নভেম্বর ১০, ২০১৮ ১২:১১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১০ নভেম্বর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • মাশরাফি ও সাকিব আওয়ামী লীগের ফরম নেবেন আগামীকাল-দৈনিক ইত্তেফাক
  •  বৃদ্ধ বাবাকে বাস থেকে নামিয়ে দিয়ে মেয়েকে হত্যা!-দৈনিক প্রথম আলো
  • চার ইস্যুতে আটকা বিএনপির নির্বাচনে আসার সিদ্ধান্ত-দৈনিক যুগান্তর
  • আদাবরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের বলি ২ তরুণ-দৈনিক মানবজমিন
  • সংলাপ, নির্বাচন, তফসিল সবই তামাশা : রিজভী-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • টিপু জয়ন্তী ঘিরে উত্তপ্ত কর্ণাটক, অনুষ্ঠান বাতিল মুখ্যমন্ত্রীর-দৈনিক সংবাদ প্রতিদিন
  • অসমে ৯ দিনে মৃত্যু হল ১৬টি শিশুর-দৈনিক আজকাল
  • তালিবানের সঙ্গে বৈঠক, বিতর্কে মোদী সরকার-দৈনিক আনন্দবাজার

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং আওয়ামী লীগ মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- সংকট আরো জটিল, আরো ভয়াবহ হয়েছে। দেশের পরিস্থিতিকে কীভাবে দেখছেন আপনি?

২. পরমাণু সমঝোতার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান ভালো তবে ধীর গতির -একথা বলেছেন ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বিষয়টি নিয়ে আপনার পর্যবেক্ষণ কী?

বিশ্লেষণের বাইরের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

বিএনপি ভোটে আসছে সন্দেহ নেই: কাদের-দৈনিক প্রথম আলো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে—এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।

আজ শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের মধ্যে উৎসব থাকলেও বিএনপিতে কোনো উৎসব না থাকার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘বিরোধী শিবিরে উৎসব কেন নেই, তা জানি না। তবে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে, এ ব্যাপারে সন্দেহ-সংশয় নেই। আমরা আশাবাদী।’

রাজশাহীর সমাবেশে বিএনপির বক্তব্যের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটা নির্বাচনী আইনের সুস্পষ্ট লঙ্ঘন। গতকাল রাজশাহীতে বিএনপি যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য তফসিল ঘোষণার পর কেউ দিতে পারে না। গরম গরম ভাষণ, আন্দোলনের কর্মসূচি দেওয়া, নির্বাচনী আইন ও আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

চার ইস্যুতে আটকা বিএনপির নির্বাচনে আসার সিদ্ধান্ত-দৈনিক যুগান্তর

বিএনপি

একাদশ জাতীয় নির্বাচনের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে আরও আগেই। বৃহস্পতিবার তফসিল ঘোষণা হয়ে গেছে। ঘোষিত তফসিল অনুয়ায়ী ২৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনের প্রস্তুতি চলছে তোড়েজোড়ে। শুক্রবার থেকেই মনোনয়নপত্র বিক্রি শুরু হয়ে গেছে। বেশিরভাগ আসনে প্রার্থীও ঠিক করা আছে দলটির। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নির্বাচনী প্রস্তুতি থেমে নেই।

নির্বাচনী দৌঁড়ে পিছিয়ে নেই বিরোধী দল জাতীয় পার্টিও। শিগগিরই মনোনয়নপত্র বিতরণ শুরু করবে দলটি।নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত ‍চূড়ান্ত করে রেখেছে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন এ দল।

সরকার ও বিরোধী দলে যখন নির্বাচনী ঢামাডোল চলছে ঠিক সেই মুহূর্তে রাজপথের বিরোধী দল এখনও ঠিক করতে পারেনি নির্বাচনে অংশ নেবে কি, নেবে না।

দলটির তৃণমূলসহ সর্বস্তরের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষেরও এই প্রশ্নের উত্তর জানা নেই। নির্বাচনের দেড় মাসেরও কম সময় আছে হাতে। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট (জোটের সম্প্রসারণ হয়ে এখন ২৩ দল)এখনও নির্বাচনে যাবে কি যাবে না তা স্পষ্ট করেনি। আজ শনিবারও বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে বলেছেন, এ বিষয়ে জানতে হলে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। জানা গেছে, মূলত চারটি ইস্যুতে আটকে রয়েছে বিএনপি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত। ইস্যু চারটির প্রথমটি হচ্ছে বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেত্রী খালেদা জিয়ার মুক্তি।

