খালেদা জিয়া ভীষণ অসুস্থ, জনগণের ঐক্যকে সামনে এগিয়ে নিতে বলেছেন
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১২ নভেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম
- খালেদা জিয়ার জন্য ৩ মনোনয়নপত্র-দৈনিক ইত্তেফাক
- ভোটের তারিখ পিছিয়ে ৩০ ডিসেম্বর-দৈনিক প্রথম আলো
- চাহিদার ৭৩% দেশেই উৎপাদন হয়-পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করে ভারত-দৈনিক যুগান্তর
- ‘খালেদা জিয়া ভীষণ অসুস্থ, জনগণের ঐক্যকে সামনে এগিয়ে নিতে বলেছেন’-দৈনিক মানবজমিন
- নির্বাচনের নতুন তারিখকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- অযোধ্যা মামলার অগ্রিম শুনানিতে ‘না’, সুপ্রিম নির্দেশে মুখ পুড়ল হিন্দু মহাসভার-দৈনিক সংবাদ প্রতিদিন
- জঙ্গিদের সঙ্গে আলোচনায় বসবে না সরকার, জানিয়ে দিলেন সেনা প্রধান-দৈনিক আজকাল
- ভোট চলাকালীন মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই ছত্তীসগড়ের বিজাপুরে, আহত ২ জওয়ান-দৈনিক আনন্দবাজার
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নেয়ার ঘোষণা দিয়েছে এবং ভোটগ্রহণের তারিখ এক সপ্তাহ পেছানো হয়েছে। বিষয়গুলোকে আপনি কীভাবে দেখছেন?
২. গাজায় অনুপ্রবেশ করে হামাসের একজন শীর্ষ পর্যায়ের কমান্ডারকে হত্যা করেছে ইসরাইলি সেনারা। গাজা পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
আ.লীগ ও বিএনপি কার্যালয়ে আজ একই চিত্র-দৈনিক প্রথম আলো
৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আজ সোমবার পুনঃ তফসিলের পর জাতীয় সংসদ নির্বাচন হবে আগামী ৩০ ডিসেম্বর। ভোটের তফসিল ঘোষণার পরদিন দেশের প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। তবে চার দিনের মাথায় এই চিত্র বদলে যায়। গতকাল রোববার বিএনপি ভোটে যাওয়ার ঘোষণা দেয়। এর পরদিন আজ সোমবার থেকে কার্যালয়ের চিত্রও বদলে যায়। আজ সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ লক্ষ করা যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে।
‘খালেদা জিয়া ভীষণ অসুস্থ, জনগণের ঐক্যকে সামনে এগিয়ে নিতে বলেছেন’-দৈনিক মানবজমিন
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভীষণ অসুস্থ বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বিকালে নাজিম উদ্দিন রোডের পুরনো কারাগারে সাক্ষাৎ করে এসে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, পিজি হাসপাতালের (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতলে) চিকিৎসকরা যে চিকিৎসা ও পরামর্শ দিয়েছেন কারা কর্তৃপক্ষ তা মানছে না। তিনি ভীষণ অসুস্থ। গত চার দিন তাকে ফিজিও থেরাপি দেয়া হয়নি। অবিলম্বে তাকে মুক্তি দিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে আমরা জোর দাবি জানাচ্ছি। নির্বাচন নিয়ে কোন কথা হয়েছে কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ম্যাডাম বলেছেন, জনগণের মধ্যে যে ঐক্য হয়েছে তা এগিয়ে নিয়ে যেতে।
চাহিদার ৭৩% দেশেই উৎপাদন হয়-পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করে ভারত-দৈনিক যুগান্তর
পেঁয়াজের উৎপাদন দেশে ৭৩ শতাংশ হলেও দামের নিয়ন্ত্রণ রয়েছে ভারতের হাতে। ঘাটতি পূরণে বাকি ২৭ শতাংশ আমদানি করা হয়। মোট আমদানির ৭৯ দশমিক ৬৫ শতাংশই আসে ভারত থেকে।
এ কারণে ভারতে উৎপাদন কম হওয়া, শুল্কারোপ, বন্দরের জটিলতার কারণে বাংলাদেশে দ্রুত দাম বেড়েছে যায়। তাছাড়া উৎসবভিত্তিক চাহিদা বৃদ্ধিও হঠাৎ পেঁয়াজের দাম বাড়ার অন্যতম কারণ।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) দুই দিনব্যাপী বার্ষিক গবেষণা সম্মেলনের উদ্বোধনী দিন রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
খালেদা জিয়ার জন্য ৩ মনোনয়নপত্র-দৈনিক ইত্তেফাক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কারাবন্দি খালেদা জিয়ার জন্য দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছে দলের মহাসচিব মির্জা ফখরুল ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ জন্য সোমবার সকাল থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে তারা।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
ছত্রিসগড়ে প্রথম দফার ভোট চলাকালীন মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে আহত ২ জওয়ান-দৈনিক আনন্দবাজার
মাওবাদী সহিংসতার আবহে ভোট হয়েছে ছত্তীসগড়ে। দক্ষিণ ছত্তীসগড়ের ১৮টি বিধানসভা কেন্দ্রে ভোট হয়েছে। মাওবাদী উপদ্রুত এলাকার এই ৮ জেলায় অবাধ, শান্তিপূর্ণ এবং রক্তপাতহীন ভোট করানো নির্বাচন কমিশন তথা প্রশাসনের সামনে খুব বড় চ্যালেঞ্জ ছিল। যদিও এ দিন দন্তেওয়াড়ায় ভোটগ্রহণের শুরুতেই আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। সুকমায় ভোটকেন্দ্রের কাছে ৩টি আইইডি উদ্ধার হয়। এ দিন একটু বেলা গড়াতেই বিজাপুরে মাওবাদীরা হামলা চালায়। পাল্টা জবাব দেয় জওয়ানরাও। দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। ওই হামলায় আহত হয়েছেন দুই কোবরা জওয়ান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পাঠানো হয়েছে বিশাল বাহিনী।
তবে দৈনিক আজকালের খবরে লেখা হয়েছে, মাওবাদী হুমকি, বিস্ফোরণের ভয় কাটিয়ে ছত্তিশগড়ে ভোটবুথে ভোটাররা ভোট দিয়েছেন।
অযোধ্যা মামলার অগ্রিম শুনানিতে ‘না’, সুপ্রিম নির্দেশে মুখ পুড়ল হিন্দু মহাসভার-দৈনিক সংবাদ প্রতিদিন
রাম মন্দির মামলার শুনানি হবে জানুয়ারিতে৷ সেকথা আগেই জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ তবে অখিল ভারত হিন্দু মহাসভা পালটা দিয়ে জানুয়ারির আগেই রাম মন্দির মামলার শুনানির আবেদন জানায়৷ সোমবার এই সিদ্ধান্তে অনড় থাকলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ৷ খারিজ করে দেওয়া হয়েছে অখিল ভারত হিন্দু মহাসভার দাবি। সর্বোচ্চ আদালতের এই নির্দেশে কার্যত বড়সড় ধাক্কা খায় হিন্দু মহাসভা।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১২