নভেম্বর ২০, ২০১৮ ১৫:৩৭ Asia/Dhaka
  • পুলিশ হেড কোয়ার্টারে বসে কারচুপির ষড়যন্ত্র করছে’ ফখরুলের অভিযোগ

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২০ নভেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশে:

  • ইসি সচিবের শাস্তি চেয়ে তাঁর হাতেই বিএনপির চিঠি-দৈনিক প্রথম আলো
  • বদিকে মনোনয়ন দেওয়া হয়নি : ওবায়দুল কাদের-দৈনিক কালেরকণ্ঠ
  • গুলশান অফিসে ইন্টারনেট বিচ্ছিন্ন, বিএনপির সাক্ষাৎকার বিঘ্নিত-দৈনিক ইত্তেফাক
  • স্কাইপ বন্ধ: অন্য অ্যাপে যুক্ত হয়েছেন তারেক রহমান: -দৈনিক যুগান্তর
  • পুলিশ হেড কোয়ার্টারে বসে কারচুপির ষড়যন্ত্র করছে’ ফখরুলের অভিযোগ দৈনিক মানবজমিন
  • আমি এখনো মুক্ত নই : এরশাদ-দৈনিক নয়াদিগন্ত

ভারতের খবর:

  • আগামী নির্বাচনে লড়বেন না, জানিয়ে দিলেন সুষমা স্বরাজ-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • ত্রিপুরা ভেঙেছে, তামিলনাড়ুতে বসছে দেশের উচ্চতম লেনিনের মূর্তি-দৈনিক আজকাল
  • রাজ্যে এখন সবাই খেতে পায়, শবর মৃত্যুতে অনাহারের তত্ত্ব খারিজ মুখ্যমন্ত্রীর-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

ইসি সচিবের শাস্তি চেয়ে তাঁর হাতেই বিএনপির চিঠি-দৈনিক প্রথম আলো

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ, এক যুগ্ম সচিব, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার ও পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। দলটি বলেছে, অন্যথায় তারা এসব কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। আজ মঙ্গলবার দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদের কাছে এই দাবি-সংবলিত একটি চিঠি জমা দেয়।

চিঠিতে সই করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চিঠিতে বলা হয়েছে, ইসি আচরণবিধি মানার নামে একটি চিঠি দিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বিঘ্ন সৃষ্টি এবং নিরপরাধ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরে ইন্ধন জুগিয়েছে। চিঠি দেওয়ার সময় মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের বলেন, রেফারির যা করার কথা, সরকারের পক্ষ নিয়ে তা করছেন খেলোয়াড়েরা। ইসি নিজেদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে।

বদিকে মনোনয়ন দেওয়া হয়নি : ওবায়দুল কাদের-দৈনিক কালেরকণ্ঠ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবদুর রহমান বদি মনোনয়ন পাচ্ছেন না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যে দুইজন সাংসদকে নিয়ে বিতর্ক আছে, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আবদুর রহমান বদি ও  টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আমানুর রহমান খান রানা- তাদের মনোনয়ন দেওয়া হয়নি। দেখুন একটা সত্যি কথা বলছি। জরিপে টাঙ্গাইলে রানা ও টেকনাফে বদি অনেক এগিয়ে তারপরও তাদের বাদ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী বলেন, কক্সবাজারে বদিকে বাদ দিয়ে তার স্ত্রী শাহীনা আক্তার চৌধুরীকে এবং টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে রানার বাবা আতাউর রহমান খানকে মনোনয়ন দেওয়া হয়েছে। ঘরের সব কী অপরাধী? আপনি অপরাধী হলে আপনার মা-বাবাকে তার ভাগীদার? পরিবারের সবাই কী খারাপ লোক? বদির সম্পর্কে যে বিতর্ক আছে সে কী প্রমাণিত? আপনারা কেউ কী সেটা প্রমাণ করতে পেরেছেন?

