নভেম্বর ১৮, ২০১৮ ১৫:১০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৮ নভেম্বর রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • তারেকের কার্যক্রম খতিয়ে দেখতে ইসিকে কাদেরের অনুরোধ-দৈনিক প্রথম আলো
  • পুলিশের গাড়িতে আগুন: তিন মামলায় আব্বাসের আগাম জামিন -দৈনিক ইত্তেফাক
  • আইনে থাকলে তারেক রহমানের বিরুদ্ধে ব্যবস্থা : ইসি-দৈনিক নয়া দিগন্ত
  • নির্বাচনী ব্যয়ে কালো টাকার বিস্তার-দৈনিক যুগান্তর
  • মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারে তারেক রহমান, বিএনপির প্রার্থী চূড়ান্ত হবে ৮ই ডিসেম্বর -দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:

  • অমৃতসরে ধর্মীয় অনুষ্ঠানে গুলি-গ্রেনেড, নিহত অন্তত তিন, আহত ১২-দৈনিক আনন্দবাজার
  • দ্বিতীয় দফার ভোটের আগে ফের মাও নাশকতা ছত্তিশগড়ে, বিস্ফোরণে মৃত ৫-দৈনিক সংবাদ প্রতিদিন
  • ফের গ্রেপ্তার ভারভারা রাও-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

রাজনীতি বিষয়ক দৈনিক মানবজজমিন ও ইত্তেফাকের প্রধান খবরের শিরোনাম-

মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারে তারেক রহমান, বিএনপির প্রার্থী চূড়ান্ত হবে ৮ই ডিসেম্বর 

তারেক জিয়া

খবরে লেখা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়েছে আজ থেকে। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রার্থীদের কাছে প্রশ্ন করছেন এবং তথ্য জানতে চাচ্ছেন। দিক নির্দেশনাও দিচ্ছেন। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের নির্বাচন কমিশনে নমিনেশন জমা দেয়ার নির্দেশনা দিয়েছে দলের মনোনয়ন বোর্ডের সিনিয়র নেতারা। একইসঙ্গে জানানো হয়েছে, আগামী ৮ই ডিসেম্বর দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে।

এদিকে দৈনিক প্রথম আলোর রাজনীতি বিষয়ক একটি খবরের শিরোনাম এরকম- তারেকের কার্যক্রম খতিয়ে দেখতে ইসিকে কাদেরের অনুরোধ

বাংলাদেশের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

খবরে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারেন কি না, তা খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি অনুরোধ জানিয়েছে আওয়ামী লীগ। আজ রোববার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, তারেক রহমান একজন দণ্ডিত অপরাধী। তিনি একটি দেশে রাজনৈতিক আশ্রয় নিয়ে আছেন। তারেকের নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়া কতটা সংগতিপূর্ণ তা আপনারা খতিয়ে দেখবেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের-আজ সচিবালয়ে সাংবাদিকদের বলেন, তাদের মনোনয়ন নিয়ে সব কিছুই ঠিক, এখন শুধু ফিনিশিং টাচটা বাকি আছে। আশা করছি, ৪-৫ দিনের মধ্যেই তালিকা দিতে পারব।

আইনে থাকলে তারেক রহমানের বিরুদ্ধে ব্যবস্থা : ইসি-দৈনিক নয়া দিগন্ত

তারেক রহমান ও রফিকুল ইসলাম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনার মোঃ রফিকুল ইসলাম বলেছেন, আইনে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা বলেছেন, আমরা শুনেছি। আমাদের কাছে এখন পর্যন্ত এ ধরনের কোনো কিছু মনিটরিংয়ে নিজস্ব ক্যাপাসিটি নাই। যদি কেউ তথ্য-প্রমাণসহ আমাদের কাছে এ বিষয়ে অভিযোগ করেন তাহলে আমরা আইনের মধ্যে যদি কিছু থাকে, তাহলে ব্যবস্থা নেয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষকে বলব। রোববার রাজধানীর নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন।

নির্বাচনী ব্যয়ে কালো টাকার বিস্তার-দৈনিক যুগান্তর

নির্বাচনে কালো টাকার ব্যবহার (প্রতীকী ছবি)

দেশের জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থীর ক্ষেত্রে যে ব্যয়সীমা দেয়া আছে, ইউনিয়ন পরিষদের একজন সদস্যও তারচেয়ে বেশি অর্থ ব্যয় করেন। নিয়ম অনুসারে একজন প্রার্থী ভোটার প্রতি সর্বোচ্চ ৮ টাকা ব্যয় করতে পারেন।

