নভেম্বর ১৬, ২০১৮ ১২:৪৯ Asia/Dhaka
  • জরিপে আ.লীগের বিজয় দেখছেন কাদের: নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে না - কবিতা

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৬ নভেম্বর শুক্রাবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশে:

  • জরিপে আ.লীগের বিজয় দেখছেন কাদের-দৈনিক প্রথম আলো
  • বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ১৮ নভেম্বর-দৈনিক কালেরকণ্ঠ
  • যুক্তফ্রন্ট আওয়ামী লীগের সঙ্গে জোটে আসবে : কাদের-দৈনিক ইত্তেফাক
  • নির্বাচন বানচালে নয়াপল্টনে বিএনপির আগুন সন্ত্রাস: আইনমন্ত্রী: -দৈনিক যুগান্তর
  • ‘ইসি ভবন আওয়ামী লীগের অফিসে পরিণত হয়েছে-দৈনিক মানবজমিন
  • নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে না : কবিতা খানম-দৈনিক নয়াদিগন্ত

ভারতের খবর:

  • অন্ধ্রে ঢুকতে পারবে না সিবিআই, বিজ্ঞপ্তি জারি চন্দ্রবাবুর, সমর্থন করলেন মমতা-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • ব্রিগেডের সমাবেশই হবে টার্নিং পয়েন্ট:‌ মুখ্যমন্ত্রী-দৈনিক আজকাল
  • ইসলামপুর বদলে হল ‘ঈশ্বরপুর’, VHP পরিচালিত স্কুলের অনুমোদন বাতিল! দৈনিক সংবাদ  প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

জরিপে আ.লীগের বিজয় দেখছেন কাদের-দৈনিক প্রথম আলো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অতি সম্প্রতি করা আসনওয়ারী জরিপের ফলাফলে আওয়ামী লীগই এগিয়ে আছে। ছয় মাস আগেও যেসব আসনে আওয়ামী লীগ কিছুটা পিছিয়ে ছিল, সেগুলোতে এখন ভালো অবস্থানে এসেছে। কাদের আশা করছেন, বিজয়ের মাস ডিসেম্বরে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগেরই বিজয় হবে। আজ শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব মন্তব্য করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের 

ওবায়দুল কাদের বলেন, কয়েক দিন আগে করা ওই জরিপে কেবল আওয়ামী লীগের অবস্থানই দেখা হয়নি, যারা বিরোধী পক্ষ, প্রতিদ্বন্দ্বী পক্ষ আছে, তাদের অবস্থানও দেখা হয়েছে। এতে আওয়ামী লীগ তার প্রতিপক্ষ থেকে এগিয়ে আছে। এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি বেপরোয়া হয়ে গেছে। আসলে জনসমর্থনের যে পারদ, তাতে তাদের অবস্থান নিচের দিকে। বিএনপি হতাশা থেকে বেপরোয়া হয়ে গেছে। বেপরোয়া বক্তব্য দিচ্ছে। কারও নাম উল্লেখ না করে ওবায়দুল কাদের বলেন, যাঁরা এত দিন গণতন্ত্রের বেশে ছিলেন, তাঁরা ছদ্মবেশী। তাঁরা এত দিন মুক্তিযুদ্ধের নানা বুলি ছড়িয়েছিল। তাঁরা নির্বাচনে জেতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আঁতাত করতে থাকেন। তাঁদের সবার পরিচয় সাম্প্রদায়িক অপশক্তি। এটার বিরুদ্ধেই আওয়ামী লীগের লড়াই।

বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ১৮ নভেম্বর-দৈনিক কালেরকণ্ঠ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার সকালে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

রুহুল কবির রিজভী বলেন, প্রথম দিন রাজশাহী ও রংপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এ তথ্য জানান। রিজভী আরো বলেন, আগামী ১৮ নভেম্বর দু’টি বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। পরে ধারাবাহিকভাবে পরবর্তী দিনগুলোতে অন্য বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। প্রথম দিন রংপুর বিভাগের পঞ্চগড় জেলার মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন হবে বলে জানান তিনি।

যুক্তফ্রন্ট আওয়ামী লীগের সঙ্গে জোটে আসবে : কাদের-দৈনিক ইত্তেফাক

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিকল্পধারা বাংলাদেশের নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট আওয়ামী লীগের সঙ্গে জোটে আসবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।

ওবায়দুল কাদের আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সংসদীয় বোর্ডের সভা শেষে সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, ‘যুক্তফ্রন্ট আসবে তাতে সন্দেহ নেই। নৌকা প্রতীক আমরা ১৪ দলের মধ্যেই সীমাবদ্ধ রেখেছি। জোট হলেও অন্যরা যার যার প্রতীকে নির্বাচন করবে।’ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬৫-৭০টি আসন শরীকদের দেওয়ার লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ এগোচ্ছে জানিয়ে কাদের বলেন, ‘নির্বাচনে জয়ী হওয়ার মতো প্রার্থীরা মনোনয়ন পাবে। তাই জোটের আসন কমবেশি হতে পারে। ওবায়দুল কাদের বলেন, ‘আজ ৩৯টি দলের একটি জোট এসেছে আওয়ামী লীগের সঙ্গে মহাজোটে থাকতে, যার মধ্যে দুটি নিবন্ধিত দল আছে। আর যুক্তফ্রন্ট অবশ্যই জোটে থাকবে।’