তিনি আরো বলেন, সময়টা খুব সংবেদনশীল। রাজনৈতিক বিষয়ে আপনাদের সাথে আমার ভিন্নমত থাকতে পারে। কিন্তু তাই বলে কারও বক্তব্য ভিন্নভাবে প্রকাশ করবেন না। বক্তব্য বিকৃত করবেন না।

গুলশান অফিসে ইন্টারনেট বিচ্ছিন্ন, বিএনপির সাক্ষাৎকার বিঘ্নিত-দৈনিক ইত্তেফাক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার তৃতীয় দিনের মতো আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে শুরু হয়েছে। তবে গুলশান কার্যালয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার ফলে সাক্ষাৎকার গ্রহণে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়ছেন বিএনপি নেতারা। এ জন্য তারা সরকারের নিন্দা জানিয়েছেন। গত রবিবার শুরু থেকেই লন্ডনে বসে স্কাইপের মাধ্যমে ভিডিও কনফারেন্সে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ ইন্টারনেট সংযোগ না থাকায় তা সম্ভব হচ্ছে না।

আজ সকালে চট্টগ্রাম বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে। দুপুর আড়াইটার পর কুমিল্লা ও সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার হবে। সাক্ষাৎকার গ্রহণে উপস্থিত আছেন দলের পার্লামেন্টারি বোর্ড। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাই এ বোর্ডের সদস্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে বন্দি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে অবস্থান করায় বোর্ডের সভাপতিত্ব করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিগত নির্বাচনগুলোতে বিএনপি চেয়ারপারসন পার্লামেন্টারি বোর্ডে সভাপতিত্ব করলেও এবারই প্রথম পার্লামেন্টারি বোর্ডে সভাপতিত্ব করছেন ফখরুল।

স্কাইপ বন্ধ: অন্য অ্যাপে যুক্ত হয়েছেন তারেক রহমান: -দৈনিক যুগান্তর

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের তৃতীয় দিনের সাক্ষাৎকার চলছে। দলীয় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার সকাল ৯টার কিছু সময় পর এ সাক্ষাৎকার শুরু হয়।স্কাইপ বন্ধ থাকায় প্রথমে দলীয় মনোনয়প্রত্যাশীদের সঙ্গে যুক্ত হতে পারেননি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুরুর দিকের সাক্ষাৎকারদাতারা দলের দ্বিতীয় এ শীর্ষ নেতার সঙ্গে কথা বলতে পারেননি।

তবে কিছু সময় পর অন্য অ্যাপের ভিডিও কলের মাধ্যমে তারেক রহমান এ সাক্ষাৎকারে যুক্ত হন। সাক্ষাৎকার দিয়ে আসা একাধিক মনোনয়নপ্রত্যাশী যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের মনোনয়ন বোর্ডের সদস্যরা যথারীতি সাক্ষাৎকার গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত আছেন।

সকাল ৯টার কিছু সময় পর সাক্ষাৎকার শুরু হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি যুগান্তরকে বলেন, ফেনী-১ আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের মধ্য দিয়ে চট্টগ্রাম বিভাগের সাক্ষাৎকার শুরু হয়েছে। বিকালে হবে সিলেট ও কুমিল্লা বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার। শামসুদ্দিন দিদার জানান, গতকাল বিকাল থেকেই গুলশান কার্যালয়ে ইন্টারনেট সংযোগ নেই। তাই সকালে স্কাইপে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার পর্বে যুক্ত হতে পারেননি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

একাধিক মামলায় দণ্ডিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে স্কাইপে এ সাক্ষাৎকার প্রক্রিয়ায় যোগ দেয়ায় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছিল আওয়ামী লীগ। কিন্তু নির্বাচন কমিশন এ বিষয়ে কিছু করতে অপারগতা প্রকাশ করলে সোমবার রাতে বাংলাদেশে স্কাইপ বন্ধ করে দেয়া হয়।

মঙ্গলবার সকালে সাক্ষাৎকার শুরুর আগে বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী গণমাধ্যমকে বলেন, স্কাইপ বন্ধ। তবে অন্য অ্যাপের মাধ্যমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই সাক্ষাৎকার থাকার চেষ্টা করবেন।

পুলিশ হেড কোয়ার্টারে বসে কারচুপির ষড়যন্ত্র করছেদৈনিক মানবজমিন

পুলিশ হেডকোয়ার্টারে বসে আসন্ন নির্বাচনে কারচুপির ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার বিকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, এর আগে আমরা সিটি করপোরেশন নির্বাচনে দেখেছি পুলিশকে ব্যবহার করে নির্বাচনে কারচুপির করা হয়েছে।

