নভেম্বর ৩০, ২০১৮ ১৩:১১ Asia/Dhaka
  • পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবর
    পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবর

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৩০ নভেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ক্ষমতার দাপট আমরা কোনো দিন দেখাইনি: কাদের-দৈনিক প্রথম আলো
  • ইইউ প্রতিনিধি দলকে বিএনপি-সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের উদ্যোগ নেয়নি নির্বাচন কমিশন-দৈনিক ইত্তেফাক
  • রূপকল্প বাস্তবায়নে রাজস্ব আহরণ কার্যকরী ভূমিকা রাখবে: প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
  • আ’লীগকে জেতাতে মাঠে নেমেছেন সুবিধাভোগী অবসরপ্রাপ্ত কর্মকর্তারা-দৈনিক যুগান্তর
  • প্রশাসনে রদবদলে আগ্রহী নয় নির্বাচন কমিশন-দৈনিক মানবজমিন
  • ধানের শীষের জোয়ার উঠেছে : মওদুদ-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • সমস্যা মেটাতে সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি কৃষকদের-দৈনিক সংবাদ প্রতিদিন-সংবাদ প্রতিদিন
  • ‘অযোধ্যা চাই না, ঋণ মকুব করা হোক’, স্লোগান দিতে দিতে সংসদ অভিযানে হাজার হাজার কৃষক-দৈনিক আনন্দবাজার
  • শান্তিপুর বিষমদ কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত গণেশ হালদার-দৈনিক আজকাল
  • জি টোয়েন্টি সম্মেলনের ফাঁকে মোদি দেখা করলেন সৌদি প্রিন্সের সঙ্গে-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

ক্ষমতার দাপট আমরা কোনো দিন দেখাইনি: কাদের-দৈনিক প্রথম আলো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতার দাপট আমরা কোনো দিন দেখাইনি। আমাদের ভুল-ক্রটি হতে পারে, এত বড় দল। আমরা ভুল হলে সংশোধন করে নিই। ভুল হলে সংশোধনের সৎ সাহস শেখ হাসিনার আছে। আজ আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের ভুল-ত্রুটি থাকতে পারে। কিন্তু আমাদের রাজনীতি বাংলাদেশের মাটি ও মানুষের রাজনীতি। তাই ক্ষমতায় না থাকলেও পালিয়ে যাব না।

ইইউ প্রতিনিধি দলকে বিএনপি-সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের উদ্যোগ নেয়নি নির্বাচন কমিশন-দৈনিক ইত্তেফাক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতাদের সাথে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে বৈঠকে করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। এতে নির্বাচনের আগে দেশের রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ নির্বাচনী পরিবেশের বিষয়ে ইইউ প্রতিনিধি দলকে অবহিত করেছে দলটি। বিএনপি বলেছে, একটি বিশ্বাসযোগ্য, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের কোনো ধরনের উদ্যোগ নেয়নি নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সরকারের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে।

আ’লীগকে জেতাতে মাঠে নেমেছেন সুবিধাভোগী অবসরপ্রাপ্ত কর্মকর্তারা-দৈনিক যুগান্তর

একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে জেতাতে সশস্ত্র বাহিনীর সুবিধাভোগী অবসরপ্রাপ্ত কর্মকর্তারা মাঠে নেমেছেন বলে অভিযোগ করেছে বিএনপি। শুক্রবার সকালে নয়াপল্টনের বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয়।

নির্বাচন নিয়ে আরো কিছু খবর

যশোর-২ আসনের বিএনপির প্রার্থী সাবিরা সুলতানাকে বিচারিক আদালতের দেওয়া দণ্ড ও সাজা স্থগিত বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে আবেদন করতে যাচ্ছে রাষ্ট্রপক্ষ। কাল শনিবার সকাল ১০টায় চেম্বার বিচারপতির আদালতে আবেদনটি করা হবে। আজ শুক্রবার সকালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী প্রথম আলোকে এ কথা জানান।অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বিএনপির বহু নেতা। আর উদ্বেগ উত্তেজনার মধ্যে আছে জাতীয় পার্টি।

মানবজমিনের খবরে লেখা হয়েছে,  লড়াই ছাড়া কোন বিকল্প দেখছেন না নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর  রহমান মান্না। তিনি বলেন, যত গ্রেপ্তার, ধরপাকড়ই হোক না কেন, লড়াই চালিয়ে যেতে হবে।

আর ভোট কক্ষের ভেতর ভিডিও বা ছবি তোলা অপরাধ  বলে জানিয়েছে ইসি। কালের কণ্ঠের এ খবরে লেখা হয়েছে, ভোটের দিন ভোট কক্ষের ভেতর ভিডিও বা স্থির চিত্র ধারণ করা অপরাধ হিসেবে গণ্য করতে হবে বলে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রশাসনে রদবদলে আগ্রহী নয় নির্বাচন কমিশন-দৈনিক মানবজমিন

প্রশাসনে রদবদলে আগ্রহী নয় নির্বাচন কমিশন। তবে কমিশন কর্মকর্তাদের পেশাদারিত্বের দিকে বেশি নজর দিবে। আজ শুক্রবার কমিশনার রফিকুল ইসলাম তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।তিনি বলেন, প্রশাসনে এখনই রদবদলের কোন পরিকল্পনা আমাদের নেই। এর মূল কারণ হচ্ছে পেশাদারিত্ব। আমরা অধিক গুরুত্ব দিচ্ছি তাদের পেশাদারিত্বের বিষয়ে

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

‘অযোধ্যা চাই না, ঋণ মকুব করা হোক’, স্লোগান দিতে দিতে সংসদ অভিযানে হাজার হাজার কৃষক-দৈনিক আনন্দবাজার

