এরইমধ্যে নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে: সিইসি
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৯ নভেম্বর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- বিএনপির নেতারা মির্জা ফখরুলের কন্ট্রোলের বাইরে: কাদের-দৈনিক প্রথম আলো
- ইতিমধ্যে নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে : সিইসি-দৈনিক ইত্তেফাক
- কোনো যুদ্ধাপরাধীকে ধানের শীষের মনোনয়ন নয়: নজরুল -দৈনিক যুগান্তর
- সিলেটজুড়ে আলোচনা-সমালোচনা-ওসিকে সঙ্গে নিয়ে এমপির মনোনয়নপত্র জমা -দৈনিক মানবজমিন
- বৈঠকের বিষয়ে কিছুই বললেন না ব্রিটিশ হাইকমিশনার -দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- আমার দেশাত্মবোধ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে’, টুইটে তোপ দাগলেন মিতালি -সংবাদ প্রতিদিন
- ঋণ মকুবের দাবি নিয়ে রাজধানীতে পথে নামলেন ১ লক্ষ কৃষক -দৈনিক আনন্দবাজার
- শান্তিপুর বিষমদ কাণ্ড: বাড়ছে মৃতের সংখ্যা -দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
ইতিমধ্যে নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে: সিইসি-দৈনিক ইত্তেফাক
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, এবার দেশে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। সেই পরিবেশ এরইমধ্যে তৈরি হয়েছে। প্রার্থীরা সুশৃঙ্খলভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কোথাও কেউ আচরণবিধি লঙ্ঘন করেননি। আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীকে প্রার্থী হিসেবেই বিবেচনা করতে হবে। মাঠপর্যায়ে আপনারা নিরপেক্ষতা বজায় রাখবেন। প্রার্থীর অভিযোগ নিরপেক্ষভাবে বিচার করবেন। তিনি বলেন, আমাদের সকলের প্রত্যাশা ছিল এবার দেশে প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। সেই পরিবেশ সৃষ্টি হয়েছে।
ওবায়দুল কাদের বলেছেন,বিএনপির নেতারা মির্জা ফখরুলের কন্ট্রোলের বাইরে।
এটি দৈনিক প্রথম আলোর খবর। বিস্তারিত খবরে লেখা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ভেতরে জগাখিচুড়ি অবস্থা বিরাজ করছে। সব নেতা এখন মির্জা ফখরুলের কন্ট্রোলের (নিয়ন্ত্রণের) বাইরে। এ ছাড়া ঐক্যফ্রন্টও এখন ঐক্যবদ্ধ নয়। আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। তিনি বলেন, নিজেদের কারণে মনোনয়ন জমা দিতে পারেননি বিএনপি নেতারা। এটা তাঁদের অভ্যন্তরীণ বিষয়। তিনি আরও বলেন, জামায়াত ছাড়া বিএনপি অচল। কাদের বলেন, বিএনপি জঙ্গিদেরও মনোনয়ন দিয়েছে।
তবে দৈনিক যুগান্তরের খবরে লেখা হয়েছে, আসন্ন নির্বাচনে কোনো যুদ্ধাপরাধীকে বিএনপি জোটের পক্ষ থেকে মনোনয়ন দেয়া হবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নজরুল ইসলাম খানের আরেকটি বক্তব্য ছাপা হয়েছে- প্রথম আলোতে। শিরোনাম এরকম- এভাবে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।
তিনি ক্ষমতাসীন দলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেছেন। একই সঙ্গে এর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় নির্বাচন কমিশনের (ইসি) সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ একের পর এক ফাউল করছে। সরকার ও ইসি নিশ্চুপ ভূমিকা পালন করছে। নির্বাচন কমিশন সরকারের সহায়ক ভূমিকা পালন করছে। এভাবে চলতে থাকলে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।’আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান এসব অভিযোগ করেন।বিএনপির জ্যেষ্ঠ নেতা নজরুল বলেন, জাতীয় ঐক্যফ্রন্টসহ ২০-দলীয় জোট জাতীয় নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই সরকারের মাথা খারাপ হয়ে গেছে।
সিলেটজুড়ে আলোচনা-সমালোচনা-ওসিকে সঙ্গে নিয়ে এমপির মনোনয়নপত্র জমা-দৈনিক মানবজমিন
সুনামগঞ্জে থানার ওসিকে সঙ্গে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে এমপির মনোনয়নপত্র জমা দেয়ার ঘটনায় চলছে সিলেটজুড়ে আলোচনা সমালোচনা। বুধবার সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন মনোনয়নপত্র জমা দেন। এ সময় দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি জামালগঞ্জ থানার ওসি আবুল হাসেম তার সঙ্গে ছিলেন। মনোনয়নপত্র জমা দেয়ার এ ছবি দলীয় নেতা-কর্মীরা তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেন। এরপরই ছবিটি ভাইরাল হয়ে যায়। শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। প্রশ্ন উঠেছে, নির্বাচন কমিশন যেখানে বলছে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে। এমপিরা নির্বাচনী প্রচারণায় কোন সরকারি সুযোগ সুবিধা নেবেন না। সেখানে একজন এমপির মনোনয়নপত্র জমা দেয়ার সময় থানার ওসিকে সঙ্গে রাখা নির্বাচণ আচরণ বিধির মধ্যে পড়ে কি?