এবার জাতীয় নির্বাচনেও সেই রকম পরিকল্পনা করা হচ্ছে। পুলিশ হেড কোয়ার্টারে বসে এই পরিকল্পনা করা হচ্ছে। আমরা দাবি জানিয়েছিলাম বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের বদলি করতে হবে। অথবা তাদের ক্লোজ করতে হবে। কিন্তু তা করেনি। এমনকি হেড কোয়ার্টারে বসে যারা নির্বাচনে কারসাজি করার পরিকল্পনা করছে তাদের প্রত্যাহার করা হয়নি।

আমি এখনো মুক্ত নই : এরশাদ-দৈনিক নয়াদিগন্ত

এই পার্টির জন্য আমার চেয়ে বেশি দুঃখ-কষ্ট কেউ সহ্য করে নাই। এখনো মামলা আছে আমার, একটা দিনও মুক্ত মানুষ ছিলাম না। এখনো নই।’ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই নির্বাচন করার ঘোষণা দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘জাতীয় পার্টি জেগে উঠেছে।

প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, ‘এবার জাতীয় পার্টির ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক মনোনয়ন বিক্রি হয়েছে। এটা আমার পার্টির জন্য, আমাদের সকলের জন্য সুখবর।

এইচ এম এরশাদ বলেন, ‘সবাইকে পার্টির স্বার্থে কাজ করতে হবে। ত্যাগ স্বীকারের মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে সবাইকে। জাতীয় পার্টি আবার জেগে উঠেছে। দলের স্বার্থে তিনি যাকে মনোনয়ন দেবেন, সে-ই মনোনয়ন পাবেন। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমি তিনশ আসনে প্রার্থীদের যাচাই-বাছাই করেছি। এখানে আর কারো কোনো দায়িত্ব নেই। অন্যদের জবাবদিহি করতে হবে না। আমি দেখতে চাই, তিনশ আসনে জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন।

এ সময় দশম জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেন, ‘তরুণরাই পার্টিকে এগিয়ে নেবে।’ এদিকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, পরিকল্পনা অনুযায়ী সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

এবার ভারতে বিস্তারিত খবর তুলে ধরছি

আগামী নির্বাচনে লড়বেন না, জানিয়ে দিলেন সুষমা স্বরাজ-দৈনিক আনন্দবাজার পত্রিকা

আগামী লোকসভা নির্বাচনে লড়বেন না। জানিয়ে দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। স্বাস্থ্যজনিত সমস্যার জন্যই এমন সিদ্ধান্ত তাঁর। বিজেপি সভাপতি অমিত শাহকে ইতিমধ্যে তা জানিয়েও দিয়েছেন বলে খবর। যদিও দলের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

চলতি মাসের শেষে মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। সেখানকার বিদিশার সাংসদ সুষমা। দলের হয়ে প্রচার চালাতে এই মুহূর্তে সেখানেই রয়েছেন তিনি। মঙ্গলবার ইনদওরে সাংবাদিকদের মুখোমুখি হন। বলেন, ‘‘যদিও পার্টি-ই সবকিছু ঠিক করে। তবে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আগামী নির্বাচনে আর লড়ব না।’’

বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ

২০১৬ সালে কিডনি প্রতিস্থাপনের পর থেকে লাগাতার শারীরিক অসুস্থতায় ভুগছেন সুষমা স্বরাজ। যে কারণে গত কয়েকমাসে বেশ কয়েকবার হাসপাতালেও যেতে হয়েছে তাঁকে। কিন্তু এই সরে যাওয়া কি শুধুমাত্র স্বাস্থ্যজনিত কারণে? নাকি দলের অন্দরে গুরুত্ব কমে যাওয়াই মূল কারণ? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

ত্রিপুরা ভেঙেছে, তামিলনাড়ুতে বসছে দেশের উচ্চতম লেনিনের মূর্তি-দৈনিক আজকাল

নভেম্বর মাস কমিউনিস্টদের কাছে বিপ্লবের মাস। সেই বিপ্লবকে স্মরণ করেই নতুন করে জেগে উঠছেন কমিউনিস্ট রাজনীতির জনক ভ্লাদিমির লেনিন। ত্রিপুরায় বাম শাসনের অবসানের সঙ্গে সঙ্গে বিজেপি গুঁড়িয়ে দিয়েছিল তাঁর মূর্তি। তাঁর মূর্তি ভাঙা দিয়েই নতুন এক রাজনীতির সূচনা হয়েছিল। যার নাম দেওয়া হয় মূর্তি রাজনীতি। তারপর থেকে দেশের একাধিক স্থানে একাধিক রাজনীতিকের মূর্তি ভাঙা হয়েছে। তারপরেই আবার মূর্তি গড়ার রাজনীতি শুরু করেছে বিজেপি। সর্দার প্যাটেলের মূর্তি উন্মোচনের পর রামের মূর্তি গড়ার কথা ঘোষণা করেছেন অতি বড় গৈরিক রাজনীতিক যোগী আদিত্যনাথ।

