ডিসেম্বর ০২, ২০১৮ ১৩:৩২ Asia/Dhaka
  • ফখরুলের বিরুদ্ধে ইসিতে আ.লীগের অভিযোগ

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২ ডিসেম্বর রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশে:

  • ফখরুলের বিরুদ্ধে ইসিতে আ.লীগের অভিযোগ-দৈনিক প্রথম আলো
  • উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ উচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে: প্রধানমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ
  • বগুড়া-৬ আসনেও খালেদা জিয়ার মনোনয়ন বাতিল-দৈনিক যুগান্তর
  • খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল ‘সরকারের মাস্টারপ্লানের' অংশ: রিজভী-দৈনিক ইত্তেফাক
  • সাজাপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না: আপিল বিভাগ-মানব জমিন
  • প্রশাসনে রদবদলের দাবি অবান্তর: এইচ টি ইমাম-দৈনিক নয়াদিগন্ত

ভারতের খবর:

  • শবরীমালা: প্রতিবাদে লক্ষ লক্ষ মহিলা পাঁচিল গড়ে তুলবেন ১ জানুয়ারি-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • নতুন মুখ্য নির্বাচন কমিশনার হলেন সুনীল অরোরা-দৈনিক আজকাল
  • ২০২২ সালে জি-২০ সম্মেলন হবে ভারতে, জানালেন প্রধানমন্ত্রী-সংবাদ প্রতিদিন -সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

ফখরুলের বিরুদ্ধে ইসিতে আ.লীগের অভিযোগ-দৈনিক প্রথম আলো

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল নির্বাচন ভবনে নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করে এই অভিযোগ করে।  এইচ টি ইমাম বলেন, তাঁরা কিছুদিন ধরে দেখছেন, সরকার ও ইসিকে বিভিন্ন দিক থেকে আক্রমণ করে বক্তব্য দেওয়া হচ্ছে। এসব বিষয় এবং নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টির জন্য কথা বলতেই তাঁরা নির্বাচন কমিশনে এসেছেন। এইচ টি ইমাম বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সৈয়দপুর বিমানবন্দরে সমাবেশ করেছেন। এটি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। তাঁরা এটা নির্বাচন কমিশনকে জানিয়েছে। তারা বিষয়টি অনুসন্ধান করে ব্যবস্থা নেবে।

এইচ টি ইমাম বলেন, আওয়ামী লীগ সবার জন্য সমান সুযোগ চায়। তারা বিশ্বাস করে, সবার জন্য স্বচ্ছ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। তারা নির্বাচন কমিশনকে বলেছে, দেশি-বিদেশি পর্যবেক্ষক যারা আসবে, তাদের নির্বাচনী আইন এবং পর্যবেক্ষক নীতিমালা কঠোরভাবে মেনে চলতে হবে। দেশে ১১৮টি নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থা রয়েছে। বিদেশ থেকেও যদি এ রকম পর্যবেক্ষক আসতে থাকে, তাহলে তাদের নিরাপত্তা দিতেই আইনশৃঙ্খলা বাহিনীকে অনেক ব্যস্ত থাকতে হবে।

আওয়ামী লীগ কি বিদেশি পর্যবেক্ষক আসা নিরুৎসাহিত করছে—এমন প্রশ্নের জবাবে এইচ টি ইমাম বলেন, তাঁরা এটা নিরুৎসাহিত করছেন না। তবে সবাইকে আচরণবিধি ও আইন মেনে চলতে হবে।

উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ উচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে: প্রধানমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ

উন্নয়নের ধারাবাহিকতায় আজ বাংলাদেশ উচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ব্যবসায়ীদের জন্য অনেক সুযোগ করে দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। আজ রবিবার জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ভালোমতো কিছু করতে হলে লম্বা সময়ের প্রয়োজন হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নয়নের ধারবাহিকতায় আজ বাংলাদেশ উচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে। আগে বছরব্যাপী রফতানি নীতিমালা ছিল। পরে সেটা দীর্ঘমেয়াদি করেছি। একটা কাজ ভালোমতো করতে হলে তো লম্বা সময়ের প্রয়োজন হয়। তিনি বলেন, ব্যবসায়ীদের জন্য আমরা অনেক সুযোগ করে দিয়েছি। তাদের জন্য আমার দরজা সব সময়ই খোলা থাকে। কোনো প্রটোকল নেই, কিছু নেই। কোনো সমস্যা হলে তারা আমার সঙ্গে আলোচনা করতে পারেন। অনুষ্ঠানে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডসহ ৫৬টি প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি ২০১৫-১৬ প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বগুড়া-৬ আসনেও খালেদা জিয়ার মনোনয়ন বাতিল-দৈনিক যুগান্তর