বৈঠকের বিষয়ে কিছুই বললেন না ব্রিটিশ হাইকমিশনার-দৈনিক নয়া দিগন্ত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক। সিইসির সাথে দেখা করে বের হওয়ার সময় গণমাধ্যমকর্মীরা তার সঙ্গে কথা বলতে চাইলেও তিনি তাদেরকে উপেক্ষা করেই চলে যান। এ সময় শুধু বলেন ‘নো কমেন্টস’। আজ সকালে তিনি আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক করেন।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
শান্তিপুর বিষমদ কাণ্ড: বাড়ছে মৃতের সংখ্যা-দৈনিক আজকাল
বুধবার নদিয়ার শান্তিপুরের নৃসিংহপুর গ্রামের চৌধুরিপাড়ায় ঘটে যাওয়া বিষমদ কাণ্ডে বেড়ে চলেছে মৃতের সংখ্যা। বৃহস্পতিবার মারা গিয়েছেন আরও তিনজন। মৃতদের মধ্যে এক মহিলাও রয়েছেন বলে খবর। অর্থাৎ এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ২৪ জন। এর আগে চোলাই মদ খেয়ে মারা যান আটজন। ইতিমধ্যে ঘটনার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার বিধানসভায় এ কথা জানিয়ে অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। মৃতদের পরিবার পিছু ক্ষতিপূরণ বাবদ ২ লক্ষ করে টাকা দেওয়া হবে।’ ঘটনার জন্য শান্তিপুর সার্কেলের আবগারি আধিকারিক–সহ ১১ জনকে সাসপেন্ড করা হয়েছে।
ঋণ মওকুফেরবের দাবি নিয়ে রাজধানীতে পথে নামলেন ১ লক্ষ কৃষক-দৈনিক আনন্দবাজার
প্রতিশ্রুতি মিলেছে ভুরিভুরি। অথচ দাবিদাওয়া পূরণ হয়নি আজও। বাধ্য হয়ে রাজধানীতে দু’দিন ব্যাপী আন্দোলনে নামলেন ২০০ সংগঠনের প্রায় ১ লক্ষ কৃষক। আজ সকালে পায়ে হেঁটে প্রথমে আনন্দ বিহার রেল স্টেশনে পৌঁছন আন্দোলনকারীরা। সেখান থেকে দক্ষিণ-পূর্ব দিল্লি হয়ে রামলীলা ময়দানের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা। তাতে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে বিজবাসন এবং দ্বারকা সংলগ্ন এলাকার যান চলাচল। আপাতত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার লক্ষণ নেই। সন্ধ্যায় রামলীলা ময়দানে বিরাট সভা। আন্দোলন চলবে কালও। রামলীলা ময়দান থেকে সরাসরি সংসদভবনের উদ্দেশে রওনা দেবেন কৃষকরা। এনিয়ে গত কয়েকমাসে তৃতীয়বার কৃষক আন্দোলনের সাক্ষী হচ্ছেন দিল্লিবাসী। তবে এর আগে এত বড় আন্দোলন হয়নি।
আমার দেশাত্মবোধ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে’, টুইটে তোপ দাগলেন মিতালি-দৈনিক সংবাদ প্রতিদিন
বিশ্বকাপ-বিতর্কে মিতালি রাজের বিরুদ্ধে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ তুলেছেন কোচ রমেশ পওয়ার। এমন বিস্ফোরকের অভিযোগেরই পালটা জবাব দিলেন মিতালি। টুইট করে ক্ষোভপ্রকাশ করলেন ভারতের মহিলা ক্রিকেটার। লিখলেন, গোটা ব্যাপারটায় তাঁকে যেভাবে কলঙ্কিত করা হচ্ছে তাতে তিনি অত্যন্ত ব্যথিত। দেশের প্রতি তাঁর দায়বদ্ধতা, দেশাত্মবোধ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এই কাদা ছোঁড়াছুঁড়ি একদম ভাল লাগছে না তাঁর। তাঁর জীবনের কালোতম দিন বলে উল্লেখ করে টুইট করেছেন মিতালি। তাঁর টুইটে বিতর্কে আরও ঘি ঢালা হলো বলে মন্তব্য বিশেষজ্ঞমহলের।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৯
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন