ডিসেম্বর ০১, ২০১৮ ১৩:১১ Asia/Dhaka
  • পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ
    পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১ ডিসেম্বর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • তাবলিগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষ : আহত শতাধিক-দৈনিক ইত্তেফাক
  • উন্নত বিশ্বে বিএনপি বন্ধুহীন হয়ে পড়ছে: কাদের-দৈনিক প্রথম আলোসুষ্ঠু নির্বাচনে জনগণকে ভোটকেন্দ্র পাহারা
  • দিতে বললেন ড. কামাল-দৈনিক যুগান্তর
  • জালভোটে নজরদারি রাখবেন, ডোন্ট অ্যালাও ইট: রফিকুল ইসলাম-দৈনিক মানবজমিন
  • রাষ্ট্রীয় খরচে সাইবার যুদ্ধ শুরু করেছে সরকার : রিজভী-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • চোলাইয়ের কারবারের রমরমা নিয়ে মন্ত্রিসভার বৈঠকে ক্ষোভপ্রকাশ মমতার-দৈনিক সংবাদ প্রতিদিন-দৈনিক সংবাদ প্রতিদিন
  • প্রধানমন্ত্রী ঠিক কী ধরনের হিন্দু’, রাজস্থানে প্রশ্ন কংগ্রেস সভাপতির-দৈনিক আজকাল
  • পণ না দেওয়ায় স্ত্রীর শরীরে এইডস‌্-এর জীবাণু ঢুকিয়ে দিলেন ডাক্তার স্বামী!-দৈনিক আনন্দবাজার

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. দুর্যোগ ছাড়াই ২০০০ কোটি টাকা খরচ। দৈনিক মানবজমিনের এ খবরকে আপনি কীভাবে দেখছেন?

২. ইরানের সঙ্গে সকল ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক চায় পাকিস্তান। একথা বলেছেন পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি। তার এ বক্তব্য নিয়ে আপনার পর্যবক্ষেণ কী?

বিশ্লেষণের বাইরে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর:

উন্নত বিশ্বে বিএনপি বন্ধুহীন হয়ে পড়ছে: কাদের-দৈনিক প্রথম আলো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘পাকিস্তানের সঙ্গে বিএনপির বন্ধুত্ব এখনো অটুট। বন্ধুহীন হয়ে পড়বে, এটা এই মুহূর্তে বলছি না। তবে উন্নত গণতান্ত্রিক বিশ্বে বিএনপি ক্রমেই বন্ধুহীন হয়ে পড়ছে।’

আজ শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, অন্যায় আর অসত্যের সঙ্গে কেউ থাকে না। বিএনপি অনেক দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করেছে। কই, আওয়ামী লীগ তো লাখ লাখ ডলার দিয়ে লবিস্ট নিয়োগ করতে যায়নি? বিএনপি লাখ লাখ ডলার খরচ করেও মার্কিনদের সাড়া পাচ্ছে না, অন্যায় আর অসত্যের সঙ্গে কেউ থাকে না। তিনি বলেন, ‘বিএনপি অগণতান্ত্রিক আচরণ করতে থাকবে, আর অন্যরা (বিদেশি রাষ্ট্র) সমর্থন করতে থাকবে—এটা হয় না। মার্কিন যুক্তরাষ্ট্র কি আমাদের কথায় চলে? শেখ হাসিনা সরকারের আন্ডারে নাকি তারা? ওদের নিজস্ব সত্তা আছে। মার্কিন যুক্তরাষ্ট্র কার পক্ষে থাকবে, আর কার পক্ষে থাকবে না, এটা মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়াশিংটনের ব্যাপার।’

জামায়াত-শিবির নিষিদ্ধ করা নিয়ে মার্কিন প্রতিবেদনের ওপর সরকার কোনো পদক্ষেপ নেবে কি না, জানতে চাইলে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি-জামায়াতের সম্পর্কটা একেবারেই নীতি–আদর্শের ব্যাপার। আমরা জাতীয় পার্টির সঙ্গে স্ট্রাটেজিক্যাল অ্যালায়েন্স করেছি। তাদের স্ট্রাটেজিক্যাল অ্যালায়েন্স না। তাদেরটা একেবারেই আদর্শিক জোট। বিএনপি সভা–সমাবেশ ডাকলে ওটার মূল হয়ে যায় জামায়াত।’ তিনি আরও বলেন, ‘এই বিষয়টা এখন সরকারের এখতিয়ারে নেই। ২৪ দিন বাকি, এই সময় সামনে রেখে আদালত ও তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব বলে মনে হচ্ছে না।’

সুষ্ঠু নির্বাচনে জনগণকে ভোটকেন্দ্র পাহারা দিতে বললেন ড. কামাল-দৈনিক যুগান্তর

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন

জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন বলেছেন, নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয়, সেজন্য জনগণকে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। শনিবার বিকাল সাড়ে ৩টায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জনগণকে সক্রিয়ভাবে দেশ শাসনে অংশগ্রহণ করতে হবে। শুধু একদিন ভোট দিয়ে তাদের দায়িত্ব শেষ হয় না। তিনি বলেন, মালিকরা যদি তাদের সঠিক প্রতিনিধি নির্বাচন না করেন, তবে তারা বঞ্চিত হন। সেই দায়িত্ব মনে রেখে সবাইকে এগিয়ে আসতে হবে। নির্বাচন যেন সুষ্ঠভাবে হয়, সেটা জনসাধারণকে মালিক হিসেবে পাহারা দিতে হবে।

ড.কামাল হোসেন ও জাতীয় ঐক্য ফ্রণ্টের নেতারা

এ আইনজীবী বলেন, অবাধ নিরপেক্ষ নির্বাচনকে বাধা দেয়া হবে বলে শোনা যাচ্ছে। বাধা দিলে নির্বাচনের প্রক্রিয়াকে রক্ষা করতে হবে। বুথ খোলার সঙ্গে সঙ্গে আপনারা সেখানে উপস্থিত হবেন। পরিবারকে নিয়ে ভোট দেবেন।

তাবলিগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষ : আহত শতাধিক-দৈনিক ইত্তেফাক

তাবলীগ জামায়াতের দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষে দুই শতাধিক আহত

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান ও এর আশপাশ এলাকায় শনিবার দুপুরে তাবলীগ জামাতের দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষে শতাধিক মুসল্লি আহত হয়েছেন। গুরুত্বর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

ইজতেমা সূত্র এবং স্থানীয়রা জানায়, টঙ্গীর বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সা’দ গ্রুপে বিভক্ত হয়ে পড়েন মুসল্লিরা। জোড় ইজতেমা উপলক্ষে মাওলানা জুবায়ের গ্রুপের তাবলিগ জামাতের মুসল্লিরা ইজতেমা ময়দানে আগে থেকেই অবস্থান নিয়েছিল। শনিবার সকাল থেকেই সাদ গ্রুপের অনুসারীরা ইজতেমা ময়দান এলাকায় আসতে শুরু করে এবং ভিতরে প্রবেশের চেষ্টা করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সাদ গ্রুপের মুসল্লিরা ইজতেমা মাঠের চারপাশ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পশ্চিম লেনে অবস্থান নেন। এতে ওই লেনে যানবাহন চলাচল বিঘ্ন হয়। এদিকে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে দুপুরের দিকে সাদ গ্রুপের মুসল্লিরা জুবায়ের গ্রুপের মুসল্লিদের উপর হামলা চালায়। এতে প্রায় শতাধিক মুসল্লি আহত হন। রক্তাক্ত অবস্থায় আহত মুসল্লিদের টঙ্গী হাসপাতালে আনা হয়। সেখান থেকে গুরুত্বর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, দুপুরে মুসল্লিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কিছু মুসল্লি আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের সংখ্য তিনি জানাতে পারেননি।

জালভোটে নজরদারি রাখবেন, ডোন্ট অ্যালাও ইট: রফিকুল ইসলাম-দৈনিক মানবজমিন

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম

জালভোটে নজরদারি রাখার তাগিদ দিয়ে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন ডোন্ট এলাই ইট। একইসঙ্গে প্রকাশ্যে ভোট দেয়া বেআইনী বলেও মনে করিয়ে দেন তিনি। আগারগাঁওস্থ নির্বাচন ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সরকারী কর্মকর্তাগণের প্রশিক্ষকদের প্রশিক্ষণে এসব কথা বলেন তিনি।

মো. রফিকুল ইসলাম বলেন, আপনারা কাউকে ব্যালট পেপার দিয়ে দিলেন ওনি গোপন কক্ষে না গিয়ে প্রকাশ্যে ভোট দিলেন।আমার ভোট আমি প্রকাশ্যে দিয়েছি অসুবিধিা কি? একথা অনেকেই বলতে পারেন। যেহেতু আইনে এটা পারমিট করে না। আপনারাও অ্যালিউ করবেন না। আপনাদের প্রশিক্ষণার্থীকেও (প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং অফিসার) বলবেন-  ডোন্ট অ্যালাউ ইট। কারণ এ ধরণের কর্মকান্ড বেআইনি এবং এ ধরণের কর্মকান্ড নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে।

রাষ্ট্রীয় খরচে সাইবার যুদ্ধ শুরু করেছে সরকার : রিজভী-দৈনিক নয়া দিগন্ত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

আওয়ামী লীগ সরকারকে গণবিচ্ছিন্ন ও অবৈধ আখ্যা দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রীয় অর্থে বিএনপির বিরুদ্ধে কুৎসিত সাইবার যুদ্ধ শুরু করেছে সরকার। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে বাধাদান এবং বিএনপি ও দেশের মানুষের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচারে লিপ্ত হয়েছে সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তাদের ভয়ঙ্কর প্রোপাগান্ডায় সয়লাব। আজ শনিবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

পণ না দেওয়ায় স্ত্রীর শরীরে এইডস‌্-এর জীবাণু ঢুকিয়ে দিলেন ডাক্তার স্বামী!-দৈনিক আনন্দবাজার

পণের টাকা না দেয়ায় স্ত্রীর দেহে এইডসের ভাইারাস ঢুকালো স্বামী

বাপের বাড়ি থেকে টাকা আনতে বলে স্ত্রীর উপর লাগাতার শারীরিক এবং মানসিক নির্যাতন তো ছিলই, তাতে কাজ না হলে এ বার স্ত্রীর শরীরে এইডস‌্-এর ভাইরাস ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠল ডাক্তার স্বামীর বিরুদ্ধে।

স্ত্রীর অভিযোগ, তাঁর অসুস্থতার সুযোগে ডাক্তার স্বামী স্যালাইন দেওয়ার সময়ই ওই ভাইরাস তাঁর শরীরে ঢুকিয়ে দেন। অভিযোগ পেয়ে নড়ে বসেছে পুলিশ। স্ত্রীর রক্তের নমুনা পরীক্ষা করে তাতে এইচআইভি-র উপস্থিতির প্রমাণও পেয়েছে চিকিৎসকেরা। স্বামীরও রক্তের নমুনা পরীক্ষা করা হবে বলে পুলিশ জানিয়েছে।

ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, ২০১৫ সালে পুণের এক হোমিওপ্যাথ চিকিৎসকের সঙ্গে বিয়ে হয়েছিল ২৭ বছরের ওই তরুণীর। তার পর থেকেই পণ চেয়ে তাঁর উপর চাপ দিতে শুরু করেন শ্বশুরবাড়ির লোকজন। উদ্দেশ্য ছিল ওই টাকা নিয়ে নিজের আলাদা একটা ব্যবসা চালু করা। প্রথম প্রথম কিছু টাকা এনেওছিলেন তিনি। কিন্তু পরে টাকা আনতে অস্বীকার করেন। মূলত এর পর থেকেই তাঁর উপর নির্যাতন বেড়ে যায়।

তাঁর অভিযোগ, ২০১৭ সালে তিনি একবার অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন বাড়িতেই তাঁর চিকিৎসা করেন স্বামী। স্যালাইনও দেন। স্ত্রীর অভিযোগ, স্যালাইনের মাধ্যমেই তাঁর শরীরে এইচআইভি ঢুকিয়ে দেন তিনি। পরে তিনি ঘন ঘন অসুস্থ হয়ে পড়লে রক্ত পরীক্ষা করে জানতে পারেন তিনি এইচআইভি পজিটিভ।

চোলাইয়ের কারবারের রমরমা নিয়ে মন্ত্রিসভার বৈঠকে ক্ষোভপ্রকাশ মমতার-দৈনিক সংবাদ প্রতিদিন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

 

রাজ্যের বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেআইনি চোলাই তৈরির কারখানা৷ এ বিষয়ে শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন নিজ নিজ এলাকায় নজর রাখছেন না মন্ত্রীরা? এ দিনের বৈঠকে সকলের উদ্দেশ্যে সেই প্রশ্নই ছুঁড়ে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান৷ মন্ত্রীদের তিনি বিধানসভা এলাকাগুলিতে নজরদারি বাড়ানোর এবং পুলিশ ও আবগারি দপ্তরের সঙ্গে যোগাযোগ বজায় রাখার নির্দেশ দিয়েছেন৷

সূত্রের খবর, চোলাই বন্ধে রাজ্যের আবগারি দপ্তরের কাজকর্মেও অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷ আবগারি দপ্তরের নজরদারির গাফিলতিতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে জেলাগুলিতে এই বেআইনি মদের কারখানা গজিয়ে উঠছে৷ এমনটাই মনে করছেন মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকের আগে শুক্রবারই পূর্ব বর্ধমানের কালনার প্রশাসনিক সভাতেও বিষমদ কাণ্ডে উষ্মা প্রকাশ করেন মমতা৷ সেখানে তিনি বলেন, “শান্তিপুরের ঘটনা দুর্ভাগ্যজনক৷ আমি বুঝতে পারছি না, কেন ওঁরা বিষমদ খেতে গেল৷ আমার মনে হয় ওঁরা জেনে বুঝে বিষমদ খাইনি৷ ওঁদের পরিবারের কী দোষ বলুন৷ আমরা চাই, ওরা ভাল থাক৷ রাজ্য সরকার ওদের পাশে আছে৷ রাজ্য সরকারের তরফে মৃতদের দু’লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে৷ আমি চাই, রাজ্যে যেন এই ধরনের কোনও ঘটনা আর না ঘটে৷’’ এমনকী, সেখানেও রাজ্য পুলিশ ও আবগারি দপ্তরের কাজে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ এরপরেই তৎপর হয় প্রশাসন৷ বেআইনি চোলাইয়ের কারখানার খোঁজে রাজ্যের বিভিন্ন স্থানে অভিযানে নামে আবগারি দপ্তর ও পুলিশ৷ সেই খোঁজে নেমেই উলুবেড়িয়া ও ঘাটাল থেকে প্রচুর পরিমাণে বেআইনি চোলাই উদ্ধার হয়৷ বিষমদ খেয়ে নদিয়ার শান্তিপুরে ইতিমধ্যে মৃত্যু হয়েছে ১২ জনের৷ গুরুতর অবস্থায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন অনেকে।

প্রধানমন্ত্রী ঠিক কী ধরনের হিন্দু’, রাজস্থানে প্রশ্ন কংগ্রেস সভাপতির-দৈনিক আজকাল

ভারতের কংগ্রেস সভাপতি

বিজেপির হিন্দুত্ব জিগিরকে নিশানা করে এবার প্রধানমন্ত্রীকেই ঠুকলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। প্রশ্ন তুললেন হিন্দুত্ববাদের অস্তিত্ব সম্পর্কে মোদির জ্ঞান এবং হিন্দু হিসেবে তাঁর অস্তিত্ব নিয়ে। শনিবার রাজস্থানের উদয়পুরে বিধানসভা নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে গিয়ে মোদিকে কটাক্ষ করে রাহুল বলেন, ‘হিন্দুত্বের অর্থ কী, গীতায় কী লেখা আছে, সেই জ্ঞান প্রত্যেক প্রাণীর মধ্যেই আছে। প্রধানমন্ত্রী নিজেকে হিন্দু বলে দাবি করেন। কিন্তু তিনি হিন্দুত্বের অস্তিত্বই জানেন না। তাহলে তিনি ঠিক কী ধরনের হিন্দু।’

সেনাবাহিনীর সম্পত্তিকে রাজনৈতিক সম্পত্তি করে ফেলেছেন বলেও মোদির বিরুদ্ধে তোপ দাগেন রাহুল। রাহুল এদিন বলেন, মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন তিনবার পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল সেনাবাহিনী। কিন্তু তারা নিজেদের স্বার্থে ঘটনাটি গোপন রাখতে চেয়েছিল। তাই কাউকে জানানো হয়নি সেকথা। এরপরই রাহুল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তির্যক মন্তব্য করে বলেন, সেইসময় উত্তর প্রদেশের নির্বাচনে লড়ছিলেন মোদি। হেরে যাওয়ার ভয়ে রাজনৈতিক ফায়দা তুলতে সার্জিক্যাল স্ট্রাইককে রাজনৈতিক সম্পত্তি বানিয়ে ফেলেন তিনি।ধানমন্ত্রী ঠিক কী ধরনের হিন্দু’, রাজস্থানে প্রশ্ন কংগ্রেস সভাপতির-দৈনিক আজকাল ‘প্রধানমন্ত্রী ঠিক কী ধরনের হিন্দু’, রাজস্থানে প্রশ্ন কংগ্রেসের।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১