ফেনী-১ আসনের পর এবার বগুড়া-৬ (সদর) আসনেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হলো। রোববার দুপুরে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে তার মনোনয়ন বাতিল করা হয়। বগুড়ার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসনের সাজা হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর আগে সকালে একই কারণে ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ওয়াহিদ-উজ জামান।

খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল সরকারের মাস্টারপ্লানের' অংশ: রিজভী-দৈনিক ইত্তেফাক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলটির অন্যান্য নেতাদের মনোনয়নপত্র বাতিল সরকারের দানবীয় আচরণ এবং এটি তাদের নিখুত মাস্টারপ্লানের অংশ বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, মনোনয়নপত্র বাতিলের মধ্য দিয়ে সরকারের মুখোশ উন্মোচিত হয়েছে। এটি উদ্দেশ্যপ্রণোদিত দূরভিসন্ধিমূলক তাদের মাস্টারপ্লানেরই অংশ। রবিবার দুপুর ১২টায় নয়াপল্টনে দলেরর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, নির্বাচন বানচালের জন্য সরকার দেশব্যাপী ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছে। ক্ষমতার মৌতাতে বুঁদ হয়ে থাকার জন্যই অবৈধ শাসকগোষ্ঠী আসন্ন নির্বাচন নিয়ে মাস্টারপ্ল্যানে ব্যস্ত আছে। তফসিল ঘোষণার শুরু থেকেই নির্বাচনের পরিবেশ যেন আরও অবনতিশীল হয়েছে। নৌকার পক্ষে হালে পানি না পাওয়ায় বিএনপিসহ বিরোধী দলের মনোনয়ন প্রত্যাশী ও নেতাকর্মীদের শুধুমাত্র মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতার করেই সরকারের সাধ মিটছে না এখন তাদের ভিটে-মাটিতে ঘু ঘু চরিয়ে দিতে তারা সর্বশক্তি নিয়োগ করেছে। সারাদেশে প্রার্থীসহ বেছে বেছে বিএনপির সক্রিয় নেতাকর্মী ও সমর্থকদের গ্রেফতার করা হচ্ছে, গুম করা হচ্ছে। প্রার্থীসহ নেতাকর্মী ও সমর্থকদের বাড়িতে বাড়িতে হামলা চালাচ্ছে আইন শৃঙ্খলাবাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীরা। আর এসব কিছু নেপথ্য থেকে নিয়ন্ত্রণ করছে দুটি শক্তিশালী কেন্দ্র-একটি প্রধানমন্ত্রীর কার্যালয় ও অন্যটি গণভবন।

সাজাপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না: আপিল বিভাগ-মানব জমিন

বিচারিক আদালতের দেয়া সাজা কিংবা দণ্ড স্থগিত হলে সাজাপ্রাপ্ত ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবেন- হাইকোর্টের এ আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে দুর্নীতির দায়ে অন্যূন দুই বছর সাজা হলে নির্বাচনের সুযোগ থাকছে না দণ্ডিত ব্যক্তির। আজ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গতকাল শনিবার বিশেষ ব্যবস্থায় চেম্বার আদালতের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে  দেন।

আজ আপিল বিভাগের উভয়পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অপরপক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী, তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

গতকাল আদেশের পরে অ্যাটর্নি জেনারেল বলেছিলেন, এ আদেশের ফলে সাবিরা সুলতানার নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই। যদি না আগামীকাল আপিল বিভাগ অন্য   কোনো আদেশ না দেন।

গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার মনোনয়নপত্র দাখিল-দৈনিক জনকণ্ঠ

প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা নিজ নির্বাচণী এলাকা গোপালগঞ্জ-৩ আসনে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামীলীগের ধর্ম-বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা রিটার্নিং অফিসার ইউএনও নকিব হোসেন তরফদারের কাছে এ মনোনয়নপত্র জমা দেন। পরে দুপুর সাড়ে ১২টায় প্রতিনিধি দলটি গোপালগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেসুর রহমানের কাছে শেখ হাসিনার মনোনয়নপত্র জমা দেন।