কৃষক বিক্ষোভে উত্তাল হয়ে উঠল রাজধানী দিল্লি। ঋণ মকুব ও ফসলের ন্যায্য দামের দাবিতে সংসদ ভবন অভিযানকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই দিল্লির রাজপথ হয়ে ওঠে কৃষকদের জনপথ! যানজটে স্তব্ধ হয়ে যায় জওহরলাল নেহরু মার্গ-সহ দিল্লির প্রধান রাস্তাগুলি। কৃষকদের মুখে স্লোগান ছিল, ‘অযোধ্যা চাই না, চাই, আমাদের ঋণ মকুব করা হোক’ (অযোধ্যা নাহি, কর্জি মাফ চাহিয়ে)।

মূলত বামপন্থী দলগুলির ডাকে তাঁদের দাবিদাওয়া নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কৃষক গতকালই পৌঁছেছিলেন রামলীলা ময়দানে। 

সমস্যা মেটাতে সংসদে বিশেষ অধিবেশন ডাকার দাবি কৃষকদের-দৈনিক সংবাদ প্রতিদিন

কৃষক বিদ্রোহ রুখতে যন্তরমন্তরে এক হাজারের বেশি জমায়েতের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে দিল্লির আম আদমির সরকার৷ কিন্তু, বিধিনিষেধ চাপানো হলেও কিছুতেই কৃষকদের বিদ্রোহ দমাতে পারল না কেজরি সরকার৷ উলটে, রাজধানী স্তব্ধ করে রামলীলা ময়দান থেকে পার্লামেন্ট স্ট্রিট অভিযান সফল করলেন দশ রাজ্যের অন্তত এক লক্ষ কৃষক৷ পার্লামেন্ট স্ট্রিটে দাঁড়িয়ে শুক্রবার একযোগে কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজ তুললেন কৃষকরা৷ কৃষি ঋণ মকুবের আবেদন জানিয়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবিও তুললেন তাঁরা৷ এদিন, পার্লামেন্ট স্ট্রিটের সভামঞ্চ থেকে দেশের ২০৮টি কৃষক সংগঠনের তরফে কৃষক ও খেতমজুরদের ফসলের ন্যায্য দাম, স্বামীনাথন কমিশনের সুপারিশ রূপায়ণের দাবি জানানো হয়৷

‘নোটবন্দি নিষ্ঠুর ধাক্কা’, বইয়ে তোপ প্রাক্তন আর্থিক উপদেষ্টারই-দৈনিক আনন্দবাজার

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ বলেছিলেন, ‘পরিকল্পিত লুঠ’। আর এ বার মোদী সরকারের নোটবন্দির নাটকীয় সিদ্ধান্তকে নির্মম বলে বর্ণনা করলেন প্রাক্তন মুখ্য আর্থিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যন। দেশের অর্থনীতির স্বাস্থ্য ভাল করার রাস্তা খুঁজতে লম্বা সময় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে মন্ত্রণা জুগিয়েছেন যিনি!

সুব্রহ্মণ্যনের বই ‘অব কাউন্সেল: দ্য চ্যালেঞ্জেস অব মোদী-জেটলি ইকনমি’ প্রকাশিত হতে চলেছে শীঘ্রই। তার আগে বইটির কিছু অংশ প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে। সেখানে তিনি মেনেছেন যে, ২০১৬ সালের নভেম্বরে নরেন্দ্র মোদীর নোট বাতিলের ঘোষণা অর্থনীতির উপরে জোরালো ধাক্কা ছিল।

শান্তিপুর বিষমদ কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত গণেশ হালদার-দৈনিক আজকাল

 ‌শান্তিপুর বিষমদ কাণ্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত। বৃহস্পতিবার মধ্যরাতে পুলিস চৌধুরিপাড়া থেকে গ্রেপ্তার করে বিষমদের কিং পিন গণেশ হালদারকে। মঙ্গলবার থেকেই এই গণেশ নিখোঁজ ছিল বলে জানা গিয়েছে। অন্যদিকে এই বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জন। অসুস্থ ২৮ জনের মধ্যে অনেকের অবস্থাই সঙ্কটজনক। তাঁদের কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। এই নিয়ে বিষমদ কাণ্ডে এখনও পর্যন্ত পাঁচজন ধরা পড়ল।  

নৃসিংহপুরের এই চৌধুরিপাড়ায় দীর্ঘদিন ধরে এই চোলাই মদের কারবার চালাত গণেশ হালদার। এলাকায় সে মদ ব্যবসায়ী নামেই পরিচিত। 

জি টোয়েন্টি সম্মেলনের ফাঁকে মোদি দেখা করলেন সৌদি প্রিন্সের সঙ্গে-দৈনিক আজকাল

সৌদি আরবের প্রিন্স মহম্মদ বিন সলমনের সঙ্গে জি টোয়েন্টি সম্মেলনের ফাঁকে সাক্ষাৎ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার ত্রয়োদশ সম্মেলনে অংশ নিতে আর্জেন্টিনায় উড়ে গিয়েছেন তিনি। সলমনের সঙ্গে সাক্ষাতে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও শক্তি ক্ষেত্রে আরও পারস্পরিক সহযোগিতা বাড়ানো নিয়ে কথা হয়েছে বলে জানা গিয়েছে।

এছাড়া প্রযুক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি ও খাদ্য সুরক্ষায় বিনিয়োগ নিয়েও দুই দেশের প্রধানের কথা হয়েছে। এই বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরে টুইটারে এ নিয়ে সন্তোষ প্রকাশ করে টুইটও করেছেন।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩০