়ের সঙ্গে মোদি সরকারের বিরোধ এখন চরমে। দিন কয়েক আগে কেন্দ্রের বিরুদ্ধে ব্যাংকের কাজে হস্তক্ষেপে অভিযোগ তুলেছিলেন আরবিআইয়ের ডেপুটি গর্ভনর। তাঁর দাবি, অনেক সময় ব্যাংকের ঋণ দেওয়ার পদ্ধতিতে হস্তক্ষেপ করছে কেন্দ্র। নিয়ম শিথিল করার জন্য চাপ দেওয়া হচ্ছে

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৫