প্রশাসনে রদবদলের দাবি অবান্তর: এইচ টি ইমাম-দৈনিক নয়াদিগন্ত

প্রশাসনে রদবদলে বিএনপির দাবিকে উড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, তাদের সে দাবি অবান্তর। দলীয় সরকার ক্ষমতায় জেনেই তারা নির্বাচনে এসেছে। প্রশাসনের রদবদলের নামে বিএনপি যা বলছে তাতে পুরো সরকারকেই ওলটপালট করতে হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল। আজ রোববার বেলা ১১টার দিকে তারা ইসির সাথে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে বৈঠক করেন

এইচটি ইমাম বলেন, বিএনপি তো মেনেই নিয়েছে এই সরকার ও এই প্রশাসনের নির্বাচনে অংশ নেবে। এখন আবার এই প্রশ্ন কেন। তিনি বলেন, বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি সরকার ও ইসিকে উদ্দ্যেশ করে উস্কানিমূলক বক্তব্য দেয়া হচ্ছে।

আওয়ামী লীগ প্রতিনিধি দলে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম। এ ছাড়া অন্য সদস্যরা হলেন প্রেসিডিয়াম সদস্য কর্নেল ফারুক খান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হক চৌধুরী নওফেল, সাংসদ ফজিলাতুন্নেসা বাপ্পি, রাশেদুল হক, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, এস এম কামাল হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রিয়াজুল কবির কাউসার, তানভীর ইমাম, ড. সেলিম মাহমুদ।

এবার ভারতে বিস্তারিত খবর তুলে ধরছি

শবরীমালা: প্রতিবাদে লক্ষ লক্ষ মহিলা পাঁচিল গড়ে তুলবেন ১ জানুয়ারি-দৈনিক আনন্দবাজার পত্রিকা-দৈনিক আনন্দবাজার পত্রিকা

শবরীমালা মন্দিরে সব বয়সী মহিলাদের ঢুকতে দেওয়ার দাবিতে এ বার লক্ষ লক্ষ মহিলা এক লাইনে দাঁড়িয়ে কেরলের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত গড়ে তুলবেন সুবিশাল পাঁচিল। চিনের প্রাচীরের ধাঁচে যার নাম দেওয়া হয়েছে ‘গ্রেট ওয়াল অফ কেরালা। যা দৈর্ঘ্যে হবে ৬০০ কিলোমিটার। কেরলের উত্তর প্রান্তের জেলা কাসারগড় থেকে শুরু হয়ে মহিলাদের দিয়ে গড়া সেই প্রাচীর শেষ হবে তিরুঅনন্তপুরমে।

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রবিবার এ কথা জানিয়েছেন। তাঁর মন্ত্রিসভার দ্বিতীয় গুরুত্বপূর্ণ সদস্য টমাস আইজ্যাক টুইট করে এ দিন জানিয়েছেন, সুপ্রিম কোর্টের রায়ের পরেও শবরীমালার আয়াপ্পা মন্দিরে সব বয়সী মহিলাদের ঢুকতে বাধা দিয়ে যে মধ্যযুগীয় উন্মাদনাকে উস্কে দেওয়া হয়েছে, তার প্রতিবাদেই লক্ষ লক্ষ মহিলা বছর শুরুর দিনটিতে ওই প্রাচীর গড়ে তুলবেন। তাঁরা দাবি জানাবেন, শবরীমালা মন্দিরে সব বয়সী মহিলাদের ঢুকতে বাধা দিয়ে কেরলকে যেন মধ্যযুগে ফিরিয়ে নিয়ে না যাওয়া হয়। ও দিকে, শবরীমালা ইস্যুতে দলীয় কর্মী ও পূণ্যার্থীদের মন বুঝতে আর তাঁদের সঙ্ঘবদ্ধ করতে, তাঁর পছন্দের চার জনকে কেরলে পাঠিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ।

কেরলের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘প্রতিবাদীরা সে দিন একটাই বার্তা দেবেন। তা হল, রাজ্য (কেরল)-টাকে যেন পাগলাগারদ না বানানো হয়। আমরা সুপ্রিম কোর্টের রায় কার্যকর করতে বাধ্য। কিন্তু শবরীমালা ইস্যুতে কংগ্রেসকে সঙ্গে নিয়ে গণ্ডগোলটা পাকাচ্ছে সঙ্ঘ পরিবার। শবরীমালাকে আর একটা অযোধ্যা বানাতে দেওয়া হবে না।’’