দ্বিতীয়টি হচ্ছে-নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন।

তৃতীয়টি হচ্ছে নির্বাচনের তারিখ পিছিয়ে দেওয়া।

চতুর্থত: নির্বাচনের সমতল ক্রীড়াভূমি (লেভেল প্লেয়িং ফিল্ড) সৃষ্টি নিয়ে সংশয়। মূলত এই চারটি বিষয়ে সংশয় দূর হলে কিংবা সরকারের কাছ থেকে আশ্বাস পেলে বিএনপি নির্বাচনে অংশ নেবে।

তবে এই চারটি ইস্যুর মধ্যে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তি ও তাঁর নির্বাচনে অংশগ্রহণের বাধা দূর করার বিষয়টিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিএনপি ও জোটের নেতাকর্মীদের কাছে।

সংলাপ, নির্বাচন, তফসিল সবই তামাশা : রিজভী-দৈনিক নয়া দিগন্ত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতেই নির্বাচন কমিশন যাবতীয় কার্যক্রম চালাচ্ছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবাধ, সুষ্ঠু নির্বাচন ও আওয়ামী লীগ সবসময় উল্টো পথে হাঁটে। আজ শনিবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ অর্থই হচ্ছে- স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থার বারোটা বেজে যাওয়া। সংলাপ, নির্বাচন, তফসিল ঘোষণা সবই তামাশার নামান্তর মাত্র। এইজন্য আগামী নির্বাচনকে প্রতিদ্বন্দ্বীতামূলক করার বা নির্বাচনী মাঠ সমতল করার কোনো গরজ বর্তমান নির্বাচন কমিশনের নেই। আর সেজন্যই শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার স্বার্থে একতরফা নির্বাচনের জন্য তাড়াহুড়ো করে কমিশন তফসিল ঘোষণা করেছে। এই ঘোষণায় সারাদেশের ভোটারদের মুড-অফ, দেশের জনগণ নির্বিন্ন ও হতাশ।

আদাবরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের বলি ২ তরুণ-দৈনিক মানবজমিন

রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে নবোদয় হাউজিং এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ শনিবার সকালে স্থানীয় এমপি জাহাঙ্গীর কবির নানক ও এবার মনোনয়নপ্রত্যাশী সাদেক খানের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় দুজন পথচারী নিহত হয়েছেন।  নিহতদের নাম আরিফ (১৫) ও সুজন (১৭)।

পুলিশ জানায়, শনিবার সকালে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় ওই এলাকার মোহাম্মদিয়া হোমসের একটি পিকআপে করে আসা বেশ কিছু তরুণ লোহার গেটের কাছে এলে বিপরীত দিক থেকে সেই পিকআপ লক্ষ্য করে হামলা চালানো হয়। এসময় পিকআপভ্যানটি দ্রুত ঘোরাতে গেলে তার নিচে চাপা পড়েন আরিফ ও সুজন।

আরিফকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং সুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।

বৃদ্ধ বাবাকে বাস থেকে নামিয়ে দিয়ে মেয়েকে হত্যা!-দৈনিক প্রথম আলো

বাস থেকে বাবাকে নামিয়ে দিয়ে মেয়েকে হত্যা

ঢাকার অদূরে আশুলিয়ায় বৃদ্ধ বাবাকে বাস থেকে নামিয়ে দিয়ে মেয়েকে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে মেয়ের লাশ উদ্ধার করেছে আশুলিয়া টহল পুলিশ। নিহত নারীর পরিবার ওই বাসের কোনো তথ্য দিতে পারেনি। বাসটি টাঙ্গাইলের দিকে যাওয়ার কথা থাকলেও তা ঘুরে উল্টো দিকে গেছে বলে বৃদ্ধ বাবার কাছ থেকে ধারণা পেয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ। এ ঘটনায় নিহত নারীর জামাতা বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেছেন।পুলিশ জানিয়েছে, বাসটিতে যারা ছিল, তারা হয়তো যাত্রী ছিল না। যাত্রীবেশে দুর্বৃত্ত ছিল। টাঙ্গাইলগামী বাস হলেও সেটি উল্টো দিকে ঘুরে আশুলিয়া বাজারের দিকে গেছে বলে ধারণা করা হচ্ছে। অপরাধের উদ্দেশ্যেই তা করা হয়েছে। ছিনতাই করার মতো কোনো অর্থ জরিনা খাতুন বা তাঁর বাবার কাছে ছিল না। তা ছাড়া আকবর আলীর মুঠোফোনটিও নেয়নি দুর্বৃত্তরা। সে ক্ষেত্রে জরিনা খাতুনকে ধর্ষণের উদ্দেশে বাসটি ঘোরানো হয়েছিল কি না, সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