নির্বাচন বানচালে নয়াপল্টনে বিএনপির আগুন সন্ত্রাস: আইনমন্ত্রী: -দৈনিক যুগান্তর

নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষকে দলটির নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, নির্বাচন বানচাল করার জন্যই রাজধানীর নয়াপল্টনে বিএনপি আগুন সন্ত্রাস করেছে।

শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সড়ক বাজার এলাকায় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী আনিসুল হক

আইনমন্ত্রী বলেন, নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানো বিএনপির অভ্যাস। হেলমেট পরা বিএনপির সন্ত্রাসীরা পুলিশের গাড়ির ওপরে উঠে কীভাবে ধ্বংসযজ্ঞ করেছে এবং পুড়িয়েছে তা আপনারা দেখেছেন। বিএনপির এ কার্যকলাপ ২০১৪ সালের আগুন সন্ত্রাসের দৃশ্যগুলো মনে করিয়ে দেয়। তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচন বানচাল করতে বিএনপি-জামায়ত দেশব্যাপী তাণ্ডব চালিয়েছিল। তাদের আগুন সন্ত্রাসে হাজার হাজার মানুষ আজ ভুক্তভোগী।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জামান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা। পরে তিনি কসবা উপজেলায় নিজ বাড়ির উদ্দেশে আখাউড়া ত্যাগ করেন।

ইসি ভবন আওয়ামী লীগের অফিসে পরিণত হয়েছে-দৈনিক মানবজমিন

নির্বাচন কমিশন ভবনে সরকারী দলের লোকজনদের অবাধ বিচরণ ঘটছে এমন অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন ভবনটি আজ আওয়ামী লীগের অফিসে পরিণত হয়েছে। আওয়ামী লীগের নির্দেশেই পরিচালিত হচ্ছে নির্বাচন কমিশনের কিছু কর্মকর্তা। আজ শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী 

রিজভী বলেন, বিগত ৫ জানুয়ারির মতো আরেকটি একতরফা ও প্রহসনমূলক নির্বাচন আয়োজনের দিকে যাচ্ছে আজ্ঞাবহ নির্বাচন কমিশন। নির্বাচনে সরকারী দলকে বিশেষ সুবিধা দিচ্ছে বর্তমান কমিশন। সরকার প্রতিনিয়ত আচরণবিধি ভঙ্গ করলেও কোনো ধরণের ব্যবস্থা নেয়া হচ্ছে না। বিরোধী দলকে যেখানে নির্বাচন কমিশন আইন অনুযায়ী প্রাপ্য কোনো ধরণের সুযোগ-সুবিধা দিচ্ছে না, সেখানে সরকারী দলকে নানা ধরণের তথ্য দিয়ে সুবিধা দেয়া হচ্ছে।

নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে না : কবিতা খানম-দৈনিক নয়াদিগন্ত

হানড্রেড পারসেন্ট (শতভাগ) সুষ্ঠু নির্বাচন হবে—এটা পৃথিবীর কোনো দেশেই হয় নাই, আমাদের দেশেও হবে না’ বলে মন্তব্য করলেন নির্বাচন কমিশনার কবিতা খানম। তিনি বলেছেন, সুতরাং আমরা বলতে চাই, একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে, যেটা প্রশ্নের ঊর্ধ্বে থাকবে।

আজ শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন কমিশনার।

নির্বাচন কমিশনার কবিতা খানম

তিনি বলেন, দেশে নির্বাচনী হাওয়া বইছে। এই হাওয়া যেন কোনোভাবেই বৈরী না হয়, এই নির্দেশনা কমিশন থেকে থাকবে। আপনাদের সেটা প্রতিপালন করতে হবে।

কমিশন চায় না নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক উল্লেখ করে কবিতা খানম বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে তুলে আনা অনেক কঠিন কাজ। সবার সাথে সদাচারণ করে, সৎ ব্যবহার করে নির্বাচন সুষ্ঠু করতে হবে। নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব শুধু নির্বাচন কমিশনের নয়, এটা সবার দায়িত্ব। এজন্য সবার সহযোগিতাও প্রত্যাশা করেন কবিতা খানম।

সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘৩০ ডিসেম্বর নির্বাচন হবে, এটা ফিক্সড। এই নির্বাচন হবে সব দলের অংশগ্রহণে। তাই নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক।

এবার ভারতে বিস্তারিত খবর তুলে ধরছি

অন্ধ্রে ঢুকতে পারবে না সিবিআই, বিজ্ঞপ্তি জারি চন্দ্রবাবুর, সমর্থন করলেন মমতা -দৈনিক আনন্দবাজার পত্রিকা