নতুন মুখ্য নির্বাচন কমিশনার হলেন সুনীল অরোরা-দৈনিক আজকাল

লোকসভা ভোটের আগে নতুন মুখ্য নির্বাচন কমিশনার দায়িত্ব নিলেন। রবিবারই নতুন মুখ্যনির্বাচন কমিশনার পদে শপথ নিলেন সুনীল আরোরা। গত শুক্রবারই এই পদ থেকে অবসর নিয়েছেন ওম প্রকাশ রাওয়ত। ২০১৯–এর লোকসভা নির্বাচন নতুন কমিশনারের তত্বাবধানেই হবে। এছাড়াও জম্মু–কাশ্মীর, ওড়িশা, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, অন্ধ্র প্রদেশ এবং সিকিমের বিধানসভা নির্বাচন সুষ্ঠু ভাবে পরিচালনা করার দায়িত্বও তাঁর উপর রয়েছে।

এই পদে নিযুক্ত আধিকারিকদের কার্যকাল ছ’‌বছর পর্যন্ত কার্যকাল থাকে। ৬৫ বছর পর্যন্ত একজন আধিকারিক কাজ করতে পারেন। নবনিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার ২০১৭–র ৩১ অগস্ট নির্বাচন কমিশনার পদে যোগ দিয়েছিলেন। এর আগে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব পদে ছিলেন। ১৯৮০ সালের ব্যাচের আইএএস অফিসার সুনীল আরোরা।  

২০২২ সালে জি-২০ সম্মেলন হবে ভারতে, জানালেন প্রধানমন্ত্রী-সংবাদ প্রতিদিন

স্বাধীনতার ৭৫ বছর পূর্তির বছরে জি-২০ সম্মেলন হবে ভারতে। শনিবার একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর্জেন্টিনায় শনিবারই সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে জি-২০-র মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একথা ঘোষণা করেন। তাঁর এই ঘোষণা আন্তর্জাতিক মহলে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বকেই প্রমাণ করে।

প্রধানমন্ত্রী বলেছেন, তিনি ইটালিকে অনুরোধ করেন ২০২১ সালে তারা যেন জি-২০ সামিটের আয়োজন করে। ভারতকে যেন ২০২২ সালে এই সম্মেলনের ভার দেওয়া হয়। কারণ ওই বছরই ভারতে স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হবে। ইটালি সানন্দে রাজি হয়ে যায়। তাই ২০২২ সালে ভারতে জি-২০ সম্মেলন হওয়া একপ্রকার নিশ্চিত বলেই জানিয়েছেন প্রধানমন্ত্রী।

জি-২০ সম্মেলনে প্রথমে আমেরিকা, জাপানের সঙ্গে প্রথমবার ত্রিপাক্ষিক বৈঠক। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল তথা বিশ্বের শান্তি ও সমৃদ্ধি রক্ষার কথা মাথায় রেখেই এই ত্রিপাক্ষিক বৈঠক। যার শেষে এই বন্ধুত্বকে নতুন নামও দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাপান-আমেরিকা-ইন্ডিয়া বা ‘জয়’। তিন দেশের নামের আদ্যক্ষর (জেএআই)। আবার তার অব্যবহিত পরই আর এক দফা ত্রিপাক্ষিক বৈঠকে বসেন ভারত-রাশিয়া-চিনের রাষ্ট্রপ্রধানরা। ১২ বছর পর ফের তিন দেশের এই যৌথ বৈঠকে রাষ্ট্রসংঘ, বিশ্ব বাণিজ্য সংস্থার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে সংস্কারের ডাক দেওয়া হয়। গোটা বিশ্বের উন্নয়নের স্বার্থে বহুমুখী বাণিজ্য ও মুক্ত বিশ্ব অর্থনীতির দরকার বলে তাঁরা মন্তব্য করেন। দ্বিপাক্ষিক বৈঠকের পর দু’দেশের সম্পর্কের প্রত্যক্ষ উন্নতির কথা মেনে নেয় বেজিং ও নয়াদিল্লি।

পার্সটুডে/বাবুল আখতার/২