নভেম্বর ১৩, ২০১৮ ১৩:২২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৩ নভেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশে:

  • ঐক্যফ্রন্ট হতাশ: বললেন ফখরুল-দৈনিক প্রথম আলো
  • বিদেশি পর্যবেক্ষক নিয়ে বিএনপর দাবি ভিত্তিহীন : বলেছেন কাদের-দৈনিক কালেরকণ্ঠ
  • দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ইতিহাস সৃষ্টি করা হবে : সিইসি-দৈনিক ইত্তেফাক
  • সম্পাদকদের সঙ্গে ঐক্যফ্রন্ট বসবে ১৬ নভেম্বর: -দৈনিক যুগান্তর
  • শহিদুল আলমের মুক্তি দাবি করলেন অরুন্ধতী রায় সহ দক্ষিণ এশিয়ার ৩৪ বিশিষ্ট ব্যক্তি-দৈনিক মানবজমিন
  • দেশে চার কোটি মানুষের কর দেয়া উচিত: অর্থমন্ত্রী-দৈনিক নয়াদিগন্ত
     

ভারতের খবর:

  • ‘আপনারা জিতে গেলেন, আমি হেরে গেলাম’, ফাঁসির আগে বলেছিল কাসভ -দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • একই দৈনিকের আরেকটি খবর-মোদীকে কেন ক্লিনচিট? গুজরাত দাঙ্গা নিয়ে জাফরির মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট
  • ‘‌রিলায়েন্সেকে বেছে নিয়েছি আমরাই, আমি মিথ্যে বলি না’‌, রাফালে নিয়ে মোদিকে ক্লিনচিট দাসঁর-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

ঐক্যফ্রন্ট হতাশ: বললেন ফখরুল-দৈনিক প্রথম আলো

বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, তা করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তফসিল ঘোষণার দাবি জানিয়েছিলেন তাঁরা। কিন্তু তা করা হয়নি। এতে তাঁরা অত্যন্ত হতাশ। আজ মঙ্গলবার বেলা এগারোটা থেকে দেড়টা পর্যন্ত মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল, ড. কামাল হোসেন, মোস্তফা মহসিন মন্টু, সুলতান মোহাম্মদ মনসুর, সুব্রত চৌধুরী প্রমুখ। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। মির্জা ফখরুলের ভাষ্য, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে আগ্রহী নয়। তফসিল এক মাস পেছানোর দাবি অন্তত জরুরি। ভোট গ্রহণের যে তারিখ নির্ধারণ করা হয়েছে, সে সময় বড়দিনের ছুটি থাকবে। বিদেশি পর্যবেক্ষকদের এখানে আসার সুযোগ থাকবে না। এগুলোসহ বিভিন্ন বিষয়ে কথা বলতে আগামীকাল বুধবার দুপুর ১২টায় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে একটি দল নির্বাচন কমিশনে যাবে। নির্বাচন কমিশন কোনো একটা সিদ্ধান্তে আসবে বলে আশা মির্জা ফখরুলের।

বিদেশি পর্যবেক্ষক নিয়ে বিএনপর দাবি ভিত্তিহীন : বলেছেন কাদের-দৈনিক কালেরকণ্ঠ

বিদেশি পর্যবেক্ষকদের জন্য জাতীয় নির্বাচন পেছাতে হবে -বিএনপির এমন দাবি ভিত্তিহীন বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে অংশ নিয়েও পুরনো নালিশের অভ্যাসের মধ্যেই সীমাবদ্ধ আছে বিএনপি। বিদেশিদের উপর নির্ভর করে নির্বাচন পেছাবে না। আজ মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচনে অনুষ্ঠিত হবে। বিদেশি পর্যবেক্ষকদের জন্য জাতীয় নির্বাচনের তারিখ পেছাতে হবে এর চেয়ে হাস্যকর, অবান্তর, অবাস্তব, ভিত্তিহীন ও অযৌক্তিক দাবি আর হতে পারে না। ওবায়দুল কাদের বলেন, বিএনপি যদি আন্দোলনের চিন্তা করে তাহলে সারা দেশের জনগণেই তাদের প্রতিরোধ করবে। কারণ জনগণ এখন নির্বাচনের মুডে রয়েছে।

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ইতিহাস সৃষ্টি করা হবে: সিইসি-দৈনিক ইত্তেফাক

নতুন প্রেক্ষাপটে অংশগ্রহণমূলক নির্বাচনকে ভেজালহীন করার জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘দলীয় সরকারের অধীনে থেকে যে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব এবারের নির্বাচন সেই ইতিহাস সৃষ্টি করবে।রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠানে সিইসি প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের তারিখ পেছানোর আর কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘৩০ তারিখ নির্বাচনের দিন নির্ধারিত হয়েছে। এরপর আর তারিখ পেছানোর সুযোগ নেই। প্রথম কারণ হলো জাতীয় পর্যায়ে এতো বড় একটি নির্বাচনের পর ২৯ জানুয়ারি সংসদ বসতে হবে। ফলে এটি বড় মাপের সময় নয়। কারণ নির্বাচনের পর ফলাফল আসবে, এরপর গেজেট করা। এই তিনশ’ আসনের গেজেট করার জন্য সময় লাগে।

দ্বিতীয়ত হলো, টঙ্গীর ইজতেমা হবে ১১ জানুয়ারি। এটি আমাদের চিঠি দিয়া জানানো হয়েছে। এ সময় সারাদেশ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আনতে হয়। যাতে কোন সহিংসতা না ঘটে।

সিইসি বলেন, নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নিয়েছে, তাতে আমরা খুশি হয়েছি। কিন্তু ভোটের তারিখ আর পেছানোর সুযোগ নেই। রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা দেশী-বিদেশী সকল স্তরের সংস্থার পর্যবেক্ষণে রয়েছেন। এ বছর নির্বাচনের পরিবেশ হবে ভিন্ন। আমাদের দেশে কখনো নির্বাচন হয়েছে রাষ্ট্রপতি শাসিত নির্বাচন, কখনো সেনাবাহিনী, কখনো কেয়ারটেকারের অধীনে। কিন্তু অন্যান্য নির্বাচন থেকে এই নির্বাচন সম্পূর্ণ ভিন্ন। কারণ সংসদ ও সরকার বহাল রেখে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৪ সালে এমন একটি নির্বাচন হয়েছিল। কিন্তু সেই নির্বাচনে সব দল অংশ নেয়নি। আমরা এবার আনন্দিত যে, এই নির্বাচনে সব দল অংশ নিতে যাচ্ছে। সে কারণে আপনাদের দায়িত্বও অনেক বেড়ে গেছে এবং ভেজালমুক্ত নির্বাচন অনুষ্ঠানে আন্তরিকভাবে কাজ করতে হবে।

সম্পাদকদের সঙ্গে ঐক্যফ্রন্ট বসবে ১৬ নভেম্বর: -দৈনিক যুগান্তর

প্রিন্ট মিডিয়ার সম্পাদকদের সঙ্গে বসতে চায় জাতীয় ঐক্যফ্রন্ট। আগামী ১৬ নভেম্বর জাতীয় দৈনিকের সম্পাদকদের সঙ্গে বসার তারিখ নির্ধারণ করেছেন ঐক্যফ্রন্ট নেতারা। মঙ্গলবার দুপুর ১২টায় মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এসে এ কথা জানান ফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আমরা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাই। এ জন্য আগামী ১৬ নভেম্বর জাতীয় দৈনিকের সম্পাদকদের আসার আমন্ত্রণ জানাব। এ সময় তিনি বলেন, বুধবার ১২টায় আমরা জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচন কমিশনে যাব। এ সময় জাতীয় নেতারাও যাবেন। আমরা একাদশ সংসদ নির্বাচন এক মাস পিছিয়ে দিতে নির্বাচন কমিশনকে আবারও অনুরোধ করব। আশা করছি নির্বাচন কমিশন আমাদের কথা রাখবেন। মির্জা ফখরুল বলেন, আমরা নির্বাচন কমিশনকে এক মাস নির্বাচন পেছানোর অনুরোধ করেছিলাম। কমিশন নির্বাচন এক সপ্তাহ পেছানোর যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আমরা হতাশ, দেশবাসীও হতাশ।

জাতীয় ঐক্যফ্রন্টের এ মুখপাত্র বলেন, নির্বাচন কমিশনের পদক্ষেপ দেখে মনে হচ্ছে, তারা সুষ্ঠু নির্বাচন করতে আগ্রহী নয়। অথচ একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ইসির ইতিবাচক পদক্ষেপ জরুরি।

শহিদুল আলমের মুক্তি দাবি করলেন অরুন্ধতী রায় সহ দক্ষিণ এশিয়ার ৩৪ বিশিষ্ট ব্যক্তি-দৈনিক মানবজমিন