কেন্দ্র তথা এনডিএ-র সঙ্গে সংঘাত আরও উচ্চগ্রামে নিয়ে গেলেন চন্দ্রবাবু নায়ডু। এবার তাঁর রাজ্যে সিবিআইয়ের প্রবেশ কার্যত ‘নিষিদ্ধ’ করে দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। আর চন্দ্রবাবীর পাশে দাঁড়িয়ে জানিয়ে কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘সঠিক সিদ্ধান্ত নিয়েছেন চন্দ্রবাবু। আমিও সিবিআই-কে ঢুকতে দেব না।’’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু

অন্ধ্র সরকার বিজ্ঞপ্তি জারি করেছে, এবার থেকে কোনও মামলায় তদন্ত, তল্লাশি, গ্রেফতার, জিজ্ঞাসাবাদ বা অন্য যে কোনও সরকারি কাজে গেলে তাদের অনুমতি নিতে হবে। সরকার অনুমতি দিলে তবেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা অন্ধ্রপ্রদেশে ঢুকতে পারবেন। চন্দ্রবাবু যখন হায়দরাবাদে বিজ্ঞপ্তি জারি করে সিবিআই-এর এক্তিয়ারে বেড়ি পরিয়ে দিয়েছেন, তখনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে কলকাতায় তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে তৃণমূলের জেনারেল কাউন্সিল মিটিং-এ মমতার তোপ, ‘‘গান গেয়ে টাকা চাইলেও ওরা বলবে চোর।’’ বিজেপিকে নিশানা করে তৃণমূল নেত্রী বলেন, সিবিআই, আরবিআই-এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে।

ব্রিগেডের সমাবেশই হবে টার্নিং পয়েন্ট:‌ মুখ্যমন্ত্রী-দৈনিক আজকাল

২০১৯ সালের লোকসভা নির্বাচন নিয়ে দলকে ঢেলে সাজালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে লোকসভার রণনীতি তৈরির দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন খোদ তৃণমূল নেত্রী। তাই সেখানে হল তৃণমূলের বর্ধিত কমিটির বৈঠক। অসমের পাশে থাকার বার্তা দিয়ে বিজেপিকে রুখতে দেশের বিভিন্ন রাজ্যে প্রার্থী দেওয়ার কথা জানালেন তিনি।

Image Caption

ত্রিপুরা, অসম, মণিপুর, অরুণাচল, বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, ওড়িশা এবং ঝাড়খণ্ডে প্রার্থী দেবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তাই তিনি বলেন, ‘‌১৯ জানুয়ারি ব্রিগেড সমাবেশ। সেখানে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও শীর্ষ নেতারা আসবেন। তার জন্য বুথে বুথে সভা করতে হবে। একটাই পোস্টার হবে। দল যেটা বানিয়ে দেবে। আর এই ব্রিগেড সমাবেশই হবে টার্নিং পয়েন্ট।’‌ সেখান থেকেই যে বিজেপির বিদায় ঘন্টা বাজিয়ে দেওয়া হবে সে বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

ইসলামপুর বদলে হল ‘ঈশ্বরপুর’, VHP পরিচালিত স্কুলের অনুমোদন বাতিল! দৈনিক সংবাদ  প্রতিদিন

ইসলামপুরের নাম বদলে স্কুলের সাইনবোর্ডে কেন লেখা হয়েছে ‘ঈশ্বরপুর’? সরস্বতী শিশুমন্দির ও বিদ্যামন্দির কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য শিক্ষা দপ্তর৷ সূত্রের খবর, স্কুলের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সাইনবোর্ডে এলাকার নাম পরিবর্তন করার সাহস দেখানোয় ‘বাতিল' বিশ্ব হিন্দু পরিষদের পরিচালনায় থাকা স্কুলের রাজ্য সরকারের দেওয়া অনুমোদন৷ তবে, স্কুলের অনুমোদন বাতিল হলেও পড়ুয়াদের যাতে কোনও সমস্যা না হয়, সেবিষয়ে জেলা প্রশাসনের তরফেও বিকল্প ব্যবস্থা নেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে বলে খবর৷ 

স্কুলের সাইনবোর্ডে ইসলামপুরের নাম বদলে ‘ঈশ্বরপুর' লেখার ঘটনায় বেশ কিছুদিন ধরেই বিতর্কের ঝড় ওঠে রাজ্য-রাজনীতির ময়দানে৷ বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয় বলে জেলা প্রশাসন সূত্রে খবর৷ বিতর্কের আগুনে জল ঢালতে মাঠে নামেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ নাম না করে বেসরকারি স্কুলগুলির প্রশাসনিক ছাড়পত্র নিয়ে কড়া অবস্থান নেওয়ার বার্তা দেন শিক্ষামন্ত্রী৷ জানিয়ে দেন, স্কুলশিক্ষা দপ্তর এই বিষয়ে কড়া আইন তৈরি করছে৷ ইসলামপুরে সরস্বতী শিশুমন্দির ও বিদ্যামন্দির নিয়ে কোনও শব্দ ব্যবহার না করলেও বেসরকারি স্কুলের কোনওরকম অনিয়ম দেখা দিলে অনুমোদন বাতিল হবে বলে ইঙ্গিত দেন শিক্ষামন্ত্রী৷#

পার্সটুডে/বাবুল আখতার/১৬