ডিসেম্বর ১০, ২০১৮ ১৩:০৯ Asia/Dhaka
  • পত্রপত্রিকার পাতার  গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ
    পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১০ ডিসেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • আওয়ামী লীগের এবারের ইশতেহার হবে ঐতিহাসিক : তোফায়েল-দৈনিক ইত্তেফাক
  • নির্বাচন বানচালের ষড়যন্ত্রে তারেক ও ফখরুল: কাদের-দৈনিক প্রথম আলো
  • ধানের শীষের প্রচারে নেতৃত্ব দেবেন ড. কামাল-দৈনিক যুগান্তর
  • গোপন বৈঠক করছেন রিটার্নিং কর্মকর্তারা: রিজভী-দৈনিক মানবজমিন
  • খালেদা জিয়ার প্রার্থীতা ফিরে পেতে রিটের আদেশ মঙ্গলবার-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে পেঁয়াজ বিক্রির টাকা পাঠালেন এক কৃষক-দৈনিক সংবাদ প্রতিদিন
  • মহাজোটের লক্ষ্যে ‌আজ দিল্লিতে বৈঠকে মমতা-দৈনিক আজকাল
  • এনডিএ-তে ফাটল, জোট এবং মন্ত্রিত্ব ছাড়লেন উপেন্দ্র কুশওয়া-দৈনিক আনন্দবাজার

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) মনে করে, গত ১০ বছরে অর্থনীতি ব্যবস্থাপনার গুণগত মান কমে দ্রুত বৃদ্ধি পেয়েছে ধনী-গরিবের বৈষম্য। কেন  এই অবস্থা?

২. ইহুদিবাদী ইসরাইলের পদত্যাগকারী যুদ্ধমন্ত্রী এভিগডোর লিবারম্যান বলেছেন, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে সংঘর্ষে ইসরাইলের পরাজয় যে লজ্জা বয়ে এনেছে তা কোনোদিন ভোলা যাবে না। লিবারম্যানের এই বক্তব্যকে আপনি কীভাবে দেখছেন?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

নির্বাচন বানচালের ষড়যন্ত্রে তারেক ও ফখরুল: কাদের-দৈনিক প্রথম আলো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, লন্ডনে পলাতক সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমান পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এবং দেশে মির্জা ফখরুল পাকিস্তানি দূতাবাসে গিয়ে গোপন বৈঠক করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। সাজাপ্রাপ্ত আসামির নেতৃত্বে যে দল, ঐক্যফ্রন্ট চলছে, তাদের পক্ষে বাংলাদেশের জনগণ আজ নেই। জনগণ সাড়া দিচ্ছে না বলেই তারা ষড়যন্ত্র শুরু করেছে।

আজ সোমবার দুপুরে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক বরাদ্দ নেওয়ার পর শহরের আবদুল মালেক উকিল সড়কের জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বিদেশিদের কাছে শুধু নালিশ দিচ্ছে না, সর্বশেষ খবর, লন্ডনে বসে তারেক রহমান পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে বৈঠক করছে। এই বৈঠকগুলো কেন? ঢাকায় মির্জা ফখরুল পাকিস্তানি দূতাবাসে গিয়ে গোপন বৈঠক করছে। এই বৈঠকের অর্থ কী? এই বৈঠকের অর্থ হচ্ছে নির্বাচন বানচাল করা। সেই ষড়যন্ত্র তারা করছে।

নির্বাচনী ডামাডোল শুরু: সিইসি-দৈনিক প্রথম আলো

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা (ফাইল ফটো)

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত বিচারিক হাকিমদের (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘আপনারা সাংবিধান ও আইনের ভিত্তিতে দায়িত্ব পালন করবেন। সুতরাং সাংবিধানিক দায়িত্ব ও স্বাধীনতার ক্ষেত্রে মূলত আজ থেকেই নির্বাচনী ডামাডোল শুরু হয়ে গেল। বাকিটা মাঠে আপনাদের দায়িত্ব। আপনি স্বাধীন, আপনি নিরপেক্ষ, আপনি বিচারক, বিচারকের মাইন্ড আপনাকে অ্যাপ্লাই করতে হবে।’