কারাবন্দির শততম দিবসে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোসাংবাদিক ড. শহিদুল আলমের মুক্তি দাবি করেছেন অরুন্ধতি রায় সহ দক্ষিণ এশিয়ার লেখক, ইতিহাসবিদ, অভিনেতা, বুদ্ধিজীবি সহ সুপরিচিত ৩০ জনেরও বেশি ব্যক্তিত্ব। মঙ্গলবার তারা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ফটোসাংবাদিক ও অধিকারকর্মী শহিদুল আলমকে অবিলম্বে জেল থেকে মুক্তি দেয়ার। এ খবর দিয়েছে অনলাইন স্ক্রোল ডট ইন। এতে বলা হয়েছে, শহিদুল আলমের মুক্তি দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি পাঠিয়েছেন ওইসব ব্যক্তিত্ব। এতে স্বাক্ষর করেছেন ৩৪ জন। এর মধ্যে রয়েছেন লেখিকা অরুন্ধতি রায়, বিক্রম শেঠ, মোহাম্মদ হানিফ, চলচ্চিত্র নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্তা, অপর্না সেন, ভাস্কর অনিশ কাপুর, অভিনেত্রী নন্দিতা দাস ও শাবানা আজমি, ইতিহাববিদ রামচন্দ্র গুজ ও রমিলা থাপার। সাংবাদিক রাজদীপ সারদেসাই, প্যাট্রিসিয়া মুকিম ও কনক মনি দিক্ষিত।

ঢাকার রাজপথে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনকে সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়ার কারণে শহিদুল আলমকে গ্রেপ্তার করা হয় গত ৫ই আগস্ট।

দেশে চার কোটি মানুষের কর দেয়া উচিত: অর্থমন্ত্রী-দৈনিক নয়াদিগন্ত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশে বর্তমানে যে অর্থনৈতিক সক্ষমতা তৈরি হয়েছে তাতে অন্তত চার কোটি মানুষের কর দেয়া উচিত। অথচ বর্তমানে কর দিচ্ছেন মাত্র ৩০ লাখ মানুষ। তিনি বলেন, বেশি মানুষ আয়কর দিলে সরকারি সেবা আরো বাড়ানো সম্ভব।

মঙ্গলবার রাজধানীর অফিসার্স ক্লাব মিলনায়তনে জাতীয় আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, আয়কর মেলার সমন্বয়ক ও এনবিআরের সদস্য জিয়াউদ্দিন মাহমুদ বক্তব্য রাখেন। অফিসার্স ক্লাব প্রাঙ্গণে শুরু হয়েছে সাত দিনব্যাপী এই আয়কর মেলা। রাজধানীর পাশাপাশি ৭ বিভাগীয় শহর,জেলা ও উপজেলা পর্যায়েও এই মেলা হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার।এ জন্য আয়কর জমা নিশ্চিত করতে হবে। করের টাকায় দেশের উন্নয়ন করা হবে। মানুষের ভাগ্যোন্নয়নে উদ্যোগ নেয়া হবে। তিনি বলেন, বেশি মানুষ আয়কর দিলে সরকারি সেবা আরো বাড়ানো যাবে।এতে করে জনগণের জীবনমানের উন্নয়ন হবে।

বিশেষ অতিথি অর্থ প্রতিমন্ত্রী বলেন, কর কাঠামোকে আরো সহজ করতে সংস্কার চলছে। এটা চলমান বিষয়,ভবিষ্যতে আরো সহজ হবে।

এনবিআর চেয়ারম্যান বলেন, মেলায় একই ছাদের নিচে করদাতারা সব সেবা পাচ্ছেন। তিনি কর কর্মকর্তাদের মেলার পরিবেশে কর অফিসে করসেবা নিশ্চিত করার পরামর্শ দেন।

এবার ভারতে বিস্তারিত খবর তুলে ধরছি

আপনারা জিতে গেলেন, আমি হেরে গেলাম, ফাঁসির আগে বলেছিল কাসভ -দৈনিক আনন্দবাজার পত্রিকা

ভারতীয় আইনব্যবস্থা এমনই যে, কিছুতেই তার ফাঁসি হবে না। এমনটাই বিশ্বাস ছিল মুম্বইয়ের ২৬/১১ হামলার মূল সন্ত্রাসবাদী আজমল আমির কাসভের। যদিও সেই বিশ্বাস টলে গিয়েছিল ফাঁসির ঠিক আগের দিন।