মাশরাফি ও সাকিব আওয়ামী লীগের ফরম নেবেন আগামীকাল-দৈনিক ইত্তেফাক

সাকিব-মাশরাফি

বাংলাদেশ ক্রিকেট দলের দুই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন।

 আগামীকাল রবিবার তারা ফরম সংগ্রহ করবেন বলে দৈনিক ইত্তেফাক অনলাইনকে জানিয়েছেন দলটির উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

 তিনি বলেন, মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসানের পক্ষ থেকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যোগাযোগ করা হয়েছে। আগামীকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে তারা মনোনয়ন ফরম কিনতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আসবেন। এর আগে গত ২৯ মে মাশরাফি বিন মুর্তজা নির্বাচন করবেন বলে আশ্বাস দিয়েছিলেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

অসমে ৯ দিনে মৃত্যু হল ১৬টি শিশুর-দৈনিক আজকাল

 উত্তরপ্রদেশের পর এবার অসম। ফের একবার বিজেপি শাসিত রাজ্যে একাধিক শিশুমৃত্যুর ঘটনা ঘটল। ১ থেকে ৯ নভেম্বর পর্যন্ত জোরহাট মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ১৬টি সদ্যোজাত শিশুর মৃত্যু হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে সে রাজ্যের সরকার। তবে এখনও পর্যন্ত এতজন শিশুর মৃত্যুর আসল কারণ জানা যায়নি। তবে হাসপাতাল সূত্রে খবর, শিশুদের কয়েকজন জন্মের পর থেকেই রোগে আক্রান্ত ছিল। অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, ‘ইতিমধ্যে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে। তার মধ্যে ইউনিসেফের একজন সদস্যও রয়েছেন। তাঁরা পুরো বিষয়টি খতিয়ে দেখে বিস্তারিত রিপোর্ট জমা দেবেন।’

টিপু জয়ন্তী ঘিরে উত্তপ্ত কর্ণাটক, অনুষ্ঠান বাতিল মুখ্যমন্ত্রীর-দৈনিক সংবাদ প্রতিদিন

গেরুয়া শিবিরের চরম বিরোধের মুখে পড়ে বাধ্য হয়েই পিছু হটলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী৷ প্রথমে সবুজ সংকেত দিলেও, বিতর্কে রাশ টানতে টিপু সুলতান জয়ন্তী পালনের অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিলেন জেডিএস নেতা৷ যদিও তাঁর দপ্তর সূত্রে জানান হয়েছে, শারীরিক অসুস্থতার কারণে উক্ত অনুষ্ঠানে যেতে পারছেন না মুখ্যমন্ত্রী৷ অন্যদিকে টিপু সুলতানের জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার আবারও নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণের এই রাজ্য৷ বিভিন্ন স্থানে সরকার বিরোধী বিক্ষোভে নেমেছে গেরুয়া শিবিরের সমর্থকরা৷ পরিস্থিতি সামাল দিতে কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে ফেলা হয়েছে শহর৷

তালেবানের সঙ্গে বৈঠক, বিতর্কে মোদী সরকার-দৈনিক আনন্দবাজার

‘ধরি মাছ না ছুঁই পানি’ নীতি নিতে গিয়ে ফের বিতর্কে ভারতের বিদেশনীতি। আজ মস্কোয় আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া সংক্রান্ত বৈঠকে ভারতের ‘নন অফিশিয়াল’ স্তরে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক নেতৃত্ব এবং কূটনীতিক শিবির। 

আজ কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা প্রশ্ন তুলেছেন, তালেবানের সঙ্গে ‘নন অফিশিয়াল’ স্তরে কথা বলতে যদি নরেন্দ্র মোদী সরকারের আপত্তি না থাকে, তা হলে জম্মু-কাশ্মীরের বিভিন্ন অংশের সঙ্গে কেনই বা কথা বলবে না কেন্দ্র?  এই প্রশ্নটি ক্রমশ বড় আকার ধারণ করতে পারে আঁচ করে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে ব্যাখ্যাও দেওয়া হয়।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১০