আজ সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংয়ে সিইসি এসব কথা বলেন।

আওয়ামী লীগের এবারের ইশতেহার হবে ঐতিহাসিক : তোফায়েল-দৈনিক ইত্তেফাক

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এবার আমাদের ইশতেহার হবে ঐতিহাসিক। কারণ ২০২০ সাল জাতির জনকের জন্ম শতবার্ষিকী। ২০২১ সাল স্বধীনতার ৫০ বছর পূর্তি। মুক্তি ও স্বাধীনতার মহান স্থপতির আদর্শের বাংলাদেশ ণির্মানের মধ্যে দিয়ে স্বাধীনতার সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়াই হবে এবারের ইশতেহারের মূল লক্ষ্য।

সোমবার সকালে প্রতীক বরাদ্দে পেয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, বিএনপির অত্যাচারের কথা মানুষ ভোলেনি। আসন্ন নির্বাচনে ব্যালটের মাধ্যমে বিএনপির বিরুদ্ধে ভোট দিয়ে মানুষ তাদের উপর অত্যাচারের জবাব দেবে।

ধানের শীষের প্রচারে নেতৃত্ব দেবেন ড. কামাল-দৈনিক যুগান্তর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে এবার ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারে নেতৃত্ব দেবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন।

সিলেটে হজরত শাহজালাল (রহ.)মাজার জিয়ারতের মধ্য দিয়ে বরাবরের মতো এবারও ভোটের প্রচার শুরু করবেন ধানের শীষ মার্কার প্রার্থীরা। ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলের শীর্ষ নেতাদের কাল মঙ্গলবার অথবা বুধবার সিলেটে যাওয়ার কথা রয়েছে।

সেখানে হজরত শাহজালাল (রহ.), হজরত শাহপরাণ (রহ.) ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীর মাজার জিয়ারত শেষে আনুষ্ঠানিক প্রচারে অংশ নেবেন তারা।

দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের দণ্ড নিয়ে কারাবন্দি বিএনপির শীর্ষ নেতা খালেদা জিয়া। দলের শীর্ষ নেতা তারেক রহমানও একাধিক মামলায় দণ্ডিত হয়ে লন্ডনে অবস্থান করছেন।

গোপন বৈঠক করছেন রিটার্নিং কর্মকর্তারা: রিজভী-দৈনিক মানবজমিন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গোপন তৎপরতা চালিয়ে যাচ্ছেন জেলা প্রশাসক তথা রিটার্নিং অফিসাররা। আজ নয়াপল্টনে দলের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।  রিজভী বলেন, নীলনকশার মাধ্যমে অবৈধ সরকারের দলীয় প্রার্থীদের বিজয়ী করার জন্য লোক দেখানো নির্বাচন আয়োজনে ফন্দি-ফিকির করছে জেলা প্রশাসক তথা জেলা রিটার্নিং কর্মকর্তারা। ক্ষমতাসীনদের মাষ্টারপ্লান অনুযায়ী প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী প্রহসনমূলক নির্বাচনী ছক তৈরী করে এগিয়ে চলছে। শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী প্রতিদিন জেলা প্রশাসকরা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করছেন। ভোট ডাকাতি প্রস্তুতির শলাপরামর্শ করছেন। নির্বাচনে জাল-জোচ্চুরির সব প্রস্তুতি পাকা করছেন। আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, গতকাল রোববার সকল জেলার প্রশাসকরা স্ব স্ব এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ডেকে বৈঠক করেছেন। এই বৈঠকে ক্ষমতাসীন দলের প্রার্থীদের বিজয়ী করতে চারটি বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে। ডিসিরা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তারা বলেছেন, আপনারা জানেন সুষ্ঠু ভোট হলে বিএনপি বিজয়ী হয়ে যাবে, তাই এই সরকারকে আবারও ক্ষমতায় রাখতে হলে বুঝেশুনে কাজ করতে হবে।

খালেদা জিয়ার প্রার্থীতা ফিরে পেতে রিটের আদেশ মঙ্গলবার-দৈনিক নয়া দিগন্ত

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ফেনী-১ , বগুড়া-৬ ও ৭ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রার্থীতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিটের ওপর আগামীকাল মঙ্গলবার (১১ ডিসেম্বর) আদেশের দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত তিনটি পৃথক রিটের শুনানি নিয়ে সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের দিন নির্ধারণ করেন।

আদালতে খালেদা জিয়ার রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন প্রমুখ। সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

এনডিএ-তে ফাটল, জোট এবং মন্ত্রিত্ব ছাড়লেন উপেন্দ্র কুশওয়া-দৈনিক আনন্দবাজার

আসন্ন লোকসভা নির্বাচনের আগে ফের ধাক্কা বিজেপির। এ বার এনডিএ ছেড়ে বেরিয়ে গেলেন উপেন্দ্র কুশওয়াহা। কেন্দ্রীয়মানব সম্পদ দফতরের প্রতিমন্ত্রী ছিলেন তিনি। সোমবার ছেড়ে দিয়েছেন সেই পদও। জমা দিয়েছেন নিজের ইস্তফাপত্র।২০১৯ সালের লোকসভা নির্বাচনে আসনসংখ্যা নিয়ে বেশ কিছুদিন ধরেই শাসকদলের সঙ্গে ঝামেলা চলছিল তাঁর রাষ্ট্রীয় লোক শক্তি পার্টির(আরএলএসপি)। বিহারে নীতীশ কুমারকে বেশি প্রাধান্য দেওয়ায় চটেছিলেন তিনি। তার জেরেই এমন সিদ্ধান্ত নিলেন বলে জল্পনা রাজনৈতিক মহলে।

নিজের ইস্তফাপত্রে কুশওয়াহা লেখেন, ‘‘অনেক আশা-ভরসা নিয়ে পাঁচ বছর আগে ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সে যোগ দিয়েছিলাম। ২০১৪-র লোকসভা নির্বাচনে বিহারের মানুষ এবং দেশবাসীকে ভুরি ভুরি প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনারা। তাতে বিশ্বাস করেই নিঃশর্তভাবে বিজেপিকে সমর্থন করেছিলাম।’’ তবে শুধুই কি আশাভঙ্গ হয়েছে বলে বিজেপির সঙ্গ ছাড়লেন তিনি? নাকি রয়েছে অন্য কোনও কারণও! বিহারেলোকসভা আসন ৪০টি। ২০১৪ সালে ৩টি আসনে প্রার্থী দিয়েছিল আরএলএসপি। তিনটিতেই জয়লাভ করেছিল তারা। তাই  আগামী বছর নির্বাচনে নীতীশ কুমারের সংযুক্ত জনতা দল এবং তাদের ১৭টি করে আসন দেওয়া হোক বলে দাবি তুলেছিল তারা।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে পেঁয়াজ বিক্রির টাকা পাঠালেন এক কৃষক-দৈনিক সংবাদ প্রতিদিন

সরব বিরোধীরা, প্রতিবাদে রাস্তায় নেমেছেন কৃষকরাও। কিন্তু, পরিস্থিতি আর বদলাচ্ছে কই! চলতি মরশুমে পেঁয়াজ চাষ করে ছ’টাকা রোজগার করেছেন মহারাষ্ট্রের এক কৃষক৷ প্রতিবাদস্বরূপ সেই টাকা মানি অর্ডার করে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশকে পাঠিয়ে দিয়েছেন তিনি। এর আগেও একই কায়দায় কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন মহারাষ্ট্রেরই এক কৃষক।

পেঁয়াজ চাষের জন্য বিখ্যাত মহারাষ্ট্রের নাসিক। পশ্চিমবঙ্গে সিংহভাগ পেঁয়াজই নাসিক থেকে আমদানি করা হয়। কিন্তু, এ বছর অতিরিক্ত ফলনের কারণে বিপাকে পড়েছেন মহারাষ্ট্রের কৃষকরা। জলের দরে ফসল বিক্রি করে দিতে হচ্ছে তাঁদের। আর তাতে লাভ তো দূর অস্ত, চাষের খরচটুকুও উঠছে না। তাই পেঁয়াজ বিক্রি করে যা টাকা পাচ্ছেন, প্রতিবাদস্বরূপ তা সরকারকেই ফিরিয়ে দিচ্ছেন কৃষকরা। #

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১০