সেই রাজনীতিতে গা ভাসিয়েছেন দেশের বামপন্থীরাও। নতুন করে জেগে উঠছেন ভ্লাদিমির লেনিন। তাও আবার বিজেপির শরিক এডিএমকে শাসিত রাজ্য তামিলনাড়ুতে। দেশের উচ্চতম লেনিনের মূর্তি বসবে সেখানে। ২১ জানুয়ারি তিরুনেলভেলি জেলায় সিপিএম কর্যালয়ে বসবে কমিউনিস্ট নেতার ১২ উঁচু মূর্তি। সেদিনই ৯৫ তম মৃত্যু বার্ষিকী লেনিনের।

রাজ্যে এখন সবাই খেতে পায়, শবর মৃত্যুতে অনাহারের তত্ত্ব খারিজ মুখ্যমন্ত্রীর

জঙ্গলমহলে শবরদের মৃত্যু নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। অনাহারে মৃত্যুর তত্ত্ব খারিজ করে দিয়ে বিধানসভায় মমতা বলেন, ‘জঙ্গলমহলে অনাহারে মৃত্যু হয়নি কারও।এখন এরাজ্যে সবাই খেতে পান।শবরদের মৃত্যু দুর্ভাগ্যজনক।সাতজনের মধ্যে দু’জন মারা গিয়েছেন বয়সজনিত কারণে। আর বাকিদের মৃত্যু হয়েছে অতিরিক্ত মদ্যপানে। নেশা ছাড়ানোর জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা করার চিন্তাভাবনা করছে সরকার’  এদিকে শবর মৃত্যু নিয়ে আলোচনা চেয়ে বিধানসভা নোটিস দিয়েছিলেন বিরোধীরা। কিন্তু মুখ্যমন্ত্রীর বিবৃতির পর আর আলোচনার প্রয়োজন নেই বলে জানিয়ে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বিবৃতির পরই অধিবেশন থেকে একযোগে ওয়াকআউট করেন বাম ও কংগ্রেস বিধায়করা। আগামী ২২ নভেম্বর পর্যন্ত বিধানসভার শীতকালীন অধিবেশন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বিরোধীরা।

ঝাড়গ্রাম জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে লোধা-শবরদের বাস। আদিবাসী জনজাতির এই মানুষগুলিকে হতদরিদ্র বললেও কম বলা হয়। কেউ অন্যের জমিতে মজুরের কাজ করেন, কেউ আবার জঙ্গল থেকে কাঠ-পাতা কুড়িয়ে দিন গুজরান করেন। স্ত্রী-পুরুষ নির্বিশেষে শবর সম্প্রদায়ের মানুষেরা দিনরাত নেশায় বুঁদ হয়ে থাকেন।রাজ্যে পালাবদলের পর, লোধা-শবরদের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্প চালু করেছে সরকার। শুধু চাষের জমি কিংবা বাড়িই নয়, সরকারি প্রকল্পে রেশন, বাড়িতে বিদ্যুৎ সংযোগ, এমনকী, শবর সম্প্রদায়ের ছেলেমেয়েরা স্কুলে নিঃখরচায় পড়াশোনাও করতে পারে। কিন্তু, যাঁদের জন্য সুযোগ-সুবিধার বন্দোবস্ত করেছে সরকার, তাঁরাই সুবিধা নিতে আগ্রহী নন বলে জানা গিয়েছে। এদিকে চলতি মাসের তিন থেকে এগারো তারিখ পর্যন্ত লালগড়ের পূর্ণাপণি গ্রামে আবার শবর সম্প্রদায়ের চারজন মারা গিয়েছেন। এর আগেও ওই সম্প্রদায়ের আরও তিনজনের মৃত্যু হয়েছিল বলে খবর। শবর সম্প্রদায়ের সাতজনের মৃত্যু হয়েছে অনাহারে, এ অভিযোগে সরকারকে বিদ্ধ করেছে বিরোধীরা।#

পার্সটুডে/বাবুল আখতার/২০