ওই দিন তাকে ফাঁসি দেওয়ার জন্য আর্থার রোড জেলের বিশেষ সেল থেকে ইয়েরওয়াড়া জেলে নিয়ে যেতে এসেছিলেন ২৬/১১ হামলার মূল তদন্তকারী অফিসার রমেশ মহালে। হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে রমেশ জানিয়েছেন, ‘‘প্রথম বারের জন্য তখনই মৃত্যুভয় ফুটে উঠেছিল কাসভের চোখেমুখে। অস্ফূট স্বরে সে বলে উঠেছিল, আপনারা জিতে গেলেন, আমি হেরে গেলাম। তার পরই একদম চুপ করে গিয়েছিল পাকিস্তান থেকে আসা এই কিশোর জঙ্গি। আজমল আমির কাসভকে চার বছর ধরে জেরা করার এ রকমই নানান মুহূর্ত সামনে নিয়ে এলেন মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের তৎকালীন প্রধান রমেশ মহালে।

একই দৈনিকের আরেকটি খবর-মোদীকে কেন ক্লিনচিট? গুজরাত দাঙ্গা নিয়ে জাফরির মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট-

গুজরাত দাঙ্গা পিছু ছাড়ছে না নরেন্দ্র মোদীর। মোদীকে ক্লিন চিট দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে জাকিয়া জাফরির আবেদন শুনতে রাজি হল সুপ্রিম কোর্ট। ১৯ নভেম্বর, অর্থাৎ আগামী সোমবার তাঁর আবেদন শোনা হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।

২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি, গুজরাত দাঙ্গার সময় আমদাবাদের গুলবর্গ সোসাইটিতে ৬৯ জনকে হত্যা করা হয়েছিল। বাড়ি থেকে টেনে বার করে এনে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছিল কংগ্রেস সাংসদ এহসান জাফরিকেও। তাঁর স্ত্রী জাকিয়া জাফরির অভিযোগ, লাগাতার যোগাযোগ করার চেষ্টার পরও পুলিশ প্রশাসনের কাছ থেকে সে দিন কোনও সাড়া মেলেনি। তখন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। তাঁর বিরুদ্ধে সব জানা সত্ত্বেও নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছিলেন এহসান জাফরির বিধবা স্ত্রী জাকিয়া জাফরি। যদিও ঘটনার তদন্তে নেমে মোদীকে ক্লিন চিট দিয়েছিল বিশেষ তদন্তকারী দল (সিট)।

রিলায়েন্সেকে বেছে ক্লিনচিট দাসঁর-দৈনিক আজকাল নিয়েছি আমরাই, আমি মিথ্যে বলি না, রাফালে নিয়ে মোদিকে

মোদির রাফালে বিমান চুক্তি নিয়ে একের পর এক অভিযোগের বাণে বিদ্ধ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রিলায়েন্সের মত অনভিজ্ঞ সংস্থাকে বিমানের বরাত দেওয়ার পিছনে কোটি কোটি টাকা দুর্নীতি লুকিয়ে রয়েছে। এমনকী এই বিমান তৈরির বরাত পাওয়ার জন্যই নাকি দাসঁর মত সংস্থা অনিল আম্বানির রিলায়েন্সের সঙ্গে পার্টনারশিপে গিয়েছে বলেও অভিযোগ করেছিলেন রাহুল।

মঙ্গলবার কংগ্রেস সভাপতির যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে দাসোঁর সিইও এরিক ট্র্যাপিয়ার জানিয়েছেন, ‘‌রিলায়েন্সের সঙ্গে তাঁদের সম্পর্ক আজকের নয়, বহুকালের।তাঁরাই এই কাজের জন্য রিলায়েন্সকে বেছে নিয়েছেন। অন্যান্য সংস্থার সঙ্গে দাসোঁর যেমন পার্টনারশিপ রয়েছে অনিল আম্বানির রিলায়েন্সের সঙ্গেও সেরকমই বহুকাল ধরেই পার্টনারশিপে কাজ করছে দাসঁ। রাফালে বিমানের বরাত পাওয়ার জন্য রিলায়েন্সের সঙ্গে যুক্ত হওয়ার অভিযোগ একেবারেই মিথ্যে। এবং আমি মিথ্যে বলি না।’‌#

পার্সটুডে/বাবুল আখতার/১৩