কিন্তু কোনো কোনো এলাকায় ৫ হাজার টাকা পর্যন্ত ব্যয় হচ্ছে। ফলে নির্বাচনে ব্যয় সীমা একটি হাস্যকর বিষয়। কোনো প্রার্থীই এটি মানছেন না। তবে কাগজে-কলমে প্রার্থীরা সীমার মধ্যেই ব্যয় দেখাচ্ছেন। বাকি অংশ অপ্রাতিষ্ঠানিক ব্যয় বা কালো টাকা। অর্থনীতির আকারের সঙ্গে পাল্লা দিয়ে ক্রমেই নির্বাচনে কালো টাকার বিস্তার বাড়ছে।

নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা আগে থেকেই টাকা সংগ্রহ শুরু করেন। যার বেশিরভাগই কালো টাকা। এভাবে নির্বাচনকে কেন্দ্র করে কালো টাকার বিস্তার ঘটছে।

দেশের নির্বাচনে কী পরিমাণ ব্যয় হয়, সে ব্যাপারে সরকারি কোনো গবেষণা নেই। তবে বিভিন্ন বেসরকারি সংস্থার গবেষণা বলছে, নির্বাচনী অর্থনীতির আকার ১২ হাজার কোটি টাকার বেশি। প্রতি নির্বাচনেই এ হার ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

ছত্রিসগড়ে আবারও হামলা-নিহত ৫

দ্বিতীয় দফার ভোটের আগে ফের মাও নাশকতা ছত্তিশগড়ে, বিস্ফোরণে মৃত ৫-দৈনিক সংবাদ প্রতিদিন

বিধানসভা ভোট শুরু হতেই মাও আতঙ্ক ফিরল ছত্তিশগড়ে৷ প্রথম দফার মতো দ্বিতীয় দফার ভোটের আগেও ফের দান্তেওয়াড়ায় আইইডি বিস্ফোরণ ঘটাল মাওবাদীরা৷ এখনও পর্যন্ত একজন সিআইএসএফ জওয়ান ও চারজন নিরীহ মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা৷

বিধানসভা ভোট শুরু হয়েছে ছত্তিশগড়ে ৷নিরাপত্তা ব্যবস্থায়ও কোনও কমতি রাখেনি প্রশাসন৷কিন্তু, ঘটনা হল, ভোটের মৌসুমে ছত্তিশগড়ে একের এক বিস্ফোরণ ঘটিয়ে চলেছে মাওবাদীরা৷ গত সোমবার, প্রথম দফার ভোটের দিন, সকালে দান্তেওয়াড়ার আইইডি বিস্ফোরণ ঘটেছিল৷ দ্বিতীয় দফায় ভোটের আগে ফের মাও নাশকতা সেই দান্তেওয়াড়াতেই৷ রীতিমতো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা৷ আগামী মঙ্গলবার দ্বিতীয় দফার বিধানসভা ভোট ছত্তিশগড়ে৷

অমৃতসরে ধর্মীয় অনুষ্ঠানে গুলি-গ্রেনেড, হত অন্তত তিন, জখম বহু-দৈনিক আনন্দবাজার

অমৃতসরের আদিলওয়াল গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান চলার সময় বাইকে করে এসে জনতার উপর গুলিবৃষ্টি চালায় অজ্ঞাতপরিচয় আততায়ীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।  গ্রামের গুরুদ্বারে নিরাঙ্কারি সম্প্রদায়ের একটি অনুষ্ঠান চলার সময়ই হামলার ঘটনাটি ঘটে।

দুপুর বারোটার সময় এই হামলা চালানো হয়। জনতার ওপর বুলেট বৃষ্টির পাশাপাশি ছোঁড়া হয় গ্রেনেডও। দু’টি বাইকে করে এসে মুখোশধারী আততায়ীরা এই হামলা চালায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। 

ফের গ্রেপ্তার ভারভারা রাও-দৈনিক আজকাল

গৃহবন্দি থাকার মেয়াদ ফুরোতেই শনিবার ফের সমাজকর্মী ভারভারা রাওকে পুনে পুলিস হেফাজতে নেয়া হলো। রোববার সকালেই পুনে পুলিসের এসিপি শিবাজি পাওয়ারের নেতৃত্বে পুলিসবাহিনী ভারভারাকে তাঁর সেকেন্দরাবাদের জওহরনগরের বাড়ি থেকে পুনেয় নিয়ে যায়। শনিবার সকালে ভারভারার গৃহবন্দি থাকার মেয়াদ শেষ হয়েছিল। এলগার পরিষদ মামলায় তাঁর যোগাযোগ নিয়েই ভারভারাকে নিজেদের হেপাজতে নিয়েছে পুলিস। মাওবাদীদের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে গত ২৮ আগস্ট ভারভারা রাও, গৌতম নওলাখা, অরুণ ফেরেরা, ভার্নন গঞ্জালেস এবং সুধা ভরদ্বাজকে গ্রেপ্তার করেছিল পুলিস।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৮